বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শুধু শান্তিপূর্ণভাবেই নয়, অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনগণের রায়ের যে প্রতিফলন ঘটেছে, তাও ছিল স্বাভাবিক, প্রেডিক্টেবল। দুই বছর আগে ২০২৪ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার অধীনে ‘আমি-ডামি’র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছিলেন। আগের ১৬ বছরে দমন নিপীড়নের মাধ্যমে দেশের বিরোধীদলগুলোকে নিস্ক্রিয়, নিমূর্ল করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে ২০৪১ সাল পর্যন্ত নির্বিঘেœ ক্ষমতায় থাকা নিশ্চিত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এসবই হয়েছিল ভারতের ডিপস্টেটের মদতে।

চতুর্থ মেয়াদে ক্ষমতা দখলের ৬ মাসের মাথায় ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ নিয়ে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিনত করতে সবকিছুই করেছেন হাসিনা ও মোদি। তাদের প্রধান লক্ষ্য ছিল, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে অনিশ্চিত করে তোলা, জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার গণহত্যার বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুর্নবার্সিত করার মত পরিবেশ সৃষ্টি করা। চব্বিশের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শেখ হাসিনা ও তার পলাতক লেসপেন্সাররা বিরামহীন প্রপাগান্ডা চালিয়েছে। প্রথম দিকে এই ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে যে, শেখ হাসিনা যেকোনো সময় বাংলাদেশে চলে আসবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অডিও ক্লিপ ছড়িয়ে দেয়া হয়েছে, যেখানে শেখ হাসিনা নিজেই বলছেন, তিনি বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন, যাতে যেকোনো সময় চট্ করে দেশে ঢুকে যেতে পারেন। এই লক্ষ্যকে সামনে রেখেই ভারতের সহযোগিতায় পতিত স্বৈরাচারের দোসররা বাংলাদেশকে ডি-স্ট্যাবিলাইজেশনের বহুমুখী তৎপরতা চালিয়ে গেছে। তবে এবারের ছাত্র জনতার অভ্যুত্থানের সবচেয়ে বড় অর্জন হচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামগ্রিক সম্ভাবনা এবং ভারতীয় আধিপত্যবাদী নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতা ও সাধারণ জনগণের সচেতনতা ও ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করার চ্যালেঞ্জ গ্রহণ করা। স্বাধীনতার ৫৫ বছর পরেও শোষণ-বঞ্চনা ও বৈষম্য বেড়ে যাওয়া, সম্পদ পাচার ও সুশাসনের প্রত্যাশাকে নির্বাসনে পাঠানোর বাস্তবতা থেকেই গণজাগরণ ও গণবিস্ফোরণের শক্তি ক্রমে ঘণীভূত হয়ে উঠেছিল। একাত্তুরের স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ নিশ্চিত করা। সেখানে ৫৫ বছর ধরে অর্থনৈতিক লুন্ঠন, বল্গাহীন দুর্নীতি, সীমাহীন বৈষম্য ও দু:শাসনের বিরুদ্ধে মানুষের গণতান্ত্রিক আকাক্সক্ষা ও কণ্ঠরোধের ন্যারেটিভ হিসেবে একাত্তুরের মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষের ন্যারেটিভকে ব্যবহার করা হয়েছে নির্লজ্জভাবে। যারা একাত্তুরের মুক্তিযুদ্ধের চেতনা ও লক্ষ্যকে গলাটিপে হত্যা করছে, তারাই ফ্যাসিবাদী কায়দায় স্বাধীনতার পক্ষ-বিপক্ষের ন্যারেটিভকে জনগণের কণ্ঠরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। চব্বিশের জুলাইয়ে বৈষম্যের কোটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন রাজপথে নেমে আসলো, তখন রাজাকারের নাতিপুতি বলে শেখ হাসিনার গালি গণবিস্ফোরণের অগ্নিতে যেন ঘৃত সংযোগ ঘটিয়েছিল।

স্বাধীনতার ৫৫ বছর পর বাংলাদেশে স্বাধীনতার বিপক্ষ বলে যদি কিছু থেকে থাকে তা হচ্ছে, ভারতীয় হেজিমনির ধারক-বাহক ও বশংবদ রাজনৈতিক শক্তি। অভ্যুত্থান পরবর্তী গত দেড় বছরের রাজনৈতিক বাস্তবতায় সেদিকটি আবারো প্রমাণিত হয়েছে। যে দলটি নিজেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মূল শক্তি হিসেবে দাবি করে আসছে, তারাই দেশকে ভারতীয় তাবেদার বাফার স্টেটে পরিনত করেছিল। পলাতক অপশক্তির বিরুদ্ধে হাজার হাজার মানুষ হত্যা, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার এবং রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে বিচার হচ্ছে।

বিচারে ইতিমধ্যেই শেখ হাসিনাসহ তার নিকটতম দোসরদের কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষিত হলেও তারা কেউ এখনো জনগণের কাছে দঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থণা না করলেও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটের লোভে বিএনপি-জামায়াতের নেতারা তাদের ক্ষমা করে দেয়াসহ রাজনৈতিকভাবে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিতে দেখা গেছে। লুটপাটতন্ত্র ও মাফিয়াতন্ত্র কায়েম করে রাষ্ট্রকে দেউলিয়া, ব্যর্থ ও গণহত্যার ভাগাড়ে পরিনত করে পালিয়ে যাওয়া গণশত্রুদের অমার্জনীয় অপরাধ ক্ষমা করে দেয়ার নেপথ্যে থাকা ক্ষমতার রাজনীতি নতুন বাংলাদেশে এখন অচল হয়ে পড়লেও ভোটের মাঠে তা যথেষ্ট কার্যকর ছিল।

তবে আশার কথা হচ্ছে, দেড় যুগ ধরে ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগের জনসমর্থন যে তলানিতে তা বিগত কয়েকটি একতরফা জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক আন্দোলনের সময় বারবার প্রমাণিত হয়েছে। প্রথমত: দশম, একাদশ ও দ্বাদশ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ১০ ভাগের কম, দ্বিতীয়ত: রাজধানীতে রাজপথের আন্দোলনে মুখোমুখী অবস্থানে থাকা সরকারিদল ও বিরোধীদলের সমাবেশগুলোতে যখন প্রবল প্রতিকূলতার মুখেও লাখো মানুষের ঢল নেমেছিল, তখন গুলিস্তান-বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশগুলো ছিল যেন ভাঙ্গা হাট। গাড়ি রিকুইজিশন করে, বিরানির পেকেট দিয়ে বস্তি থেকে ভাড়া করে লোক এনেও বড় জনসমাগম দেখাতে পারেনি আওয়ামী লীগ। তেইশ সালের ২৮ অক্টোবরের সমাবেশগুলো ছিল তার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ। ওইদিন নয়াপল্টনে বিএনপির সমাবেশটি অভাবনীয়ভাবে মহাসমাবেশে পরিনত হয়। সমাবেশে উপস্থিত বিএনপির নীতিনির্ধারক নেতারা সঠিক নেতৃত্ব ও নির্দেশনা দিতে পারলে সেদিনই সরকারের পতন ঘটে যেত। বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে পুলিশ-বিজিবি পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট দিয়ে লাখো জনতার সমাবেশটিকে পনেরো মিনিটেই প- করে দেয়া হয়। মিথ্যা মামলায় দেড় দশক ধরে মাঠে-ঘাটে পালিয়ে বেড়ানো হাজার হাজার নেতাকর্মী সেদিন ভয়কে তুচ্ছ করে আশপাশের জেলা থেকে ঢাকায় এসেছিল সরকার পতনের আন্দোলনের নির্দেশের আশায়। জুলাই অভ্যুত্থান মানুষের সামনে নতুন বাংলাদেশের স্বপ্ন হাজির করেছিল। বিএনপি’র সিনিয়র নেতারাও জুলাই যোদ্ধাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

দলকানা, দলান্ধদের কথা বাদ দিলে বদলে যাওয়া নতুন বাংলাদেশে জনগণের ম্যান্ডেট পাওয়ার প্রধান শর্ত হচ্ছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ এবং ভারতীয় হেজিমনির বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করা। রাজনীতিতে নিষিদ্ধ ও অনেকটা অপাঙতেয়-অপ্রাসঙ্গিক হয়ে পড়া আওয়ামী লীগের ভোটের হিসাব কষে কোনো কোনো রাজনৈতিক জোটের কাছে সে প্রসঙ্গ কিছুটা গৌণ করে তুলেছিল। এমনকি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অকার্যকর হয়ে পড়া একাত্তুরকেন্দ্রিক আওয়ামী ন্যারেটিভও ভোটের মাঠে উচ্চারিত হওয়ার পেছনে ছিল আওয়ামী ভোটের টোপ। দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটিকে নির্বাচনের বাইরে রেখে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন করতে গেলে সেই নিষিদ্ধ দলের ভোটারদের প্রতি বাড়তি ফোকাস হবে, এটা জানা কথা।

এ কারণেই জুলাই অভ্যুত্থানের যোদ্ধা ও সমর্থকরা প্রথমে গণভোট এবং অর্ন্তবর্তী সরকারের সময়ে পতিত স্বৈরাচারের বিচার ও সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত করার পর জাতীয় নির্বাচনের অনানুষ্ঠানিক দাবি তুলেছিল। গণহত্যাসহ সংঘটিত সব গুরুতর অপরাধের বিচারের পর একটি রাজনৈতিক রিকনসিলিয়েশন প্রক্রিয়ায় নির্বাচনের উদ্যোগ নেয়া হলে নির্বাচনের মাঠে কেউ পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগের পুর্নবাসনের প্রসঙ্গ আনতো না। নির্বাচনের পর দেখা গেছে, আওয়ামী লীগের ভোট নির্বাচনে বড় কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেনি। এবারের নির্বাচনটি বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০১ সালের অক্টোবরে অনুষ্ঠিত অষ্টম জাতীয় নির্বাচনের প্রতিচ্ছবি দেখা গেছে। সেই নির্বাচনে মাত্র প্রায় ১-২ শতাংশ ভোটের ব্যবধানে বিএনপি পেয়েছিল ১৯৩ আসন, আর আওয়ামী লীগ পেয়েছিল ৬২ আসন। এবার নির্বাচনের মাঠে আওয়ামী লীগ না থাকায় বিএনপি ও জামায়াত জোটের ভোটের হার ছিল বিএনপি প্রায় ৫০ শতাংশ জামায়াত প্রায় ৩২ শতাংশ। বিএনপি ২০৯টি আসন এবং জামায়াত ৬৮টি। ভোট বা জনসমর্থন কোনো রাজনৈতিক দলের স্থায়ী কোনো সম্পদ নয়। নেতৃত্বের সাফল্য-ব্যর্থতা, ক্যারিশমা ও জনবান্ধব ভূমিকার মধ্য দিয়ে তার পালাবদল ঘটে মাত্র। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভরাডুবি নির্বাচনে বিএনপির বিজয়ে তেমন প্রভাব ফেলতে পারেনি। পঁিচশ বছরে জনসংখ্যা ও ভোটার সংখ্যা বাড়লেও আওয়ামী ভোটের প্রভাব সত্ত্বেও অষ্টম থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি’র ভোটের হার ও আসন সংখ্যায় বড় কোনো প্রভাব সৃষ্টি করতে পারেনি। তবে এই নির্বাচনে জামায়াতের আসন ও ভোটের হার অষ্টম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের আসন ও ভোটের হারের প্রায় কাছাকাছি।

একাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে দৃকপাত করলে সহজেই বোঝা যায়, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। ভারত আমাদের প্রতিবেশি হলেও উন্নয়ন অংশীদার বা কৌশলগত নিরাপত্তা অংশীদার নয়। গত ১৮ বছরে এই সত্য আরো প্রকটভাবে ধরা পড়েছে। তারা সিকিম, হায়দারাবাদের মত বাংলাদেশকে গ্রাস করে নেয়ার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে, এমনটা মনে করারও যথেষ্ট এভিডেন্স আছে। মূলত ভারতের হিন্দুত্ববাদিদের সম্প্রসারণবাদি এজেন্ডা প্রতিবেশিদের সাথে সমমর্যাদা ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের স্বীকৃতি দেয়না। যদিও তাদের এমন আধপত্যবাদি এজেন্ডাকে প্রতিবেশি কোনো দেশই পাত্তা দেয়না। চীন-পাকিস্তান তো দূর কি বাত। শ্রীলঙ্কা, নেপাল কিংবা মালদ্বীপের মত অতি ক্ষুদ্র দেশও ভারতের আধিপত্য মেনে নিতে রাজি নয়।

সাম্প্রতিক চীনের সাথে সীমান্ত যুদ্ধের সময়, কাশ্মির-পাকিস্তানের সাথে যুদ্ধে সব প্রতিবেশি ভারত থেকে মুখ ফিরিয়ে নিলেও শুধু শেখ হাসিনা ভারতের লেজুড়বৃত্তির ঘোষণা দিয়েছিল। নরেন্দ্র মোদি যখন ভারতে মুসলিম বিদ্বেষের বিষ ছড়াচ্ছিল, আন্তর্জাতিক সংস্থাগুলো ভারতে মুসলিম জেনোসাইডের অশনি সংকেত দিয়েছিল, তখন হাসিনা নরেন্দ্র মোদিকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। দেশের ধর্মপ্রাণ মানুষ মুসলমানদের হত্যার বিরুদ্ধে, মোদির ঢাকা আগমনের প্রতিবাদে রাজপথে নেমে আসলে অন্তত বিশজন মানুষকে গুলি করে হত্যা করে পুলিশ।

জুলাই অভ্যুত্থান ছিল শাপলা চত্বরের গণহত্যা, পিলখানা গণহত্যা, যুদ্ধাপরাধের বিচারের নামে ক্যাঙ্গারু কোর্টে দেশের জনপ্রিয় নেতাদের হত্যা এবং বিএনপি-জামায়াতের কোটি কোটি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গুম-খুন ও নিপীড়নের প্রতিবাদে গণবিস্ফোরণ। সবশেষে জুলাই অভ্যুত্থান দমন করতে হাজার হাজার মানুষ হত্যার ঘটনাসহ সে সব কোনো ঘটনারই স্বচ্ছ তদন্ত হয়নি ও বিচার হয়নি। সংবিধান মানলে ২০২৯ সালে শেখ হাসিনার অধীনেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। জুলাই যোদ্ধাদের দাবি ছিল, গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কারের মাধ্যমে ৫৫ বছরে জমে ওঠা জঞ্জাল সাফ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বিপক্ষের যুক্তি হচ্ছে, বিচার এবং সংস্কার একটি ধারাবাহিত প্রক্রিয়া।

অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ বা ঠিকভাবে সম্পন্ন করা সম্ভব না। পতিত স্বৈরাচারের রেখে যাওয়া আওয়ামী পুলিশ, আমলাতন্ত্র ও ভারতীয় হেজিমনিক এজেন্ডায় কয়েক দশকে সাজানো গণমাধ্যম দিয়ে পুরনো রাজনৈতিক-সাংস্কৃতিক ন্যারেটিভ ভেঙ্গে স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়ন করা অসম্ভব। এ কারণেই ড. ইউনূসের অর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ করে দেয়ার এজেন্ডা সরকারের ভেতর ও বাইরে সক্রিয় ছিল। ড. ইউনূসের আর্ন্তজাতিক মর্যাদা, গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক দূরদর্শিতায় ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে নিতে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। তিনি দায়িত্ব গ্রহণের শুরুতেই নির্বাচনের যে টাইমলাইন বলেছিলেন তা থেকে বিচ্যুত হননি। তিনি ঈদের মতো উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১২ ফেব্রুয়ারি সারা দেশে তারই প্রতিফলন দেখা গেছে। বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদ দিলে দেশের কোথাও নির্বাচনের দিন সহিংসতায় একজন মানুষও মারা যায়নি।

পতিত স্বৈরাচার হাসিনার প্রতিহিংসা ও জুলুমের শিকার বিএনপি ও তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে দেশের মানুষ। দেশে ফেরার আগেই ভারতীয় মিডিয়া তাকে বিতর্কিত করতে চেয়েছে। তাদের প্রপাগান্ডা সফল হয়নি। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি পালনের বার্তা দিয়েছেন। নির্বাচনের মাঠে তিনি জুলাই অভ্যুত্থানের স্পিরিট ও সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনায় রাসূল (স.)-এর সুমহান আদর্শ অনুসরণের কথা বলেছেন। নির্বাচনের পর নিজেই জামায়াত ও এনসিপি নেতাদের বাড়িতে গিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি এক নতুন বাস্তবতা। গত ৫৫ বছরে এমন দৃশ্য আর কখনো দেখা যায়নি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত সরকারের আর স্বৈরাচারি হওয়ার সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের শহীদের রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত গণভোটের ম্যান্ডেট ও জাতীয় ঐক্য বাংলাদেশকে আর কখনো কোনো আধিপত্যবাদী শক্তির বশংবদ বা পদানত হতে দেবে না। ইসলামি মূল্যবোধ ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ জিয়া এবং খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকারের মর্যাদা রক্ষায় তিনি কখনো পিছপা হবেন না। এই প্রত্যাশা দেশের মানুষের। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে, গতানুগতিক প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি পরিহার করে বৃহত্তর জাতীয় স্বার্থে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অক্ষুণœ রাখার মধ্য দিয়েই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। তারেক রহমান সেই প্রত্যাশা জাগিয়ে তুলেছেন। অভিনন্দন ও শুভ কামনা প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দন বিরোধীদলীয় নেতাসহ ত্রয়োদশ জাতীয় সংসদের সব সদস্যের প্রতি।

bari_zamal@yahoo.com