কীটতত্ত্ববিদ ড. ইন্দ্রাণী ধর উচ্চতর গবেষণা করেছেন ডেঙ্গু ভাইরাস শনাক্তকরণ এবং এডিস মশার আচরণ ও ব্যাপ্তি নিয়ে। তিনি ঢাকা সিটি করপোরেশন এবং আইসিডিডিআর,বির সঙ্গে জনস্বাস্থ্যে মশার প্রভাব মোকাবিলা সংক্রান্ত কার্যক্রমে যুক্ত ছিলেন। ডেঙ্গু ভেক্টর সার্ভেইল্যান্স ও নিয়ন্ত্রণ কৌশল নিয়ে একাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্রও আছে তাঁর। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কর্তব্যরত। মশা নিধনে ব্যর্থতা, ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ও করণীয় প্রসঙ্গে ইন্দ্রাণী ধরের সাক্ষাৎকার নিয়েছেন সহকারী সম্পাদক সাদিয়া মাহ্জাবীন ইমাম ।

সমকাল: ঢাকা শহরে এত মশা কেন?

ইন্দ্রাণী ধর : মশক নিধন ব্যবস্থাপনায় অপর্যাপ্ততা, সচেতনতার অভাব, অপরিকল্পিত নগরায়ণ ও নাগরিক জীবন, আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন এবং মশার অভিযোজন ক্ষমতা বৃদ্ধিই এর কারণ। এর মধ্যে কার্যকরী প্রশাসনিক সমন্বয়ের অভাব, ননডিসপোজেবল প্লাস্টিকের একবার ব্যবহারযোগ্য পাত্র সড়কে বা যত্রতত্র ফেলে রাখাও এর জন্য দায়ী।

সমকাল: মশার ধরন সম্পর্কে বলবেন?

ইন্দ্রাণী ধর: এডিস ও কিউলেক্স, এ দুই ধরনের মশাই প্রধান। আবাসস্থলও ভিন্ন। তাই এদেরকে শনাক্ত করা চ্যালেঞ্জিং। এডিস মশা জমানো পানি পেলেই ডিম পাড়তে পারে। এমনকি গাছের কোটর, অব্যবহৃত টায়ার, নির্মাণকাজে ব্যবহারের পানির ট্যাংক, প্লাস্টিকের পাত্র– সব জায়গা এডিসের পছন্দ। অন্যদিকে কিউলেক্স মশার জন্ম হয় ড্রেন ও পচা-দূষিত পানিতে। ঢাকা শহরের বেশির ভাগ ড্রেনের সচলতা ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। ফলে দুই রকম মশার জন্মের অনুকূল পরিবেশ প্রস্তুত এ শহরে। এডিস মশা মূলত ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগ ছড়ায়; আর ‘কিউলেক্স’ যেটা রাতে কামড়ায়, তা থেকে ফাইলেরিয়া বা জাপানিজ এনসেফালাইটিসের মতো রোগ ছড়াতে পারে। দুটি মশার জন্ম দুই জায়গায় হওয়ায় তাদের একই সময়ে একই পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা জটিল।

সমকাল: প্রশাসনিক সমন্বয়হীনতা কেমন?

ইন্দ্রাণী ধর: মশক নিধনে স্থানীয় সরকার, সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের মধ্যে দূরত্ব লক্ষ্য করা যায়। এ জন্য যথাযথ বাজেট ও বিশেষ অভিযান সত্ত্বেও সঠিক তদারকির অভাবে দৃশ্যমান সাফল্য মিলছে না। কাজের ধারাবাহিকতা, প্রশাসনিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার একটা প্রভাব পড়েছে এ কর্মসূচিতে। যেমন মশা নিধনের সবচেয়ে দৃশ্যমান কার্যক্রম ফগিং। সেটা একসঙ্গে না চালালে সুফল পাওয়া যায় না। কার্যক্রমটি বিভিন্ন জায়গায় একযোগে না চালালে দেখা যাবে ফগিং করা জায়গা থেকে মশাগুলো ফগিং না করা জায়গায় চলে যাচ্ছে অনায়াসে। ধরুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক এলাকায় ফগিং হলো। পাশের দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় ফগিং হলো অন্য সময়। তাহলে কাজ করবে? এ ছাড়া দিনের কোন সময়ে ফগিং হচ্ছে; বাতাসের বেগ কোনদিকে; কতটা ওষুধ দেওয়া হচ্ছে– এসব গুরুত্বপূর্ণ। এই কাজগুলো সিটি করপোরেশনের সমন্বয় করে করার কথা। একই সঙ্গে নগরের বর্জ্য ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশনেও দুই সিটি করপোরেশনের সমন্বয় থাকতে হবে। এক অংশ পরিচ্ছন্ন করলে আরেক অংশে আবর্জনা থাকলে সুফল আসবে না। ময়লা বা মশা কোনোটাই এলাকা ভাগ করে নির্মূল করা যাবে না।

সমকাল: মানুষ আতঙ্কিত হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি আসলে কেমন?

ইন্দ্রাণী ধর : পলিসি অ্যানালাইসিসের অংশ হিসেবে মশার ঘনত্ব নিয়ে ২০২৫ সালের আগস্ট থেকে অক্টোবর, এই তিন মাসের একটা সার্ভে করেছিলাম ঢাকা ও চট্টগ্রামে। তাতে দেখা গেছে, ২০২৪-এর তুলনায় মশা বেড়েছে। কেননা, এই সময় যে ট্রিটমেন্ট পাওয়া দরকার ছিল তা হয়তো হয়নি। আগের তুলনায় মশক নিধন কার্যক্রমের গতিও কম ছিল। অনলাইন জরিপ করা হয়েছিল ৩০০ জনের ওপর। অধিকাংশই বলেছিলেন, মশক নিধন নিয়ে সচেতনতামূলক প্রচারণা দরকার ছিল। ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ অবস্থার পরও সচেতনতা বৃদ্ধি হয়নি ধারাবাহিকভাবে। হামে যেমন মৃত্যুর ঘটনা ঘটছে, একইভাবে ডেঙ্গুর ক্ষেত্রেও ঘটতে পারে। প্রতিবার ডেঙ্গুর প্রকোপ শুরু হলে ভাবা হচ্ছে, ওষুধ দিলেই কাজ হবে। বিষয়টি বৃষ্টি এলেই ছাতা ধরার মতো। মশক নিধন বছরব্যাপী কর্মসূচি পালনের কাজ। ভয়াবহভাবে কিউলেক্স মশা বাড়ছে। এডিস মশা বৃদ্ধির পরিবেশও অনুকূল। আতঙ্কিত হওয়ার কিছু নেই– এমন বলা যাবে না।

সমকাল: ফগিং পদ্ধতিকে অনেকে মশা মারতে কামান দাগা বলে ব্যঙ্গ করে। কার্যকর আর কোনো পদ্ধতি আছে? অতীতে এমনও ঘটেছে, মশার ওষুধের পরিবর্তে পানি ছিটানো হয়েছে। মানে নকল ওষুধ। ওষুধের মান কেমন?

ইন্দ্রাণী ধর : ফগিং একটি কার্যকর পদ্ধতি। তবে এটি কীভাবে করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। মনিটরিংয়ের আওতায় আছে কিনা; ওষুধের ডোজ ঠিক আছে কিনা; ফগিংকারী দক্ষ কিনা; এসব বুঝতে হবে। ফগিংয়ের বিপরীতে আছে জনসচেতনতা। সেটা তো খুবই কম আমাদের দেশে। মশার জীবনচক্র দুই পর্যায়ে– পূর্ণাঙ্গ মশা ও লার্ভা। স্প্রে করা হয় লার্ভা রোধে। এতে ব্যবহার করা হয় ডেলটামেট্রিন। ফগিংয়ের জন্য ব্যবহার হয় ম্যালাথিওন। এর সবই মান্ধাতার আমলের। এরপর আরও যুগোপযোগী ওষুধ এসেছে। একই ওষুধে দুই ধরনের মশার জন্য কতটা কার্যকর হবে, সঠিক গবেষণা দরকার। তবে এখন যেগুলো ব্যবহার হচ্ছে, এর মান নিয়ে সংবাদমাধ্যমে যা পড়েছি, টেস্টে ফল ভালো এসেছে। তিনটি জায়গা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তবে ল্যাবে ফল ভালো আসবেই। সেখানে একটা সীমিত জায়গার মধ্যে ওষুধ প্রয়োগ হচ্ছে। খোলা আকাশের নিচে একই ওষুধ একই পরিমাণে কার্যকর নাও হতে পারে।

সমকাল : মাঝে দেশে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপের সংখ্যা বেড়েছিল। সাপটির অভিযোজন ক্ষমতা বেড়েছে বলে শোনা গিয়েছিল। মশার ক্ষেত্রে এমন ঘটেছে?

ইন্দ্রাণী ধর : মশার অ্যাডাপটেশন বদলেছে। ২০০০ সালে ডেঙ্গুতে ৯৬ জন মারা গিয়েছিল। তখন আমরা বলেছিলাম, পরিষ্কার পানিতে এডিস মশা ডিম পাড়ে। এখন কিন্তু পানি জমা থাকলেই ডিম পাড়ে এডিস; ময়লা পানির দরকার নেই। ১৯৯৭-৯৮ সালের দিকে ডিম থেকে মশা জন্মাতে সময় লাগত ১৪ থেকে ১৭ দিন। এখন সেটা ১১ থেকে ১৩ দিনে হচ্ছে। অর্থাৎ মশার জীবনচক্রের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছি আমরা। আমাদের জনঘনত্ব আর আবহাওয়াজনিত কারণ এর পেছনে দায়ী। আরেকটি বিষয়, মশা প্রতিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মশার শুককীট মাছের খাদ্য হিসেবে এবং প্রাপ্তবয়স্ক মশা পাখি, বাদুড়, গিরগিটি ও ব্যাঙের খাদ্য হিসেবে কাজ করে। আবার কিছু প্রজাতির মশা গুরুত্বপূর্ণ পরাগায়নকারী। ফলে মশক নিধন কর্মসূচি চালাতে হবে; আবার পরিবেশ থেকে মশা সম্পূর্ণ নির্মূল হলেও ভারসাম্য নষ্ট হবে। এ জন্য গবেষণা খুব জরুরি।

সমকাল: থাইল্যান্ড ডেঙ্গু নিধন কর্মসূচিতে সফল, ভারত সফল। তারা মূলত কোন পদক্ষেপ নিয়েছে, যা আমরা পারছি না?

ইন্দ্রাণী ধর : কিউলেক্সের ডিমের ওপর আবরণ থাকে। ভেলার মতো করে ডিম পাড়ে এ মশা। ২৭ থেকে ৩০টি ডিম থাকে এক ভেলায়। এডিস আলাদা কালো ডিম পাড়ে। একটি মশা ১০০টির মতো ডিম পাড়ে একসঙ্গে। এই দুয়ের মধ্যে সমন্বয় করা যাচ্ছে না। দুটোর আচরণ, জন্মানোর স্থান, ডিম দেওয়া, সবই আলাদা। থাইল্যান্ড, ভারতে এসব বিষয় ইনক্লুড করে তারা মডেল তৈরি করেছে। মডেলটা এ রকম, প্রতিটি ঘরের ব্যক্তি পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হবে। সেন্ট্রাল কমিটি করে এই মডেল তৈরি করা হয়েছে। টিম ফোর্সে রাখা হয়েছে কীটতত্ত্ববিদ, সমাজকর্মী, রসায়নবিদ, কেমিক্যাল এক্সপার্ট, টেকনিক্যাল এক্সপার্টসহ অনেক বিশেষজ্ঞকে। তাদের সমন্বিত চেষ্টায় সফল হচ্ছে মশক নিধন কর্মসূচি। আমরা সমন্বিতভাবে এমন কিছু আজও করতে পারিনি।

সমকাল: মশক নিধনে বাংলাদেশে এখন কোন কোন উদ্যোগ নেওয়া প্রয়োজন?

ইন্দ্রাণী ধর: আমাদের কাছে যেহেতু কিছু সাফল্যের উদাহরণ আছে; তাই থাইল্যান্ড, ভারতের মতো মডেল ধরে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। তা ছাড়া গবেষণায়ও বাংলাদেশ পিছিয়ে। নিরবচ্ছিন্নভাবে কয়েক বছরের জন্য কার্যক্রম চালিয়ে যেতে হবে। সরকারের সদিচ্ছার পাশাপাশি জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। আইসিডিডিআর.বি এবং ঢাকা সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে ‘এডিস মশা নিয়ন্ত্রণ প্রকল্প’ সফল হয়েছিল একসময়। তখন ৯০টি ওয়ার্ড থেকে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা মশা সংগ্রহ করে আনত এবং ল্যাবে ওই সব নমুনা পরীক্ষা করা হতো। ওই প্রকল্পে আমরা ১১ জন কীটতত্ত্ববিদ কাজ করেছিলাম। সেখান থেকে সামগ্রিক সুফল পাওয়া গেছে। পরবর্তী সময়ে আমাদের দেশে মশা নিয়ে অনেক কাজ হলেও ধারাবাহিকতা নেই। তাই আমার মনে হয়, এ কাজে ধারাবাহিকতা এবং সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয়ভাবে গবেষণা, একযোগে অভিযান, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অন্যথায় যা হবার তাই হবে।

সমকাল: সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

ইন্দ্রাণী ধর: আপনাকে ও সমকালকেও ধন্যবাদ।