সন্তান প্রতিটি অভিভাবকের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এবং একই সঙ্গে সবচেয়ে বড় দায়িত্ব। সন্তান জন্মের পর থেকেই বাবা-মায়ের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার যত্ন, শিক্ষা, ভবিষ্যৎ ও চরিত্র গঠন। অভিভাবকেরা সারাজীবন চেষ্টা করেন যেন তাদের সন্তান ভালো মানুষ হয়, জীবনে সফল হয় এবং সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। কিন্তু বর্তমানে সমাজের পরিবর্তিত বাস্তবতায় অনেক বাবা-মা শুধু একাডেমিক শিক্ষার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন, আর সেই কারণেই তারা অজান্তেই সন্তানের চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ অংশটিকে অবহেলা করছেন। আজকাল অনেক অভিভাবক মনে করেন, ভালো স্কুলে পড়লেই, ভালো রেজাল্ট করলেই সন্তান শিক্ষিত হবে। কিন্তু আসলে শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়।
একজন মানুষ তখনই প্রকৃত শিক্ষিত বলে গণ্য হয়, যখন সে মানবিক মূল্যবোধ, ভদ্রতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ শিখে জীবনে প্রয়োগ করতে পারে। তাই বাবা-মায়ের প্রথম কাজ হলো সন্তানকে শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য শিক্ষা দেওয়া। পরিবারই হলো সন্তানের প্রথম বিদ্যালয়। শিশুটি প্রথমে মায়ের মুখে কথা শেখে, বাবার আচরণে দায়িত্ব শেখে, ভাইবোনদের সঙ্গে সম্পর্কের মাধ্যমে ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা পায়। তাই পরিবারের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে যদি ভালো আচরণ, পারস্পরিক সম্মান ও স্নেহ থাকে, তাহলে শিশুর চরিত্রও সেই আদর্শে গঠিত হয়। আবার যদি ঘরে সবসময় কলহ, অপমান বা হিংসা থাকে, তবে শিশুর মনে তা গভীর ছাপ ফেলে এবং সে অজান্তেই সেই আচরণ নিজের জীবনে ধারণ করে ফেলে।
অভিভাবকদের উচিত সন্তানের সামনে এমন পরিবেশ তৈরি করা, যেখানে ভালোবাসা ও শৃঙ্খলা একসঙ্গে থাকবে। সন্তানের ভুল হলে তাকে মারধর না করে বোঝানো উচিত। কারণ শিশুর মন কোমল- ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে তাকে শিক্ষা দিতে হয়।\r\nআজকের সমাজে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- ছেলে সন্তানকে শেখানো, কীভাবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করতে হয়। অনেক সময় দেখা যায়, ছোটবেলা থেকেই ছেলেদের এমনভাবে বড় করা হয় যেন তারা মেয়েদের তুলনায় শ্রেষ্ঠ। এটি অত্যন্ত ভুল ধারণা। একজন ছেলে যদি ছোট থেকেই শেখে যে নারী-পুরুষ সমান, তাহলে বড় হয়ে সে কখনো নারীর প্রতি অবমাননাকর আচরণ করবে না। তাই মা-বাবার দায়িত্ব হলো ছেলেকে বোঝানো যে, মেয়েরাও মানুষের মতোই সম্মান, নিরাপত্তা ও স্বাধীনতার অধিকারী।
ছেলেদের শেখাতে হবে, কোনো মেয়েকে কটূক্তি করা, অবজ্ঞা করা বা অশালীন আচরণ করা কখনও পুরুষত্ব নয়- বরং এটি দুর্বলতা ও অশিক্ষার প্রকাশ। একই সঙ্গে মেয়েদের প্রতিও সম্মানজনক ব্যবহার শেখানো উচিত, যেন তারা নিজের মর্যাদা ও নিরাপত্তা বজায় রাখতে পারে। এছাড়া সন্তানকে সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও জরুরি। তাকে শেখাতে হবে, দরিদ্রদের সাহায্য করা, বয়স্কদের সম্মান করা, প্রকৃতি রক্ষা করা- এসবই একজন ভালো মানুষের লক্ষণ। বাবা-মা যদি নিজের আচরণে এই গুণগুলো দেখান, তবে সন্তানও স্বাভাবিকভাবে তা অনুসরণ করবে।\r\nপ্রযুক্তির যুগে সন্তানদের হাতে এখন ছোটবেলা থেকেই মোবাইল, ইন্টারনেট, টেলিভিশন চলে আসে। এগুলোর মাধ্যমে তারা যেমন জ্ঞান অর্জন করতে পারে, তেমনি ভুল দিকেও চলে যেতে পারে। তাই বাবা-মাকে সন্তানের অনলাইন জীবনের প্রতিও নজর রাখতে হবে-তবে নজরদারির সঙ্গে বিশ্বাসও রাখতে হবে। সন্তানের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুললে সে নিজের সমস্যা ও ভাবনা সহজে ভাগ করে নিতে পারবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। কিন্তু শুধু ভালো চাকরি বা আর্থিক সাফল্য নয়, সন্তানের মধ্যে ভালো মানুষ হিসেবে গুণাবলি গড়ে তোলাই আসল লক্ষ্য হওয়া উচিত। সমাজে এমন অনেক মানুষ আছে যারা উচ্চশিক্ষিত, কিন্তু তাদের মানবতা নেই; আবার অনেক কম পড়াশোনা করা মানুষ আছে যাদের অন্তরে সত্যিকারের শিক্ষা ও নীতি আছে। তাই সন্তানকে শুধু স্মার্ট নয়, সৎ মানুষ বানানোই হলো আসল শিক্ষার উদ্দেশ্য। অভিভাবকদের এই সচেতনতা ও ভালোবাসাই পারে আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে। সন্তানরা যেন শুধু প্রতিযোগিতার যন্ত্র না হয়ে ওঠে, বরং যেন তারা ভালোবাসা, সহানুভূতি ও ন্যায়বোধে বিশ্বাসী মানুষ হয়-এটাই আমাদের প্রত্যাশা।\r\nজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে
