হরমুজ প্রণালি সংকীর্ণ সমুদ্রপথ হলেও এর রাজনৈতিক তাৎপর্য অনেক। যুক্তরাষ্ট্র ও ইরান– উভয়ই এই প্রণালিকে খুব ভিন্ন দৃষ্টিতে দেখে, যা দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ করা হয়। ওয়াশিংটন হরমুজ প্রণালিকে একচেটিয়াভাবে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে দেখে। অন্যদিকে তেহরান এটিকে তার আঞ্চলিক জলসীমার অংশ হিসেবে বিবেচনা করে। ফলে জাহাজ থেকে ইরান কর্তৃক টোল আদায় যুক্তরাষ্ট্র অবৈধ বলে মনে করে। একইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রণালি অবরোধ ইরানের সার্বভৌমত্বের প্রতি ‘গুরুতর লঙ্ঘন’। সমুদ্র আইন বিশেষজ্ঞ হিসেবে এই সমস্যার একটি গুরুতর দিক হলো, প্রণালি নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরান দুটি ভিন্ন জগতে বাস করছে। বিশ্বের বাকি অংশের চেয়ে তাদের ভিন্ন আইনি অবস্থান বিষয়টি আরও জটিল করে তুলেছে।
জাতিসংঘ সমুদ্র আইন সনদ প্রণীত হয় ১৯৮২ সালে, যা ১৯৯৪ সাল থেকে কার্যকর করা হয়। এই সনদের লক্ষ্য আন্তর্জাতিক প্রণালির মতো অসংখ্য অঞ্চল ও স্থান তৈরি করা, যেখানে কে কী করতে পারবে, সে বিষয়ে সবাই একমত থাকবে। এটি ১৭১টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক অনুমোদিত হলেও ইরান বা যুক্তরাষ্ট্র তাতে অনুমোদন দেয়নি। ইরান এতে স্বাক্ষর করলেও এখনও অনুমোদন করেনি; যুক্তরাষ্ট্রও কোনোটিতে সায় দেয়নি।
এর অর্থ হলো, বিশ্বের প্রায় প্রতিটি দেশ যে নিয়মকানুনে সম্মত হয়েছে, তা যুক্তরাষ্ট্র ও ইরানের বেলায় কার্যকর হয় না। ফলে বর্তমান যুদ্ধকালে এ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের কার্যকলাপ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে ঐকমত্যের ভিত্তি কাজ করতে পারে না।
এই পুরোনো নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক প্রণালি দিয়ে বিদেশি জাহাজগুলোর ‘নির্বিঘ্নে যাতায়াত’-এর অধিকার রয়েছে। অন্যভাবে বললে, এর অর্থ হলো, যদি কোনো জাহাজ অন্য কোনো জাহাজ কিংবা উপকূলীয় দেশগুলোর নিরাপত্তার ক্ষতি না করে কেবল যাতায়াত করে, তবে তাকে যাতায়াতের অনুমতি দিতে হবে। এর ফলে ইরান এবং প্রণালির অপর প্রতিবেশী দেশ ওমান চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা ও পরিবেশগত নিয়মের মতো কিছু বিধি প্রণয়ন ও প্রয়োগ করার ক্ষমতা পায়। এই চলাচল ‘আচরণ-বিচ্যুত’ হলে অনুমোদন না দেওয়ার এই সিদ্ধান্ত গ্রহণেও তাদের ব্যাপক বিবেচনামূলক ক্ষমতা রয়েছে। কিন্তু এতে তারা নির্দোষ চলাচলে বিঘ্ন ঘটার অধিকার লাভ করে না।
বিপরীতে তেহরান ওই জলরাশিকে নিজেদের আঞ্চলিক সমুদ্র হিসেবে উল্লেখ করে নিজেদের অংশে যাতায়াত ‘স্থগিত’ করার অধিকার দাবি করছে। এটি ১৯৫৮ সালের আঞ্চলিক সমুদ্র কনভেনশনের লঙ্ঘন, যার ওপর ইরানের আইনি সমর্থনের দরকার রয়েছে। এই কনভেনশন অনুযায়ী, যখন কোনো আঞ্চলিক সমুদ্র একই সঙ্গে একটি আন্তর্জাতিক প্রণালিও হয়, তখন নিরপরাধ যাতায়াত স্থগিত করা যায় না। যুক্তরাষ্ট্রের জন্য ইউএনসিএলওএস অনুযায়ী, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক সমুদ্রপথ, যেখানে ‘ট্রানজিট প্যাসেজ’ বা নৌ চলাচলের অনুমতি প্রয়োজন। যদিও যুক্তরাষ্ট্র ইউএনসিএলওএসের সদস্য নয়। তাদের যুক্তি হলো, এই চুক্তির ‘আন্তর্জাতিক প্রণালি’ সম্পর্কিত সর্বশেষ ধারণাটি বিবেচনায় নেওয়া উচিত। কোনো জলপথকে ট্রানজিট প্যাসেজসহ নতুন ধরনের ‘আন্তর্জাতিক প্রণালি’ হিসেবে বিবেচনা করা হলে তা উপকূলীয় দেশের নিয়ন্ত্রণের বিরুদ্ধে ভারসাম্যপূর্ণ অবাধ নৌ চলাচলে ধাবিত হয়।
তেহরান যুক্তি দেয়– ট্রানজিট প্যাসেজ প্রথাগত আন্তর্জাতিক আইন হলেও ইরান এতে আপত্তিকারী দেশ, এবং তাই এই নিয়মটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা সত্যি যে, ইরানের আপত্তি বরাবরই দেখা যাচ্ছে। ইউএনসিএলওএস আলোচনায় ইরান ও ওমান উভয়ই আচরণ-বিচ্যুত না হলে নির্বিঘ্নে জলপথ ব্যবহারের পক্ষে এবং ট্রানজিট প্যাসেজের বিপক্ষে যুক্তি দিয়েছিল। জটিল সামরিক পরিস্থিতি এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা হরমুজ প্রণালির বিচিত্র ঘটনার একটি অংশ মাত্র। এর গভীরে রয়েছে এক জটিল আইনি পরিস্থিতি। শুধু যুক্তরাষ্ট্র ও ইরান এই প্রণালির আইনি মর্যাদা নিয়ে দ্বিমত পোষণ করে, তাই নয়, বরং পতাকাবাহী তেল-সংক্রান্ত ট্যাঙ্কার অধিকারভুক্ত দেশগুলোকেও সমুদ্র আইনের অধীনে নিজেদের দায়বদ্ধতা ও দৃষ্টিভঙ্গির মধ্যে সমন্বয় করতে হয়।
এলিজাবেথ মেন্ডেনহল: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মেরিন অ্যাফেয়ার্সের সহযোগী অধ্যাপক; দ্য কনভারসেশন থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
