মানবসভ্যতার ইতিহাসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এক কালজয়ী প্রযুক্তিক উদ্ভাবন। মানুষের অবয়ব, চিন্তা, ভাষা ও সিদ্ধান্ত অবিকল অনুকরণ ও অনুসরণ করার সক্ষমতা নিয়ে এআই স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প-সর্বত্রই খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার। তবে অযুত সম্ভাবনার পাশাপাশি এই প্রযুক্তির অপব্যবহার সাম্প্রতিককালে গণতান্ত্রিক রাজনীতির চর্চায় এক গভীর ও ভয়াবহ সংকট তৈরি করছে। যা প্রযুক্তির কল্যাণের চেয়ে ডেকে আনছে আত্মঘাতী নাম। আমাদের দেশীয় রাজনৈতিক বাস্তবতায় এআই নির্ভর ভুয়া ছবি, ভিডিও ও অডিও ছড়িয়ে পড়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান এআই প্রযুক্তি- ডিপফেক, জেনারেটিভ ইমেজ, কৃত্রিম ভিডিও ও ভয়েস ক্লোনিংয়ের মতো টুল তৈরি করতে পারে।

এগুলো যেমন সৃজনশীল কাজে ব্যবহৃত করা যায়, তেমনি রাজনৈতিক অপতথ্য ও মিথ্যাচার দিয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরি করতে পারে। ইদানীং আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিপক্ষকে ঘায়েল করতে এআই নির্ভর ভুয়া ভিডিও, ছবি ও ফটোকার্ড ছড়ানো হচ্ছে। এমন কী টেলিভিশন চ্যানেল ও সংবাদমাধ্যমের লোগো নকল করে বিশ্বাসযোগ্য গ্রাফিক্স তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষের পক্ষে এর সত্য-মিথ্যা আলাদা করা প্রায় অসম্ভব। ফলে জনমনে প্রার্থীদের ব্যাপারে বিরূপ প্রভাব পরছে। \r\nনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে প্রতিপক্ষের বিরুদ্ধে অপতথ্যের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। যা আগামী জাতীয় সংসদ নির্বাচনের ময়দানে সমতা প্রতিষ্ঠায় অন্তরায়।

রাজনীতিবিদ ও প্রার্থীদের পুরানো ছবি বা ভিন্ন ঘটনার দৃশ্য নতুন প্রেক্ষাপটে ব্যবহার করে জনমনে ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। ডিপফেক প্রযুক্তির মাধ্যমে নেতাদের মুখে এমন বক্তব্য বসানো হচ্ছে, যা তারা কখনো বলেননি। একদম মন গড়া তথ্য ও বক্তব্য।\r\nএর জ্বলন্ত দৃষ্টান্ত গত ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পরের দিন ১৩ ডিসেম্বর এআই নির্ভর একটি ভুয়া ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে হাদির খুনি নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার ও প্রফেশনাল শুটার ফয়সাল করিম মাসুদ ডাকসু ভিপি সাদেক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাচ্ছেন এবং সেখানে আরটিভির ফটোকার্ডের আদলে ডিএমপি কমিশনারের একটি বক্তব্য জুড়ে দেওয়া হয়। যাচাই ছাড়াই এই কনটেন্ট ভাইরাল হয় এবং বিএনপি নেতা রুহুল কবির রিজভী বক্তব্য দেন। পরবর্তীতে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বিষয়টিকে এআই-জেনারেটেড বলে স্পষ্ট করেন। ডাকসু ভিপি সাদেক কায়েমও ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা চায়। এই ঘটনা প্রমাণ করে, এআইনির্ভর অপতথ্য কত দ্রুত রাজনৈতিক উত্তেজনা তৈরি করে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও সংঘাত ছড়িয়ে দিতে পারে। দায়িত্বশীল নেতৃবৃন্দও কীভাবে নিজের অজান্তে বিভ্রান্তির শিকার হয়ে ক্ষমা চেয়ে শর্মিন্দা হন। সময় এসেছে ডিজিটাল ফরেনসিক আইন শক্তিশালীকরণ ও প্রয়োগ। জনসচেতনতা বাড়ানো। তা না হলে এমন একদিন আসবে যখন সত্য যাচাই করা প্রায় অসম্ভব হয়ে উঠবে।