২০১৮ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম মেয়াদের দ্বিতীয় বছরে পদার্পণ করেছিলেন। একই সময় জার্মান চ্যান্সেলর হিসেবে ১৩তম বছরে পৌঁছান অ্যাঙ্গেলা মেরকেল, যিনি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তখন বিষাদপূর্ণ একটি বক্তৃতা দিয়েছিলেন। অ্যাঙ্গেলা ইউরোপের অতীতের একটি সতর্কবার্তা দিয়ে বক্তব্য শুরু করেন। কারণ রাজনীতিবিদরা দিগ্বিদিক হারিয়ে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে ‘আচ্ছন্ন’ ছিলেন। তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষদর্শীর সংখ্যা কমে আসার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রজন্মকে প্রমাণ করতে হবে– তারা শান্তি হারানোর গুরুত্ব বুঝতে পেরেছে। নিজেদের জিজ্ঞাসা করতে হবে, আমরা সত্যিই ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি কিনা।
আট বছর পরের কথা ভাবুন। ভ্লাদিমির পুতিনের আঞ্চলিক আগ্রাসন ইউরোপের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে তোলে। পশ্চিমে ট্রাম্প, যিনি এখন তাঁর দ্বিতীয় মেয়াদে এবং দাভোসে সম্মানিত অতিথি হিসেবে গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার হুমকি দিচ্ছেন। এটি এমন এক বিশ্ব নয়, যারা বিংশ শতাব্দীর শিক্ষাকে আত্মস্থ করেছে। দায়িত্ব ছাড়ার পর থেকে মেরকেলের খ্যাতির কোনো উন্নতি ঘটেনি। আসন্ন অস্থিতিশীল সময়ের জন্য জার্মানির অর্থনীতি, প্রতিরক্ষা ও জ্বালানি অবকাঠামো প্রস্তুত করতে ব্যর্থতার কারণ হিসেবে তাঁকে নিন্দা করা হয়, যদিও তিনি শুরু থেকেই ট্রাম্পের গতিবিধি বুঝতে পেরেছিলেন। ২০১৬ সালে প্রথমবারের মতো নির্বাচনে জয়লাভের পর সকালে মেরকেলের অভিনন্দনে একটি শীতল সতর্কবার্তা ছিল। তাঁর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন, রাজনৈতিক বহুত্ববাদ, জাতি, ধর্ম এবং যৌন স্বাধীনতার ভিত্তিতে বৈষম্যহীনতার ওপর ভিত্তি করে একটি সম্পর্ক গড়ে তুলেছে। ‘এই মূল্যবোধের ভিত্তিতে’ চলমান সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল।
ন্যাটোর প্রত্যেক নেতার মতো মেরকেলকেও ইউরোপের অপরিহার্য সামরিক জোটের প্রতি বিশ্বাসঘাতকতা ঠেকিয়ে দেওয়া অথবা তা প্রতিরোধ করার জন্য একজন হাস্যকর মার্কিন প্রেসিডেন্টের প্রতি ঝুঁকে পড়তে বাধ্য হয়েছিলেন। কোনো গণতান্ত্রিক সরকারের প্রধান দীর্ঘদিন ধরে ট্রাম্পকে এই ভাঙনের তৎপরতা থেকে বিরত রাখতে সক্ষম হননি। তোষামোদ, দর কষাকষি এবং মাঝে মাঝে খানিক দৃঢ়তা দেখিয়ে সীমিত সাফল্যের সঙ্গে চেষ্টা করা হয়েছে। কোনো কিছুই স্বার্থপরতার স্তম্ভ ভেঙে দিতে পারেনি।
মেরকেল কৌশলগত ধৈর্যের পক্ষে সমর্থন দিয়েছিলেন। ট্রাম্পের অবিরাম অস্থিরতা তাঁকে ছাড়িয়ে গিয়েছিল। এই সপ্তাহের শুরুতে গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্কের সঙ্গে সংহতি ঘোষণা করার জন্য শাস্তি হিসেবে নতুন শুল্কের হুমকির মুখোমুখি হয়েছিলেন কিয়ার স্টারমার, যিনি সংঘাত নিরসনে সংলাপের কূটনীতির আহ্বান জানিয়েছিলেন। যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সামাজিক মাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়েছিল। ট্রাম্প আগে এই চুক্তিতে অনুমোদন দিয়েছিলেন।এখন তিনি এটিকে ‘মহা বোকামি’ বলেছেন, যা উত্তর আটলান্টিকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দাবি বলে বৈধতা দেয়।
উদারনীতির ভিত্তিতে তৈরি যুক্তি এবং বহুপক্ষীয় সহযোগিতা এখন হুমকির মুখে। তা ছাড়া মার্কিন দেশের সুবিধার চেয়ে স্বৈরাচারীদের সঙ্গে প্রেসিডেন্টের সহজাত সখ্য বেশি আকর্ষণীয় হতে পারে না, যারা বিশ্বকে বিভক্ত করে চুরমার করে দেবে।
ট্রাম্প গ্রিনল্যান্ড চান। কারণ রিয়েল এস্টেট ব্যবসা আছে। খনিজ সম্পদ এবং উত্তরমুখী অঞ্চলের কারণে এর ওপর লোভ পড়েছে, যা আর্কটিক বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে কৌশলগত দিক থেকে নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এ ছাড়াও এটি সত্যিই বিশাল এলাকাজুড়ে বিস্তৃত। যদি অধিগ্রহণ করা হয়, তবে এটি ১৮০৩ সালে থমাস জেফারসনের লুইজিয়ানা ক্রয়ের রেকর্ডকে ছাড়িয়ে যাবে। ফলে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অঞ্চল দখলদার প্রেসিডেন্ট হিসেবে রেকর্ড করবেন। বর্গমাইল হিসেবে পরিমাপ করলে মার্কিন যুক্তরাষ্ট্র রাতারাতি কানাডার চেয়ে বড় হয়ে যাবে। যদি ইউরোপীয়রা মার্কিন মূল্যবোধ সমুন্নত রাখতে চায়, তাহলে দেশটির শাসনব্যবস্থারও পরিবর্তন প্রয়োজন। যদি তাদের পক্ষে ইতিহাস কথা বলে, তাহলে বর্তমান প্রেসিডেন্ট অবশ্যই ব্যর্থ হবেন এবং তিনি তা জানেন। চাটুকারিতা এই পরিবর্তন আনতে পারে না। ইউরোপীয় নেতারা যদি মনে করেন, এটি সম্ভব, তবেই তারা কেবল নিজেদের তোষামোদ করে। ট্রাম্প ইউরোপীয় গণতন্ত্রগুলো তাদের অতীত থেকে যে শিক্ষা নিয়েছে তা উপেক্ষা করছেন না। তিনি অন্য দিক মাথায় নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেন।
রাফায়েল বেহর: গার্ডিয়ানের কলাম লেখক; দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
