পশ্চিমা বিশ্বের কর্মক্ষেত্রে ‘জব ড্রপিং’-এর প্রবণতা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এতে কর্মীরা স্বেচ্ছায় ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে আসছেন, পদোন্নতির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন কিংবা তুলনামূলক কম দায়িত্বপূর্ণ পদে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন। করপোরেট-পদোন্নতির প্রতিযোগিতায় না নেমে কেউ কেউ বর্তমান অবস্থানেই সন্তুষ্ট থাকতে চাইছেন। তাদের কাছে আকর্ষণীয় পদবি বা উচ্চ পদে পৌঁছার চেয়ে পেশাগত সন্তুষ্টি ও ব্যক্তিগত স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

বিশেষ করে জেন-জির কাছে ক্যারিয়ারে সাফল্যের সংজ্ঞা বদলাচ্ছে। ২০২৫ সালে ৪৪টি দেশের ২৩ হাজারের বেশি জেন-জি ও মিলেনিয়ালদের ওপর ডেলয়েটের এক জরিপে দেখা গেছে, মাত্র ৬ শতাংশ উত্তরদাতা জ্যেষ্ঠ নেতৃত্বের পদে পৌঁছানোকে ক্যারিয়ারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।

এটিকে তরুণদের উচ্চাকাঙ্ক্ষা কমে যাওয়ার লক্ষণ হিসেবে দেখা যেতে পারত। কিন্তু সম্ভবত তারা পদোন্নতির প্রকৃত বাস্তবতা হিসাব করতে শুরু করেছেন। ব্যবস্থাপকের পদে বেতন হয়তো ১০ শতাংশ বাড়ে, কিন্তু দায়িত্ব বেড়ে যায় বহুগুণ। কর্মীদের সামলানো, বিরোধ মেটানো, কাজের মূল্যায়ন, সভায় অংশগ্রহণ এবং পুরো দলের কাজের ফলাফলের দায় নেয়া—সবই যুক্ত হয় নতুন দায়িত্বের সঙ্গে।

[সাউথ চায়না মর্নিং পোস্টের এক নিবন্ধে]

ড. কেন ইপ : সহকারী অধ্যাপক, সেন্ট ফ্রান্সিস বিশ্ববিদ্যালয়, হংকং