ছয় মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের মুনাফার হার আবারও কমানো হয়েছে। এর ফলে বিদায়ী বছরের তুলনায় চলতি বছরে ১ লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা কমবে ১১০ টাকা। গত বছর পরিবার সঞ্চয়পত্রে ১ লাখ টাকা বিনিয়োগে পাওয়া যেত ৯৪৪ টাকা। চলতি মাসে বিনিয়োগ করলে পাওয়া যাবে ৮৩৪ টাকা। ফলে সঞ্চয়পত্রের আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর ওপর চাপ বাড়বে। আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রের নতুন মুনাফার হার ঘোষণা করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি), যা নতুন বছরের প্রথম দিন থেকেই থেকেই কার্যকর হয়ে গেছে।\r\nঅর্থনীতিবিদরা বলছেন, সঞ্চয়পত্রের সুদ হার কমানোর মূল উদ্দেশ্য ব্যাংকের আমানত বাড়ানো। এজন্য ব্যাংক আমানতের কাছাকাছি সুদ নির্ধারণ করা হচ্ছে। ফলে ব্যাংক ঋণের সুদ কমে আসবে, যার উপকার পাবে পুরো দেশ। এতে মূল্যস্ফীতি কমতে পারে।
তবে সঞ্চয়পত্রের সুদহার কমানোয় মধ্যবিত্ত ও অবসরভোগীরা চাপে পড়ে যাবেন। দেশে আর কোনো নিরাপদ বিনিয়োগ পণ্য নেই, এজন্য এটা তাদের জন্য দুঃসংবাদ। \r\nএই ভাষ্যের সঙ্গে দ্বিমত পোষণের অবকাশ নেই। এ দেশে কেবল গরিবেরই কষ্ট বাড়ে। প্রবীণ অবসরভোগীর কল্যাণের কথা কেউই ভাবে না। জনকল্যাণমূলক দেশ চাইলে আমাদের অবশ্যই ভিন্ন ভাবনা ভাবতে হবে। মানুষকে কষ্ট দিয়ে কোনো উন্নতিই গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা ৮-৯ শতাংশের ঘরেই আছে। ফলে সামগ্রিকভাবে নতুন বছরের শুরু থেকে মধ্যবিত্তের ওপর চাপ আরও বাড়ল।
বিশেষ করে যাদের পারিবারিক খরচের বড় একটি অংশ সঞ্চয়পত্রের মুনাফা থেকে আসে, তারা আরও চাপে পড়বেন।\r\nআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের বিপরীতে যেসব শর্ত রয়েছে, এর মধ্যে একটি সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ কমানো। সংস্থাটির শর্ত বাস্তবায়ন ছাড়াও সরকারের যুক্তি হতে পারে সঞ্চয়পত্রের মুনাফা কমিয়ে বাজেটের ঘাটতি নিয়ন্ত্রণ ও ব্যাংক ব্যবস্থায় তারল্য বাড়ানো। প্রশ্ন হলো, এই ঘাটতি মোকাবিলা বা শর্ত পূরণের দায় কেন বারবার সাধারণ জনগণের ওপর চাপানো হচ্ছে? যেখানে কর ফাঁকি, অপচয় ও দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির রয়েছে নানা সুযোগ, সেখানে সঞ্চয়পত্রে হাত দেওয়া কতটা ন্যায্য? মনে রাখা প্রয়োজন, সঞ্চয়পত্র কেবল একটি আর্থিক উপকরণ নয়, এটি সাধারণ মানুষের সুরক্ষা বলয়ও। তাই এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা সময়ের দাবি। আমরা মনে করি, সরকারের কর্তব্য হবে, একদিকে যেমন বাজেটের ভারসাম্য রক্ষা করা, অন্যদিকে তেমনি নাগরিকদের মৌলিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। নীতিনির্ধারকদের কাছে আমাদের প্রত্যাশা, জনগণের আস্থা অর্জন করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হোক, যা বাস্তবতা ও মানবিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
