বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুসংবাদ আসার কয়েক ঘণ্টার মধ্যে শুরু হলো সীমাহীন তাণ্ডব। আক্রমণ চলল প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ গণমাধ্যমগুলোয়। পুড়ে মরার আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হলো অবরুদ্ধ সংবাদকর্মীদের মধ্যে। কিন্তু কেন? প্রথম আলো বা দ্য ডেইলি স্টারের সংবাদকর্মীরা কি ওসমান হাদিকে হত্যা করার জন্য গুলি করেছিল? হামলা করা হয়েছে ছায়ানট কার্যালয়ে। ছায়ানট কি ওসমান হাদিকে গুলি করেছিল? অপদস্থ করা হয়েছে নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে। নূরুল কবীর যতটা আওয়ামী স্বৈরাচার বিরোধিতা করেছেন, মোকাবিলা করেছেন, তা ওই রাতের আস্ফালনকারীদের কত গুণ বেশি–তা কি আন্দাজ করতে পারেন? এটা যদি জীবিত ওসমান হাদি শুনতেন, আমি নিশ্চিত তিনিও লজ্জা পেতেন। আমাদের খুঁজে পেতে হবে কার গরম তাওয়াতে কে রুটি ভেজে নিতে চাইছে, কার ঘর পোড়ায় কে আলু পোড়া দিচ্ছে।

আমি বিশ্বাস করি, স্বাধীনতা যুদ্ধ এবং তার আগের শেখ মুজিবুর রহমান মহান নেতাই ছিলেন। আবার বাহাত্তর থেকে পঁচাত্তরের শেখ মুজিবের শাসন নিয়ে অন্য অনেকের মতো আমার প্রশ্ন ও ক্ষোভ অনেক। আমি মুজিব শাসনেই তিনবার কারারুদ্ধ হয়েছিলাম এটি যেমন সত্য, আবার সেই আমিই শেখ মুজিবকে স্বাধীনতা যুদ্ধের নেতাই মনে করি। তাই শেখ হাসিনার স্বৈর শাসনকে আক্রমণ আর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি আক্রমণকে আমি এক করে দেখি না। বরং ৩২ নম্বর বাড়ি আক্রমণ আর একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে আক্রমণ করাকে এক করে দেখি। বিষয়টা যারা মবের কুশীলব তাদের ভেবে দেখা প্রয়োজন বলে মনে করি।

একাত্তরের স্বাধীনতা যুদ্ধ জয়ের পরে আওয়ামী লীগ ধরাকে সরা জ্ঞান করেছিল। সেই সময় যথেচ্ছ দুর্নীতি ও লুটপাট করেছিল শাসক দলের আশীর্বাদপুষ্টরা। ’২৪-এর গণঅভ্যুত্থানের পরেও যদি অভ্যুত্থানকর্মীরা ধরাকে সরা জ্ঞান করে তাহলে কীভাবে তারা পার্থক্য তৈরি করবে? সে সময়ের আওয়ামী লীগ অন্তত ঐক্যবদ্ধ ছিল। আজ কিন্তু জুলাইযোদ্ধারা জামায়াত শিবির, এনসিপি, ইনকিলাব মঞ্চ, বিএনপি, বামপন্থি, গণতান্ত্রিক অধিকার কমিটি, স্বতন্ত্র প্রার্থী ইত্যাদিতে বিভক্ত–এ কথাটাও বিবেচনায় রাখতে হবে।

একটা নির্বাচনের মাধ্যমে সরকার যখন গণতন্ত্রের মহাসড়কে উঠতে চাইছে, তখন দেশকে স্থিতিশীল রাখা জরুরি। সরকার ও অভ্যুত্থানপন্থি সবাই বলছেন, দেশি-বিদেশি শক্তি অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইছে। বৃহস্পতিবার রাতে যারা মব সৃষ্টি করে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট অফিসে আগুন দিয়েছে, মূল্যবান বইপত্র পুড়িয়েছে, তারা কার হয়ে অস্থিতিশীলতা তৈরি করছে? নিঃসন্দেহে নির্বাচন বানচালের লক্ষ্য সিদ্ধ করতেই তাদের এমন তৎপরতা।

হাদির সঙ্গী-সাথীদের মধ্যে যারা আতঙ্কে আছেন তাদের সঙ্গে আমি একমত। তাদেরও হত্যার শিকার হতে হবে কিনা–তা বিবেচনা করতে আমার আবু জাফর ওবায়দুল্লাহর সেই বিখ্যাত কিংবদন্তির কথা বলছি কবিতার একটি বাক্য বলা যায়। কবি বলেছেন, ‘হত্যা এবং ঘাতকের সংকীর্ণ ছায়াপথে আমি পরিচ্ছন্ন বীজ বপন করেছি।’ আপনাদের পরিচ্ছন্ন বীজ বপন করতে পারতে হবে। পরিষ্কার ভাবাদর্শই হতে পারে আপনাদের রক্ষাকবচ। অন্যের প্ররোচনায় এখানে-সেখানে আগুন না দিয়ে নিজেদের ভাবাদর্শকে সংহত করুন। সেটিই হতে পারে আপনাদের রক্ষাকবচ। লড়াই হতে হবে একটা বড় প্রতিবেশী সাম্রাজ্যবাদী দেশের জনগণ নয়, শাসকদের সঙ্গে। তাই বলছি অলক্ষ্যে তাদেরই হাতের পুতুল হয়ে যাবেন না।

এই যে মাজারে হামলা, বাউলদের ওপর হামলা, প্রথম আলো-ডেইলি স্টার ও ছায়ানটে হামলা–এগুলোকে আমি পুরোপুরি মব সন্ত্রাসও মনে করি না। মব বলতে আমি একটা রিউমার বা গুজবভিত্তিক স্বতঃস্ফূর্ত সহিংসতা বুঝি। শীতের রাতের তৃতীয় প্রহরের কোনো হামলা ও অগ্নিসংযোগকে মব ভাবতে তাই আমার বাধে। এগুলো বরং ঠান্ডা মাথার অশুভ পরিকল্পনার বাস্তবায়ন। একটা বিধ্বংসী চিন্তা পদ্ধতিজাত সচেতন কর্মকাণ্ড যদি এগুলো হয় তাহলে কিন্তু আমরা ধীরপায়ে অন্ধকারের দিকে এগোচ্ছি। আমাদের ভেবে দেখতে হবে পথের নিশানা ঠিক আছে কিনা।

আমি অরণ্য অঞ্চলের এক গ্রামের ছেলে। গ্রামের মানুষ যদি বনপথে পথ হারিয়ে ফেলে তখন চোখ কচলে, কাপড় ঝাড়া দিয়ে, ডানে-বাঁয়ে ভালোভাবে তাকিয়ে বিভ্রান্তি দূর করার চেষ্টা করে। যদি আমরা সে রকম করি, তাতে ক্ষতি কী?

জহিরুল ইসলাম: সভাপতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন।