জনগণ তো আমলাদের ভোট দেয় না, ভোট দেয় রাজনৈতিক নেতৃত্বকে। তাই একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের যেকোনো ব্যর্থতার রাজনৈতিক দায় সরকারকেই নিতে হয়। কিন্তু রাষ্ট্রের সব ক্ষমতা সরকারের হাতে থাকলেও রাষ্ট্রের সব কাজ তাদের হাতে থাকে না। এই পার্থক্যটি না বুঝলে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থার মূল সমস্যার ব্যাখ্যা অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের সাধারণ ধারণা হলো, যিনি ফাইলে চূড়ান্ত স্বাক্ষর করছেন, রাষ্ট্রের সব ক্ষমতা তারই হাতে। অথচ, বাস্তবে একটি প্রশাসনিক বা নীতিগত সিদ্ধান্তের ক্ষমতা শুধু সেই শেষ স্বাক্ষরেই সীমাবদ্ধ থাকে না। কোন তথ্য মন্ত্রীর সামনে রাখা হলো, কোনটি বাদ পড়ল, কোন বিকল্প তৈরি হলো, কোন প্রস্তাবকে বাস্তবসম্মত বা ঝুঁকিপূর্ণ বলা হলোÑ এসবের ভেতরেই ক্ষমতার মূল খেলাটি থাকে।

এমনকি একটি ফাইল কত দিন কোথায় পড়ে রইল, সেটিও বড় বিষয় হয়ে ওঠে। অর্থাৎ ক্ষমতা শুধু চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে নেই; সিদ্ধান্তটি যেভাবে তৈরি হয়, সেই প্রক্রিয়ার ভেতরেও তা অদৃশ্যভাবে ছড়িয়ে আছে। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের বড় অংশ এই স্থায়ী প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে চলে। সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁর কর্তৃত্বে প্রয়োগ করা হয়। ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৪(১) ও ৪(৪) উপবিধি অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাঁর মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম পরিচালনার রাজনৈতিক কর্তৃত্ব বহন করেন।

কিন্তু একই বিধিমালার ৪(৫) উপবিধি অনুযায়ী, সচিব হলেন মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনিক প্রধান; তিনি প্রশাসন, শৃঙ্খলা ও অর্পিত কাজের যথাযথ পরিচালনার জন্য দায়িত্বশীল এবং মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত রাখবেন। আইনগত অর্থে আমলারা রাজনৈতিক নেতৃত্বের ওপরে নন। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তকে রাষ্ট্রীয় কাজে রূপ দিতে যে দীর্ঘ প্রশাসনিক পথ পাড়ি দিতে হয়, তার বড় অংশই স্থায়ী কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত হয়। এখানেই ক্ষমতার একটি সুস্পষ্ট ফারাক তৈরি হয়। একজন মন্ত্রীর হাতে থাকে রাজনৈতিক বৈধতা; একজন জ্যেষ্ঠ কর্মকর্তার হাতে থাকে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা।

তিনি জানেন কোন নথি কোথায় আটকায়, কোন নিয়ম কোথায় প্রযোজ্য, কোন সিদ্ধান্তে কার মতামত লাগবে, কোথায় একটি প্রস্তাব চিরতরে থেমে যেতে পারে। মন্ত্রী জানেন তিনি কী করতে চান; কর্মকর্তা জানেন কাজটির আসল জটিলতা কোথায়। এই দুই শক্তি এক হলে রাষ্ট্র এগোয়; বিচ্ছিন্ন হলে নীতি ও বাস্তবায়নের মাঝখানে একটি অদৃশ্য ফাঁক তৈরি হয়। তবে ভারসাম্য নষ্ট হলে আসল সমস্যা দেখা দেয়। দুর্বল রাজনৈতিক নেতৃত্বের সময় যেমন আমলাতান্ত্রিক আধিপত্য তৈরি হতে পারে, তেমনি দুর্বল আমলাতন্ত্রের সময় রাজনীতির অপব্যবহার বাড়ে। একটি স্বাস্থ্যকর রাষ্ট্রব্যবস্থা এমন হওয়া উচিত, যেখানে কোনো পক্ষই অন্য পক্ষকে জিম্মি করতে না পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোথায় কতটা জমা হয়ে আছে, সেটাই এখন বড় প্রশ্ন। বাংলাদেশে এই আলোচনা নতুন নয়।

২৮ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত সরকারি পদোন্নতি-সংক্রান্ত তথ্য অনুযায়ী, উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত ২৬৮ কর্মকর্তার মধ্যে ১৯৮ জনই ছিলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। অথচ জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডারের জন্য ৫০:৫০ অনুপাতের সুপারিশ করেছিল। এখানে বিষয়টি কোনো কর্মকর্তার ব্যক্তিগত যোগ্যতা বা সততার প্রশ্ন নয়। মূল প্রশ্ন হলো, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের স্তরে একই ধরনের পেশাগত পদোন্নতির ধারা অতিরিক্ত প্রভাবশালী হয়ে উঠলে অন্য ধরনের পেশাগত জ্ঞান যথেষ্ট জায়গা পাচ্ছে কি না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে চিকিৎসাবিদ্যার জ্ঞান দরকার; শিক্ষা মন্ত্রণালয়ের নীতিতে শিক্ষা ও শিক্ষাবিজ্ঞানের গভীর অভিজ্ঞতা প্রয়োজন।

জ্বালানি, ব্যাংকিং, শিল্প, কৃষি কিংবা শ্রমবাজারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রশাসনের কাজ হলো রাষ্ট্রকে সমন্বিতভাবে চালানো। কিন্তু সেই সমন্বয় যদি বিশেষজ্ঞ মতামতকে আমলাতান্ত্রিক অনুমতির জালে আটকে ফেলে, তবে সিদ্ধান্তের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠা অত্যন্ত স্বাভাবিক। তাই কেবল ‘আমলা বনাম রাজনীতিক’ দ্বন্দ্বে পুরো বিষয়টিকে ছোট করে দেখা ঠিক হবে না। রাজনীতি ও প্রশাসনের সম্পর্ক অনেক বেশি জটিল। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কোনো সরকারের ক্ষেত্রেই রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসনের মধ্যে এক ধরনের পারস্পরিক স্বার্থের লেনদেন বা নির্ভরতা তৈরি হতে পারে। শেখ হাসিনার দীর্ঘ শাসনকালও এর ব্যতিক্রম নয়। সেই সময়ের ব্যর্থতার দায় নিশ্চিতভাবেই রাজনৈতিক নেতৃত্বের।

কিন্তু কোনো দীর্ঘস্থায়ী শাসন কেবল রাজনৈতিক নির্দেশে টিকে থাকে না; স্থায়ী প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা, আনুগত্য এবং বাস্তবায়ন ক্ষমতাও সেখানে বড় ভূমিকা রাখে। ফলে রাজনীতিককে ভুক্তভোগী আর আমলাকে খলনায়ক বানিয়ে পুরো ঘটনাকে ব্যাখ্যা করা যায় না। রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনের ওপর নির্ভরশীল ছিল; প্রশাসনের অনেক অংশও রাজনৈতিক সিদ্ধান্ত, পদায়ন ও সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল ছিল। এই পারস্পরিক নির্ভরতা কখনো রাষ্ট্রকে চালায়, আবার কখনো ক্ষমতার একটি রুদ্ধ বলয় তৈরি করে। তাহলে সরকার বদলালে কি রাষ্ট্র বদলায়? রাজনৈতিক নেতৃত্ব বদলালে অবশ্যই অনেক কিছু বদলাতে পারে। নীতির অগ্রাধিকার বদলায়, মন্ত্রী বদলায়, পদায়ন বদলায়, কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচিত হয়।

কিন্তু কাজের পদ্ধতিÑ ফাইলের পথ, অনুমোদনের ধাপ, আমলাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা স্বেচ্ছাধীন ক্ষমতাÑযদি একই থাকে, তবে নতুন সরকারও পুরোনো সমস্যার আবর্তেই ঘুরপাক খাবে। অর্থাৎ সরকার বদলাল, কিন্তু রাষ্ট্রযন্ত্রের চালিকাশক্তি বদলাল না। কিছুদিন পর হয়তো আবার একই নালিশ উঠবে, সরকার কাজ করতে পারছে না। হয়তো সরকারও দায়ী থাকবে। কিন্তু প্রশ্ন উঠবে, ক্ষমতা কতটা তাদের হাতে ছিল এবং সেই ক্ষমতা প্রয়োগের পথে আমলাতান্ত্রিক দেয়াল কতটা উঁচু ছিল? এর সঙ্গে আরেকটি বড় বিষয় যুক্ত, তা হলো সময়। আমরা প্রশাসনিক বিলম্বকে প্রায়ই ‘নিয়মকানুনের প্রক্রিয়া’ বলে এড়িয়ে যাই। কিন্তু একটি প্রকল্প ছয় মাস দেরি হলে বিনিয়োগ পিছিয়ে যায়।

পাসপোর্ট, জমির নথি, হাসপাতালের অনুমোদন কিংবা প্রবাসী শ্রমিকের কাগজÑ এই অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের কাছে অপরিচিত নয়। প্রশাসনের কাছে হয়তো এটি কেবল একটি কাগজের ফাইল; কিন্তু সাধারণ নাগরিকের কাছে এটি তাঁর আয়, চিকিৎসাসেবা, ভবিষ্যৎ কর্মসংস্থান কিংবা বেঁচে থাকার লড়াই। একজন প্রবাসী শ্রমিকের একটি ছাড়পত্র আটকে থাকার অর্থ হলো একটি পুরো পরিবারের আয় ও স্বপ্ন আটকে যাওয়া। রাষ্ট্রের সময় যেমন অফুরন্ত নয়, তেমনি জনগণের জীবনের সময়ও সীমাহীন নয়। তাই কোনো প্রশাসনিক সিদ্ধান্তের মূল্যায়নে শুধু কাজটি সম্পন্ন হলো কি না, সেটাই একমাত্র মাপকাঠি হতে পারে না; বরং কাজটি কত দ্রুত বা কত সময়ে সম্পন্ন হলো, সেটিও গভীরভাবে দেখা দরকার। তবে সমাধান প্রশাসন ক্যাডারকে দুর্বল করে দেওয়া নয়।

একটি দক্ষ, স্থিতিশীল ও পেশাদার প্রশাসন ছাড়া একটি আধুনিক ও কার্যকর রাষ্ট্র চালানো কোনোভাবেই সম্ভব নয়। আবার একটি নির্দিষ্ট ক্যাডারের একচেটিয়া প্রভাব ভেঙে অন্য কোনো একটি ক্যাডারের আধিপত্য তৈরি করাও প্রকৃত অর্থে কোনো সমাধান হতে পারে না। তাতে হয়তো আধিপত্যের কেন্দ্র বদলাবে, কিন্তু সমস্যার মূল চরিত্র একই থেকে যাবে। প্রয়োজন ক্ষমতার সুষম বণ্টন। নীতিনির্ধারণের জায়গায় প্রয়োজন অনুযায়ী অর্থনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, কৃষিবিদ, প্রযুক্তিবিদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের বাস্তব ভূমিকা থাকতে হবে। প্রয়োজনে রাষ্ট্রের বাইরে থেকেও দক্ষ ও বিশেষজ্ঞ আনার পথ খোলা রাখতে হবে। প্রশাসন থাকবে সমন্বয় ও বাস্তবায়নের শক্তিশালী স্তম্ভ হিসেবে, কিন্তু সব বিষয়ের একমাত্র দরজা হিসেবে নয়।

একই সঙ্গে আমলাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আরও স্বচ্ছ ও জবাবদিহির আওতায় আনতে হবে। কোনো সিদ্ধান্ত কোথায় আটকাল, কেন আটকাল, কার হাতে কতটা ক্ষমতা ছিল এবং কত সময় লাগলÑ এসবের স্পষ্ট হিসাব থাকা দরকার। ক্ষমতা থাকবে, কিন্তু ক্ষমতার ব্যবহার অন্ধকারের বিষয় হবে না। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসনব্যবস্থা ও সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছিল। উপসচিব পদে প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডারের জন্য ৫০:৫০ অনুপাতের পাশাপাশি কমিশন সচিব ও সমপর্যায়ের কর্মকর্তার সংখ্যা ৮০ থেকে ৬০-এ কমানোর সুপারিশ করেছিল।

অর্থাৎ বিষয়টি শুধু একটি ক্যাডারের ভাগ কত শতাংশ হবে, সেখানে আটকে থাকার কথা নয়; মূল প্রশ্নটি হওয়া উচিত, রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কীভাবে আরও দক্ষ, বহুমাত্রিক ও জবাবদিহিমূলক করা যায়। এখানে রাজনৈতিক নেতৃত্বেরও চরম দায়িত্ব আছে। শুধু নির্দেশ দিলেই নেতৃত্বের কাজ শেষ হয় না। যে প্রশাসনিক কলকবজার মধ্য দিয়ে নির্দেশ বাস্তবায়িত হবে, সেটি কীভাবে কাজ করে, কোথায় ক্ষমতা জমা আছে, কোন কাজ কোথায় অর্পণ করা যায়Ñ এসবও রাজনৈতিক নেতৃত্বকে জানতে হবে। অভিজ্ঞ, দূরদর্শী ও দৃঢ় রাজনৈতিক নেতৃত্ব প্রশাসনের সঙ্গে সংঘাতে গিয়ে নয়, বরং নিয়ম ও প্রক্রিয়ার ভাষা বুঝেই কাজ আদায় করে নিতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি বড় ও অস্বস্তিকর দ্বিধা রয়েছে।

যে ব্যক্তি সরাসরি নির্বাচিত হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকেন, সব সময় তাঁর হাতে সেই পরিমাণ কার্যকর প্রশাসনিক ক্ষমতা থাকে না। আবার যাঁর বা যাঁদের হাতে রাষ্ট্রের অনেক বাস্তব ও দৈনন্দিন প্রশাসনিক ক্ষমতা ন্যস্ত থাকে, তাঁদেরকে জনগণ সরাসরি ভোট দিয়ে কোনো জবাবদিহির মধ্যে আনে না। এই ফাঁক যত বড় হবে, সরকারের ব্যর্থতা আর রাষ্ট্রের ব্যর্থতার পার্থক্য ততই অস্পষ্ট হতে থাকবে। সমস্যা তখনই জটিল আকার ধারণ করে, যখন রাজনৈতিক নেতৃত্ব অনভিজ্ঞ হয়, প্রশাসনিক নিয়মকানুন বোঝে না অথবা ব্যক্তিগত ও গোষ্ঠীগত সুবিধার জন্য প্রশাসনের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে। তখন কেবল তথ্যের জন্য নয়; প্রক্রিয়ার জন্যও রাজনৈতিক নেতৃত্বকে প্রশাসনের ওপর অতিরিক্ত নির্ভর করতে হয়।

এর ফলে নির্বাচিত রাজনৈতিক কর্তৃত্ব তখন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে, আর রাষ্ট্রের বাস্তব সিদ্ধান্তের গতি নির্ধারণ করতে শুরু করে প্রশাসনিক কাঠামো। বাংলাদেশে সংস্কারের মূল কথা তাই কেবল কে সরকারে আসবে, তা নয়; আসল প্রশ্ন হলো, সরকার যে ক্ষমতা নিয়ে আসে, রাষ্ট্রের ভেতরে সেই ক্ষমতা কতটা কার্যকর থাকে। ভোটে সরকার বদলানো গণতন্ত্রের প্রথম ধাপ। কিন্তু শুধু শাসকের বদলে রাষ্ট্র বদলায় না। রাষ্ট্র বদলাতে হলে সিদ্ধান্ত নেওয়ার পথটিও বদলাতে হয়। ক্ষমতা যেখানে অযথা জমে আছে, সেখান থেকে তা ছড়িয়ে দিতে হয়। প্রশাসনকে দুর্বল নয়, আরও জবাবদিহিমুখী করতে হয়। রাজনীতিকে সর্বময় নয়, কার্যকর করতে হয়। আর বিশেষজ্ঞ জ্ঞানকে আনুষ্ঠানিক পরামর্শের ঘর থেকে তুলে এনে বসাতে হয় মূল টেবিলে। ভোটের দিন মানুষ কেবল সরকার বদলায়। কিন্তু রাষ্ট্র বদলায় ফাইলের গতিতে, সুষম ক্ষমতায় আর জবাবদিহিতে। সেই ভেতরের পরিবর্তন না এলে নতুন মুখ আসবে, নতুন প্রতিশ্রুতি শোনা যাবে, কিন্তু রাষ্ট্রের পুরোনো চালচিত্র একই থেকে যাবে।

লেখক: সহযোগী অধ্যাপক, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, রাজশাহী Email: hhafij@yahoo.com