২০১৭ সালের আগস্টে মিয়ানমারের আরাকান তথা রাখাইন রাজ্যে বর্মী সামরিক জান্তা বাহিনী ও তাদের দোসরদের পরিচালিত পরিকল্পিত গণহত্যা, নিধনযজ্ঞ ও অগ্নিসংযোগের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল লাখ লাখ রোহিঙ্গা। দেখতে দেখতে এই ভয়াবহ মানবিক ট্র্যাজেডির এক দশক ছুঁইছুঁই। প্রথমে জান্তা বাহিনী ও তাদের স্থানীয় সহযোগী মগ বাহিনী, এবং পরবর্তীতে আরাকান আর্মির ব্যানারে পুরো দশকজুড়ে রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার-নির্যাতন চালানো হয়।
উখিয়া ও টেকনাফের পাহাড় ঘেঁষে গড়ে ওঠা শরণার্থী শিবিরগুলো কেবল মানবিক আশ্রয়ের সীমানায় সীমাবদ্ধ নেই। এটি এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনীতি, বঙ্গোপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক নম্বর ‘ন্যাশনাল সিকিউরিটি থ্রেট’ বা জাতীয় নিরাপত্তার প্রধানতম ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।
দীর্ঘদিনের কূটনৈতিক স্থবিরতা ও অচলবস্থার মাঝে সম্প্রতি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক আপডেট সামনে এসেছে। প্রথমটি হলো, চলতি সপ্তাহে জাপানের টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীন ঘোষণা—“রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত।” একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। আর দ্বিতীয়টি হলো— নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া কর্তৃক মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা সংক্রান্ত ঐতিহাসিক মামলায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন করে ব্যক্ত করা পূর্ণ সমর্থনের ঘোষণা। এই দুটি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কৌশলগত সংযোগস্থলে এসে দাঁড়িয়েছে। একদিকে বাংলাদেশের নতুন নেতৃত্বের বিশ্বমঞ্চে জোরালো ও বাস্তবমুখী অবস্থান, অন্যদিকে আন্তর্জাতিক বিচারমঞ্চে ওআইসির জোরালো সমর্থন—এই দুইয়ের সমন্বয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের স্থবির প্রক্রিয়ায় নতুন আন্তর্জাতিক রোডম্যাপ তৈরির এক অভূতপূর্ব সুযোগ উন্মোচিত হয়েছে।
রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন তথা সাবেক আরাকান রাজ্যের কোনো বহিরাগত বা ‘বাঙালি অনুপ্রবেশকারী’ জনগোষ্ঠী নয়; তারা ওই ভূমিরই আদিসন্তান। অষ্টম শতাব্দী থেকে শুরু করে ১৪৩০-১৭৮৪ সালের স্বাধীন আরাকান রাজ্যের স্বর্ণযুগ এবং ১৯৪৮ সালে স্বাধীন মিয়ানমারের প্রথম প্রধানমন্ত্রী উ নু-এর সময় পর্যন্ত রোহিঙ্গারা সে দেশের অন্যতম আদিবাসী ও নাগরিক হিসেবে স্বীকৃত ছিল। কিন্তু সামরিক জান্তার বিতর্কিত নাগরিকত্ব আইন ও একের পর এক ক্লিয়ারেন্স অপারেশনের মাধ্যমে তাদের নিজ দেশেই রাষ্ট্রহীন করে ঠেলে দেওয়া হয়েছে বাংলাদেশে।
স্বাধীন বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছে, তখনই মিয়ানমারের এই উসকানি ও আগ্রাসনকে অত্যন্ত দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে মোকাবিলা করা সম্ভব হয়েছে। ১৯৭৮ সালে মিয়ানমার সামরিক জান্তা ‘অপারেশন ড্রাগন কিং’-এর মাধ্যমে লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিলে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথাগত কাকুতি-মিনতির কূটনীতিতে যাননি। পরবর্তীতে ১৯৯১-৯২ সালেও একইভাবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রজ্ঞাপূর্ণ ও আপসহীন প্রতিরক্ষামূলক কূটনীতির মাধ্যমে আড়াই লাখের বেশি রোহিঙ্গাকে সসম্মানে স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়েছিল। টোকিও সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সেই ঐতিহাসিক অবদানগুলো সসম্মানে স্মরণ করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বিপরীতভাবে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক ব্র্যান্ডিং এবং সস্তা মাদার অব হিউম্যানিটি খেতাব অর্জনের মোহে কোনো আন্তর্জাতিক গ্যারান্টি বা শর্ত ছাড়াই প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গার জন্য সীমান্ত খুলে দেওয়া হয়। সেই কৌশলগত ব্যর্থতা ও কূটনৈতিক দেউলিয়াত্বের খেসারত হিসেবে আজ দক্ষিণ-পূর্বাঞ্চলে জনতাত্ত্বিক ভারসাম্যহীনতা ও নিরাপত্তার গভীর সংকট তৈরি হয়েছে।
অতএব, জাপানের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন ঘোষণা—“সমাধান মিয়ানমারেই”—প্রথাগত আন্তর্জাতিক ত্রাণের ওপর নির্ভরতার পথ ছেড়ে মূল সমস্যার শিকড়ে আঘাত করার এক সঠিক ও বাস্তবমুখী কূটনৈতিক ইঙ্গিত।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলাটি রোহিঙ্গা গণহত্যার বিচারে এক ঐতিহাসিক মাইলফলক। সেখানে ওআইসির সর্বসম্মতিক্রমে জোরালো সমর্থন প্রদান মামলার গতি বাড়াতে এবং প্রয়োজনীয় আইনি ফান্ড গঠনে সরাসরি প্রভাব ফেলবে।
আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারের সামরিক ও প্রশাসনিক নেতৃত্বকে বৈশ্বিক কাঠগড়ায় দাঁড় করানো অত্যন্ত জরুরি। আইসিজে-র মাধ্যমে যদি জান্তা সরকারের ওপর বাধ্যতামূলক আইনি ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা যায়, তবেই মিয়ানমার বাধ্য হবে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার অনুকূল পরিবেশ ও নাগরিকত্বের মৌলিক গ্যারান্টি প্রদান করতে। ওআইসি-র ৫৭টি মুসলিম রাষ্ট্রের এই সংঘবদ্ধ সমর্থন কেবল একটি প্রস্তাব পাস করার মধ্যে সীমিত না রেখে, বৈশ্বিক অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান দৃশ্যপট ২০১৭ সালের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। সামরিক জান্তা বাহিনী সেখানে ক্রমাগত ব্যাকফুটে চলে গেছে এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’ (এএ) রাখাইনের প্রায় ৮০ শতাংশের বেশি এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে।
এই বাস্তবতায় বাংলাদেশ কার সাথে কথা বলবে—ক্ষয়িষ্ণু জান্তা নাকি উদীয়মান বিদ্রোহী শক্তি? কেবল নেপিডো বা জান্তা সরকারের ওপর ভরসা রেখে বসে থাকা এখন এক প্রকার কৌশলগত ভুল। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং ওআইসি ও আসিয়ানের সহায়তায় রাখাইনের বাস্তব নিয়ন্ত্রক আরাকান আর্মি এবং মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্মেন্টের (এনইউজি) সাথে অনানুষ্ঠানিক ‘ট্র্যাক-টু ডিপ্লোম্যাসি’ (Track-2 Diplomacy) শুরু করা সময়ের দাবি।
তবে সতর্ক থাকতে হবে, বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী আরাকান আর্মির মাদক কারবার, ইয়াবা-আইসের চোরাচালান এবং পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠী সদস্যদের তাদের বাহিনীতে রিক্রুটমেন্টের অপতৎপরতা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। একদিকে সীমান্তে কঠোর সামরিক নজরদারি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রদর্শন করতে হবে, অন্যদিকে কৌশলগত দরকষাকষির মাধ্যমে তাদের বোঝাতে হবে যে—রোহিঙ্গাদের ভূমির অধিকার ফিরিয়ে দেওয়া এবং টেকসই প্রত্যাবাসন ছাড়া রাখাইনেও কোনো স্থায়ী শান্তি ফিরবে না।
উখিয়া-টেকনাফের ৮ হাজার একরের বেশি সংরক্ষিত বনাঞ্চল বিলীন, ভূ-গর্ভস্থ পানির আশঙ্কাজনক পতন এবং বছরে ১০০ কোটি ডলারেরও বেশি খরচের এই বিশাল বোঝা অনির্দিষ্টকালের জন্য বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। বর্তমানে সহযোগিতা অব্যাহত রাখা অন্যান্য মিত্র দেশগুলোর পাশাপাশি জাপানের মতো প্রধান উন্নয়ন সহযোগীদের সাথে অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি এই কঠিন বাস্তবতায় বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপগুলো অবিলম্বে গ্রহণ করা প্রয়োজন।
১. উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষ কমিশন গঠন: প্রধানমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণে সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞ সমন্বয়ে একটি 'বিশেষ রোহিঙ্গা কমিশন' বা শক্তিশালী টাস্কফোর্স গঠন করা, যা প্রতিদিনের আন্তর্জাতিক ও সীমান্ত পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেবে। ২. ‘জাতীয় ঐক্য সনদ’ প্রণয়ন: রোহিঙ্গা ইস্যুটি দল-মত নির্বিশেষে বাংলাদেশের অস্তিত্বের লড়াই। দেশের সকল রাজনৈতিক দল ও সচেতন অংশীজনদের নিয়ে একটি জাতীয় ঐক্য সনদে পৌঁছাতে হবে, যেন সরকার পরিবর্তন হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় নীতিতে কোনো পরিবর্তন না আসে। ৩. ওআইসি ও আসিয়ান প্ল্যাটফর্মের কৌশলগত ব্যবহার: আইসিজে-তে ওআইসির সমর্থনকে কাজে লাগানোর পাশাপাশি আসিয়ান জোটের শীর্ষ দেশগুলোর সাথে সমন্বয় বাড়াতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবগুলোর ওপর ভিত্তি করে মিয়ানমারের ওপর একটি ‘টাইমবাউন্ড রোডম্যাপ’ বা সময়ভিত্তিক বাধ্যতামূলক প্রত্যাবাসন ছক তৈরির আন্তর্জাতিক দাবি তুলতে হবে। ৪. নিরাপদ অঞ্চল বা ‘সেফ জোন’ সৃষ্টি: মিয়ানমারের অভ্যন্তরে রাখাইন সীমান্তে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও জাতিসংঘের সুরক্ষায় ‘সেফ জোন’ গড়ে তোলার জোর দাবি কূটনৈতিক টেবিলে তুলতে হবে, যেন রোহিঙ্গারা সরাসরি তাদের নিজ ভূমির কাছাকাছি স্থানে পুনর্বাসিত হতে পারে।
আইসিজে-তে ওআইসির সুদৃঢ় সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিস্তেজ বিচারে নতুন প্রাণ সঞ্চার করেছে, আর জাপানের মাটিতে দাঁড়িয়ে প্রদান করা প্রধানমন্ত্রীর দৃঢ় বার্তা আমাদের জাতীয় অবস্থানের মূল দিক নির্দেশ করে দিয়েছে।
পরিশেষে বলবো রোহিঙ্গা সংকটের চাবি বাংলাদেশ বা কোনো আন্তর্জাতিক সাহায্য সংস্থার ত্রাণশিবিরে নেই; এই সমস্যার চাবি মিয়ানমারের রাখাইন রাজ্যের ভূমিতেই নিহিত। ১৯৭৮ এবং ১৯৯১ সালে জিয়া ও খালেদা জিয়ার সরকারের সময় প্রদর্শিত আপসহীন দৃঢ়তা ও বাস্তবমুখী কূটনীতির সফল রেকর্ড আমাদের সামনে রয়েছে। সেই ঐতিহাসিক অভিজ্ঞতার আলোকে, অভ্যন্তরীণ ইস্পাতকঠিন রাজনৈতিক ঐক্য এবং আগ্রাসী আন্তর্জাতিক কূটনীতির সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশ অবশ্যই এই দীর্ঘস্থায়ী সংকটের টেকসই ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে পারবে।
লেখক: সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।
