রাজধানীসহ সারাদেশে আবারও দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ফলে অধিকাংশ বাসাবাড়িতে চুলা জ্বলছে না প্রায়। পাশাপাশি সিলিন্ডার গ্যাসের দামও লাগামছাড়া। সিএনজি স্টেশনগুলোতে পরিলক্ষিত হচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। অন্যদিকে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার উৎপাদন। ক্ষুদ্র শিল্পও এর হাত থেকে মুক্ত নয়। ঢাকাসহ সারাদেশে গ্যাসের চাহিদা দৈনিক ৪২০০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে চাহিদার তুলনায় সরবরাহ নেমে এসেছে মাত্র অর্ধেকে, প্রায় ২২৫০ মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলা ও তিতাস গ্যাস কোম্পানি সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালিতে স্থাপিত ভাসমান দুটি এলএনজি টার্মিনালের মধ্যে বর্তমানে একটি মেরামতের জন্য বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে এসেছে অর্ধেকে।

দুটি টার্মিনালের মোট সক্ষমতা ১ হাজার ১শ মিলিয়ন ঘনফুট। দুটি পুরোপুরি সচল থাকলে দৈনিক ৮শ ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব। এখন সরবরাহ করা যাচ্ছে সাড়ে ৫শ মিলিয়ন ঘনফুট। ফলে বর্তমানে গ্যাসের চাহিদা ও সরবরাহে ঘাটতি দাঁড়িয়েছে ১৯৫০ মিলিয়ন ঘনফুটে। রক্ষণাবেক্ষণে থাকা এলএনজি টার্মিনালটি চালু হলে যথাসম্ভব শীঘ্র গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। তবে এ নিয়ে শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, গ্যাসের ঘাটতির কারণে তারা শিল্প-কারখানার পূর্ণ সক্ষমতার উৎপাদন করতে পারছেন না। ফলে একদিকে যেমন ব্যাহত হচ্ছে পণ্য রপ্তানি, অন্যদিকে নতুন কার্যাদেশ স্থগিত অথবা কমিয়ে দিতে বাধ্য হয়েছেন তারা। \r\nঅনেকে সিএনজি, এলপিজি বা ডিজেল দিয়ে কারখানা চালাতে বাধ্য হচ্ছেন। ফলে শিল্পপণ্যের উৎপাদন কমেছে। ব্যাহত হচ্ছে বিদেশে পণ্য রপ্তানি।

তদুপরি সময়মতো পণ্য পাঠাতে না পারায় ক্রমশ কমছে ক্রয়াদেশ। ফলে উৎপাদন, আমদানি-রফতানি, ব্যাংক, বিমা, কর্মসংস্থান- সবকিছুই রয়েছে সমূহ ঝুঁকিতে। এ সম্পর্কে বস্ত্রকল মালিকদের সংগঠনের সাবেক সভাপতি ও বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের চেয়ারম্যান বলেছেন, এমন পরিস্থিতিতে শিল্প-কারখানা টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। গ্যাস সংকটের কথা স্বীকার করেছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টাও। তবে সরকার আশ্বাসের বাণী শোনাতে পারেনি কেবল দুঃখ প্রকাশ ব্যতিরেকে। এও বলেছে, ২০২৬ সাল নাগাদ নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাওয়া যেতে পারে। উল্লেখ্য, এ সংকট দীর্ঘদিন থেকে চলমান। এর জন্য তিতাসের সিস্টেম লসসহ অনিয়ম-দুর্নীতি এবং অবৈধ গ্যাস সংযোগও কম দায়ী নয় কোনো অংশে।\r\nপেট্রোবাংলা বলছে, দেশে গ্যাসের চাহিদা ৪ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় কূপগুলো থেকে সরবরাহ করা হয় ১ হাজার ৯৫০ মিলিয়ন ঘনফুট। আর আমদানীকৃত এলএনজি থেকে ১ হাজার ৪২ মিলিয়ন ঘনফুট। সেখানে চাহিদা ও সরবরাহের ঘাটতি দেখা যায় ১ হাজার ৯৫০ ঘনফুট। বড় এই ঘাটতির কারণ তীব্র গ্যাস সংকট। ফলে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তা ও রফতানিকারকরা। গ্যাস সংকটে পণ্যের উৎপাদন ব্যয় বাড়ছে। অন্যদিকে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানি। শিল্প খাত না বাঁচলে এবং রপ্তানি ব্যাহত হলে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। সে অবস্থায় শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য যথাযথ জরুরি পদক্ষেপ গ্রহণ করা বাঞ্ছনীয়।