যে কোনো মূল্যে যে কোনো উপায়ে বিদেশে বিশেষ করে উন্নত কোনো দেশে যাওয়া বাংলাদেশি শিক্ষিত তরুণদের কাছে যেন সোনার হরিণ। যে বা যারা স্বল্প শিক্ষিত বা নিরক্ষর তাদের লক্ষ্য প্রধানত মধ্যপ্রাচ্য কিংবা মালয়েশিয়ার শ্রম বাজার। আর শিক্ষিত তরুণদের স্বপ্নের গন্তব্য ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্র। বাস্তবতা হলো, এসব দেশে যাওয়ার জন্য স্থায়ীভাবে ভিসা পাওয়া প্রায় দুঃসাধ্য। কারণ, উন্নত দেশগুলো বর্তমানে ভিসা প্রদান বহুলাংশে সংকুচিত করেছে। সে ক্ষেত্রে প্রধান ভরসা দালাল। দেশেও বেড়েছে বেকারত্ব বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে। অতঃপর পরিবারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করে, প্রয়োজনে জমি বা বাড়ি বিক্রি অথবা উচ্চ সুদে ঋণ নিয়ে ধার-কর্জ করে যে কোনো উপায়ে বিদেশে যাওয়ার জন্য প্রানান্তকর চেষ্টা।
এ ক্ষেত্রে অন্যতম ভরসাস্থল দালাল। \r\nউল্লেখ্য, বিদেশে মানব পাচারের জন্য একাধিক দালাল চক্র, তথা সিন্ডিকেট কাজ করে থাকে। আগে ইউরোপে লোক পাঠানোর জন্য দালালদের প্রধান রুট ছিল লিবিয়া হয়ে ভূমধ্যসাগরের নৌপথে ইউরোপের কোনো গন্তব্য দেশ গ্রিস ও ইতালি পাঠানো। বাস্তবে এই পথ ব্যয়বহুল, বিপদসংকুল, ঝুঁকিপূর্ণ সর্বোপরি ভূমধ্যসাগরে সলিল সমাধি, খুন-খারাবিসহ নানা অপকর্ম সংঘটিত হওয়ায় বর্তমান প্রায় পরিত্যক্ত। লিবিয়ার পরিবর্তে বর্তমানে এ স্থান দখল করেছে প্রতিবেশী দেশ নেপাল। কেননা নেপালে যেতে আগে থেকে কোনো ভিসা লাগে না এবং অন-অ্যারাইভেল ভিসা পাওয়া যায়।
বর্তমানে এই রুটটি জনপ্রিয় হয়ে উঠেছে মানব পাচারের জন্য।\r\nসম্প্রতি বাংলাদেশ থেকে নেপাল হয়ে কানাডা, ইউরোপ বা অন্য কোনো দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানব পাচার চক্র বাংলাদেশি তরুণদের ফাঁদে ফেলছে। বিদেশে পাঠানোর নাম করে নেপালে নিয়ে তরুণদের জিম্মি করছে এবং ভয়ভীতি ও নির্যাতন করে বাংলাদেশে অবস্থানরত পরিবারের কাছে ছবি, পাসপোর্ট ও বিমানের টিকিট দেখিয়ে মোটা অংকের টাকার দাবি করছে। অস্ত্রের মুখে ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কাছে মোবাইলে মিথ্যা বলতে বাধ্য করছে- আমরা কানাডা, ইউরোপ অথবা অস্ট্রেলিয়া পৌঁছে গেছি। অতপর হাতিয়ে নেয় ১৫-২০ লাখ টাকা। \r\nএভাবে প্রতারিত বাংলাদেশি তিন তরুণকে উদ্ধার করেছে ব্র্যাকের মাইগ্রেশন সেন্টার। পরে তাদের নেপাল পুলিশের সহায়তায় উদ্ধার করে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা হয়েছে মামলা। এমন পরিস্থিতিতে বিদেশগামী তরুণদের আরও সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ব্র্যাক কর্তৃপক্ষ। তারা আরও বলেছে, বিদেশে গিয়ে প্রতারিত যে কেউ উদ্ধার পেতে ব্র্যাকের মাইগ্রেশন সেন্টারে যোগাযোগ করতে পারেন। সেই অবস্থায় আন্তর্জাতিক ও সরকারি সহায়তায় সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করে ব্র্যাক কর্তৃপক্ষ তাদের সহায়তা, উদ্ধার ও পুনর্বাসন করতে প্রস্তুত। প্রতারিত বাংলাদেশী প্রবাসীরা এই সুযোগ নেবে বলেই প্রত্যাশা।
