দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই ক্যাম্পাসে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। গবেষণা, জ্ঞানচর্চা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার জন্য সুপরিচিত একটি ক্যাম্পাস হলেও ইদানিং কিছু শিক্ষার্থীকে মাদকাসক্তির দিকে ঝুঁকতে লক্ষ্য করা যাচ্ছে। যার প্রভাব মাদক সেবনকারী ছাড়াও গোটা ক্যাম্পাসের শিক্ষার্থী ও শিক্ষকের ওপর পড়ছে। মাদক শুধু শিক্ষার্থীর শারীরিক ও মানসিক ক্ষতি করছে না, বরং শিক্ষাজীবন ও কর্মজীবন ধ্বংস করে দিচ্ছে। পড়াশোনার জন্য ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ প্রয়োজন, কিন্তু মাদকসেবন সেই পরিবেশ নষ্ট করছে। মাদক সেবনের ফলে শিক্ষার্থীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে দ্বিধা করছেন না।
রাবি ক্যাম্পাসে মাদক সরবরাহ করার পেছনে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী জড়িত আছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। ক্যাম্পাসের আশে-পাশে মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় শিক্ষার্থীরা সহজেই মাদকাসক্তি হয়ে পড়ছেন। বিভিন্ন অনুষ্ঠান কিংবা কনসার্টের সময় কিছু বহিরাগত পোলাপান ক্যাম্পাসে প্রবেশ করে প্রকাশ্যে মাদক সেবন করে থাকে। ফলে কিশোর বয়সী শিক্ষার্থীরা প্রভাবিত হয়ে মাদকের প্রতি কৌতূহলী হয়ে ওঠছে। তারা মাদক সেবনের জন্য বধ্যভূমি এরিয়া, চারুকলা অনুষদ, ইবলিশের মাঠ, টিএসসিসির আশে-পাশে নিরিবিলি জায়গাগুলো ব্যবহার করছে। যা সাধারণ শিক্ষার্থীদের জন্য উদ্বেগজনক। এসব অনৈতিক কর্মকাণ্ডের জন্য শুধু পুলিশ বাহিনীর ওপর দায় চাপিয়ে দিলে চলবে না। ভার্সিটির প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় লোকজনকে সচেতন হতে হবে। বিশেষ করে আবাসিক হলগুলোতে সচেতনতামূলক কর্মসূচি ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা জরুরি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্ব ধরে রাখতে, মাদকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া সময়ের দাবি। প্রশাসনের প্রতি আমাদের জোরালো আহ্বান, ক্যাম্পাস মাদকমুক্ত রাখতে এখনই কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন।
