অন্তর্বর্তী সরকারের আমলে দেশে জনমত জরিপের যেন বন্যা বয়ে যাচ্ছে। এ বছর তো প্রায় প্রতি মাসেই কোনো না কোনো জনমত জরিপের ফল প্রকাশিত হয়েছে। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) গত ডিসেম্বরে এবং এ বছরের আগস্টে দুটো জনমত জরিপ প্রকাশ করেছে। ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ নামে আরেকটি গবেষণা প্রতিষ্ঠানের গত সেপ্টেম্বরে প্রকাশিত সর্বশেষ জরিপ প্রতিবেদনসহ এ সরকারের আমলে তিনটি জরিপ প্রতিবেদন প্রকাশ পেয়েছে। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারও (বিওয়াইএলসি) একাধিক জনমত জরিপ করেছে, যার সর্বশেষটির ফল প্রকাশিত হয়েছে গত নভেম্বরে। জুলাই মাসে প্রকাশিত হয়েছে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর জরিপের ফল। সর্বশেষ জরিপটি করেছে প্রথম আলো, যার ফল গত মঙ্গল ও বুধবার দুই ধাপে প্রকাশিত হয়েছে।
জনমত জরিপ এ দেশে বেশ জনপ্রিয়, সন্দেহ নেই। তবে আজ অবধি প্রকাশিত কোনো জরিপই বিতর্কের ঊর্ধ্বে থাকেনি, যদিও বিশেষত ২০০১ সালের সংসদ নির্বাচন ঘিরে নাজিম কামরান চৌধুরী পরিচালিত জনমত জরিপের ফল প্রায় শতভাগ মিলে গিয়েছিল।
যে দেশের জনগণ গভীর রাজনৈতিক বিভাজনের শিকার, সে দেশে জরিপ নিয়ে সন্দেহ পোষণের জন্য অবশ্য নতুন কোনো কারণ লাগে না। সম্ভবত তারই ফল হিসেবে একদিকে একই বিষয়ে একটি জরিপের ফলের সঙ্গে আরেকটির ফলের ব্যবধান ছিল চোখে পড়ার মতো। এমনকি প্রায় আকাশ-পাতাল; আরেকদিকে জনপরিসরে এসব নিয়ে শুধু সমালোচনা নয়, হাসাহাসিও চলছে।
যেমন গত ডিসেম্বরে প্রকাশিত বিআইজিডি জরিপে বিএনপির ভোট ছিল ১৬ শতাংশ, যা সংস্থাটির গত আগস্টের জরিপে ১২ শতাংশে নেমে আসে– এক অদ্ভুত প্রবণতা। গত মার্চে প্রকাশিত ইনোভেশন বাংলাদেশের জরিপ বলেছে, বিএনপির ভোট ১৭ শতাংশ, যা তাদেরই সেপ্টেম্বরে প্রকাশিত জরিপে দাঁড়ায় ১৮.৭০ শতাংশ– এখানে বিজিআইডির উল্টো প্রবণতা। আবার প্রথম আলোর জরিপ বলছে, এতে অংশগ্রহণকারীদের ৬৬ শতাংশ মনে করেন, আগামী নির্বাচনে বিএনপি জিতবে। এখানে শুধু বিএনপির হিসাবটা তুলে ধরা হলো জনপরিসরে বিএনপির জয়ের যে প্রবল সম্ভাবনা বিরাজমান, তার সঙ্গে জরিপগুলোর মিল-অমিল দেখানোর জন্য। অন্য দলগুলোর জনসমর্থন নিয়েও এমন প্রচুর গরমিল জরিপগুলোতে স্পষ্ট।
প্রসঙ্গত, বিআইজিডি গত বছরের ডিসেম্বরে প্রকাশিত জরিপের তথ্য সংগ্রহ করেছিল ওই বছর ১৫ থেকে ৩১ অক্টোবর; আর আগস্টের প্রতিবেদনের তথ্য নিয়েছে এ বছরের ১ থেকে ২০ জুলাইয়ে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পরিচালিত জরিপের ফল ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ প্রকাশ করে গত ৮ মার্চ; আর সংস্থাটির ২১ সেপ্টেম্বর প্রকাশিত জরিপের তথ্য সংগৃহীত হয় ২-১৫ সেপ্টেম্বর। প্রথম আলোর জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে গত ২১-২৮ অক্টোবর।
এ প্রসঙ্গে মার্কিন সংস্থা আইআরআই পরিচালিত জরিপটির কথাও বলা দরকার। সম্প্রতি প্রকাশিত এ জরিপের অনেক তথ্যই সামাজিক মাধ্যমে হাসির খোরাক জুগিয়েছে। বিশেষ করে জরিপটি যখন বলেছে, ৬৯ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাজে সন্তুষ্ট, তখন ২০২৩ সালে পরিচালিত একই সংস্থার আরেকটি জরিপের প্রসঙ্গ চলে আসে। সেখানে বলা হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে ৭০ শতাংশ মানুষ সন্তুষ্ট। অথচ ওই জরিপের মাত্র দেড় বছরের মাথায় গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়।
যা হোক, এ নিবন্ধের উদ্দেশ্য কিন্তু উল্লিখিত জরিপগুলোর সংগতি-অসংগতি নিয়ে আলোচনা নয়। আমার আগ্রহের জায়গাটা অন্যত্র। এত এত মিল-অমিলের মধ্যেও একটা বিষয় প্রায় সব জরিপে স্পষ্ট। তা হলো, ভোট কাকে দেবেন– এ প্রশ্নের উত্তরদানে অনিচ্ছুকদের বড় সংখ্যা। যে কোনো রাজনৈতিক পর্যবেক্ষকের মধ্যেই তা কৌতূহল সৃষ্টি করার কথা। আমার মধ্যেও করেছে।
প্রথমে একটা কথা বলে নিই। প্রথম আলো বরাবরের মতো এবারও শুধু যারা তাদের সব প্রশ্নের উত্তর দিতে রাজি হয়েছেন, তাদেরই জরিপে অন্তর্ভুক্ত করেছে। অন্যরা তা করেনি। কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার স্বাধীনতা জরিপে অংশগ্রহণকারীদের ছিল। তাই অন্যদের জরিপে পছন্দের দলের নাম বলতে অনিচ্ছুক উত্তরদাতার সংখ্যাটাও জানা গেছে। প্রথম আলোর জরিপে তা নেই। যেমন বিজিআইডি গত ডিসেম্বরে প্রকাশিত জরিপে প্রশ্ন রেখেছিল, আপনার এলাকায় কোন দলের প্রার্থী নির্বাচনে জিতবে বলে মনে করেন? এর উত্তর দিতে রাজি হননি ৯ শতাংশ উত্তরদাতা। জানি না বলে প্রকারান্তরে এড়িয়ে গেছেন ২৯ শতাংশ ব্যক্তি। এ সংস্থার আগস্টের জরিপে প্রশ্নটা ছিল সরাসরি– আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন? এখানে সিদ্ধান্তহীনের হার বিশাল– ৪৮.৫ শতাংশ; উত্তর দিতে রাজি হননি ১৪.৪ শতাংশ ব্যক্তি। ইনোভেশনের দুই জরিপে পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুকের হার– ইংরেজিতে বলা যায় স্ট্যাগারিং, যথাক্রমে ৩৪.৩ ও ১৬.৮ শতাংশ। আর শুধু যুবাদের মধ্যে পরিচালিত বিওয়াইএলসি জরিপ বলেছে, প্রায় ৩০ শতাংশ তরুণ এখনও কোনো দলকে বেছে নেননি। আরও ১৮ শতাংশ তরুণ তাদের পছন্দ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
অতীতের খুব কম জনমত জরিপেই বিশেষ করে পছন্দের দল সম্পর্কে বলতে উত্তরদাতাদের এমন অনীহা দেখা গেছে। সত্য, বিগত সময়ে কখনোই নির্বাচন সামনে রেখে এত বড় সংখ্যায় এবং বিচিত্র সব সংস্থার উদ্যোগে জনমত জরিপ পরিচালিত হয়নি। উপরন্তু মূলত প্রথম আলো তখন এ চর্চা করলেও তাদের পদ্ধতিতে এ সুযোগ থাকত না– এটা আগেই বলা হয়েছে।
এটাও সত্য, ২০১৩ সালের পর প্রথম আলো যেমন অন্তত রাজনৈতিক বিষয়ে কোনো জরিপ পরিচালনা করেনি, অন্য সংস্থাগুলোকেও তা করতে দেখা যায়নি। সামগ্রিক বৈরী রাজনৈতিক পরিবেশই এ অবস্থা তৈরি করেছিল। বিশেষত ২০১৪ সালের ভোটারবিহীন বিতর্কিত নির্বাচনের পর তৎকালীন সরকার ক্রমে সব ক্ষেত্রে নিজের দলের আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া হয়ে ওঠে। তারই চূড়ান্ত পরিণতি যে ২০২৪-এর গণঅভ্যুত্থান– তা কেউ অস্বীকার করবে না।
কিন্তু অভ্যুত্থান-পরবর্তী সরকার ওই দমবন্ধ অবস্থার অবসান ঘটাবে, এমনটাই কি কথা ছিল না? গত বছরের ৮ আগস্ট শপথ গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেছিলেন, আপনারা সবাই মন খুলে কথা বলুন। অন্যদিকে আসন্ন নির্বাচন শুধু বহুল প্রত্যাশিতই নয়, অন্তত সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ভোট ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হওয়ার কথা। সে নির্বাচনের মাত্র সাত-আট মাস আগে এত মানুষ সিদ্ধান্তহীন থাকবে কেন? কেন জরিপে অংশগ্রহণ করতে গিয়ে একটা বড় সংখ্যার মানুষ পছন্দের দলের নাম বলতে অস্বীকৃতি জানাবে?
কথা ছিল সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীরই উপযুক্ত প্রক্রিয়ায় বিচার হবে। এমনকি তাদেরকে প্রয়োজনে সামাজিকভাবেও পরিত্যাগ করা হবে। কিন্তু গত ১৫ মাসে যে মামলাবাজি হয়েছে তা নজিরবিহীন; বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলে ভুয়া মামলার মাধ্যমে নিপীড়নের স্টিমরোলার চলেছে। নিছক দলটিকে সমর্থন করার কারণে কত মানুষ যে রাষ্ট্রীয় নিপীড়ন ও মব সহিংসতার শিকার হয়েছেন, তার ইয়ত্তা নেই। এ পরিস্থিতি আর যাই হোক, কোনো নাগরিককে নির্ভয়ে স্বীয় মত প্রকাশে উৎসাহ দেয় না। জরিপগুলোতে এরই প্রতিফলন ঘটেছে। আমরা জানি না, জরিপগুলোর এমন চিত্র রাষ্ট্রের অন্দরমহলে কোনো ভাবনার জন্ম দিয়েছে কিনা। তবে পরিস্থিতির বদল না ঘটলে তার নেতিবাচক প্রভাব যে অন্তত ভোটের হারের ওপর পড়বে, তাতে সন্দেহ নেই। এমনকি এর ধারাবাহিতায় সামগ্রিকভাবে নির্বাচনটিই প্রশ্নবিদ্ধ হলে বিস্ময়ের কিছু থাকবে না।
সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল
