ক্ষমতার সঙ্গে সম্পদের মানিকজোড় সম্পর্কের কথা আমরা জানি। রাজনীতি এখানে বহু দশক ধরেই সম্পদ অর্জনের অন্যতম হাতিয়ার। চব্বিশের গণঅভ্যুত্থানের পর ক্ষমতা ও রাজনীতির সঙ্গে সম্পদের অন্যায় সম্পর্ক দূর হবে- এটাই ছিল ন্যূনতম জনপ্রত্যাশা। কিন্তু বহুল প্রত্যাশিত নির্বাচন যখন দোরগোড়ায়, তখন সেই প্রত্যাশার প্রদীপ সম্ভবত নিভতে বসেছে। নির্বাচনে অর্থ, পেশিশক্তি ও ধর্মের অপব্যবহার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করে নির্বাচনী ইশতেহার প্রণয়নের দাবি জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রোববার যে বক্তব্য দিয়েছে, তাতে এ আশঙ্কাই জেগে ওঠে। সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘(বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে) দুর্নীতি অব্যাহত আছে। রাজনৈতিক ও সরকারি স্পেসের ক্ষমতাকে অপব্যবহার করে বিভিন্ন মহল দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। সরকারের অভ্যন্তরেও কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।’ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে জানান তিনি (সমকাল, ৮ ডিসেম্বর, ২৫)।
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণের যে বিপুল প্রত্যাশা ছিল অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের কাছে, তা কেন ফিকে হলো– এটি নিয়ে আগামী বহুদিন নিশ্চয়ই গবেষণা চলবে। তবে আসন্ন নির্বাচনে কারা নির্বাচিত হয়ে জাতীয় সংসদে অধিষ্ঠিত হবেন, তার ওপর আগামী দিনের দুর্নীতির গতিবিধি অনেকখানিই নির্ভর করবে। অর্থ ও পেশিশক্তির সঙ্গে প্রার্থীদের সম্পর্ক নির্ণয় করার মাপকাঠি নির্বাচন কমিশনের হাতে। কমিশন প্রার্থীদের সম্পদ, এর পারম্পর্য, মামলা ইত্যাদি নিরপেক্ষভাবে পর্যালোচনা করতে কতটুকু পারবে, তার ওপর উপযুক্ত প্রার্থী মনোনয়ন অনেকখানি নির্ভর করছে। তবে সরকার ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপরেই এটি মূলত নির্ভর করে।
সুনির্দিষ্ট বিষয়ে নিজ নিজ অবস্থান স্পষ্ট না করে অহেতুক বিতর্ক তৈরির একটি প্রচেষ্টা কোনো কোনো উপদেষ্টার পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যেও দেখা যাচ্ছে। খোদ সরকারের কোনো কোনো পদক্ষেপ শঙ্কা ও বিতর্ক উস্কে দিচ্ছে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থাপনা, ভাস্কর্য ইত্যাদির ওপর লাগামহীন আক্রমণ হয়। সরকারের নির্বিকারত্ব উগ্রবাদ ও ডানপন্থাকে প্রশ্রয় দিতে থাকে; সর্বশেষ ৩ ডিসেম্বর বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধকে ‘প্রতিরোধ যুদ্ধ’ হিসেবে চিহ্নিত করে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে; পাকিস্তানের নাম না নিয়ে লেখা হয়েছে ‘দখলদার বাহিনী’। এসব ঘটনা আশির দশকে মুক্তিযুদ্ধের উল্টোযাত্রার স্মৃতিতে আমাদের ফিরিয়ে নিয়ে যায়। যখন পাঠ্যপুস্তকে, এমনকি গণমাধ্যমেও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে পাকিস্তান শব্দের বদলে নিছক ‘হানাদার বাহিনী’ ব্যবহার করা হতো। তখন মুক্তিযুদ্ধ শব্দটি ব্যবহৃত হলেও এবারের বিসিএস প্রশ্নপত্রে তা ‘প্রতিরোধ যুদ্ধ’ হয়ে গেছে! সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো ব্যাখ্যাও এ যাবৎ মেলেনি।
এইসব বিতর্কের উদ্দেশ্য কী? যখন সবাই উন্মুখ হয়ে আছে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রবর্তনের, তখন এ দেশের মানুষের রক্তস্নাত ও ঐতিহাসিকভাবে অনিবার্য মুক্তিযুদ্ধ প্রসঙ্গকে টেনে এনে তাকে ছোট করবার চেষ্টা নানা আশঙ্কা তৈরি করে বৈ কি। রাজনীতি ও নির্বাচনে ধর্মের ব্যবহার ও অপব্যবহারের সীমানাও স্পষ্ট হওয়া জরুরি। এ নিয়েও সরকার পূর্ববৎ নীরব।
০২. আরও বোধগম্য নয় দেশের নাগরিকদের ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারে সরকারের অনিচ্ছা ও অনাগ্রহের কারণ। সংবিধানসহ রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নানা বিষয়ে গঠিত ছয়টি সংস্কার কমিশনের সহস্রাধিক সুপারিশ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে মাত্র ১৬৬টি প্রস্তাব। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়নও প্রত্যাশামতো হয়নি। নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও অংশীজনদের দাবি উপেক্ষা করে নামমাত্র ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার সম্প্রতি পুলিশ ও দুদক কমিশন অনুমোদন করেছে, যা হতাশার জন্ম দিয়েছে। অভিযোগ আছে, জুলাই সনদে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হলেও দুদকের বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের মতো গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে সরকার সংশ্লিষ্ট অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। টিআইবির অভিযোগ, ‘(এসব সিদ্ধান্ত) সরকারের অভ্যন্তরে স্বার্থান্বেষী ও প্রভাবশালী মহলের দুর্নীতি সহায়ক ও সংস্কার পরিপন্থি অবস্থান ছাড়া আর কিছু হতে পারে না’ (প্রথম আলো, ২৮ নভেম্বর, ২৫)।
স্বাধীন পুলিশ কমিশন গঠনের বদলে সুপারিশ-পরামর্শ প্রদানের ক্ষমতাসম্পন্ন পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার অনুমোদন দিয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ। এতে পুলিশকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ব্যবহারের সুযোগ পুরোমাত্রায় রয়ে গেছে। গণঅভ্যুত্থানকালে পুলিশকে সরকারের ইচ্ছামতো ব্যবহারের যে ন্যক্কারজনক উদাহরণ তৈরি হয়, তা থেকে বেরিয়ে এসে পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল; আমলাতন্ত্রের পুরোনো চিন্তায় সায় দিয়ে সরকার তা গ্রহণ করল না। পুলিশের প্রধান সমস্যা অবৈধ আদেশ ও রাজনৈতিক প্রভাব বিস্তার। এসব পরিচালিত হয় মূলত নিয়োগ, বদলি, পদোন্নতি ও পদায়ন ঘিরে। পুলিশ কমিশন ক্ষমতাসীন রাজনৈতিক দল ও আমলাতন্ত্রের অনুগত নখদন্তহীন প্রতিষ্ঠান ভিন্ন আর কিছু হতে যাচ্ছে না। পুরোনো সেই দুষ্টচক্রই অক্ষুণ্ন থাকল। প্রথম আলো ৫ ডিসেম্বর জানাচ্ছে, ‘পুলিশের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, উপদেষ্টাদের সমন্বয় বৈঠকের পরও পুলিশকে আগের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখার পক্ষে শক্ত অবস্থান নেন আমলারা। ফলে যেভাবে কমিশন হচ্ছে, তাতে আগের মতোই কমিশনের ওপর রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ থাকবে।’
৩. পুলিশ ও দুদক কমিশন গঠন থেকে শুরু করে নির্বাচনে অর্থ, পেশিশক্তি ও ধর্মের অপব্যবহার– প্রতিটি ক্ষেত্রে সরকারের অস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাই। অথচ সরকার-সংশ্লিষ্টরা সাড়ম্বরে বলে বেড়াচ্ছেন, আসন্ন নির্বাচন শতাব্দীর সেরা নির্বাচন হতে যাচ্ছে! অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যে বিষয়গুলো অনিবার্য ও অব্যর্থভাবে ব্যবহার করতে হয়, সে সম্পর্কে সরকারের নির্বিকারত্ব দুশ্চিন্তার বিষয় বটে। যে পুলিশ বাহিনীকে আওয়ামী লীগ সরকার জুলাই অভ্যুত্থানে দলীয় পেটোয়া বাহিনীর মতো গণমানুষের বিরুদ্ধে ব্যবহার করল; তাকে জনবান্ধব কেন করা যাবে না? রাজনীতিকে ওপরে ওঠার সিঁড়ি বানান যারা; ক্ষমতাকে ব্যবহার করে সম্পত্তির পাহাড় গড়েন, তাদের নিয়ন্ত্রণে রাখবার জন্য দুদক কেন সত্যিকার অর্থে ক্রিয়াশীল হবে না? সরলমতি মানুষদের বিভ্রান্তির জন্য ধর্মের অপব্যবহার চলতেই থাকবে?
সরকারের হাত বরাবর সুদীর্ঘ ও সুশক্ত। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান তার ইচ্ছা ও নিয়ন্ত্রণে চলমান। অন্তর্বর্তী সরকার যেহেতু রাজনৈতিক সরকার নয়; কাজেই বিশেষ কোনো দল বা গোষ্ঠীর কাছে তার দায়বদ্ধতা থাকবার কথাও নয়। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছবার পরও বিশেষ বিশেষ সংস্কার প্রস্তাবনায় কেন সরকার থমকে যাচ্ছে? নাকি সেই পুরোনো প্রবাদ– প্রতিটি ইঁদুর নিজ নিজ গৃহে এক একজন সিংহ। সরকারের অভ্যন্তরের ইঁদুরেরা সিংহের ভূমিকায় অবতীর্ণ হয়ে আটকে দিচ্ছে একের পর এক সংস্কার প্রকল্প। অন্তত পুলিশ ও দুদক সংস্কার কমিশন তার সুস্পষ্ট ইঙ্গিত দেয়। তবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রকৃত সদিচ্ছা ও প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এর কোনো বিকল্প নেই।
মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল ও সাহিত্যিক mahbubaziz01@gmail.com
