আজকাল ব্যস্ততম নগরী ঢাকার রাস্তায় চলার সময় প্রায় প্রত্যেকের নজরেই পড়ে লাল-নীল-হলুদ-সবুজ রঙিন ছোট-বড় কার্ড। ভুলবশত কেউ ধরেই নিতে পারেন যে, এগুলো হয়ত কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা অন্যকিছুর প্রচারণা। কিন্তু হাতে তুলে নিতেই দেখা যায় বিভিন্ন আবাসিক হোটেল ও বিদেশে পাঠানোর প্রলোভন সম্বলিত বিভিন্ন এজেন্সির নাম-নাম্বার। যেখানে যোগাযোগ করলেই নিমিষেই সহজ-সরল কোনো মানুষ পড়ে যেতে পারেন দালালচক্রের প্রতারণা বা অন্ধকার জগতের ফাঁদে। এ বিষয়গুলো না বুঝে সমস্যার সম্মুখীন হন বিশেষ করে গ্রাম বা মফস্বল অঞ্চল থেকে আসা চাকরি প্রত্যাশী নারী-পুরুষরা। অনেকক্ষেত্রে নারীরা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পরার পাশাপাশি বিদেশেও পাঁচার হয়ে যান। পুরুষদের কাছ থেকে বাইরের দেশে চাকরির কথা বলে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা। এই অদৃশ্যজালে একবার জড়িয়ে যাওয়ার পর তারা সহজে আর সেখান থেকে বের হতে পারেন না। তখন প্রশাসনের দারস্থ হয়েও বিশেষ সুফল পাওয়া যায় না। প্রতারক চক্রগুলোর প্রতারণা রুখতে প্রয়োজন এ সকল কার্ডের অবাধ বিস্তার রোধ এবং প্রশাসনের সজাগ দৃষ্টি আবশ্যক। পাশাপাশি প্রয়োজন গণমাধ্যমগুলোতে এ সকল প্রতারণামূলক কর্মকাণ্ডের ব্যাপক প্রচার এবং জনসচেতনতা বৃদ্ধি করা। তাহলেই কুচক্রীমহলের অপচেষ্টা এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।