গত শতকের সত্তর দশকের শেষ বছরে এ দেশের তৈরি পোশাক আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। প্রতিষ্ঠিত হয়েছিল শতভাগ রপ্তানিমুখী দেশ গার্মেন্টস । উদ্যোক্তা নুরুল কাদির খান গার্মেন্টস পরিচালনায় সহায়তা নিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার দাইয়ো করপোরেশন থেকে। প্রথম পদক্ষেপের মাত্র তিন বছর পর গার্মেন্টসের সংখ্যা দাঁড়ায় সাত চল্লিশটিতে। পরের তিন বছরে তা দ্রুত বেড়ে হয় পাঁচশ সাতাশটি। তিরাশি-চুরাশি সালে পোশাক রপ্তানি করে আয় হয়েছিল নব্বই কোটি ডলার। বৃদ্ধির হার এখন দু হাজার কোটির ঘর ছাড়িয়েছে। উদ্যোক্তার সংখ্যাও স্বাভাবিকভাবে বেড়েছে। বাড়েনি শুধু শ্রমিকদের জীবনযাত্রার মান। সন্তুষ্টচিত্তে না হলেও নির্ধারিত বেতন মেনে নিয়েই কাজ করছেন তারা। কিন্তু কোটি কোটি ডলার আয় করা মালিকরা তাদের জীবনের নিরাপত্তাটুকু দিতে পারেন না।

মাত্র তিন দশকের কিছু বেশি সময়ে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া একটি শিল্প খাতের উদ্যোক্তাদের আরও বেশি দূরদৃষ্টিসম্পন্ন ও দায়িত্বশীল হওয়া উচিত। যাদের ওপর নির্ভর করে এমন ফুলে-ফেঁপে ওঠা, শোষণের সূত্র মেনেই না হয় সেই শ্রমিকদের প্রতি মনযোগী হলেন তারা! শেষ বিচারে তাতে তাদেরই লাভ। \r\nরপ্তানি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে থাকা এই অর্জন অনেক সময়ই অনেকের মাথা ব্যথার কারণ হয়েছে। বিশেষত প্রতিযোগীদের মধ্যে যখন রয়েছে দক্ষিণ এশিয়ার দুই ক্ষমতাধর দেশ এবং এ অঞ্চলে আন্তর্জাতিক রাজনীতির ভরকেন্দ্র হিসেবে ক্রমশ তাদের অবস্থান শক্ত হচ্ছে তখন মাথাব্যথার সূত্রবদ্ধ দু একটি কারণ শনাক্ত করাও সম্ভবত তেমন কঠিন নয়।

তাছাড়া গত ক দশকে উন্নত পুঁজিবাদী দেশগুলোর অর্থনীতির মূল ঝোঁক অনুৎপাদনশীল খাতের দিকে হলেও বাংলাদেশ পোশাক শিল্পের মতো উৎপাদনশীল খাত নিয়ে বিশ্ব বাজারে দাপটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে।\r\nদু হাজার দশ-এগারো অর্থবছরে কারখানা বন্ধ থাকায় প্রতিদিন কোটি কোটি টাকার রপ্তানি বন্ধ ছিল। অসংখ্য রপ্তানি আদেশ প্রত্যাহার হয়েছে। ক্রেতাদের কাছে যে মেসেজ গিয়েছিল তাতে বাংলাদেশের ওপর আস্থা হারানো তাদের জন্য ছিল স্বাভাবিক। বিজিএমইএ সভাপতি প্রচার মাধ্যমে জানিয়েছিলেন, পোশাক শিল্পে সহিংসতার প্রতিবাদে কারখানা বন্ধের প্রতি সমর্থন জানিয়েছেন দেশের অন্য সব তৈরি পোশাক কারখানা মালিকরা। সহিংসতা বন্ধ না হলে তারাও কারখানা বন্ধের ঘোষণা দিয়ে প্রতীকী চাবি তুলে দিয়েছিলেন তার হাতে।

সব মিলে যে পরিস্থিতি তৈরি পোশাক খাতে চলেছিল তাকে সুস্থ বা স্বাভাবিক বলা যায় না। অনেকে মনে করেছেন নেপথ্যে বড় ধরনের কোনো হিসাব-নিকাশের মহড়া চলছিল। \r\nসামাজিক ব্যবসা, শেয়ার ব্যবসা, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ওপর বীমা, রিয়েল অ্যাস্টেট ব্যবসাকে উৎসাহিত করা ইত্যাদি অনুৎপাদনশীল খাতকে গত ক দশক ধরে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক পুঁজি। সেদিক থেকে বলা যায়, পুঁজিবাদের চরিত্রে এক নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে উন্নত পুঁজিবাদী দেশগুলোর আর্থিক খাত উৎপাদনশীলতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উৎপাদনশীল খাতের চেয়ে অনুৎপাদনশীল খাতে পুঁজির লগ্নি বহুগুণ বেড়েছে। পঞ্চাশের দশকে মার্কিন অর্থনীতিতে মোট করপোরেট মুনাফার শতকরা আট ভাগ এসেছিল অনুৎপাদনশীল খাত থেকে। দু হাজার সালে তা বেড়ে দাঁড়ায় শতকরা একত্রিশ ভাগে।

সে বছর অনুৎপাদনশীল আর্থিক খাতে মোট জাতীয় উৎপাদনের শতকরা সাড়ে তিনগুণ ঋণ দেওয়া হয়েছিল। পুঁজির এ অসামঞ্জস্যপূর্ণ অবস্থান বিশ্ব পুঁজিবাদের জন্য স্বাস্থ্যকর নয়। গত শতকের সত্তর দশক পর্যন্ত আন্তর্জাতিক বিনিয়োগের শতকরা নব্বই ভাগ ছিল বাণিজ্য ও উৎপাদনশীল খাতের সঙ্গে জড়িত। এই পুরো অংশ এখন চলে গেছে অনুৎপাদনশীল খাতে। এর আন্তর্জাতিক প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। আটাত্তর সাল থেকে শুরু করে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা উৎপাদনশীল তৈরি পোশাক খাত সে সময় টলে উঠছিল।\r\nপোশাক কারখানা চালু থাকা মানে অসংখ্য শ্রমিকের জীবনোপখ্যানের ভিত শক্ত থাকা। এর সঙ্গে জড়িয়ে আছে ছোটখাটো অনেক উৎপাদনশীল খাত।

পোশাক কারখানার নারী শ্রমিকরা বাঁচিয়ে রেখেছেন দেশি-বিদেশি প্রসাধন কোম্পানি থেকে শুরু করে দেশি টেক্সটাইল, স্যান্ডেল-জুতা উৎপাদনকারী বহু প্রতিষ্ঠান। দেশি প্রসাধনের এক বড় অংশের ক্রেতা পোশাক শিল্পের নারী শ্রমিকরা। তাদের আয়ের উৎস সচল থাকা মানে এসব কিছু সচল থাকা। \r\nশ্রমিকদের প্রতি কেমন আচরণ হবে মালিক পক্ষের? \r\nপরিবর্তনের চালিকা হিসেবে কাজ করা শ্রমজীবী শ্রেণিই ভেতর থেকে বদলায় দেশের অর্থনীতির চিত্র। দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস পোশাক শিল্প। প্রায় ছত্রিশ লাখ শ্রমিক কাজ করছেন এ খাতে। শতকরা আশি ভাগের বেশি রপ্তানি আসে শুধুমাত্র এই খাত থেকে। দেশের অর্থনীতির চাকা ঘুরাতে দ্বিতীয় অবস্থানে থেকে যারা অবদান রাখছেন, তারা প্রবাসী শ্রমিক। সাতষট্টি লাখের বেশি শ্রমিক কাজ করছেন বিভিন্ন দেশে।

তাদের পাঠানো আয়ের ওপর নির্ভর করে দেশে আর্থিক লেনদেনের ভারসাম্য বজায় রয়েছে। অথচ শ্রমিকদের জীবনই এ দেশে সবচেয়ে বেশি বিপন্ন। স্বাস্থ্যহীনতার ঝুঁকি তো তাদের প্রায় নিয়তির মতো, সঙ্গে রয়েছে মৃত্যুঝুঁকি। প্রবাসী শ্রমিকরাও যথেষ্ট নিরাপদ নন। যে সব দেশে তারা যান, সে সব দেশের আইন-কানুন ভালো করে বুঝে চলার মতো শিক্ষা তাদের অনেকেরই থাকে না। যে জন্য প্রবাসে প্রায়ই বিপদে পড়তে হয় তাদের। এ বিপুল জনগোষ্ঠীর জীবন ঝুঁকিমুক্ত না হলে সামনের সময়ে দেশের অর্থনীতি প্রবল ঝুঁকির মুখে পড়বে। রাজনৈতিক খোঁড়াখুঁড়িতে দেশের ওপর কাঠামোর অবস্থা লেজেগোবরে। মূল শক্তি অর্থনৈতিক ভিত নড়ে গেলে পুরো দেশই নড়বড়ে হয়ে পড়বে।

বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়নকে যতই বলুক দিস ইজ দ্য ক্রাকস অব দ্য সারপ্রাইজ কিংবা ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন) অথবা আরেক মার্কিন প্রতিষ্ঠান জেপি মরগানের এক ধাপ এগিয়ে ফ্রন্টিয়ার ফাইভ বা এগিয়ে চলা পাঁচ দেশের একটি বাংলাদেশ বলার মূল ভিত্তি ছিল শ্রমিকরা। করোনার আগে অর্থনৈতিক উন্নতির যে উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছিল তার প্রায় পুরোটাই ছিল শ্রমিকদের অবদান। এই সত্যটা আমরা প্রায়ই ভুলে যাই। ভুলে যান সবচেয়ে বেশি তারা, যাদের উদ্যোগে প্রান্তিক মানুষেরা শ্রমিক পরিচয়ে বিশেষায়িত হন- অর্থাৎ উদ্যোক্তারা। তারা সহানুভূতিশীল হলে শ্রমিকরা ন্যূনতম সুবিধা নিয়ে জীবনযাপন করতে পারেন। মালিক-শ্রমিক সম্পর্কের মূলমন্ত্র শোষণ প্রক্রিয়া টিকিয়ে রেখেও কি আরেকটু মানবিক হওয়া যায় না?

বেশ কয়েকটি পোশাক কারখানার ভয়াবহ অবকাঠামো ও মালিক পক্ষের হঠকারিতার কথা আমাদের মনে আছে। ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার আগেই সংকেত বাজে। শ্রমিকরা কারখানা থেকে বেরোতে চাইলে আগুন নেভানোর মহড়া চলছে জানিয়ে শ্রমিকদের কাজ করার নির্দেশ দিয়ে কলাপসিবল গেটে তালা লাগায় দায়িত্বে থাকা লোকজন। আগুন ছড়িয়ে গেলে ভবনের বিভিন্ন তলা থেকে সরু সিঁড়ি বেয়ে শ্রমিকরা নিচে নামেন। কিন্তু একটু পরে বুঝতে পারেন মুক্তির পথ ভেবে তারা আসলে এগিয়েছেন মৃত্যু ফাঁদের দিকে। ভেতরের দরজা-জানালাবিহীন গুদাম ঘর তখন আগুনের কুণ্ডলী। আর তাতে আত্মাহুতি দিতে হয়েছে এক শ এক কিংবা তার চেয়ে অনেক বেশি শ্রমিককে। বাংলাদেশ এখন তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারী দেশ। অথচ সে দেশের শ্রমিকদের এখনো উদ্যোক্তাতার উদাসীনতায় জীবিত দগ্ধ হতে হয়।

করোনা পরবর্তী পরিস্থিতি নিয়ে শঙ্কা তাই ঘনীভূত হয়।\r\nবিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক ক্রেতারা চীনের পাশাপাশি এখন বাংলাদেশের দিকে চোখ রাখছেন। দক্ষ ও সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া যাওয়ার কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। সুতরাং বাংলাদেশের সামনে সম্ভাবনার যে দ্বার অবারিত তা যেন অব্যাহত থাকে সেদিকে সতর্কতার সঙ্গে দৃষ্টি রাখতে হবে। সে জন্য অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করার পাশাপাশি শ্রমিকদের সুবিধা দেখা শুধু জরুরি নয় অবশ্য করণীয়।\r\nকর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে। গত এক দশকে নিহতের সংখ্যা তিনগুণ বেড়েছে। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, অবহেলাজনিত দুর্ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত না করা, শ্রমিকদের নামমাত্র ক্ষতিপূরণ, আগে ঘটে যাওয়া বড় দুর্ঘটনাগুলোর তদন্ত রিপোর্ট প্রকাশ ও শাস্তি নিশ্চিত না করা, প্রযুক্তির উন্নয়ন ও আইন অনুযায়ী কারখানা তৈরি না হওয়া ইত্যাদি। \r\nবাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার যে ইতিবাচক সম্ভাবনা দেখা দিচ্ছে তার গতি স্বচ্ছ রাখতে দেশের ভিত্তি যারা মজবুত করছেন তাদেরও সুস্থ ও সবল রাখতে হবে। পঁয়ষট্টি শতাংশ জনগোষ্ঠীর মধ্যে এরাই বড় অংশ। বাকি মধ্যবিত্ত অংশের চেতনার বিকাশ জরুরি। কারণ শিক্ষিত বিকশিত মেধাবী প্রজন্মের পক্ষেই রাজনীতি ও অর্থনীতির দুষ্টচক্র থেকে দেশকে বের করে আনা সম্ভব। তাদের নেতৃত্বে শ্রমিক শ্রেণির চেতনার স্তরও বাড়বে। এই দু দিকের ভারসাম্য নিপুণভাবে ধরতে পারলে দেশ সত্যিই সমৃদ্ধির পথে এগুবে।