সম্প্রতি দলীয় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে?... এমন তো হবার কথা ছিল না।’ (প্রথম আলো, ২ নভেম্বর, ২৫) তাঁর এ বক্তব্যের আক্ষেপপূর্ণ অংশটি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। মহাসচিবসহ বিএনপির সিনিয়র নেতারা গত এক বছরে নির্বাচন নিয়ে বহুবার হতাশা প্রকাশ করেছেন। কিন্তু তারেক রহমানকে বরাবরই এ ব্যাপারে আশাবাদী মনে হয়েছে। এমনকি গত এপ্রিলে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হওয়ার পরও সরকার যখন তা ঘোষণা করতে কালক্ষেপণ করছিল এবং এর পরিপ্রেক্ষিতে বিএনপির নেতারা সরকার সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করছিলেন, তখনও তারেক রহমানকে স্থির ও আশাবাদী মনে হয়েছে। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের কণ্ঠে এ আক্ষেপ ঝরে পড়ল কেন?
লক্ষণীয়, গত ২ নভেম্বর রাজধানীর ওই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ আশঙ্কাও প্রকাশ করেছেন, শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা। তাঁর মতে, দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্যনতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে। এখানে তারেক রহমান যে জুলাই সনদের বাস্তবায়ন-সংক্রান্ত চলমান বিতর্কের কথাই বলছেন, তা বুঝতে কারও বিশেষজ্ঞ হতে হয় না।
জুলাই সনদ নিয়ে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দল প্রায় এক বছর জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে সংলাপ চালানোর পরও তা ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়নি, তা আমরা জানি। ওই দলিলে বিশেষ করে সংবিধান সংশোধন-সংক্রান্ত ৪৮টি প্রস্তাব আছে, যার ৩৬টিতেই এক বা একাধিক দল নোট অব ডিসেন্ট বা আপত্তি দিয়েছে। ঐকমত্য কমিশন গঠনকালে প্রদত্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য অনুসারে, শুধু সব দল একমত হয়েছে, এমন ইস্যুগুলোই সরকার সংস্কারের জন্য নেবে। অর্থাৎ প্রস্তাবিত গণভোটে শুধু ১২টি ইস্যুই থাকার কথা। কিন্তু ঐকমত্য কমিশন, যার সভাপতি প্রধান উপদেষ্টা নিজে; জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যা চূড়ান্ত করেছে তাতে ৪৮টি ইস্যুই গণভোটে দেওয়ার কথা বলা হয়েছে। বিএনপিসহ বিভিন্ন দলের আপত্তিগুলো কার্যত নাকচ হয়ে গেছে।
শুধু তাই নয়, সুপারিশে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারির কথা বলা হয়েছে, যা শুধু বিদ্যমান সংবিধানকেই নাকচ করবে না; অন্তর্বর্তী সরকারের বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করবে। সেখানে আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন (৯ মাস) ‘সংবিধান সংস্কার পরিষদ’ হিসেবে কাজ করবে বলার পর সংসদকে রীতিমতো ডিক্টেট করে বলা হয়েছে, গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো সংসদ এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। আর এই সময়ের মধ্যে সংসদ তা করতে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো সংবিধানের অংশ হয়ে যাবে।
বিস্ময়কর হলো, বিএনপি ও তার মিত্ররা যেখানে অভিযোগ করেছে, কমিশনের সঙ্গে দলগুলোর দীর্ঘ আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ তো দূর স্থান; সনদ বাস্তবায়ন আদেশ নামে ‘অসাংবিধানিক’ বিষয় নিয়েও কোনো আলোচনা বা ঐকমত্য হয়নি, তখন জামায়াতে ইসলামী ও এনসিপি বিএনপির বিরুদ্ধে ‘তথ্য বিকৃত’ করার অভিযোগ আনছে। উপরন্তু তারা এসব সুপারিশ দ্রুত বাস্তবায়নে সরকারের ওপর চাপ দিচ্ছে। তারা সংসদ নির্বাচনের আগে গণভোটও দাবি করছে, যাতে আগামী সংসদেই পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ভিত্তিক উচ্চকক্ষ চালু করা যায়, যা নিয়ে বিএনপির ঘোরতর বিরোধিতার কথা সবাই জানে।
আরও বড় বিস্ময় হলো, যেখানে দলগুলো বরাবরই সরকারকে রেফারি হিসেবে মেনে এসেছে, সেখানে গত সোমবার সরকার জানিয়ে দিয়েছে, দলগুলো নিজেরা আলোচনা করে এক সপ্তাহের মধ্যে সনদ নিয়ে ওই বিরোধগুলো দূর করতে না পারলে সরকার নিজের মতো সিদ্ধান্ত দেবে।
বিশেষ করে বিএনপির জন্য পরিস্থিতি গোলমেলে, সন্দেহ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন করার বিষয়ে ড. ইউনূস যে এক প্রকার অনিচ্ছা নিয়ে রাজি হয়েছেন, অন্তত বিএনপির তা ভালোই জানা আছে। লন্ডন বৈঠকের সিদ্ধান্ত গত ৫ আগস্টের আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে জনগণকে জানানো হয়নি। সরকার পতনের এক বছর পূর্তি উপলক্ষে ৫ আগস্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দেন, সেখানে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেন।
এটা বলা এখন আদৌ বাহুল্য নয়; জামায়াত ও এনসিপি শুরু থেকেই নির্বাচন দেরিতে অনুষ্ঠানের পক্ষে। দল গোছাতে সুবিধা হয়, তাই তারা নির্বাচন যতদিন সম্ভব পেছাতে চায়– এটাই জনমনে বদ্ধমূল ধারণা। স্মরণ করা যেতে পারে, লন্ডন বৈঠকের পরপরই জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতিত্ব করার অভিযোগ এনে নির্বাচন সম্পর্কিত ওই সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জ করেছিল। জুলাই সনদে নতুন নতুন শর্ত যুক্ত করার যে অভিযোগ বিএনপি তুলেছে, তার তীর মূলত জামায়াত ও এনসিপির দিকে।
তবে বিএনপির এ অভিযোগ যে সরকারও এড়াতে পারে না, সেটাও স্পষ্ট। জুলাই সনদ নিয়ে সৃষ্ট ধোঁয়াশার মধ্যেই সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধন করেছে বিএনপির আপত্তিকে তোয়াক্কা না করেই। সেখানে একটা বিধান আছে যেখানে জোটবদ্ধ দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করার নির্দেশনা যুক্ত করা হয়েছে। আগে জোটবদ্ধ দলগুলো চাইলে জোটের প্রধান দল বা অন্য কারও প্রতীক নিয়ে নির্বাচন করতে পারত। নতুন এ বিধানের ফলে বিপদে শুধু বিএনপির শরিক ছোট দলগুলোই পড়বে না; যাদের প্রতীক তেমন জনপ্রিয় বা পরিচিত নয়; বিএনপিও অহেতুক আসন হারানোর ঝুঁকিতে পড়বে। বিএনপি এ বিধানটি আগের মতো রাখার অনুরোধ করেছিল, কিন্তু সরকার তা রাখেনি।
এ অবস্থায় নির্বাচন নিয়ে জনপরিসরে আলোচনা যাতে থিতিয়ে না পড়ে সে জন্য বিএনপি সিংহভাগ আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। কিন্তু এতে দলটির জন্য নতুন এক বিপদ তৈরি হয়েছে। বহু স্থানে মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ-বিক্ষোভ দেখা যাচ্ছে। সম্ভাব্য জোটসঙ্গীদের জন্য যে আসনগুলো ফাঁকা রয়েছে, সেগুলোতেও অসন্তোষ দানা বাঁধছে। কয়েক জায়গায় দল ছাড়ার ঘোষণাও এসেছে। নির্বাচন সামনে রেখে বিএনপি চাইলেও এসবের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নিতে পারবে না। নির্বাচনের তপশিল ঘোষণার বহু আগেই যদি বিএনপিকে এ বিরূপ পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে জীবনীশক্তির একটা অংশ ব্যয় করতে হয়, তাহলে বাকি সময় কীভাবে চলবে?
আমার ধারণা, বিএনপি এ সমস্যা এড়াতে পারত যদি প্রথম থেকেই দলটি সংবিধানের মৌলিক বিষয়গুলো সুরক্ষায় দৃঢ় অবস্থান নিত। আমাদের কাছাকাছি সময়ে শ্রীলঙ্কাতেও গণঅভ্যুত্থান হলো। সম্প্রতি নেপালেও অনুরূপভাবে সরকারের পতন ঘটল। কিন্তু দেশ দুটি ইতোমধ্যে স্বাভাবিক অবস্থা বা স্থিতিশীলতা ফিরে পেয়েছে। অথচ আমরা রীতিমতো হাবুডুবু খাচ্ছি। হতে পারে, দেড় যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি নতুন কোনো ঝামেলা চায়নি। তবে ছাড় দিতে দিতে দলটি এমন অবস্থায় পড়েছে, যা হয়তো তাকে আরও ছাড় দিতে বাধ্য করবে। তবে সে ছাড় যদি এমন হয় যে তাতে বিদ্যমান সংবিধানই অস্তিত্বহীন হয়ে পড়বে, তাহলে বিএনপির আক্ষেপ দীর্ঘশ্বাসে পরিণত হলেও বিস্ময়ের কিছু থাকবে না।
সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল
