২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে জনবিস্ফোরণ ঘটেছিল, তা শুধু একটি সরকারের পতন নয়, বরং একটি জীর্ণ রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের আকুতি। ছাত্র-জনতার সেই রক্ত¯œœাত অভ্যুত্থানের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন তাদের সামনে ছিল এক ভঙ্গুর অর্থনীতি, ভেঙে পড়া বিচার ব্যবস্থা এবং আস্থাহীন আমলাতন্ত্র। ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫৫০ দিনের এই দীর্ঘ পথচলায় সরকার যে সংস্কারের বীজ বপন ও কর্মকা- করেছে, তার মূল্যায়ন করতে গিয়ে দেখা যায় এটি মূলত একটি ‘মেরামত-কেন্দ্রিক’ শাসনামল হিসেবে ইতিহাসে ঠাঁই পাবে।
এই সময়কালকে যদি আমরা একটি বড় ক্যানভাসে দেখি, তবে সেখানে যেমন আছে দীর্ঘকাল ধরে পুঞ্জীভূত দুর্নীতির শিকড় উপড়ে ফেলার মৃদু চেষ্টা, তেমনি আছে ‘ডিপ স্টেট’ বা গভীর রাষ্ট্রের অদৃশ্য দেওয়ালের সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা। এই ৫৫০ দিনে বাংলাদেশ একটি সন্ধিক্ষণ পার করেছে, যেখানে পুরানো ব্যবস্থার ভূত আর নতুন ব্যবস্থার ভবিষ্যতের মধ্যে চলেছে এক নিরন্তর লড়াই। নোবেলজয়ী অর্থনীতিবিদি ডগলাস নর্থের ভাষায় এটিকে বলা যায় ‘টার্নিং পয়েন্ট’। কিন্তু বাস্তবতার কণ্টকাকীর্ণ পথে সেই রূপান্তর কতটা পূর্ণতা পেয়েছে, তা গভীর পর্যালোচনার দাবি রাখে। অর্থনীতির ময়দানে অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছিল এক বিশৃঙ্খল পরিবেশ, যেখানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে এবং মূল্যস্ফীতি দুই অংকের ঘরে। ২০২৪ সালের শেষদিকে জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসা, ২০২৬ সালের শুরুতে মুদ্রাস্ফীতিকে সাড়ে ৯ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হওয়া সরকারের সফলতা। তবে বিশেষত অলিগার্কদের শক্তিশালী হতে দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া এই সরকারের জন্য ছিল বড় ব্যর্থতা। আইএমএফের শর্ত মেনে কৃচ্ছ্রসাধন এবং নীতি সুদহার বৃদ্ধির ফলে সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা এলেও সাধারণ মানুষের ওপর চাপের বোঝা কমেনি। শিল্প উৎপাদন ও কর্মসংস্থানে কোনো আশাবাদ জাগেনি।
জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক হার হ্রাস ছিল বৈদেশিক বাণিজ্যে সরকারের বড় সাফল্য। তবে এই স্থিতিশীলতার বিপরীতে শিল্প উৎপাদন ২৫ শতাংশে নেমে আসা এবং বিদেশি বিনিয়োগে ৭১ শতাংশ ধস নির্দেশ করে যে, আস্থার সংকট নিরসন এখন অনেক দূরের বিষয়। ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ডিজিটালাইজেশন ও রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিতে রেকর্ড বরাদ্দ দেওয়া হলেও বাস্তবায়ন হার ছিল হতাশাজনক ১৭ দশমিক ২৮ শতাংশ। এটি প্রমাণ করে যে, কেবল বাজেট বরাদ্দ দিয়ে উন্নয়ন সম্ভব নয়, যদি না তা বাস্তবায়নের জন্য সুপরিকল্পনা এবং দক্ষ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো থাকে। এই কাঠামো তৈরিতে লক্ষণীয় ব্যর্থতা, সরকারের সামগ্রিক সাফল্যকে অনেকটাই ম্লান করে দিয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির মূল্যায়নে দেখা যায়, সরকার ‘স্টেট ক্যাপাসিটি ফার্স্ট’ নীতি গ্রহণ করে কাস্টমস ও রাজস্ব বোর্ডের আধুনিকায়নে জোর দিয়েছে, চট্টগ্রামের বে-টার্মিনাল সম্প্রসারণ ও ইস্টার্ন রিফাইনারির আধুনিকীকরণের মতো বড় প্রকল্পগুলো দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতার স্বপ্ন দেখিয়েছে।
কিন্তু এসবের উন্নয়ন দর্শনের ভেতরেও আঞ্চলিক বৈষম্যের পুরানো ব্যাধিটি উদগ্রভাবে ফুটে উঠেছে। দেখা গেছে, এডিপি ব্যয়ের ৪২ শতাংশ হয়েছে কেবল অতীতের মতো বিশেষ একটি অঞ্চলে, যা উন্নয়ন সুষম করার পথে বড় অন্তরায়। এছাড়া বিদায়বেলায় বিতর্কিত প্রকল্প অনুমোদন যেমন- সিলেটের গ্রামীণ অবকাঠামো বা ঢাকা ওয়াসার প্রশিক্ষণ একাডেমিÑ সরকারের নৈতিক অবস্থানকে অনেকটাই নড়বড়ে করে দিয়েছে। নির্বাচনের ঠিক আগে এ ধরনের প্রকল্প অনুমোদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার সন্দেহ তৈরি করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ডিজিটালাইজেশন এবং নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক বার্তা হলেও মাঠপর্যায়ে তার প্রভাব কতটুকু পড়েছে, তা নিয়ে যথেষ্ট সংশয় থেকে গেছে। অন্যদিকে রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তনের লক্ষ্যে প্রণীত ‘জুলাই সনদ’ বা জুলাই চার্টার ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ার একটি গুরুত্বপূর্ণ দলিল। ২৫টি রাজনৈতিক দলের এই চার্টারে স্বাক্ষর করা ছিল একটি বড় অর্জন, যা সংবিধান ও নির্বাচন ব্যবস্থার সংস্কারে পথনির্দেশক হিসেবে কাজ করতে পারে। কিন্তু এর বাস্তবায়ন ও প্রকৃত সুফল নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করে জনগণের প্রত্যাশায় বড় ধরনের আঘাত করা হয়েছে। কেননা জঁ তিরোলের ‘রেগুলেটরি ক্যাপচার’ তত্ত্বের আলোয় দেখলে বোঝা যায়, সরকার প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ও পুরানো রাজনৈতিক সুবিধাভোগীদের প্রভাবমুক্ত হতে পারেনি। ব্যাংক খাত ও বিদ্যুৎ খাতের বিশেষ সুবিধাভোগীরা পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়তে সক্ষম হয়েছে। যার ফলে সাধারণ মানুষের জন্য বাজারের সুফল নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ও চীনের সঙ্গে ভারসাম্য বজায় রাখা এবং পশ্চিমা বিশ্বের সমর্থন আদায় করা সরকারের একটি বড় কূটনৈতিক বিজয় ছিল। কিন্তু অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির সরকারের পারফরম্যান্স ছিল মিশ্র। সরকারের এই অসম্পূর্ণ রূপান্তরের পেছনে ‘ডিপ স্টেট’ বা গভীর রাষ্ট্রের ভূমিকা অনস্বীকার্য। সি. রাইট মিলসের ‘পাওয়ার এলিট’ ধারণায় যেমনটি বলা আছে, স্থায়ী আমলাতন্ত্র, নিরাপত্তা বাহিনী এবং বড় ব্যবসায়ীদের একটি জোট সবসময় স্থিতাবস্থা বজায় রাখতে চায়। অন্তর্বর্তী সরকার এই জোটকে ভাঙার পরিবর্তে অনেক ক্ষেত্রে তাদের সঙ্গেই ‘এলিট বার্গেইন’ বা আপস করেছে। টেড রবার্ট গারের ‘রিলেটিভ ডিপ্রাইভেশন’ তত্ত্ব অনুযায়ী, অভ্যুত্থান-পরবর্তী জনগণের উচ্চাশা যখন বাস্তবায়নের ধীরগতির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন সমাজে এক ধরনের ক্ষোভ ও অবিশ^াসের সৃষ্টি করে। মব ভায়োলেন্স এবং অস্থিরতা ছিল সেই ক্ষোভেরই বহির্প্রকাশ।
ড্যারেন অ্যাসেমোগ্লু ও জেমস রবিনসনের ‘হোয়াই নেশনস ফেইল’ তত্ত্বের সারকথা হলো, এক্সট্রাকটিভ বা শোষণমূলক প্রতিষ্ঠানগুলো সহজে ভাঙা যায় না। এই সরকার প্রতিষ্ঠানগুলো মেরামতের চেষ্টা করেছে ঠিকই, কিন্তু ক্ষমতার মূল কাঠামোটি ছিল পুরানো ছাঁচেই বন্দি। ফলে শাসক বদলালেও শোষণের অদৃশ্য কাঠামোটি অনেক ক্ষেত্রেই অক্ষত রয়ে গেছে। অর্থনৈতিক দর্শনের দিক থেকে সরকার অমর্ত্য সেনের ‘ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম’ ধারণা অনুসরণ করার চেষ্টা করেছে, যেখানে মানুষের সক্ষমতা বৃদ্ধিই ছিল লক্ষ্য। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বরাদ্দ বাড়ানো এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাগুলো ছিল সাধুবাদযোগ্য। তবে শ্রমবাজার সংস্কারে ব্যর্থতা এবং বেকারত্বের হার বৃদ্ধি যুব সমাজের মধ্যে তীব্র হতাশা তৈরি করেছে। বৈষম্য উসকে দেওয়ার মতো কাজ এ সরকারের কর্মকা-কে প্রশ্নবিদ্ধ করেছে। গ্লোবাল ইনোভেশন ইনডেক্সে বাংলাদেশের অবস্থান পরিবর্তন না হওয়া নির্দেশ করে যে, দেশ কেবল সারাইয়ের কাজে ব্যস্ত ছিল, নতুন কিছু সৃষ্টির সাহস দেখাতে পারেনি।
কৃষিতে প্রযুক্তির অভাব এবং শিল্প উৎপাদনের মন্থর গতি দেশের অর্থনীতিকে ডব্লিউ আর্থার লুইসের চিরন্তন ‘লো-স্কিল ট্র্যাপ’-এ আটকে রেখেছে। সরকার রিজার্ভের পতন ঠেকাতে পারলেও বৈদেশিক মুদ্রার আয়ের নতুন উৎস তৈরি করতে ব্যর্থ হয়েছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করা কিংবা বাজার ব্যবস্থায় ব্যাপক অসঙ্গতি রুখতে না পারা সরকারের গ্রহণযোগ্যতাকে অনেকটাই ¤্রয়িমান করে দিয়েছে। তবে এ কথা অনস্বীকার্য, সাফল্য ও ব্যর্থতার পাল্লায় এই সরকারকে যখন পরিমাপ করা হয়, তখন দেখা যায় যে এটি ছিল একটি ক্রান্তিকালীন ব্যবস্থাপনা বা ‘ট্রানজিশনাল ম্যানেজমেন্ট’।
রেমিট্যান্স ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে রেকর্ড করা এবং রপ্তানি কিয়দংশ বৃদ্ধি পাওয়া ছিল অর্থনীতির জন্য অক্সিজেনস্বরূপ। টাকার মান স্থিতিশীল রাখা এবং পরিসংখ্যান ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা ছিল আস্থার নতুন ভিত্তি। কিন্তু এই সাফল্যের বিপরীতে রয়েছে কয়েকশ’ গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হওয়া এবং হাজার হাজার কর্মীর বেকারত্ব। একই সঙ্গে টানা ছয় মাস রপ্তানি খাতের পতন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা এখন প্রায় খাদের কিনারে। রপ্তানি হ্রাসের সমান্তরালে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের যে পাহাড়সম বোঝা তৈরি হয়েছে, তার সামগ্রিক প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায়, এই সরকারও রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ভার শেষ পর্যন্ত সাধারণ জনগণের কাঁধেই চাপিয়ে যাচ্ছে।
যথোপযুক্ত করারোপ করে ধনীদের না চটানোর নীতি নিয়ে এই সরকার দেশি-বিদেশি সূত্র যে টাকা ঋণ নিয়েছে, তার একটি বিশাল অংশ ব্যয় হচ্ছে অতীতের ঋণের সুদ মেটাতে। আগামী বছরগুলোতে অতীত ও বর্তমান মেয়াদে নেওয়া ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর ঋণের চাপ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। তখন জনজীবনের কী পরিণতি হবে, তা ভাবলে যে-কেউই গভীর চিন্তায় পড়ে যাবেন। উপরন্তু হার্নান্দো দে সোতোর ‘ডেড ক্যাপিটাল’ ধারণার মতো বাংলাদেশের অনানুষ্ঠানিক খাতটিকে সরকার অবহেলিতই রেখে গেছে, যা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এসব মৌলিক প্রশ্নে রাজনৈতিক বৈধতার নামে সরকার সবসময়ই একটি দোটানায় ছিলÑ একদিকে সংস্কারের ম্যান্ডেট, অন্যদিকে দ্রুত নির্বাচন দেওয়ার চাপ। এই চাপের মুখেই হয়ত সরকার কিছু ‘প্যালিয়েটিভ পলিসি’ বা সাময়িক উপশমকারী পদক্ষেপ নিয়েছে, যা গভীর ক্ষত নিরাময়ে কোনোভাবেই পর্যাপ্ত ছিল না। এর সুফল ভবিষ্যতে কতটা অর্থনীতিতে পড়বে, তা যথেষ্ট প্রশ্নসাপেক্ষ। বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলা ও অঙ্গীকার সৃষ্টির পূর্ণাঙ্গ চেষ্টা সরকার করেনি। এই ৫৫০ দিনের অর্জন হলো প্রায় ধ্বংসের কিনারা থেকে দেশকে কিছু পরিমাণ টেনে তোলা এবং একটি সংস্কারের ছবি আঁকা। এই ছবিটি ধরে আগামীদিনে নির্বাচিত সরকার কতটুকু পথ চলতে পারবে, এর ওপরই নির্ভর করছে এই সরকারের চূড়ান্ত সার্থকতা। লেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়
