ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে দেশে চুনাপাথর আমদানি করা হয়ে থাকে। ২০ বছর ধরে ভারত থেকে পাথর আমদানির অন্যতম রুট সিলেটের ভোলাগঞ্জ শুল্ক স্টেশনকে ২০১৯ সালে স্থলবন্দর ঘোষণা করে বিগত সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে সিলেটের কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ভোলাগঞ্জ স্থলবন্দর। ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আলাদা গুরুত্ব রয়েছে বাংলাদেশের। কেননা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, দক্ষিণ এশিয়ার দেশগুলো পরস্পরের মধ্যে যোগসূত্র স্থাপনে সহায়ক। বাংলাদেশের সমুদ্র, বিমান এবং স্থলবন্দর আন্তসংযোগ স্থাপনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক গতিশীলতা সৃষ্টি এবং জনগণের মধ্যে সংস্কৃতি ও ভাবের আদান-প্রদান করার সুযোগ সৃষ্টির সম্ভাবনাও প্রবল।

তাছাড়া উন্নত যোগাযোগব্যবস্থা বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি এবং জনগণের জীবন মান উন্নয়নে ভূমিকা পালন করে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলসীমান্ত পথে কম খরচে ও সহজে যোগাযোগের সুযোগ ব্যবহার করে যাত্রী চলাচল ও মালামাল পরিবহনের মাধ্যমে বাণিজ্যের বিকাশে সহায়ক হয়।\r\nতবে দেশের অধিকাংশ বন্দর এখনো কম্পিউটারাইজড নয়। গতানুগতিক ধারায় কাগজপত্রের ব্যবহার ও মান্ধাতার আমলের পণ্য খালাস পদ্ধতি অনুসরণ করায় বন্দরগুলোর কার্যক্রমে রয়েছে ধীরগতি। স্থলবন্দরে যাওয়ার জন্য ব্যবহৃত সড়ক ব্যবস্থাও কাক্সিক্ষত মানের নয়। কোনো কোনো স্থলবন্দরের নিরাপত্তা নিয়েও রয়েছে প্রশ্ন। আছে নানা অনিয়ম ও অভিযোগ। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় স্থলবন্দর যেমন- বাংলাবান্ধা, বুড়িমারী, হিলি প্রভৃতি স্থলবন্দরের উন্নয়নে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। স্থলবন্দরগুলোর সর্বোচ্চ সদ্ব্যবহারের লক্ষ্যে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি প্রত্যাশিত। থাইল্যান্ড ও মালয়েশিয়ার ন্যায় বাংলাদেশও যদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ পরিবহন কোম্পানি গঠনের মাধ্যমে দ্রুত পণ্য আনা-নেওয়া করতে পারে, তাহলে তা দ্রব্যমূল্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাড়বে ব্যবসা-বাণিজ্যও। \r\nস্থল, সমুদ্র কিংবা বিমানবন্দর যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক। গুরুত্বের দিক থেকে এদের কোনোটিই কোনো অংশে কম নয়। তবে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশে স্থলবন্দরগুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে। সেই প্রেক্ষিতে দেশের বিগত ২৩টি স্থলবন্দরের সঙ্গে যুক্ত হলো ভোলাগঞ্জ স্থলবন্দর। দেশের ২৪তম স্থলবন্দর হিসেবে ঘোষণার চার বছর পর জমি অধিগ্রহণসহ নানা ঝামেলা চুকিয়ে গত বছরের জুন মাসে ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দর নির্মাণকাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ৫২ একর জায়গাজুড়ে ভোলাগঞ্জ স্থলবন্দরটি চালু হওয়ার মধ্য দিয়ে ভুটান এবং ভারতের মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড ও আসামের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হওয়ার পাশাপাশি প্রতিবছর শত কোটি টাকার রাজস্ব আয় হবে বলেই প্রত্যাশা।