খেজুরের গুড় বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী মিষ্টি দ্রব্য। শীতকালে একশ্রেণীর কারিগর খেজুরের রস প্রক্রিয়ার মাধ্যমে গুড় তৈরি করেন। বাংলাদেশের উত্তরবঙ্গে এই গুড় অধিক পরিমাণে উৎপন্ন হয়। যেমন- যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, রাজশাহীসহ আরও বেশকিছু জেলায় তৈরি হতে দেখা যায়। দুঃখজনক হলো, আজকে গুড়ে ভেজাল মেশানো হচ্ছে। একশ্রেণীর অসাধু কারিগর অতিরিক্ত মুনাফার লোভে গুড়ে ভেজাল মেশাচ্ছে। তারা রং, চিনি, চুন, সোডা, ময়দা আর বিষাক্ত সিরাপ মিশিয়ে তৈরি করে বাজারে বিক্রি করছে। এসব ভেজাল গুড় খেলে ক্যান্সারের মতো মরণব্যাধি হতে পারে। এছাড়াও স্নায়ুতন্ত্রের ওপরও বড় ধরনের আঘাত হানতে পারে। ভেজাল গুড় চেনার কিছু উপায় আছে। যেমন- গাড় বাদামি রঙের হবে, পাটালি গুড় অনায়াসেই ভেঙে যায়, খাঁটি গুড় খুবই মিষ্টি হয়ে থাকে। এছাড়া খাঁটি গুড় পানিতে দিলে তাড়াতাড়ি গলে যায়। আর ভেজাল মেশানো থাকলে গলতে সময় লাগে। মূলত অসাধু ব্যবসায়ীগণ উৎপাদন খরচ পুষিয়ে নিতে খেজুরের রসে ক্ষতিকর অতিরিক্ত দ্রব্য মিশিয়ে তৈরি করছে গুড়। বাজারে ভেজাল গুড়ের ছড়াছড়ি হওয়ায় স্বাস্থ্য সচেতন মানুষজন গুড় কেনা থেকে বিরত থাকছেন। বাজার থেকে ভেজাল গুড় অপসারণ করা এখন সময়ের দাবি। প্রশাসনের উচিত নিয়মিত তদারকির মাধ্যমে ভেজাল গুড় বিক্রি বন্ধ করে জনগণের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর নিশ্চয়তা দেওয়া।