বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে; বিদ্যুতের বিল প্রায় দ্বিগুণ; বাড়ি ভাড়া ও ব্যাংক ঋণের কিস্তি বেড়েছে; পেট্রোল ও যাতায়াত খরচও আকাশছোঁয়া। ফলে যুক্তরাজ্যে জনজীবন চরম চাপে। জনমনে সবচেয়ে বড় প্রশ্ন– মাস শেষে হাতে টাকা থাকবে তো? বিল পরিশোধ করা যাবে?

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ক্ষমতায় এসেই জীবনযাত্রার ব্যয় কমাতে কিছু তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন। গৃহস্থালি বিদ্যুৎ বিলে ভ্যাট প্রত্যাহার করবেন। ফলে গড়ে প্রতিটা পরিবার বছরে প্রায় ৪৫ পাউন্ড সাশ্রয় করতে পারবে। ইংল্যান্ডে একবার যাত্রায় বাস ভাড়ার সর্বোচ্চ সীমা ৩ পাউন্ড থেকে কমিয়ে ২ পাউন্ড করার ঘোষণা দিয়েছেন। এর অর্থায়ন হবে আন্তর্জাতিক জলবায়ু সহায়তার একটি অংশ অনুদান হিসেবে না দিয়ে ঋণ হিসেবে প্রদান করে। একই সঙ্গে তিনি পাব, সোশ্যাল ক্লাব, লাইভ মিউজিক ভেন্যুর জন্য বিজনেস রেট ২০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হলো, বার্নহামের তাৎক্ষণিক উদ্যোগ কি সংকটের আসল সমাধান দেবে? অর্থনীতিবিদ অনেকেই বলছেন, বর্তমান সংকটের শিকড় শুধু বাজারে নয়; অর্থনীতির কাঠামোর মধ্যে রয়েছে। যুক্তরাজ্যের অন্যতম বড় সমস্যা হলো আবাসন সংকট। উচ্চ বাড়ি ভাড়ার কারণে অনেক পরিবারকে আয়ের বড় অংশ শুধু থাকার জায়গার জন্য ব্যয় করতে হয়। এই সঙ্গে দীর্ঘদিনের মজুরি স্থবিরতা এবং উৎপাদনশীলতার ধীরগতি মানুষের প্রকৃত জীবনমানকে চাপের মধ্যে ফেলেছে। সম্পদের কেন্দ্রীভবনও হয়েছে– সমাজের ১০ শতাংশ ধনীর হাতে সম্পদের ৪৫ শতাংশ। সমস্যা শুধু এই নয় যে, জিনিসের দাম বাড়ছে। সমস্যা হলো, ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মানুষের আয় বাড়ছে না।

ট্রেড ইউনিয়ন, বামপন্থি অর্থনীতিবিদ ও অনেক গবেষণা প্রতিষ্ঠান মনে করছেন, স্থায়ী সমাধানের জন্য বড় পরিবর্তন দরকার। তাদের প্রস্তাব– সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণ বৃদ্ধি, শিল্প ও প্রযুক্তিতে সরকারি বিনিয়োগ, মজুরি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ জনসেবা ও জ্বালানি খাতে কার্যকর জননিয়ন্ত্রণ ও আঞ্চলিক বৈষম্য নিরসন। লন্ডনের বাজার থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র একই সুতোয় বাঁধা সংকট। জীবনযাত্রার ব্যয় শুধু ব্রিটিশ সরকারের নীতির ফল নয়। এর সঙ্গে জড়িয়ে আছে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউরোপের জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে। গ্যাস ও তেলের মূল্য বৃদ্ধি বিদ্যুৎ, পরিবহন ও খাদ্য উৎপাদনের খরচ বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা আবার জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা তৈরি করে। পৃথিবীর এক প্রান্তের রাজনৈতিক সংকট অন্য প্রান্তের পরিবারের রান্নাঘরেও প্রভাব ফেলছে। পুঁজির বিশ্বায়নের এই কালে বিচ্ছিন্ন জাতীয় অর্থনীতি বলে কিছু নেই।

জীবনযাত্রার ব্যয়ের সংকট নিরসনে মার্কস থেকে কেইনস; অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেইনসীয় চিন্তাবিদরা মনে করেন, সংকটের সময় রাষ্ট্রকে অর্থনীতিতে হস্তক্ষেপ করতে হবে। ২০০৭-০৮ সালে ক্রেডিট ক্রাঞ্চ বা ঋণ ব্যবস্থা ভেঙে পড়লে সরকার হস্তক্ষেপ করে। সমস্যা সৃষ্টিকারী ব্যাংকগুলোকেই বেইল আউটের নামে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যাংকের হাতেই তুলে দেয়। এতে জনগণের কোনো লাভ হয়নি। মার্কসবাদী বিশ্লেষকরা বলেন, এই সংকট পুঁজিবাদী ব্যবস্থার তৈরি বৈষম্য ও গভীর বৈপরীত্যের প্রকাশ। তাদের মতে, সম্পদের কেন্দ্রীভবন ও মুনাফাকেন্দ্রিক অর্থনীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে। অন্যদিকে মুক্তবাজারপন্থিরা মনে করেন, দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা, উদ্ভাবন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিই মূল্য কমানোর সবচেয়ে কার্যকর পথ– এ যুক্তি দেশে দেশে ব্যর্থ প্রমাণিত। অ্যান্ডি বার্নহাম কি শুধু ইতোমধ্যে গৃহীত তাৎক্ষণিক উদ্যোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, নাকি অর্থনীতির দীর্ঘদিনের সমস্যাগুলোও মোকাবিলা করবেন? বার্নহামের তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়েও বলা চলে, এসব স্বল্পমেয়াদি উপসর্গভিত্তিক সমাধান। শেষাবধি জনগণ দেখতে চাইবে, মজুরি বৃদ্ধি, কর্মসংস্থান ও জনপরিষেবায় কী ধরনের উন্নতি হলো? রাষ্ট্র কি শুধু বাজারের ওঠানামা সামলাবে, নাকি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়বে যেখানে মানুষের জীবনমানই হবে উন্নয়নের মূল মাপকাঠি? এ প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের ব্রিটিশ রাজনীতির দিক। পানি, জ্বালানি, রেল ও অপরিহার্য পরিষেবাকে করপোরেট মুনাফার ক্ষেত্র হিসেবে রাখা হবে, নাকি জননিয়ন্ত্রণে নেওয়া হবে। বার্নহামকে অনেকে জনতুষ্টিবাদী মধ্যবাম বলেন। ‍তিনি স্টারমারের পূর্ববর্তী লেবার নেতা জেরেমি করবিনের মতো যথেষ্ট বামপন্থি নন।

বার্নহাম ইউক্রেন ও ন্যাটো প্রশ্নে স্টারমারেরই অবস্থানে, যদিও প্যালেস্টাইন প্রশ্নে অনেকটা ভিন্ন। বার্নহাম প্যালেস্টাইনের প্রতি সহানুভূতিশীল; দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে; পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে, কিন্তু গাজার হত্যাযজ্ঞকে গণহত্যা বলতে তিনি নারাজ বা ভয় পান। বিষয়টি তিনি আন্তর্জাতিক আদালতের ওপর ছেড়ে দিতে চান। অ্যান্ডি বার্নহামের উত্থান হয়তো আগামী নির্বাচনে চরম ডানপন্থি নাইজেল ফারাজের রিফর্ম ইউকের বিজয় ঠেকিয়ে দেবে। বার্নহামের জন্য মূল চ্যালেঞ্জ হলো স্বল্পমেয়াদি জনস্বস্তি ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংস্কারের মধ্যে ভারসাম্য তৈরি করা এবং আগামী নির্বাচনে লেবার দলকে বিজয়ের পথে নিয়ে যাওয়া।

ড. আখতার সোবহান মাসরুর: লেখক ও গবেষক