দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক মানচিত্রে সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশ হিসেবে বাংলাদেশ এক অস্বস্তিকর অবস্থানে এসে দাঁড়িয়েছে। জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক সম্পর্ক বিভাগের সর্বশেষ প্রতিবেদন সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলেছে। ২০২৫ সালে যেখানে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল প্রায় ৯ শতাংশের কাছাকাছি, সেখানে ২০২৬ সালে তা কমলেও দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চই থাকবে, এমন পূর্বাভাস নিঃসন্দেহে উদ্বেগজনক। কারণ, মূল্যস্ফীতি কেবল একটি অর্থনৈতিক সূচক নয়, এটি সরাসরি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক নীরব চাপ, যা ধীরে ধীরে মধ্যবিত্ত ও নি¤œআয়ের মানুষের জীবনমান কমিয়ে দেয়। দৈনন্দিন বাজারে ক্রমাগত এক ধরনের চাপা নিরবতা থাকে। আগের মতো দরদাম করে হাসাহাসি নেই, পরিচিত দোকানদারের সঙ্গে খোশগল্পও কমে গেছে। মানুষ দাঁড়িয়ে থাকে, দাম শোনে, একটু থামে, তারপর অনেক সময় প্রয়োজনের চেয়ে কম জিনিস কিনে ফিরে যায়। যেন বাজার নয়, প্রতিদিনই এক ধরনের অঘোষিত হিসাবনিকাশের পরীক্ষা চলছে। এই দৃশ্য শুধু রাজধানীর নয়, জেলা শহর থেকে শুরু করে গ্রামের হাটেও একই রকম। গত তিন বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি বাংলাদেশে আর কোনো সাময়িক অর্থনৈতিক শব্দ নয়; এটি মানুষের নিত্যদিনকার জীবনের স্থায়ী বাস্তবতা হয়ে উঠেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। তার আগের মাস নভেম্বরে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। অর্থাৎ টানা দুই মাস মূল্যস্ফীতি বেড়েছে। সংখ্যার হিসাবে এটি হয়তো বড় কোনো লাফ নয়, কিন্তু সাধারণ মানুষের জীবনে এর প্রভাব প্রবল। কারণ, এখানে প্রশ্ন শুধু শতাংশের নয়; প্রশ্ন হলো মানুষের সংসার চলে কি না, মাস শেষে ধার করতে হয় কি না, কিংবা সন্তানের খাবারের থালায় কিছু কমে গেল কিনা।

মূল্যস্ফীতির আলোচনা আমরা প্রায়ই অর্থনীতিবিদদের ভাষায় শুনি, যেখানে প্রসঙ্গ থাকে মুদ্রানীতি, রিজার্ভ, ডলার সংকট, আমদানি ব্যয় ইত্যাদি। কিন্তু এই সব কিছুর শেষ গন্তব্য একটাই: মানুষের বাজারের থলে। আজকের বাংলাদেশে মূল্যস্ফীতি মানে শুধু চাল-ডালের দাম বাড়া নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ডলারের দর, রেমিট্যান্সের উত্থান, রপ্তানি খাতের দুর্বলতা এবং অর্থনীতির টানাপোড়েন।

ডলারের বাজারে সাম্প্রতিক সময়ে যে নড়াচড়া দেখা যাচ্ছে, তা মূল্যস্ফীতির আলোচনায় আলাদা গুরুত্ব পাওয়ার মতো। সম্প্রতি, কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ১৫টি ব্যাংক থেকে ২০৬ মিলিয়ন মার্কিন ডলারের কিনেছে, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে। শুধু ২০২৬ সালে জানুয়ারির এই কয়দিনেই কেনা হয়েছে মোট ৩ হাজার ৭৫২ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর উদ্দেশ্যও পরিষ্কারÑ তা হলো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঠেকানো এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনয়ন।

নীতিগতভাবে এটি একটি সাহসী ও সক্রিয় পদক্ষেপ। কয়েক বছর আগেও বাংলাদেশ ব্যাংক এমন খোলামেলা হস্তক্ষেপে যেত না। প্রশ্ন হলো, এই ডলার কেনার সুফল কি বাজারে পণ্যের দামে প্রতিফলিত হচ্ছে? এখনো সাধারণ মানুষ বাজারে গিয়ে স্বস্তির ছাপ পাচ্ছে না। বরং অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে, ডলারের দরে সাময়িক স্থিরত এলেও ভোগ্যপণ্যের দামে তার প্রতিফলন আসতে সময় লাগছে বা আদৌ আসছে না। এই প্রেক্ষাপটে, দেশের রেমিট্যান্স প্রবাহ কিছুটা আশার আলো দেখাচ্ছে। জানুয়ারির প্রথম সাত দিনেই দেশে এসেছে ৯০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। একইদিনে, ৭ জানুয়ারি, প্রবাসীরা পাঠিয়েছেন ১৩ কোটি ৭০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭১৭ কোটি ২০ লাখ ডলার, যা বছর ব্যবধানে প্রায় ২০ শতাংশ বেশি।

উল্লিখিত এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তিদায়ক। কারণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাতে রেমিট্যান্স অনেক বড় ভূমিকা রাখে। রিজার্ভে স্বস্তি এলে ডলারের বাজার স্থিতিশীল হয়, আমদানিতে কিছুটা শ্বাস নেওয়ার সুযোগ তৈরি হয়। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন; রেমিট্যান্স বাড়লেও মূল্যস্ফীতি কেন কমছে না? এর উত্তর খুঁজতে গেলে তাকাতে হবে অর্থনীতির আরেকটি স্তম্ভের দিকে; আর তা হলো পণ্য রপ্তানি। যেখানে রেমিট্যান্স ইতিবাচক ধারায় আছে, সেখানে রপ্তানি খাত টানা পাঁচ মাস ধরে নেতিবাচক প্রবণতায়। সদ্য সমাপ্ত ডিসেম্বরে পণ্য রপ্তানি কমেছে ১৪ শতাংশ, যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পতন। এ মাসে রপ্তানি হয়েছে ৩৯৭ কোটি ডলারের পণ্য, যেখানে আগের অর্থবছরের একই মাসে হয়েছিল ৪৬২ কোটি ডলার। দেশে রপ্তানি কমার এই প্রবণতা শুধু একটি মাস বা একটি খাতের গল্প নয়। আগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত টানা চার মাস তৈরি পোশাক খাতের রপ্তানি কমেছে। রপ্তানিকারকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে সে দেশের বাজারে পণ্যের দাম বেড়েছে, ফলে প্রত্যাশা অনুযায়ী ক্রয়াদেশ আসছে না। অন্যদিকে চীন ও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের প্রভাবে ওই দুই দেশের উদ্যোক্তারা তীব্র প্রতিযোগিতার মুখে পড়ছেন। এই প্রতিযোগিতার চাপ সরাসরি গিয়ে পড়ে কারখানার উৎপাদন, শ্রমিকের কর্মঘণ্টা এবং মজুরির ওপর। একটি দেশের রপ্তানি কমে গেলে তার প্রভাব কেবল ডলার আয়ে সীমাবদ্ধ থাকে না। ডলার আয় কমলে আমদানিতে চাপ বাড়ে। কাঁচামাল, জ্বালানি ও ভোগ্যপণ্য আমদানির খরচ বেড়ে যায়। সেই বাড়তি খরচ উৎপাদন পর্যায়ে যোগ হয়ে শেষ পর্যন্ত ভোক্তার কাঁধে এসে পড়ে। এভাবেই রপ্তানি খাতের দুর্বলতা মূল্যস্ফীতিকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে।

মূল্যস্ফীতি দীর্ঘদিন স্থায়ী হলে এর সামাজিক প্রভাবও গভীর হয়। পুষ্টিহীনতা বাড়ে, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়। শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকি বাড়ে। চিকিৎসা পিছিয়ে দেওয়ার প্রবণতা দীর্ঘমেয়াদে আরও বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এসব ক্ষতি কোনো বাজেট বক্তৃতায় ধরা পড়ে না, কিন্তু সমাজের ভেতরে নীরবে জমতে থাকে।

এই পরিস্থিতিতে নীতিনির্ধারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সমন্বিত পদক্ষেপ নেওয়া। শুধু ডলার কেনা বা সুদের হার বাড়ানো দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা, সিন্ডিকেট ভাঙা, কৃষিপণ্যের সরবরাহ চেইন শক্তিশালী করা ইত্যাদি জায়গায় কার্যকর নজরদারি দরকার। একই সঙ্গে রপ্তানি খাতকে বৈচিত্র্যময় করতে না পারলে ভবিষ্যতেও একই সংকট ফিরে ফিরে আসবে। রেমিট্যান্স অবশ্যই আশার জায়গা। কিন্তু শুধু প্রবাসী আয়ের ওপর ভর করে একটি অর্থনীতি টেকসই হতে পারে না। বৈশ্বিক শ্রমবাজারে সামান্য পরিবর্তন এলেই রেমিট্যান্সে ধাক্কা লাগতে পারে। তাই রপ্তানি, অভ্যন্তরীণ উৎপাদন ও কর্মসংস্থান: এই তিনটি স্তম্ভকে একত্রে শক্তিশালী করাই দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। লেখক: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।