ডেনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বাংলাদেশের জন্য একের পর এক দুঃসংবাদ আসছে। অবশ্য বিশ্বের বেশকিছু দেশই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাম্প্রতিক নীতির কারণে বিপাকে পড়েছে। তবে বাংলাদেশের জন্য এসব আঘাত একটু বেশিই অনুভূত হচ্ছে সংগত কারণে। কেননা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অসম বাণিজ্য রয়েছে। সে দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ ও অবৈধভাবে বসবাস করছেন। তারা বৈধ কিংবা প্রচলিত বিকল্প উপায়ে দেশে থাকা স্বজনদের জন্য অর্থ প্রেরণ করে থাকেন। একইসঙ্গে দেশের বিপুল সংখ্যক নাগরিক ভাগ্য পরিবর্তনের জন্য আমেরিকা যাওয়ার প্রত্যাশী।

ফলে অতিসম্প্রতি ট্রাম্প প্রশাসন গৃহীত ভিসা বন্ড, প্রবাসী আয় ও ভ্রমণ সংক্রান্ত নীতি বাংলাদেশের জন্য ক্ষতিকরই হচ্ছে।\r\nনতুন বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের বাধ্যতামূলক ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দেওয়ার ঘোষণা এলো। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে তিনটি নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহারের বাধ্যবাধকতাও বন্ডের শর্তে যুক্ত করা হয়েছে। বাংলাদেশের জন্য এসবই নতুন চাপ হিসেবে দেখছেন কূটনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, রেমিটেন্সে অতিরিক্ত কর বাড়তি চাপ তৈরি করবে। এর ফলে অনানুষ্ঠানিক পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে পারে।

আর ভিসা বন্ড হিসেবে জামানত বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়াকে নিরুৎসাহিত করবে।\r\nবিগত নির্বাচনে ট্রাম্প জয়লাভ করলে কী কী পদক্ষেপ নেবেন সেটি আগাম জানা গিয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় তিনি বিভিন্ন দেশের লোকজনের যুক্তরাষ্ট্রে যাওয়া কমানোসহ অভিবাসনের ক্ষেত্রে কঠোর হওয়ার কথা বারবার বলেছেন। ফলে সম্প্রতি গৃহীত নীতিগুলোকে তাঁর পূর্বঘোষিত নীতির বাস্তবায়নের আলোকেই দেখা সমীচীন। দুঃখের সঙ্গেই বলতে হয়, আমাদের জাতিগত কিছু সমস্যা আছে। অনৈতিক সুবিধাগ্রহণ তার ভেতর অন্যতম। বহির্বিশ্বে যে এর কারণে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়, সেটি আমরা কবে বুঝব? যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে কোনো দেশের নাগরিকরা বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন, তার তালিকা দেখলে এর সত্যতা মিলবে। ১২০টি দেশ ও অঞ্চলের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৯তম স্থানে। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪ দশমিক ৮ শতাংশ যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে। বাংলাদেশি অভিবাসীদের ওপর মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে তা এই তথ্য দেখলেই বোঝা যায়। \r\nভিসা বন্ড বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র যাওয়াকে শুধু নিরুৎসাহিতই নয়, কঠিন করে তুলবে এতে কোনো সন্দেহ নেই। রেমিট্যান্স পাঠাতে কর ও ভিসা বন্ড, দুটি বিষয়ই বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারপরও আমরা আশা রাখতে চাই। আগামীতে নির্বাচিত নতুন গণতান্ত্রিক সরকার কূটনৈতিক দেন-দরবারের মধ্য দিয়ে নেতিবাচকতার পরিমাণ কমিয়ে আনতে পারবে বলেই প্রত্যাশা।