মার্চ মাস বাংলাদেশের ইতিহাসে এক গভীর তাৎপর্যের নাম। এটি কেবল সময়ের একটি পর্যায় নয়, বরং বাঙালির আত্মমর্যাদা, বীরত্ব ও স্বাধীনতার অঙ্গীকারের প্রতীক। প্রতি বছর মার্চ এলেই ফিরে আসে উত্তাল দিনগুলোর স্মৃতি, শহীদের রক্ত, মিছিলের স্লোগান আর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার মানসিক প্রস্তুতির গল্প। ১৯৭১ সালের এই মাসে যে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে ওঠে, তা ছিল দীর্ঘ রাজনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক বৈষম্য ও সাংস্কৃতিক দমনের ফল। সেই জমে থাকা ক্ষোভ এক সময় আর গণ্ডির মধ্যে থাকেনি। ইতিহাসের মঞ্চে তা বিস্ফোরিত হয়েছে। তাই মার্চ কেবল বিদ্রোহের নয়, প্রস্তুতিরও মাস; সংগ্রামের অনুশীলন ক্ষেত্র।
আর ৭ মার্চ ছিল সেই প্রস্তুতির সুস্পষ্ট ঘোষণা, যখন একটি জাতি ভবিষ্যৎ নিজ হাতে নেওয়ার অঙ্গীকার করে।\r\nএই প্রস্তুতির শিকড় নিহিত ভাষা আন্দোলনের অভিজ্ঞতায়। রাষ্ট্রভাষা হিসেবে উর্দু চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল সাংস্কৃতিক আধিপত্যের প্রকাশ, যেখানে সংখ্যাগরিষ্ঠের ভাষাকে উপেক্ষা করা হয়। ভাষা মানুষের চিন্তা, স্মৃতি ও আত্মপরিচয়ের প্রধান বাহন। ভাষায় আঘাত মানে জাতিসত্তায় আঘাত, মানুষের সম্মিলিত স্মৃতিকে অস্বীকার করা। ১৯৫২ সালের রক্তাক্ত ফেব্রুয়ারি দেখিয়ে দেয়, বাঙালি তার ভাষা ও সংস্কৃতির প্রশ্নে আপস করে না। সালাম, বরকত, রফিক, জব্বারের আত্মত্যাগ জাতিকে নতুন চেতনায় জাগিয়ে তোলে। ভাষা আন্দোলন ধর্মভিত্তিক বিভাজনের বদলে ভাষাভিত্তিক জাতীয় চেতনার ভিত্তি তৈরি করে।
ফেব্রুয়ারির সেই বীজ মার্চের অগ্নিমাসে পূর্ণ বৃক্ষে রূপ নেয়। যেখান থেকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন বাস্তব রূপ পেতে শুরু করে।\r\nভাষা আন্দোলনের পর বাঙালির রাজনৈতিক দাবি আরও সুসংগঠিত হয়ে ওঠে। মানুষ বুঝতে শেখে, সাংস্কৃতিক মর্যাদা রক্ষা করলেই হবে না, রাজনৈতিক ক্ষমতায় অংশীদারিত্ব নিশ্চিত করাও জরুরি। রাষ্ট্রগঠনের কাঠামো বদলানো ছাড়া বৈষম্য দূর হবে না- এই বোধ ধীরে ধীরে শক্ত হয়। ১৯৬৬ সালের ছয় দফা সেই উপলব্ধির ঐতিহাসিক রূপায়ণ। অর্থনৈতিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের দাবি উঠে আসে বাস্তব অভিজ্ঞতা থেকে। পূর্ব পাকিস্তান বৈদেশিক মুদ্রা অর্জনে বড় অবদান রাখলেও উন্নয়ন ব্যয়ে বৈষম্য ছিল তীব্র ও স্পষ্ট। শিল্পায়ন, অবকাঠামো, সামরিক ও বেসামরিক প্রশাসনে পশ্চিম পাকিস্তানের প্রাধান্য জনমনে ক্ষোভ তৈরি করে।
এই বৈষম্য শুধু পরিসংখ্যানে নয়, মানুষের আত্মপরিচয় আর মর্যাদাবোধেও আঘাত হানে। ধীরে ধীরে আন্দোলন গ্রাম থেকে শহরে, মিলগেট থেকে ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।\r\n১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল এই দীর্ঘ ক্ষোভের এক দৃশ্যমান বিস্ফোরণ। ছাত্রসমাজের নেতৃত্বে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষ নেমে আসে রাজপথে। সামরিক শাসনের ভিত কেঁপে ওঠে, ক্ষমতাবানদের আত্মবিশ্বাসে ফাটল ধরে। গণআন্দোলনের মুখে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে বাধ্য হয় শাসকগোষ্ঠী। এই অভিজ্ঞতা জনগণকে নতুন আত্মবিশ্বাস দেয়। মানুষ বুঝতে পারে, ঐক্যবদ্ধ হলে শাসক শ্রেণিকে নতি স্বীকার করানো যায়। এতে জাতির মনস্তত্ত্বে এক ধরনের রাজনৈতিক সাহস জন্ম নেয়। তারা আর কেবল দাবিদার নয়, নিজেকে সম্ভাব্য শাসক জাতি হিসেবে ভাবতে শেখে।
মার্চের জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি সম্পন্ন হতে থাকে এভাবেই।\r\n১৯৭০ সালের সাধারণ নির্বাচন সেই ধারাবাহিকতার চূড়ান্ত পরীক্ষা হিসেবে সামনে আসে। আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পূর্ব বাংলার মানুষের আকাক্সক্ষা প্রথমবারের মতো গণতান্ত্রিক রায়ের মাধ্যমে সুস্পষ্ট হয়। মানুষ আশা করেছিল, এই রায়কে সম্মান জানিয়ে রাষ্ট্র কাঠামো নতুন পথে এগোবে। কিন্তু ক্ষমতা হস্তান্তরে টালবাহানা পরিস্থিতিকে ক্রমেই সংকটময় করে তোলে। সংখ্যাগরিষ্ঠের ভোটের চেয়ে কমসংখ্যক ক্ষমতাধর গোষ্ঠীর স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই আচরণ উপনিবেশিক মনোভাবেরই বহির্প্রকাশ। মার্চের শুরুতে অসহযোগ আন্দোলন শুরু হলে পূর্ব বাংলা কার্যত স্বাধীন প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়।
কর আদায় বন্ধ থাকে, সরকারি অফিস চলে জনগণের নির্দেশে, স্থানীয় প্রশাসন ধীরে ধীরে জনগণের দিকে ঝুঁকে পড়ে। একটি অনুশীলন রাষ্ট্রের মতো বাস্তবতা তৈরি হয়।\r\nএই প্রেক্ষাপটে আসে ঐতিহাসিক ৭ মার্চ। রেসকোর্স ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ হয়ে ওঠে সংগ্রামের দিকনির্দেশনা ও মানসিক প্রস্তুতির এক অনন্য দলিল। সেখানে সরাসরি স্বাধীনতার ঘোষণা না থাকলেও প্রতিটি বাক্যে ভবিষ্যৎ সংগ্রামের আহ্বান ছিল স্পষ্ট ও শক্তিশালী। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম-এই উচ্চারণ জাতিকে ঐক্যবদ্ধ করে। তিনি প্রশাসন অচল রাখার আহ্বান জানান, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কথা বলেন, বলেন শৃঙ্খলা বজায় রাখতে। একই সঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা থেকে বিরত থাকার নির্দেশ দেন।
যাতে নৈতিক অবস্থান অটুট থাকে এবং আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনেও গ্রহণযোগ্যতা পায়।\r\n৭ মার্চের ভাষণ ছিল শুধু রাজনৈতিক আহ্বান নয়, তা ছিল এক মানসিক মুক্তির মুহূর্ত। দীর্ঘ দমন-পীড়নের পর মানুষ প্রথমবারের মতো নিজের ভাগ্য নিজে নির্ধারণের শক্তি অনুভব করে। গ্রাম থেকে শহর, ছাত্র, কৃষক, শ্রমিক, পেশাজীবী-সবাই নিজ নিজ জায়গা থেকে প্রস্তুতি নিতে শুরু করে। কেউ সংগঠন গড়ে, কেউ তথ্য ও সরবরাহের দায়িত্ব নেয়, কেউ সম্ভাব্য প্রতিরোধের পরিকল্পনায় যুক্ত হয়। চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা প্রচার, বেতার দখল এবং প্রাথমিক সশস্ত্র প্রতিরোধের ঘটনা দেখায়, ভাষণের প্রভাব কত দ্রুত ও গভীরে ছড়িয়ে পড়েছিল। মার্চের মাঝামাঝি সময়ে পূর্ব বাংলা কার্যত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দ্বৈত ক্ষমতার যে পরিস্থিতি দেখা দেয়, তা আসন্ন বিপ্লবী রূপান্তরের সংকেত বহন করে।\r\n২৫ মার্চের কালরাত্রি সেই রূপান্তরকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। পাকিস্তানি সেনাবাহিনীর সুপরিকল্পিত অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রাবাস, সংবাদপত্র কার্যালয় ও পুরনো মহল্লাগুলোতে নির্বিচার হামলা চালানো হয়। অসংখ্য নিরস্ত্র মানুষ নিহত হয়, ঘরবাড়ি পুড়ে যায়, শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। একই সঙ্গে বিভিন্ন এলাকায় গড়ে ওঠে আত্মরক্ষামূলক প্রতিরোধ। এই বর্বরতা জাতিকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়, আর কোনো সমঝোতার পথ খোলা নেই। সাংবিধানিক সমাধানের প্রতি আস্থা ভেঙে যায়। ২৬ মার্চ স্বাধীনতার বহুল কাঙ্ক্ষিত ঘোষণা মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা করে। মার্চের আগুন তখন রূপ নেয় নয় মাসের সশস্ত্র সংগ্রামে।
প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ে।\r\nমুক্তিযুদ্ধ ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পরিচালিত এক গণযুদ্ধ। নারী-পুরুষ নির্বিশেষে, ধর্ম-বর্ণের পার্থক্য ছাড়াই মানুষ যুক্ত হয় স্বাধীনতার স্বপ্নে। কেউ সরাসরি যুদ্ধে, কেউ শরণার্থী শিবিরে সহায়তায়, কেউ আন্তর্জাতিক পরিসরে সমর্থন গড়ে তুলতে কাজ করে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে জনমত তৈরি হয়, যা যুদ্ধের নৈতিক ভিত্তিকে শক্তিশালী করে। ডিসেম্বরের বিজয়ে সেই দীর্ঘ সংগ্রামের পরিণতি ঘটে। জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র, যার ভিত্তি ভাষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক অধিকার।
যদিও এই ভিত্তি সুসংহত রাখতে পরবর্তী সময়ে নানা টানাপোড়েনের মুখোমুখি হতে হয়েছে রাষ্ট্রকে, তবু এটাই মার্চের অগ্নিস্মৃতির সবচেয়ে বড় অর্জন।\r\nস্বাধীনতার পর পথ ছিল কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে প্রয়োজন হয় প্রচুর শ্রম, সময় ও পরিকল্পনা। অবকাঠামো ধ্বংস, অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা অগ্রযাত্রাকে ধীর করেছিল। তবু মানুষ থেমে থাকেনি। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার প্রচেষ্টা, নারীর শিক্ষা ও কর্মক্ষেত্রে অংশগ্রহণ, প্রবাসী আয়ের প্রবাহ, শিল্পায়নের ধীরে ধীরে বিস্তার দেশকে এগিয়ে নিয়েছে। স্বাস্থ্য ও শিক্ষায় উন্নতির ফলে সামাজিক কাঠামোতেও পরিবর্তন এসেছে। পরিবার জীবন ও শহুরে জীবনের ধরন বদলেছে।
এই অগ্রযাত্রার পেছনে কাজ করেছে সেই আত্মবিশ্বাস, যার উৎস মার্চের সংগ্রাম ও ৭ মার্চের আহ্বান।\r\nতবু স্বাধীনতার আদর্শ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আয় বৈষম্য, দুর্নীতি, রাজনৈতিক মেরুকরণ ও সামাজিক অসহিষ্ণুতা অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। যেখানে মতভেদকে শত্রুতা নয়, আলোচনার সূচনা হিসেবে দেখা হয়। ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করা অপরিহার্য। কারণ ন্যায্যতার অভাব জাতির আত্মবিশ্বাসকে ভিতর থেকে ক্ষয় করে। ৭ মার্চের শিক্ষা শৃঙ্খলা, ঐক্য ও নৈতিক অবস্থান বজায় রাখার কথা স্মরণ করায়। ক্ষমতার বিপরীতে সত্য উচ্চারণের সাহসও সেই শিক্ষার অংশ।\r\nবর্তমান বিশ্বায়িত বাস্তবতায় জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক চাপ ও প্রযুক্তিগত রূপান্তর নতুন সংকট তৈরি করছে। উপকূলীয় অঞ্চল হুমকির মুখে, নগরায়ণ বাড়াচ্ছে চাপ, তরুণদের কর্মসংস্থান বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস দেখিয়েছে, সংকটই ঐক্যের পরীক্ষা। তাই মার্চ কেবল অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের দিকনির্দেশনাও। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার অগ্নিঝরামার্চ-এই ধারাবাহিকতা আমাদের জাতীয় পরিচয়ের কেন্দ্রবিন্দু। ৭ মার্চের চেতনা আহ্বান জানায়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন থাকতে, রাষ্ট্রক্ষমতার প্রতিটি স্তরে স্বচ্ছতা দাবি করতে, গণতন্ত্র ও মানবিক মর্যাদাকে সমুন্নত রাখতে। মার্চের প্রকৃত প্রাপ্তি হবে তখনই, যখন আত্মসমালোচনার ভেতর দিয়ে সেই আদর্শ জীবন্ত থাকবে। আর সেই চেতনায় এগিয়ে যাবে সোনার বাংলাদেশের অগ্রযাত্রা।
