রক্তস্নাত ভাষা আন্দোলনের মাস চলছে। বাঙালি জাতিসত্তার অনন্য পরিচায়ক বাংলা ভাষা। মায়ের মুখের ভাষাই মাতৃভাষা। জীবন দিয়ে প্রথম মাতৃভাষাকে রক্ষা করার ইতিহাস পৃথিবীতে একমাত্র বাঙালি জাতিরই রয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ দেশের সূর্য সন্তান সালাম, রফিক ও জব্বার, বরকতসহ এ দেশের দেশপ্রেমিক জনতা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। ভাষা আন্দোলনের পথ ধরে বাঙালি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামের প্রেরণা পেয়েছে। বর্তমানে ১৮৮ দেশে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। নিঃসন্দেহে পৃথিবীর ৩০ কোটিরও বেশি বাংলাভাষী মানুষের জন্য অপরিমেয় আনন্দ ও গৌরবের।

বাংলা ভাষা হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যমণ্ডিত একটি সমৃদ্ধ ভাষা। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশের মতো লেখক সৃষ্টি হয়েছেন এ ভাষায়ই। অত্যন্ত পরিতাপের বিষয়, ফেব্রুয়ারি মাস এলেই আমরা মাতৃভাষার প্রতি উজ্জীবিত হই। মানুষ বাকি ১১ মাস মাতৃভাষায় চেতনাকে ভুলে থাকে। আবার ভাষা ব্যবহারে বাস্তবতার অনেক সংকটও দেখা যায়। তখন নিজেকে সত্যেই ভাষার জন্য জীবন দেওয়া জাতি হিসেবে লজ্জিত মনে হয়। যে ভাষার জন্য এত লড়াই, আন্দোলন, ত্যাগ এবং প্রাণের আত্মোৎসর্গ; কালের জাঁতাকলে আজ আমরা বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণ করি না। দুর্ভাগ্য, এ নতুন প্রজন্ম বায়ান্নর ভাষা আন্দোলনের তাৎপর্য ও ভাষার সৌন্দর্য হারাতে বসেছে। এখনো সর্বস্তরে বাংলাভাষা চালু হয়নি।

টেলিভিশন, এফএম রেডিও সম্প্রচার, সিনেমা, গান, গবেষণা, সাইনবোর্ড, বিলবোর্ড সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানসহ ইংরেজি ও বাংলার মিশ্রণে ভাষার বিকৃতি করে বাংলা ভাষার ব্যবহার চলছে। এমনকি বিভিন্ন সরকারি অফিসে দাপ্তরিক চিঠি আদান-প্রদান করা হয় ইংরেজি ভাষায়। বাংলা ভাষাকে আদালতের ভাষা হিসেবে শতভাগ চালু না করায় রাষ্ট্রের সব নাগরিক তাদেরসংবিধানিকভাবে পাওয়া মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সব ক্ষেত্রে বিদেশি ভাষার সঙ্গে বাংলা ভাষা মিলিয়ে মাতৃভাষা দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে, যা কোনোভাবেই সুস্থ বাংলা ভাষা চর্চা নয়। শুদ্ধভাবে বাংলা না শিখে ইংরেজি, হিন্দি ও বিদেশি অন্য ভাষার প্রতি আগ্রহী হচ্ছি। শিশুদের মানসিক বিকাশ ও যোগ্য দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম। বর্তমানে অভিভাবকরা ইংরেজি মাধ্যমে স্কুল-কলেজে পাঠাচ্ছে। তাই অধিকাংশ শিক্ষার্থী শুদ্ধ বাংলায় বলতে ও লিখতে পারে না। বাংলাদেশে শতাধিক বেসরকারি বিদ্যালয়ের নাম ইংরেজিতে। আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ নাম নেই বাংলায়। ইংরেজি জানা বা শেখা ও চর্চা করা দোষের কিছু না। কিন্তু মাতৃভাষাকে অবহেলা করে নয়। বাংলার সঙ্গে ইংরেজি মিলিয়ে এক অদ্ভুত ভাষা তৈরি হয়েছে, যা বাংলা এখন ভয়ানক মিশ্র একটি ভাষা। মন খারাপের বিষয় হচ্ছে, ভাষা আন্দোলনের ৭৪ বছর পেরিয়ে গেলেও সর্বক্ষেত্রে এখনো বাংলার ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। ২১ ফেব্রুয়ারি উদযাপন করে শহীদ মিনারে পুষ্পাঞ্জলির মাধ্যমে শুধু সম্মান জানালেই হবে না। বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করতে হবে। এ মাসে নতুন করে শপথ নিতে হবে মাতৃভাষার মর্যাদা রক্ষার। মাতৃভাষা চর্চা হোক বছরজুড়ে সবসময়।\r\nমুন্সীগঞ্জ থেকে