বিশ্ববাজারে একক আধিপত্য ডলারের এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের। বিশ্বের যত মুদ্রাই থাকুক না কেন, ডলার হলো সমগ্র বিশ্বে গ্রহণযোগ্য একক মুদ্রা। মুদ্রাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে আজ অবদি এককভাবে সারাবিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু অতি সম্প্রতি ডলারের অবমূল্যায়ন শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি সামান্য হলেও চাপে পড়েছে। বলা বাহুল্য, ডলারের অবনমন মানেই মার্কিনীদের অর্থনীতির অবনমন। বিশ্ববাজারে ডলারের বিনিময় হার কমছেই। অন্যদিকে সোনার দাম বাড়ছে। এই দুটির মধ্যে সাধারণত বিপরীতমুখী সম্পর্ক দেখা যায়। বিশ্বের সমজাতীয় ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মান কত, তা নিরূপণ করার জন্য ডলার ইনডেক্স বা সূচক প্রণয়ন করা হয়েছে। সেই ডলার ইনডেক্সের মান আড়াই মাসের মধ্যে সর্বনি¤œ পর্যায়ে নেমে এসেছে। এই সূচকের মান এখন ৯৭ দশমিক ৭৬৭ (সূত্র, রয়টার্স)। চলতি বছর ইউরোর মান ১৪ শতাংশ বেড়েছে। ডলারের বিপরীতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে ইউরো। এক ইউরোর বিনিময়ে এখন ১ দশমিক ১৮০৬ ডলার পাওয়া যাচ্ছে। ফলে ডলারের অবস্থা যেখানে ২০০৩ সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে, সেখানে ইউরোর মান ২০০৩ সালের পর সবচেয়ে ভালো অবস্থায়। ইউরোর পাশাপাশি পাউন্ডের মানও তিন মাসের মধ্যে সর্বোচ্চ। অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ড ডলারের মানও ঊর্ধ্বমুখী। তবে জাপানি মুদ্রা ইয়েনের মান নি¤œমুখী। আশারবাণী হলো, বাংলাদেশের বাজারেও ডলারের দাম কয়েক মাস ধরে স্থিতিশীল। প্রতি ডলারের বিপরীতে এখন ১২২-১২৩ টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে।
ফেডারেল রিজার্ভ ব্যাংকের নীতি সুদহার কমলে ডলারের মান সাধারণত দুর্বল হয়। কেননা এতে ডলারে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। সুদ কম মানে যুক্তরাষ্ট্রের বন্ড ও আর্থিক সম্পদে বিনিয়োগ থেকে প্রাপ্তি কমে যাওয়া। ফলে বৈশ্বিক বিনিয়োগকারীরা বেশি মুনাফার খোঁজে অন্য দেশের মুদ্রা ও বাজারের দিকে ঝুঁকে পড়েন। এতে ডলারের চাহিদা কমে যায়। পাশাপাশি সুদ কমানোর সিদ্ধান্তের অর্থ হলো অর্থনীতিতে তারল্য বাড়বে। ফলে ডলারের সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়। আবার অন্য কেন্দ্রীয় ব্যাংক সুদ না কমালে বা বাড়ালে সুদের ব্যবধান কমে যায়। এসব মিলিয়ে ডলারের শক্তি ক্ষয় হয়। ডলারে বিনিয়োগ আকর্ষণীয় না হলে বিনিয়োগকারীরা তখন সোনার দিকে ঝুঁকে পড়ে। চলতি বছর যে সোনার দাম ৬৮ শতাংশ বেড়েছে, ডলারের শক্তিক্ষয় তার মূল কারণ।
স্বর্ণ পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকেই এক অমূল্য সম্পদ বা ধাতব মুদ্রা। স্বর্ণ এমন একটি ধাতু যা পৃথিবীর সৃষ্টি থেকে আজ অবধি নষ্ট বা ধ্বংস হয়নি। যে কারণে স্বর্ণ পৃথিবীজুড়ে এতটা দামি বা মূল্যবান। পৃথিবীতে যে পরিমাণ স্বর্ণ রয়েছে তার মধ্যে ৪৫ শতাংশ গয়নায় পরিণত হয়েছে, কয়েন ও সোনার বারে পরিণত হয়েছে ২২ শতাংশ, বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ব্যাংকের রিজার্ভ আছে ১৭ শতাংশ, ইলেকট্রিক যন্ত্রাংশে পরিণত হয়েছে ৬ শতাংশ এবং বাকি ১০ শতাংশ ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাধ্যমে। বিশ্বে এই ১৭ শতাংশ নিয়েই আন্তর্জাতিক বাণিজ্যে বা রাজনীতিতে যত ঘটনা পরিক্রমা সৃষ্টি হচ্ছে। একটি সময় এক ডলার ছাপানোর বিপরীতে ২০ শতাংশ স্বর্ণ মজুদ রাখা হতো মার্কিন যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বে। কিন্তু ১৯৩০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ে। ফলে ১৯৩৩ সালে ডলারের বিপরীতে স্বর্ণ মজুদ বাধ্যবাধকতা তুলে দেন মার্কেট প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। শুরু হয় ফিয়াত মানির যুগ অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে বিশ্বাস ভিত্তি করে মুদ্রার প্রচলন শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছে মতো মুদ্রা ছাপিয়ে সেই সময়ের অর্থনৈতিক মন্দা সামাল দেয় এবং এখনও তাই করে।
প্রশ্ন হলো, হঠাৎ করে কেন ডলারের অবমূল্যায়ন এবং স্বর্ণের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেল? ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, ২০১৯ সালে সবচেয়ে বেশি স্বর্ণ ক্রয় করেছিল তুরস্ক, রাশিয়া, পোল্যান্ড এবং চীন। ২০২৩ সালে চীন একাই স্বর্ণ ক্রয় করে ২২৫ টন থেকে ২২৩৫ টন। বিশ্বব্যাংক ও আইএমএফ-এর তথ্য বলছে, বিগত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত ক্রয়ের হার এটি। তবে চীন যে শুধু স্বর্ণ ক্রয় করছে বিষয়টি এমন নয়, তারা আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বর্ণ খনিগুলোতেও বিনিয়োগ করছে। স্বর্ণ এতটাই মূল্যবান কারণ ডলারের দাম যখন পড়ে যাবে বা ভারসাম্যহীন হবে তখন স্বর্ণই হবে একমাত্র বিনিময় মাধ্যম আর এ কারণে ডলারের বিপরীত স্বর্ণকে মজুত করে ডলারকে বিচ্ছিন্ন করার জন্য এমন প্রচেষ্টা বলে অনেকে বিশ্বাস করেন এবং মনেও করেন। যদিও ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী, স্বর্ণ মজুত রয়েছে সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের, যা গত সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী স্বর্ণের রিজার্ভের পরিমাণ ৮১৩৩ টন এবং চীনের অবস্থান ষষ্ঠ, যার রিজার্ভের পরিমাণ ২৩০৪ টন।
যুক্তরাষ্ট্র বিশ্বে একক অধিপত্য বিস্তারের জন্য যে কৌশলগুলো গ্রহণ করে, তা সারাবিশ্বে বাস্তবায়ন করে। যুক্তরাষ্ট্র সুকৌশলে ডলারকে বিশ্বের একমাত্র মুদ্রায় রূপান্তর করে, যা মার্কিনীদের ভিত্তিকে আরো শক্তিশালী এবং মজবুত করে গড়ে তোলে। ডলারকে শক্তিশালী করতে মার্কিনীরা যা করে, তাহলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের হাতে পৃথিবীর প্রায় দুই তৃতীয়াংশ স্বর্ণ চলে যায়। ১৯৪৪ সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, ডলার হবে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মুদ্রা, মার্কিন প্রেসিডেন্ট রিসার্চ নিক্সন স্বর্ণের সাথে ডলারের সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু তার পূর্বের বছর অর্থাৎ ১৯৭০ সালে মধ্যপ্রাচ্যসহ তেল উৎপাদনকারী রাষ্ট্রের সাথে এক চুক্তি করেন যে, তেল ক্রয় বিক্রয় হবে একমাত্র ডলারে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র একক আধিপত্য লাভ করে এবং ডলার ছাপিয়ে ইচ্ছামত তেলের মজুদ করে এবং বিশ্ব দরবারে একক পরাশক্তিতে পরিণত হয়। শুধু কি তাই? ন্যাটোসহ সারাবিশ্বে গড়ে তোলে কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক সংগঠন, যে সংগঠনগুলো যুক্তরাষ্ট্রকে একক আধিপত্য বিস্তারে সহায়তা করে। এখানে যুক্তরাষ্ট্র আরো একটি কৌশলে কাজ করে তা হলো, কিছু রাষ্ট্রের সাথে এমন সম্পর্ক গড়ে তোলে যেখানে যুক্তরাষ্ট্রের সামান্য স্বার্থ ক্ষুণœ হলেও তারা তা ছাড় দেয়। তাদের পররাষ্ট্রনীতি এবং অভিবাসন নীতি এমনভাবে প্রণয়ন করা, যা সারাবিশ্ব হতে সকল মেধাবীরা ওই রাষ্ট্রে পাড়ি জমায়।
এটা খুব সহজেই দৃশ্যমান যে, যুক্তরাষ্ট্রের বিকল্প সারাবিশ্বই খুঁজছে কিন্তু উত্তম বিকল্প আজ অবধি পাওয়া যায়নি। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র কূটনীতিকভাবে পরাজিত একটি রাষ্ট্র। এর প্রকৃষ্ট উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে অংশগ্রহণ করেও সমঝোতা করতে বাধ্য হয় এবং ইসরাইল ফিলিস্তিনি ইস্যুতে ইসরাইলকে নগ্ন সমর্থনের কারণে বিশ্বে কূটনীতিকভাবে তার সমর্থন হারিয়ে ফেলেছে। বর্তমান সময়ে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী কারাকাস ও এর আশপাশের এলাকায় হামলা চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক আইন না মানায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। গ্রিনল্যান্ড দখলের কথা বলেও নানামুখী প্রশ্নের মুখে পড়েছে দেশটি।
লেখক: ব্যাংকার ও কলামিস্ট aktarrofikul@gmail.com
