(গত শুক্রবারের পর)\r\nমাছ ধরা দেখলাম। নানা ফুলের সারি দেখলাম। শেফালি, কাঠগোলাপ। একটা আছে অক্সিজেন লেন। নাগেশ্বর ফুল ফুটে থাকে। সে রাস্তায় হাঁটলে ফুল থেকে নাকি অক্সিজেন পাওয়া যায়। পথ হারিয়ে আমি ভাবছি গেটের বাইরে গিয়ে কামাল ভাইকে বলি মা-কে ফোন দিতে। আমার সঙ্গে তো বাংলাদেশি ফোন নেই। এমন সময় দেখি মা ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে আসছে। এক্সারসাইজ করা শেষ হয়েছে। তবে আশ্চর্যের কথা এই যে, রমনায় একটাও কাঠবিড়ালি দেখতে পেলাম না। সব চিপমাঙ্ক। মা যদিও তাদের ডাকে চিঙ্কু । \r\nসারাবাড়ি জলপাইয়ের গন্ধে ম ম করছে। শেফালি জলপাই সেদ্ধ করছে। আচার হবে। টোড়িমাসি অসীমমামার জন্য আচার করবে। অসীমমামা আমার বড় মামা। চার কেজি জলপাই, চার কেজি গুড় এসেছে। আমার মনে হলো, এ তো অনেক। কিন্তু মা বলে কী পাঁচ কেজি জলপাই আনা উচিত ছিল।
মা র ভাইরা মা র খুবই প্রিয়। সে তুলনায় বোনদের দুরবস্থা। যদিও বোনরাই আচারটা বানাবে।\r\nএ বাসায় আমার কোনোরকম কাজ নেই। পুরোপুরি বেকার। কর্মী মৌমাছি শেফালি সে ব্যাপারটা খুবই উপভোগ করে। চেয়েচিন্তে আমি দুটো কাজ নিয়েছি ওর কাছ থেকে। এক টেবিলে খাওয়ার জায়গা দেওয়া। খাওয়ার আগে সকলের জন্য টেবিলে প্লেট দিই, জলের গ্লাস দিই। ব্যস। খাওয়ার পর অবশ্য এঁটো থালা-বাটি তুলি না। দ্বিতীয় কাজ হচ্ছে বিকালের আজানের পর গাছে জল দেওয়া। শেফালি বালতিতে করে বারান্দাগুলোতে জল টেনে দেয়। আমি শুধু মগে করে গাছে জল ঢালি। এই জল ঢালাঢালিতে দোলনচাঁপা গাছে একটা ফুল ফুটেছে। কৃতিত্বটা আমি নিতে চাই, কিন্তু এখন পর্যন্ত কেউ আমাকে তা দেয়নি। টোড়িমাসি শুধু বলে চলেছে, দোলনচাঁপা ফুল রাতে ফোটে। সব সাদা ফুল রাতে ফোটে।
অপ্রাসঙ্গিক কথায় এ বাসার মানুষেরা সেরা।\r\nইতোমধ্যে দুঃসংবাদ হলো বাজারে নাকি চিনি নেই। এ তো আমার মৃত্যুসংবাদের সমান। আমি এক কাপ চা-তে তিন চামচ চিনি খাই। শেফালি কাটা ঘা-তে আরও নুনের ছিটা দিতে বলে কি, এই রকম মাঝে মাঝে হয়। একবার লবণ পাওয়া যাইতেছিল না, অনেক দিন চলছিল সে অবস্থা। তবে কামাল ভাই লুকিয়েচুরিয়ে বাজারের এক মুদিওয়ালার কাছ থেকে অল্প চিনি নিয়ে এসেছেন। জিজ্ঞাসা করতে বললেন, নাহ, হে আমার বন্ধু লাগে। দেখা যাচ্ছে অলিতে গলিতে বন্ধুত্ব জিনিসটা বড়ই উপকারী। টোড়িমাসি আজ সদলবলে দিয়াবাড়ি গিয়েছিল গাড়ির রেজিস্ট্রেশন করাতে। একা গিয়ে কোনো সুবিধা হতো না। আসলে এসব জায়গা হচ্ছে করাপশনের ঘাঁটি। যাহোক, কোনোমতে কাজ সেরে বাসায় ফিরেছে ওরা। বাড়ি ভর্তি লোকজন আবার।
কিন্তু হঠাৎ তাকিয়ে দেখি মা আমার দিকে তাকিয়ে দুই হাত দিয়ে ক্রমাগত ব্যান্ডেজ বাঁধবার মতো ভঙ্গি করছে। প্রথমে আমি তো কিছুই বুঝিনি। অনেকক্ষণ পর বুঝলাম মা বলতে চাচ্ছে যে আমি ম্যাক্সির ওপর চাদর কিংবা ওড়না পরতে ভুলে গেছি। আব্রু রক্ষা হয়নি। যেভাবে চলছে তাতে অচিরেই যে আমাকে আমেরিকা ফেরত যেতে হবে তা আমি নিশ্চিত করেই বলতে পারি। \r\nএমন সময় দেখি কামাল ভাই আর তার সাথী নিয়াজভাই রক্তগাঁদা আর চন্দ্রমল্লিকা নিয়ে ঘরে ঢুকছেন। আটটা গাছ। ড্রাইভারের ডিউটি শেষ। এখন মালির ডিউটি শুরু। গাছগুলো লাগানো হলো। কিন্তু জীবনে যা দেখিনি তা দেখলাম। ওরা গাছ লাগানোর নিড়ানি না, রান্না করবার খন্তা দিয়ে গাছ লাগাল। এ কর্মকাণ্ডে শেফালিকে দেখতে পেলাম না। কাল রাতে শেফালি ঘুমাতে পারেনি।
অবশ্য এ বাড়িতে যে কোনো রাতেই ঘুমাতে পারাটা এক বড় বিস্ময়। এখন ও দুটো ট্যাবলেট খেয়ে ঘুমোচ্ছে।\r\nসকালে ঘুম থেকে উঠে দেখি বাসায় বিশেষ কিছুই ঘটছে না। টোড়িমাসিকে বললাম, কিছু না ঘটলে কী নিয়ে লিখব? আজ তো মনে হচ্ছে জাপানি কবিতা অনুবাদ করেই দিন যাবে। টোড়িমাসি বলে কী, কেন, ডিম নিয়ে লেখ। সেই! অশ্বডিম্ব নিয়েই লিখি আর কী। খাওয়ার টেবিলে গিয়ে দেখি ডিমের জলপোচের বদলে আজ অমলেট। বাড়ির সবাই যদিও বলে মামলেট। এতদিন মুচকি হেসে আমি বিজ্ঞের মতো ভাবতাম ওরা ভুল জানে অন্য আরও অনেক কিছুর মতো। তবে গুগল করে দেখলাম দুটোই ঠিক। অমলেট হচ্ছে বিদেশি ডিম ভাজার পদ্ধতি। এখানে তেলে শুধু ডিমটি ভাজা হয়। এতে আর কিছু যোগ করা হ্য় না। আর মামলেট পুরোপুরি দেশি খাবার। ডিমে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, টমেটো কুচি ইত্যাদি দেওয়া হয়।
গুগলের সত্যি মিথ্যা বুঝতে পারলাম না। আমি আমেরিকায় বহু জায়গাতেই ডিমে বেল পেপার, টমেটো, পালং শাক, পেঁয়াজ, চিজ ইত্যাদি দিয়ে অমলেট খেয়েছি। টোড়িমাসিকে জিজ্ঞাসা করলাম, তা আজ ডিমের জলপোচের বদলে অমলেট হলো যে বড়? টোড়িমাসি বলে মামলেট করলে সাশ্রয় হয়। চারটা ডিমেই হয়ে যায় পাঁচজনের। নয়ত পাঁচটা ডিম লাগে ডিম পোচে। ডিমের কথা যখন উঠলই তখন বলি, আজ অনেক কষ্টে শেফালিকে সানি সাইড আপ ডিম পোচ করা শিখিয়েছি। আমি তো আজকাল রাঁধতে পারি না, তাই উপদেষ্টা হয়েছি! এ বাড়িতে মনে হয় সকলের স্বাস্থ্য রক্ষার্থে শুধু জলে ডুবিয়ে জলপোচ করা হয়। আরে ভাই! সাত সমুদ্র তেরো নদী এবং প্রতিটি মানুষের চোখে এবং বুকে এত জল থাকবার পরও কেন ডিমপোচেও জল ঢালতে হচ্ছে, তা আমার বোধের অগম্য!
অথচ ম্যাডিসনে আমার দিন শুরু হতো ডাইনিং টেবিলের সূর্যকে দেখে এবং তারপর বাইরের আকাশের সূর্যকে না দেখে। টানা এগারো দিন গেছে আমি শুধু খাবার টেবিলেই সূর্য দেখেছি। আকাশে সূর্য ওঠেনি। এজন্যই কীনা জানি না সানি সাইড আপ -দের প্রতি আমার এই সূর্যমুখির সোনালি দেশ বাংলাদেশে বসেও ভালোবাসা আছে।\r\nআর এও তো সত্য যে নিজের বুকের সূর্য হারিয়ে গেছে বলেই তো আমি এই অনন্ত সূর্যের দেশে এসেছি! আমার চিন্তা জানতে লোকে ভয় পায়। এই ভালোবাসার কথা বলি, তারপরই বলি হারানোর কথা!\r\nআসলে আমার মাথাটা চরকির মতো ঘোরে।\r\nএকটা কথা আছে না? হাসতে হাসতে চোখে জল এসে গেল! আমি সেই প্রতিপাদ্যের জ্বলন্ত, আগ্নেয় মশাল! বাড়িতে অনেক মারামারি করে দিনে দুই কাপ দুধ চা মঞ্জুর করেছি নিজের জন্য। পাঁচ-ছয় কাপের সুলতানার স্বপ্ন জীবন থেকে বাদ গেছে!
তবে সব স্বপ্ন যেন সত্যিই জীবন থেকে গর্তে না পড়ে যায়, তার জন্য শুনি কামাল ভাই ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে খবরের কাগজ পড়েন। উপদেষ্টার খবর পড়েন।\r\nআজ ঘরের ভেতর তাকিয়ে দেখি কোণায় কোণায় কিছু সবুজ রঙের রিং মতো জিনিস পজিশন নিচ্ছে। জলপাইয়ের আচার ঢাকা হয়েছে দেশের প্রধান খবরের কাগজ দিয়ে। আমাদের দুপুর একটার মধ্যে খেয়ে নিতে বলা হয়েছে। আজ নাকি মশা মারা হবে কয়েল জ্বালিয়ে। আমি যতই বলি ন্যাপথলিন, কয়েল-এসবই বিষ, কিন্তু কেউ আমার কথায় পাত্তা দেয় না। আমেরিকান ভাবে।\r\nতিতিবিরক্ত হয়ে ফ্রিজ খুলে দুটো রসগোল্লা খেতে গেলাম। মিষ্টি রাখা হয়েছে ভেজিটেবল বক্সে। আমার কাছ থেকে লুকিয়েই কীনা কে জানে। তবে কোথা থেকে এই মিষ্টি এসেছে বুঝতে পারলাম না। একদম আটার মতো খেতে। কালকের মশা নিধন অভিযান সফল হয়েছে বলে আমার ধারণা।
আমি বেশ কয়েকজন মশার মৃতদেহ দেখতে পেয়েছি। খুবই সুখবর। আমরা মশারি ছাড়া ঘুমিয়েছি। একটা মশাও কামড়ায়নি। অবশ্য মা আর পিয়াশ মেসো গিনিপিগ হতে চায়নি। তাই ওরা মশারির নিচেই ঘুমিয়েছে। মশারি টানানো এক বিশাল ব্যাপার। শেফালিই তা করে। সে এক গোলকধাঁধা। মা যদিও আজ সকালে ঘোষণা করেছে যে মা র আলনার ফাঁকে, শাড়ির ভাঁজে সে কিছু মশা দেখতে পেয়েছে। পরবর্তী পদক্ষেপ কী তা ঠিক বুঝতে পারছি না। আজ বিকেলে বাড়িতে গানের ক্লাস আছে। ক্লাস শেষে এ বাসায় সবাই সাধারণত খেয়ে যায়। মোরগ পোলাও নয়, রান্না হয়েছে করলার তেতো ডাল।\r\nকয়েক দিন বিরতির পর খাওয়ার টেবিলে আবার ফেরত এসেছে দুধের কাপ। ঈষদুষ্ণ গরম দুধ। মার নাকি দুধ খেলে খুব ফ্রেশ লাগে। আমি তো বুঝে পেলাম না দুধ কবে শসা হলো। মা আমাকে জিজ্ঞাসা করল সর খাবি নাকি। বলব ভাবলাম, সরটাই দাও।
দুধটা বাদ দাও। কিন্তু না, এসব এ বাসায় চলে না। জোর করে স্বাস্থ্যের পথে তীর্থযাত্রা। তবে সুখের খবর এই যে শেফালি ডিম, দুধ দুটোই এখানে পায়। তা দেখে আমার খুবই ভালো লাগে। বিশেষত এটা এমন একটা দেশ যেখানে বাড়ির হেল্পিং হ্যান্ডের জন্য আলাদা করে মোটা চালের ভাত রান্না হয়! বাংলাদেশ আর ভারতের বিভিন্ন বাড়ির গৃহকর্মীদের দেখবার পরে আমার মনে হয়েছে যে দাসপ্রথা কি সত্যিই উঠে গেছে? এদিকে আমাকে বলা হয়েছে ঘরের ভেতর হাওয়াই চপ্পল পরে হাঁটতে। তা না হলে নাকি বিছানার সাদা চাদরে পায়ের ছাপ লেগে যাবে। এদিকে আমি ঘরের ভেতর খালি পায়ে হাঁটতে ভালোবাসি। কী আর করা! বারান্দায় গাছে জল দিচ্ছি। টোড়িমাসি বলে, কাদা করিস না। বারান্দায় কোনো মাটি পড়ে নেই। কীভাবে কাদা হবে বুঝতে পারলাম না।
ঘাবড়ে গিয়ে বললাম, তবে কী স্যান্ডেল খুলে খালি পায়ে গাছে জল দেব? না, না, তার তো প্রয়োজন নেই। কোনটা যে করা উচিত আর কোনটা যে না, সে নিয়ে আমি চরম দ্বিধাদ্বন্দের মধ্যে আছি। ঠিকমতো করলেও গাধা উপাধি পাচ্ছি, আর না করলে তো পাচ্ছিই।\r\nকাল গানের ক্লাসে রঞ্জনা মাসি চুসি পিঠা আর মিষ্টি নিয়ে এসেছিল। প্রায় বুঝি ছাব্বিশ বছর পর চুসি পিঠা খেলাম। কী ভালোই যে হয়েছিল। দুধটা ঘন করে ক্ষীরের মতো। \r\nকাল বন্ধু রুম্পাও এসেছিল ঢাকা শহরের বৃহস্পতিবারের মহান ট্রাফিক জ্যাম উপেক্ষা করে। সাথে আলুপুরি, বেগুনি, পকোড়া। ও সবসময় মুখরোচক খাবার নিয়ে দেখা করতে আসে। অভ্যাসটা অতি ভালো। আমার এ অভ্যাস নেই। তাই আমি মাথা নেড়ে নেড়ে, বাহ, খুব ভালো খেতে বলে ওর আনা খাবার খেলাম।
রুম্পা কানে আড়ং থেকে কেনা একটা ভারি সুন্দর সোনার ঝুমকা পড়েছিল। ওর সোনা রঙে সোনার ঝুমকা বড়ই খোলতাই হয়েছিল। রুম্পা বলেছে ওর সম্বন্ধে কিছু না লিখতে, তাই এটুকুই লিখলাম। যদিও ও ভয় দেখিয়ে গেছে যে ঘরকুনো আমাকে নিয়ে ও নাকি সারা বাংলাদেশ ভ্রমণ করে ফেলবে। টোড়িমাসি বলেছে ওর ইচ্ছাকে সম্মান করতে। আজ দুপুরে মা র বন্ধু শাহানারা মাসির বাসায় নিমন্ত্রণ। শাহানারা মাসির মেয়ে আনন্দী তো জানি রান্না করে টেবিলের এ মাথা থেকে ও মাথা ট্র্যাফিক জ্যাম করে ফেলবে। তাই আমি সকালে ব্রেকফাস্ট করিনি। বেড়াতে যাব বলে নতুন সালোয়ার কামিজ সেট বের করেছি। মেরুনের ওপর সোনালি ফুল। নির্ঘাত জানি মা এসে দেখে মুগ্ধ হয়ে যাবে। আর আমি ভাবছি এইসব বড় বড় সোনালি ফুল কোথায় লুকাব। সালোয়ারে আবার ইলাস্টিক দেওয়া। তবে মা আপাতত পাশের ঘর থেকে জোরে জোরে বলে চলেছে ইস্ত্রি করতে হবে না? নতুন জামা ইস্ত্রি করতে হবে কেন তা আমি ভেবে পেলাম না। তাও আবার ইস্ত্রি করবে বাড়ির হেল্পিং হ্যান্ড! এখানে সবাই দেখি নিজেদের ইস্ত্রি না করে বাড়ির বাইরে বের হয় না। আমি তো এদিকে ড্রায়ার থেকে জামা বের করে একটু টানটান করে ঝুলিয়ে রাখা পাবলিক। ইস্ত্রি মিস্ত্রির ঘরে! \r\n(ধারাবাহিক)
