সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দেশের বহুল কাক্সিক্ষত ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সেই উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে সত্যের আদলে মিথ্যার কল্পকাহিনি। ডিজিটাল প্রচারণা আটকে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অপতথ্য, ডিপফেক ভিডিও ও ভয়েস ক্লোনিংয়ের মতো গুজবের দুষ্টচক্রে। ভোটারদের অনলাইন আচরণ বিশ্লেষণ করে ভুয়া সংবাদ ছড়িয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করা এবং জনমত প্রভাবিত করার নীরব ও ভয়াবহ সাইবার যুদ্ধ নিয়মিতই দেখা যাচ্ছে।\r\nনির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে দেশের নামি সংবাদপত্র ও টিভি চ্যানেলের লোগো সংবলিত ভুয়া ‘ফটোকার্ড’। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের একটি ফ্যাক্টচেক রিপোর্টে দেখা গেছে, ২০২৫ সাল জুড়ে অনলাইন মাধ্যমে চার হাজারের বেশি অপতথ্য ছড়ানো হয়েছে।
এর মধ্যে দুই হাজার ৩৯১টিই রাজনৈতিক। এর পরের অবস্থানেই আছে আইন-শৃঙ্খলা ও ধর্মীয় অপতথ্য। সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে ভিডিওর মাধ্যমে, যেগুলোর বেশির ভাগই এআই দিয়ে তৈরি করা হয়েছে। দেশে কাজ করা ৯টি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের গত বছরের পাঁচ হাজারের বেশি যাচাই প্রতিবেদন বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছে ডিসমিসল্যাব।\r\nএআইয়ের অপব্যবহার রোধে বিশ্বজুড়ে এখন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন তাদের ‘এআই অ্যাক্ট’-এর মাধ্যমে উচ্চ ঝুঁকিপূর্ণ এআই সিস্টেমের ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং ডিপফেক কনটেন্টে চালু করেছে বাধ্যতামূলক লেবেলিং। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে নির্বাচনের আগে রাজনৈতিক ডিপফেক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ কোরিয়া নির্বাচনের ৯০ দিন আগে থেকে এআই জেনারেটেড যেকোনো প্রচারণামূলক ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। কিন্তু বাংলাদেশে এখনো এই প্রযুক্তির অপপ্রয়োগ মোকাবেলায় সুনির্দিষ্ট ও সময়োপযোগী কার্যকর কাঠামো গড়ে ওঠেনি।\r\nএআইয়ের অপপ্রয়োগ মোকাবিলায় আইন ও কিছু বিধি-বিধান থাকলেও কারিগরি সক্ষমতা ও বিশেষজ্ঞ জনবলের ঘাটতি রয়েছে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর। ফলে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বেপরোয়া হয়ে উঠছে সাইবার অপরাধীরা। এই প্রযুক্তিগত সুনামি মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি), আইসিটি বিভাগ বা বিটিআরসির কার্যকর ও দ্রুত তৎপরতা এখনো চোখে পড়ছে না, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ইসি ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ডিজিটাল নজরদারি বাড়ালেও প্রযুক্তির এই দ্রুতগতির সঙ্গে তাল মেলানোই এখন প্রধান চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলো এখনো অ্যানালগ মানসিকতা নিয়ে ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাইছে, যা তেমন কার্যকর নয়।
