শনিবার সংবাদ সংস্থা রয়টার্স একটি এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করে। এতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ‘সামনের দিনগুলোতে ভেনেজুয়েলা সম্পর্কিত অভিযানের একটি নতুন পর্যায় শুরু করতে যাচ্ছে।’ প্রতিবেদনে চার মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে, যারা নাম গোপন রাখার শর্তে কথা বলেছেন। দুই কর্মকর্তা বলেছেন, গোপন অভিযান সম্ভবত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এই ‘নতুন পদক্ষেপ’-এর প্রথম ধাপ হবে।
এটি মোটেও অবাক করার মতো খবর নয়। কারণ এক মাসেরও বেশি সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছিলেন, তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার জন্য সিআইএকে অনুমতি দিয়েছেন। এটা এক ধরনের ব্যতিক্রমী ঘোষণা। কারণ সাধারণত গোপন অভিযান সরাসরি এভাবে প্রকাশ করা হয় না।
এটা গোপন বিষয় নয় যে, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে বিশাল সামরিক শক্তি বৃদ্ধির তত্ত্বাবধান করছে, যেখানে বর্তমানে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা ‘মাদক সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে লড়াইয়ের আড়ালে মোতায়েন রয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকে ট্রাম্প ক্যারিবিয়ান সাগরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও নেতৃত্ব দিয়েছেন। মাদক পাচারকারী নৌকাগুলোতে বারবার বোমা হামলার নির্দেশ দিয়েছেন বলে তিনি দাবি করেছেন। তবে আন্তর্জাতিক ও মার্কিন আইন লঙ্ঘনের পাশাপাশি এই হামলা স্থানীয় জেলেদের আতঙ্কিত করার বাইরে আর কিছুই করতে পারেনি।
নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্র কখনোই তার অপছন্দের কোনো ‘মাদকবিরোধী যুদ্ধ’ করেনি। কারণ পুরো মাদক যুদ্ধের আখ্যানের সঙ্গে বিশ্বব্যাপী ধ্বংসযজ্ঞ জড়িত; সেই সঙ্গে আছে পশ্চিম গোলার্ধে সামরিকীকরণ; দরিদ্র আমেরিকানদের অপরাধী সাব্যস্ত এবং অন্যান্য হীন কাজ। এ কথায় কেউ কিছু নিশ্চয়ই মনে করবে না, মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো কয়েক দশক ধরে আন্তর্জাতিক মাদক বাণিজ্য থেকে মুনাফা অর্জন করেছে অথবা ‘সিআইএর সঙ্গে ড্রাগের সংযোগ পুরোনো’– দ্য নিউইয়র্ক টাইমস ওয়েবসাইটের একটি নিবন্ধে যা বলা হয়েছে। এখন নিশ্চয় কারও বুঝতে বাকি নেই– কেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে দূরে রাখার জন্য প্রচারণা চালিয়েছিলেন; তারপর তাৎক্ষণিক ইরানে বোমা হামলা চালিয়েছিলেন। তিনি এখন দেশটিকে আরও একটি সংঘাতে জর্জরিত করার সুযোগ করে দিয়েছেন। অন্য মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধের ধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ভেনেজুয়েলার বিরুদ্ধে আগ্রাসনের জন্য দেওয়া যুক্তিরও কোনো ভিত্তি নেই।
যেমন ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল মাদক সংকটের দায় মাদুরোর ওপর চাপানোর চেষ্টা করেছে। কিন্তু তাতে একটি ছোট সমস্যা আছে; তা হলো ভেনেজুয়েলা এমনকি প্রশ্নবিদ্ধ সিনথেটিক ওপিওয়েডও উৎপাদন করে না। এনবিসি নিউজসহ অন্যান্য সংবাদমাধ্যম উল্লেখ করেছে, ভেনেজুয়েলার মাদকগোষ্ঠী যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল নয়, বরং ইউরোপে কোকেন রপ্তানিতে মনোনিবেশ করছে।
এটি সত্ত্বেও ১৩ নভেম্বর মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তথা মার্কিন যুদ্ধ সচিব তাঁর শ্রোতাদের আশ্বস্ত করার জন্য এক্সের দ্বারস্থ হন। তিনি বোঝাতে চেয়েছেন, ভেনেজুয়েলার উপকূলে বিশাল মার্কিন সামরিক অবস্থান একটি মিশন, যা ‘আমাদের স্বদেশকে রক্ষা করবে; আমাদের গোলার্ধ থেকে মাদক সন্ত্রাসীদের অপসারণ করে আমাদের স্বদেশকে সুরক্ষিত করবে, যা আমাদের জনগণকে হত্যা করছে।’
অবশ্য এটি সেই একই প্রশাসন, যা প্রয়োজনীয় খাদ্য সহায়তা বন্ধ করে দরিদ্র আমেরিকানদের অনাহারে মারার হুমকি দিচ্ছিল। এই প্রবণতা ইঙ্গিত দেয়, ‘আমাদের জনগণের’ মঙ্গল আসলেই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ নয়। আরও বিবেচনা করুন, ট্রাম্প এমন একটি দেশে বন্দুক সহিংসতা প্রতিরোধ কর্মসূচির জন্য কেন্দ্রীয় তহবিল কমিয়ে দিয়েছেন, যেখানে গণহারে গোলাগুলি জীবনযাপনের অংশ হয়ে উঠেছে। স্পষ্টতই, প্রাথমিক বিদ্যালয়ে গণহত্যা এমনভাবে ‘আমাদের জনগণকে হত্যা’ করছে, যার ভেনেজুয়েলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু সবকিছুর জন্য মাদুরোকে দোষ দেওয়া অনেক বেশি মজার, তাই না? পূর্বসূরি হুগো শ্যাভেজের মতো মাদুরো দীর্ঘদিন মার্কিন সাম্রাজ্য বিস্তারের পথে কাঁটা হয়ে আছেন। তাই তাঁকে ‘মাদক সন্ত্রাসী’ হিসেবে অপমান এবং এর মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য প্রচারণা চালিয়ে মঞ্চ তৈরি করা হয়। তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর একজন পোষা প্রাণীরও লক্ষ্যবস্তু, যাকে ভেনেজুয়েলায় ওয়াশিংটনের যুদ্ধ পরিকল্পনার প্রধান স্থপতি হিসেবে দেখা হয়।
এদিকে শনিবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ‘হোয়াইট হাউস মাদুরোকে চাপ দেওয়ার জন্য দু-একটি মনস্তাত্ত্বিক অভিযানের অংশ হিসেবে মার্কিন সামরিক বিমান থেকে ভেনেজুয়েলার কারাকাসে লিফলেট ফেলার একটি ধারণা প্রস্তাব করেছে।’ মনে হচ্ছে, এগুলো পুরোনো ইসরায়েলি খেলা-সংক্রান্ত সামরিক দলিলেরই একটা পাতা অথবা লিফলেট। আর ট্রাম্প প্রশাসন যখন ভেনেজুয়েলার জন্য তার গোপন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের বেপরোয়া আচরণ মার্কিনিদের স্বদেশ বা অন্য কারও সুরক্ষা নিশ্চিত করতে পারবে না।
বেলেন ফার্নান্দেজ: আলজাজিরার কলামিস্ট; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
