খোদ রাজধানীর জনবহুল মগবাজারে ফ্লাইওভারের নিচে ককটেল হামলায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু নগরবাসীকে উদ্বিগ্ন করে তুলছে। নিহত সিয়াম (বয়স-২৪) কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না, কোনো সংঘাতে জড়িতও নন। তিনি ছিলেন একজন অতি সাধারণ পথচারী, একজন শ্রমজীবী কর্মক্ষম তরুণ। অর্থাৎ, এই হামলার প্রকৃত শিকার সাধারণ মানুষ। মেগা সিটি রাজধানীর ফ্লাইওভারের মতো গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি কেন এত দুর্বল থাকবে? কেন অপরাধীরা নির্বিঘ্নে ওপর থেকে বোমা ছুড়ে পালিয়ে যেতে পারবে? জননিরাপত্তা নিশ্চিত করতে হলে কেবল ঘটনার পর প্রতিক্রিয়া নয়, বরং আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এটাই সবচেয়ে ভয়ের বিষয়- আমাদের জননিরাপত্তা ব্যবস্থার গভীর সংকট আবারও প্রকাশ পেয়েছে।
ককটেল কিংবা ক্রুড বোমা নিক্ষেপ- তাও ফ্লাইওভারের ওপর থেকে নিচে, যে পথে হাজার হাজার যানবাহন প্রতিদিন চলে! এমন ভয়ংকর বিস্ফোরণ জনবহুল এলাকায়- এটি কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি, এটি কোন বিচ্ছিন্ন অপরাধ নয়; বরং এটি অপরাধীদের বেপরোয়া সাহস, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর দুর্বলতা এবং নাগরিক জীবনের নিরাপত্তাহীনতার এক ভয়াল চিত্র।\r\nআজ যে কেউ, যেকোনো সময়, কোনো অপরাধী চক্রের লক্ষ্যহীন সহিংসতার বলি হতে পারে। জননিরাপত্তা যদি এমন অনিশ্চিত হয়, তাহলে নগরজীবনের স্বাভাবিক চলাচলই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। এটি অবশ্যই প্রয়োজনীয় এবং প্রশংসনীয় উদ্যোগ।
কিন্তু প্রশ্ন হলো- এ ধরনের ঘটনা কি আমরা বারবার তদন্তের অপেক্ষায় প্রহর গুনবো? আমরা দৃঢ়প্রাণে মনে করি, ঘটনার পর নিরাপত্তা জোরদার করা যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি হলো এমন হামলা ঘটার আগেই তা প্রতিরোধের সর্বোচ্চ ব্যবস্থা থাকা।\r\nআমরা মনে করি, সাড়ে তিন কোটি মানুষের নগরী- রাজধানীর সব ফ্লাইওভার, আন্ডারপাস ও গুরুত্বপূর্ণ মোড়ে আধুনিক মানের সিসিটিভি এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করতে হবে, টহল পুলিশিং জোরদার করতে হবে। বোমা বা বিস্ফোরক ব্যবহারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে শুধু কথায় নয়, দৃশ্যমান কঠোরতা দেখাতে হবে, যার ভিত্তি হবে- শূন্য সহনশীলতা নীতি। নগর গোয়েন্দা তৎপরতা আরও তৃণমূলে নিয়ে যেতে হবে, প্রয়োজনে প্রতি পাড়া-মহল্লায় জ্যেষ্ঠ নাগরিক ও তরুণদের সম্পৃক্ত করতে হবে,যার ফলে প্রতিরোধ হবে জোরদার। কোন উদ্দেশ্যে কারা এমন সহিংসতা চালাচ্ছে, তা দ্রুত উন্মোচন করা জরুরি। একই সঙ্গে আমাদের নাগরিক সচেতনতাও বাড়াতে হবে। সন্দেহজনক চলাচল, অচেনা বস্তু বা অস্বাভাবিক আচরণ দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে, এ জন্য ফ্রী হটলাইন সেবা চালু করা যেতে পারে। সিয়ামের অকাল মৃত্যু যেন আরেকটি পরিসংখ্যান হয়ে না থাকে। এই ঘটনা রাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিচ্ছে- জননিরাপত্তা ব্যর্থ হলে তার মূল্য দিতে হয় নিরীহ মানুষদের জীবন দিয়ে। এখনই সময়, কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার- যাতে রাজধানীর রাস্তায় হাঁটতে গিয়ে কাউকে আর প্রাণ হারাতে না হয়।
