মানুষের জন্মগত মর্যাদা, স্বাধীনতা, সমতা, নিরাপত্তা ও ন্যায়বিচারের অধিকারই মানবাধিকারের মূল ভিত্তি। একটি রাষ্ট্র কতটা উন্নত, তার মূল্যায়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো কিংবা প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে করা যায় না; বরং সেই রাষ্ট্রের সাধারণ মানুষ কতটা নিরাপদ, সম্মানজনক ও বৈষম্যহীন জীবনযাপন করতে পারছে, সেটিই প্রকৃত অগ্রগতির মাপকাঠি। এই সত্যটি আজ যেমন জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ, তেমনি আন্তর্জাতিক পরিসরেও ক্রমেই অধিক প্রাসঙ্গিক হয়ে উঠছে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। প্রতি বছর ১৯ আগস্ট পালিত হয়, ‘বিশ্ব মানবিক সহায়তা দিবস’।
২০০৩ সালের ১৯ আগস্ট ইরাকের বাগদাদে জাতিসংঘের কানাল হোটেলে বোমা হামলায় ২২ জন মানবিক সহায়তাকর্মী নিহত হওয়ার ঘটনাকে স্মরণ করে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৮ সালে ১৯ আগস্টকে বিশ্ব মানবিক সহায়তা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবসের উদ্দেশ্য হলো সংকটে আক্রান্ত মানুষের জীবন, মর্যাদা ও কল্যাণের পাশাপাশি মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো। অন্যদিকে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে; সেই ঐতিহাসিক দিনটিই ‘বিশ্ব মানবাধিকার দিবস’ হিসেবে পালিত হয়। দুটি দিবসের মধ্যে তাই একটি গভীর যোগসূত্র রয়েছে।
মানবাধিকার যেখানে মানুষের অধিকার রক্ষার নৈতিক ও আন্তর্জাতিক ভিত্তি তৈরি করে, মানবিক সহায়তা সেখানে যুদ্ধ, সংঘাত, দুর্যোগ, বাস্তুচ্যুতি ও অন্যান্য সংকটে সেই মানুষের জীবন ও মর্যাদা রক্ষার বাস্তব প্রয়াস। মানবাধিকারের কেন এত গুরুত্বপূর্ণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার পর বিশ্ববাসী উপলব্ধি করেছিল যে, রাষ্ট্রীয় ক্ষমতা, যুদ্ধ, নিপীড়ন ও বৈষম্যের ঊর্ধ্বে মানুষের কিছু মৌলিক অধিকার থাকা আবশ্যক। সেই ঐতিহাসিক উপলব্ধির ভিত্তিতেই ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়।
ঘোষণাপত্রে জীবনের অধিকার, স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা, আইনের দৃষ্টিতে সমতা, নির্যাতন থেকে মুক্তি, ন্যায়বিচার, মতপ্রকাশ, শিক্ষা, কাজ, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবনের মতো মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। ঘোষণাপত্রের প্রথম অনুচ্ছেদের দর্শন বিশেষভাবে তাৎপর্যপূর্ণÑ সব মানুষ মর্যাদা ও অধিকারে স্বাধীন ও সমানভাবে জন্মগ্রহণ করে এবং মানুষের পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ নিয়ে আচরণ করা উচিত। অর্থাৎ মানবাধিকার কেবল রাষ্ট্রের কাছে নাগরিকের দাবি নয়; এটি মানুষের প্রতি মানুষের দায়িত্বও বটে। এই জায়গাটিই আজকের বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। অধিকার প্রতিষ্ঠার নামে যদি ঘৃণা, প্রতিশোধ, সহিংসতা ও বিভাজন বাড়তে থাকে, তাহলে মানবাধিকারের মূল উদ্দেশ্যই দুর্বল হয়ে পড়ে।
অধিকার প্রতিষ্ঠার সবচেয়ে টেকসই পথ হলো আইন, ন্যায়বিচার, সংলাপ, সহমর্মিতা এবং পারস্পরিক সম্মান। বর্তমান বিশ্বের মানবিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। জাতিসংঘের ২০২৬ সালের তথ্য অনুযায়ী, মে মাসের শেষে বিশ্বের ২৫ কোটি ২০ লাখের বেশি মানুষ জরুরি মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজনের মধ্যে ছিল। বছরের শুরুতে যে হিসাব করা হয়েছিল, তার তুলনায় প্রয়োজনীয় মানুষের সংখ্যা আরও প্রায় ১ কোটি ৩০ লাখ বেড়েছে। একই সময়ে মানবিক সহায়তার পরিকল্পনাগুলোর জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৩৬৬ কোটি মার্কিন ডলার, কিন্তু মে মাসের শেষে পাওয়া গিয়েছিল মাত্র ৮২১ কোটি ডলার, অর্থাৎ প্রয়োজনের প্রায় ২৪ দশমিক ৪ শতাংশ।
এই পরিসংখ্যান শুধু অর্থের ঘাটতির হিসাব নয়; এর প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একজন মানুষ, একটি পরিবার কিংবা একটি বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জীবন। কোথাও যুদ্ধের কারণে ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, কোথাও খাদ্য ও পানির সংকট, কোথাও হাসপাতাল ও বিদ্যালয় আক্রান্ত হচ্ছে, আবার কোথাও মানুষ নিজের দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে সীমান্ত অতিক্রম করতে বাধ্য হচ্ছে। জাতিসংঘের ২০২৬ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ২০টি সশস্ত্র সংঘাতে নথিভুক্ত বেসামরিক নিহতের সংখ্যা ছিল অন্তত ৩৭ হাজার ১৬৩। ২০২৪ সালের ৪৮ হাজার ১১১ জনের তুলনায় এটি ২৩ শতাংশ কম হলেও সংখ্যাটি এখনও অত্যন্ত ভয়াবহ। ২০২৫ সালে সংঘাতে নিহত বেসামরিক মানুষের প্রায় প্রতি পাঁচজনে একজন ছিল শিশু।
একই সময়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০২৫ সালের জুনে প্রায় ১১ কোটি ৭০ লাখে পৌঁছেছিল। অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা কিছুটা কমলেও মানবিক সংকটের গভীরতা এখনও বিপজ্জনক। সংঘাত কেবল যুদ্ধক্ষেত্রে মানুষের জীবন কেড়ে নেয় না; এটি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কর্মসংস্থান, পরিবার, সামাজিক নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করে। বিশ্বব্যাপী কয়েকটি মানবিক চিত্র লেবানন: সংঘাতের মধ্যে মানবিক সহায়তাকর্মী ও সাধারণ মানুষও হামলার শিকার হচ্ছেন। এক সমাজকর্মী তাঁর বাবা-মা ও ছোট ছেলের সঙ্গে নিজ বাড়িতে বোমা হামলায় নিহত হয়েছেন। ঘটনাটি মানবিক কর্মীদের নিরাপত্তার ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। সুদান: তাওয়িলা বাস্তুচ্যুত শিবিরে আনুমানিক ৭ লাখ মানুষ বসবাস করছে।
খাদ্য, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও অন্যান্য মানবিক সহায়তার প্রয়োজন সেখানে অত্যন্ত তীব্র। মেক্সিকো: কেরেতারো রাজ্যে নারীদের সাংস্কৃতিক ঐতিহ্য ও আধুনিক পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করার পাশাপাশি মানবাধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতন করা হচ্ছে। মালদ্বীপ: তরুণদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, প্রয়োজনীয় জীবনদক্ষতা এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে সংকটের ধরন ভিন্ন হলেও মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষার প্রয়োজন সর্বজনীন। সংঘাত নয়Ñ সংলাপ, মানবিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের মাধ্যমেই মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।
মানবিক সংকটের আরেকটি ভয়াবহ দিক হলো যারা বিপন্ন মানুষের পাশে দাঁড়ান, তারাও ক্রমেই হামলার শিকার হচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২১টি দেশে অন্তত ৩২৬ জন মানবিক সহায়তাকর্মী নিহত হয়েছেন। তিন বছরে নিহত মানবিক সহায়তাকর্মীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ২০২৬ সালের বিশ্ব মানবিক সহায়তা দিবসের বার্তায় বলা হয়েছে, গত তিন বছরে প্রায় এক হাজার স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন এবং ২০২৫ সালে ৩৫০ জন মানবিক সহায়তাকর্মী নিহত হন, যা এ ধরনের মৃত্যুর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে নারী ও কন্যাশিশুরা যৌন সহিংসতা, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়া এবং নিরাপত্তাহীনতার অতিরিক্ত ঝুঁকির মুখোমুখি হয়।
মানবিক সহায়তাকর্মী, চিকিৎসক, ধাত্রী, অ্যাম্বুলেন্সচালক কিংবা উদ্ধারকর্মীর ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি সংকটে থাকা অসংখ্য মানুষের জীবন রক্ষার ব্যবস্থার ওপরও আঘাত। তাই আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা এবং চিকিৎসা ও মানবিক স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। বাংলাদেশের সংবিধানও মানবিক মর্যাদা, সমতা ও মৌলিক অধিকারকে রাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সব নাগরিকের সমতা এবং আইনের সমান আশ্রয়ের কথা বলা হয়েছে। ২৮ অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষ কিংবা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য না করার নীতি এবং নারী-পুরুষের সমঅধিকারের কথা বলা হয়েছে।
অতএব, মানবাধিকার বাংলাদেশের জন্য কোনো বিদেশি ধারণা নয়; এটি আমাদের সাংবিধানিক রাষ্ট্রব্যবস্থারও অন্যতম ভিত্তি। তবে আইনে অধিকার স্বীকৃত হওয়া এবং বাস্তব জীবনে সেই অধিকার কার্যকর হওয়া এক বিষয় নয়। অধিকারকে বাস্তবে প্রতিষ্ঠা করতে প্রয়োজন আইনের শাসন, স্বাধীন ও কার্যকর বিচারব্যবস্থা, জবাবদিহি, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান, বৈষম্য হ্রাস, নাগরিকের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা। বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন নিয়মিত মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশের মানবিক দায়িত্বের সবচেয়ে বড় উদাহরণগুলোর একটি হলো রোহিঙ্গা সংকট। ২০২৬ সালের জুনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় ১২ লাখ ১৭ হাজার। এর মধ্যে কক্সবাজারে প্রায় ১১ লাখ ৬৬ হাজার এবং ভাসানচরে প্রায় ৩৩ হাজার ৮০০ মানুষ অবস্থান করছে। ২০১৭ সালের পর থেকে বাংলাদেশ বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের আশ্রয় দিয়ে আন্তর্জাতিক মানবিকতার একটি বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু দীর্ঘস্থায়ী শরণার্থী পরিস্থিতি শুধু আশ্রয়দাতা দেশের জন্য নয়, শরণার্থীদের জন্যও ক্রমবর্ধমান অনিশ্চয়তা তৈরি করে। স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি না হলে সংকট দীর্ঘায়িত হয়।
লেখক: ব্যাংকার ও তথ্য পদ্ধতি গবেষক mmakhirgg@gmail.com
