হাজী শরীয়তউল্লাহ (১৭৮১-১৮৪০) ছিলেন একজন ইসলামী উচ্চ শিক্ষায় শিক্ষিত বিখ্যাত আলেম। তার প্রতিষ্ঠিত ফরায়েজী আন্দোলন নামটিই প্রমাণ করে, তার আন্দোলনের গুঢ় রহস্য। ‘ফরায়েজ’ শব্দটি ‘ফরজ’ শব্দের বহুবচন। ইসলামে ফরয বা অবশ্যই পালনীয় কাজগুলো সমাজে প্রবর্তনের উদ্দেশ্যে পরিচালিত ছিল তার সে আন্দোলন। ইংরেজরা এদেশে এসে শাসন-ক্ষমতার মালিক-মোক্তার হয়ে এদেশের জনগণ বিশেষভাবে মুসলমান ও ইসলাম বিরোধী যে সব বিধি বিধান চালু করে এবং জনগণের স্বার্থবিরোধী কার্যকলাপ ও কর্ম-তৎপরতা শুরু করে, হাজী শরীয়তউল্লাহ সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। ইংরেজ বেনিয়াদের দুঃশাসনের ফলে বিশেষভাবে বাংলার মুসলমানদের সামগ্রিক অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে। এটি ছিল ভারতে হযরত শাহ আব্দুল আযিয (র.)-এর সময়কালের অবস্থা।

তিনি ইংরেজদের শাসনবিরোধী যে ঐতিহাসিক ফতোয়া দান করেন, হাজী শরীয়তউল্লাহ তাতে উৎসাহিত ও উদ্বুদ্ধ হয়ে সেই অনুযায়ী তার আন্দোলন পরিচালিত করতে থাকেন। বিভাগ পূর্বকালে হিমালয়ান উপমহাদেশে যে সব সংস্কার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, জেহাদ আন্দোলন প্রভৃতি জাগরণ দেখা দেয়, সেসব ক্ষেত্রে মুসলমানদের অধিকার নানাভাবে জড়িত ছিল এবং অধিকাংশ ক্ষেত্রে ধর্মীয় ওয়াজ, বক্তৃতা, সাহিত্য, সাংবাদিকতা এবং জেহাদ আন্দোলন প্রভৃতির মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হতে থাকে। এখানে উল্লেখ্য, হযরত শাহ ওয়ালিউল্লাহ মোহাদ্দেস দেহলভীর (র.) শিক্ষা ও সংস্কার আন্দোলনকালেই ইংরেজ বেনিয়ারা ভারতে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিল। পরবর্তীকালে তার সুযোগ্য পুত্র শাহ আব্দুল আযিয (র.) এর সময় পর্যন্ত বিশাল ভূখ- তাদের শাসনাধীন চলে যায় এবং তারাই হত্যাকর্তা হয়ে বসে, তাদের নির্দেশনায় সব কিছু চলতে থাকে, মুসলমানরা হয়ে পড়ে সম্পূর্ণ অসহায়। তাদের এ শোচনীয় অবস্থায় হযরত শাহ আব্দুল আযিয (র.) ঐতিহাসিক ফতোয়া জারি করেন ‘দারুল হরব’ (যুদ্ধক্ষেত্র) নামে।

শাহ আব্দুল আযিয (র.) ফার্সি ভাষায় ফতোয়াটি রচনা করেছিলেন। একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে ফতোয়ার শুরুতেই বলেন: এখানে খৃস্টান নেতৃবর্গ (অফিসার বৃন্দ)-এর নির্দেশ বিনা বাক্যেও বেধড়ক চালু আছে এবং বাস্তবায়নের অর্থ হচ্ছে, রাজ্য শাসন ব্যবস্থাপনা, প্রজা শাসন, ট্যাক্স (শুল্ক), ওশর, মাল খালাস, মালের ব্যবস্থা-চোর-ডাকুদের দৌরাত্ম্য, মামলা-মোকাদ্দমাসমূহের মীমাংশা এবং অপরাধের শাস্তি ইত্যাদি বিষয়ে এসব লোক নিজেদের ব্যাপারে কোন অধিকার রাখে না। অবশ্য জুমার নামাজ, দুই ঈদের নামাজ এবং গরু জবাইয়ের ন্যায় ইসলামের কয়েকটি আহকামে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, কিন্তু যে বস্তুটি এগুলোর মূল এবং স্বাধীনের ভিত্তি (অর্থাৎ অন্তর, মতামতের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতাও সেগুলো নিশ্চিত অবাস্তব ও পদদলিত। তাই বিনা দ্বিধায় মসজিদগুলো ধ্বংস করে দিচ্ছে, যেহেতু সেখানকার শাসকরা তাদের আনুগত্য স্বীকার করেছে, সরাসরি খৃস্টানদের নির্দেশাবলী তাদের প্রতি প্রযোজ্য নয়। (কিন্তু এ দ্বারা সমগ্র দেশ দারুল হরব (যুদ্ধক্ষেত্র) হওয়াতে কোন প্রভাব পড়ে না। (ফতাওয়া আযিযী-‘উলামায়েহিন্দ কা শান্দার মাজি’-এর সৌজন্যে)

আগে বলা হয়েছে যে, এই ফতোয়ার ভাষা ধর্মীয় যে, দারুল হরবের পারিভাষিক শব্দ ব্যবহার করা হলেও এর প্রাণ রাজনৈতিক এবং তার অর্থ হচ্ছে: ১. আইন প্রণয়নের সমস্ত অধিকার খৃস্টানদের হাতে, ২. ধর্মের মর্যাদা খতম করে দেয়া হয়েছে, ৩. এবং নাগরিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। সুতরাং প্রত্যেক দেশপ্রেমিকের অবশ্য কর্তব্য, এ বিদেশী শক্তির সাথে যুদ্ধঘোষণা করা এবং যতক্ষণ না তাকে এদেশ থেকে বিতাড়িত করা হবে, এদেশে জীবিত থাকা নিজের জন্য হারাম মনে করবে। ফতোয়ায় বলা হয়েছে যে, অবশ্য জুমার নামাজ, দুই ঈদ, আজান এবং গরু জবাই করার মত ইসলামের কতিপয় জরুরি বিষয়ে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। কিন্তু যেটি এগুলোর মূল এবং স্বাধীনতার বুনিয়াদ অর্থাৎ মন ও মতামতের স্বাধীনতা এবং নাগরিক অধিকার, সেগুলো একেবারেই অবাস্তব ও পদদলিত।

সুতরাং, অবাধে মসজিদ ধ্বংস করা হচ্ছে। জনগণের নাগিরক অধিকার খর্ব করা হয়েছে। কিন্তু এসব ঘটনার কারণে সমগ্র দেশ দারুল হরব বা যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার ওপর কোন প্রভাব ফেলে না। সুতরাং, প্রত্যেক দেশপ্রেমিকের ওপর ফরয হয়ে যায়, এই বিদেশি শক্তির সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়া এবং যতক্ষণ না এ বিদেশি শক্তিকে বিতাড়িত করা যাবে, এদেশে জীবিত থাকা নিজের জন্য হারাম মনে করা হবে। (সূত্র ঐ) হাজী শরীয়তুল্লাহ বাঙ্গালী মুসলমানদের জাতীয় জাগরণে ধর্মীয় সংস্কারের পথ ধরে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে কিংবদন্তিতুল্য ভূমিকা পালন করেন। তিনি ছিলেন জাতীয় সংগ্রামী ব্যক্তিত্ব। ১৮৪০ সালের ২৮ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন এবং তার জন্ম ১৭৮১ সালে। ১৭৯৩ সালে তিনি উচ্চ শিক্ষার জন্য কলকাতা গমন করেন এবং ১৭৯৯ সালে স্বীয় শিক্ষকের সাথে মক্কায় গমন করে হজ¦ সম্পাদন করেন। এ সময় তিনি এক মওলানার কাছে আরবী সাহিত্য ও ইসলামী আইন শাস্ত্র অধ্যয়ন করেন। ১৮১৮ সালে দেশে ফিরে এসে দ্বীন ইসলামের দাওয়াতী কাজ শুরু করেন। তার এই দাওয়াতী কার্যক্রম এক পর্যায়ে আন্দোলনের রূপ লাভ করে। ইসলামের ফরয কাজসমূহ নিয়ে আন্দোলন করায় এর নামকরণ করা হয় ফরায়েযী আন্দোলন। অন্য দিকে আন্দোলনের নেতা হিসেবে তিনি হাজী শরীয়তউল্লাহ নামে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি সংঘবদ্ধ জনশক্তি নিয়ে জমিদার, নীলকুঠি এবং ইংরেজ সরকারে বিরুদ্ধে এক অপরাজেয় আন্দোলন গড়ে তোলেন। এদেশের জাতীয় ইতিহাসের এক গর্বিত সংযোজন ১৮৮১ সালে হাজী শরীয়তউল্লাহর নামেই বাংলাদেশের শরীয়তপুর জেলার নামকরণ করা হয়েছে, যা তার প্রতি একটি জাতীয় স্বীকৃতিস্বরূপ। এছাড়াও প্রতিবছরই সরকারি-বেসরকারি উদ্যোগে এ বীরকে স্মরণ করা দরকার। তাহলেই জাতি তার জীবনী থেকে লাভ করতে পারবে উদ্দীপনা ও উৎসাহ।

শাহ আব্দুল আযিয (র.)-এর এ আলোড়ন সৃষ্টিকারী ফতোয়া সমগ্র ভারতে এক নতুন জাগরণের সৃষ্টি করে। রাজনীতির ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। হাজী শরীয়তউল্লাহ তার আন্দোলনের নামকরণ করেন ফরায়েজী আন্দোলন। ফতোয়া অনুযায়ী দারুল হরবে (যুদ্ধক্ষেত্রে) জুমা, ঈদ, কোরবানী করা সিদ্ধ নয়। হাজী শরীয়তউল্লাহ এ মতবাদ অনুসরণ করে ইংরেজ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। হাজী শরীয়তউল্লাহ ধর্মীয় সংস্কারবাদী নেতা ও স্বাধীনতা সংগ্রামী হিসেবে বিশেষ স্মরণীয় হয়ে আছেন। বাঙালার মুসলমানগণ ইসলামকে বিজাতীয় প্রভাব হতে মুক্ত করার ও উপমহাদেশ হতে বিদেশী শাসনের বিরুদ্ধে আত্মপ্রতিষ্ঠার জন্য আন্দোলনের অগ্রদূত হিসেবে কৃতিত্বের দাবি করতে পারে। বৃহত্তর ফরিদপুরের এ কৃতি সন্তান প্রথম এ আন্দোলনের সূচনাকারী হিসাবে পরিচিত। প্রসিদ্ধ এই যে, মাত্র ১৮ বছর বয়সে শরীয়তউল্লাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কা শরীফে গিয়েছিলেন এবং সেখানে কুড়ি বছর যাবত অবস্থান করে অধ্যয়ন করেন এবং মক্কা শরীফে শাফেয়ী মাজহাবের নেতা শায়খ তাহির আস সুস্বুল মক্কীর শিষ্যত্ব গ্রহণ করেন। ১৮০২ খৃস্টাব্দে ফিরে এসে তিনি ফরিদপুরের বিভিন্ন গ্রামে তার মতবাদ প্রচার করতে থাকেন। প্রথম দিকে তাকে প্রচন্ড বাধার সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু অদম্য সাহসের সাথে তিনি তার প্রচার চালিয়ে যেতে থাকেন এবং শেষ পর্যন্ত জন সাধারণের নিকট হতে বিপুল সাড়া লাভ করতে সক্ষম হন। অল্পকালের মধ্যেই ঢাকা, বরিশাল এবং মোমেনশাহী জেলার মুসলিম জনসংখ্যার এক বিরাট অংশ তার শিষ্যত্ব গ্রহণ করে। দরিদ্র চাষী ও মজুররাই ছিল হাজী শরীয়তউল্লাহর শক্তির প্রধান উৎস।

শাহ আব্দুল আজিজের ঐতিহাসিক ফতোয়ার কথা আগেই বলা হয়েছে, যার অনুসারী হয়ে পড়েছিলেন হাজী শরীয়তউল্লাহ। এতে খৃস্টানরা দারুণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ে। অপর দিকে হিন্দু জমিদাররাও একে সুনজরে দেখল না। বৃটিশ সরকার ও হিন্দু জমিদারেরা একযোগে হাজী শরীয়তউল্লাহর বিরুদ্ধাচরণ করতে লাগল। তিনি ইংরেজদের উৎপীড়ন নির্যাতন সহ্য করে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রচার কর্ম অব্যাহত রাখেন। বঙ্গীয় মুসলমানদের মধ্যে জাগরণ সৃষ্টির অগ্রদূত হাজী শরীয়ত উল্লাহ সম্পর্কে এক জন ইংরেজ বলেন, তিনি ফরিদপুর জেলার বাহাদুর পুরের অধিবাসী ছিলেন। ১৮ বছর বয়সে তিনি বায়তুল্লাহ শরীফে চলে যান। কুড়ি বছর তিনি হেজাজে অবস্থান করেন। তিনি শাফেয়ী মাজহাবের শায়খ তাহের আস ছাম্বল মক্কীর নিকট শিক্ষা লাভ করেন। ১৮০২ সালে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং তবলীগ ও সংস্কার কাজে আত্মনিয়োগ করেন। ১৮০৪ সালে একটি সংস্কার দল গঠন করে এর নাম রাখেন ‘ফরায়েজী’। তার খলিফা ও উত্তরাধিকারী হন দুদু মিয়া। তিনি বাহাদুরপুরকে তার প্রচার কেন্দ্র করেন এবং বিশেষভাবে কৃষকদের মধ্যে প্রচার শুরু করেন। তার উদ্দেশ্য ছিল ধর্মীয় প্রচার ছাড়াও দরিদ্র অভাবীদের মধ্যে পরস্পর সহযোগিতার মনোভাব সৃষ্টি করা এবং তাদেরকে ভূস্বামীদের কবল হতে মুক্ত করা। (উলামায়েহিন্দ কা শান্দার মাজি)।