ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন নিয়ে বাংলাদেশে আলোচনা আজকের নয়। ২০১৯ সালে যখন এ বিষয়ে কাজ শুরু হয়, তখন থেকেই এর গতিপথ বিতর্ক ও আশঙ্কায় ঘেরা ছিল। ২০২১ সালে প্রথম খসড়াটি জনসমক্ষে এলে সেই বিতর্ক আরও স্পষ্ট রূপ ধারণ করে। নাগরিক অধিকারের সুরক্ষা নয়, বরং রাষ্ট্রীয় কর্তৃত্বের বিস্তার- এই অভিযোগ তখনই সর্বজনীন হয়ে ওঠে। সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন- এই আইন কি মানুষের ব্যক্তিগত জীবন রক্ষায়, নাকি নজরদারি ও নিয়ন্ত্রণের নতুন কাঠামো নির্মাণে? পরবর্তী বছরগুলোতে খসড়াটি বহুবার সংশোধিত হয়েছে। তবে জনমতের চাপ, নাগরিক সমাজের আপত্তি এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রশ্নের মুখে মন্ত্রিসভা শেষ পর্যন্ত তা আইনে রূপ দিতে সাহসী হয়নি।
যেন রাষ্ট্র নিজেই দ্বিধায় ছিল- গোপনীয়তা রক্ষা করবে, নাকি গোপনীয়তার চাবিকাঠি নিজের হাতে শক্ত করে ধরে রাখবে।\r\nসাম্প্রতিক সময়ে অন্তর্র্বর্তী সরকার ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার নামে দুটি অধ্যাদেশ জারি করেছে- ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ । উদ্দেশ্যের ভাষা নিঃসন্দেহে আকর্ষণীয়- নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু উদ্দেশ্যের মহিমা প্রায়ই বাস্তবায়নের ধাপেই আঘাতপ্রাপ্ত হয়। কারণ, আইনের মূল্য শুধু তার ভাষায় নয়- বরং তার প্রয়োগের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও পূর্বানুমানযোগ্যতায়। একটি আইন তখনই কার্যকর হয়, যখন তার শব্দচয়ন স্পষ্ট হয়, যখন তার সীমা ও প্রয়োগ উভয়ই নাগরিকের কাছে বোধগম্য হয়। কিন্তু যখন আইনের ব্যাখ্যা নির্ভর করে কর্তৃপক্ষের বিবেচনা , অনুমিত উদ্দেশ্য বা প্রয়োজনের মাত্রা র মতো অস্পষ্ট ধারণার ওপর, তখন সেই আইন একইসঙ্গে অকার্যকর এবং অধিকার-বিরোধী হয়ে উঠতে পারে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের বহু ধারা এই অনিশ্চয়তার মধ্যে আবদ্ধ। এমন বিধানগুলো নাগরিককে সুরক্ষার প্রতিশ্রুতি দেয়। অথচ একই সঙ্গে তাকে অদৃশ্য নজরদারি ও ক্ষমতার জালে জড়িয়ে ফেলে। গোপনীয়তা রক্ষার নামে যদি গোপনীয়তাই বিপন্ন হয়- তাহলে প্রশ্ন জাগে, আইন কার জন্য? নাগরিকের নিরাপত্তার জন্য, নাকি তার নীরবতার জন্য?
