আমাদের জাতীয় অস্তিত্বের রক্ষাকবচ ম্যানগ্রোভ বন সুন্দরবন দিবস আজ। সুন্দরবন কেবল একটি বন নয় বরং এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের কোটি কোটি মানুষের জীবন ও জীবিকার প্রধান উৎস। প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বুক পেতে দাঁড়ানো এক নির্ভীক প্রহরী হিসেবে এই বন আমাদের ছায়া দেয়। ২০০১ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জরুরি বার্তা নিয়ে। তা হলো আমাদের এই অমূল্য প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা এবং এর অনন্য জীববৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। আমরা যদি আজ এই বনের প্রতি আমাদের দায়বদ্ধতা স্বীকার না করি তবে অদূর ভবিষ্যতে প্রকৃতির এই আশীর্বাদ অভিশাপে পরিণত হতে পারে।

সুন্দরবনের প্রতিটি নিশ্বাসে জড়িয়ে আছে আমাদের বেঁচে থাকার অক্সিজেন। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্য আজ নানামুখী সংকটে জর্জরিত। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় লবণাক্ত পানি বনের গহীনে প্রবেশ করছে। এর ফলে সুন্দরী ও গরান গাছের মতো অমূল্য উদ্ভিদগুলো আজ আগাম মরা রোগে আক্রান্ত হচ্ছে। বনের বাস্তুসংস্থান নষ্ট হওয়ায় বন্যপ্রাণীরা তাদের আদি আবাসস্থল হারাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার; যা আমাদের জাতীয় গর্বের প্রতীক তার অস্তিত্ব আজ হুমকির মুখে। চোরা শিকারিদের দৌরাত্ম্য আর বন্যপ্রাণী পাচারের কালো ছায়া এখনও এই বনকে তাড়া করে বেড়ায়। অথচ এই বাঘই বনের ভারসাম্য রক্ষার প্রধান কারিগর। বাঘের সংখ্যা কমে যাওয়া মানে পুরো বনের শৃঙ্খল ভেঙে পড়া; যা দীর্ঘ মেয়াদে আমাদের পরিবেশের জন্য এক ভয়াবহ সংকেত। সুন্দরবনের ভেতর দিয়ে জালের মতো ছড়িয়ে থাকা শত শত নদী আর খাল যেন এই বনের রক্তসংবহনতন্ত্র। প্রতিটি জোয়ার-ভাটায় এই বন নতুন করে প্রাণ পায়। সাম্প্রতিক বছরগুলোতে বনের বুক চিরে অনিয়ন্ত্রিতভাবে বড় বড় জাহাজ চলাচল এবং শিল্পায়নের ফলে সৃষ্ট দূষণ বনের শান্ত ও শুদ্ধ পরিবেশকে বিষিয়ে তুলছে। পর্যটনশিল্পের বিকাশের নামে আমরা অনেক সময় বনের ভেতরে উচ্চশব্দে গান বাজানো কিংবা প্লাস্টিক বর্জ্য ফেলে আসার মতো দায়িত্বজ্ঞানহীন কাজ করছি। আমাদের মনে রাখা প্রয়োজন প্রকৃতিকে তার নিজের মতো করে বাড়তে দেওয়ার নামই হলো প্রকৃত সংরক্ষণ। সুন্দরবনকে আমরা যদি কেবল ভোগের সামগ্রী হিসেবে দেখি তবে এর ফল হবে অত্যন্ত করুণ। সিডর বা আইলার মতো প্রলয়ংকরী ঘূর্ণিঝড়গুলো যখন আছড়ে পড়ে তখন এই সুন্দরবনই ঢাল হয়ে দাঁড়িয়ে জানমালের ক্ষয়ক্ষতি কমায়।

বনের সম্পদ রক্ষা করলে যে তাদেরই ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে এই বোধটুকু সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে দিতে হবে। বন ধ্বংস হওয়া মানে কেবল কিছু গাছপালা হারানো নয় বরং বাংলাদেশের ফুসফুস অকেজো হয়ে যাওয়া। একটি দেশের ভারসাম্য রক্ষায় যেখানে পঁচিশ শতাংশ বনভূমি প্রয়োজন সেখানে সুন্দরবনের গুরুত্ব ব্যাখ্যাতীত। সুন্দরবন আমাদের পরিচয় এবং আমাদের অহংকার। প্রকৃতির সঙ্গে বৈরিতা নয় বরং মৈত্রীর বন্ধন গড়ে তোলাই হোক আমাদের লক্ষ্য। সুন্দরবন দিবসে আমাদের সম্মিলিত শপথ হোক আমরা বন কাটব না এবং বনের কোনো ক্ষতি করব না। সুন্দরবন যদি তার আপন মহিমায় টিকে থাকে তবেই বাংলাদেশ টিকে থাকবে সবুজের সমারোহে। প্রকৃতির এই দানকে যথাযথ সম্মান আর যত্ন নিয়ে আগলে রাখাই হোক আমাদের আজকের দিনের শ্রেষ্ঠ নিবেদন। সুন্দরবনের নিবিড় ছায়াতলে যে প্রাণের স্পন্দন আমরা অনুভব করি তা যেন চিরকাল অম্লান থাকে আমাদের অবহেলার কারণে যেন কোনো এক দিন এই সবুজ মায়া বিলীন না হয়ে যায়।

শাম্মী শফিক জুঁই: শিক্ষার্থী: ইডেন মহিলা কলেজ, ঢাকা shammishafiqj@gmail. com