আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে নির্বাচনে জিতে প্রায় দুই দশক পর বিএনপি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই স্লোগান নিঃসন্দেহে শক্তিশালী; কিন্তু রাষ্ট্র পরিচালনায় স্লোগানের চেয়েও গুরুত্বপূর্ণ হলো বাস্তবতা। কারণ দেশকে এগিয়ে নেওয়ার প্রথম শর্ত হলো বাস্তবতাটি স্পষ্টভাবে জানা এবং জনগণকে জানানো।

বিগত প্রায় প্রতিটি সরকার আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি উজ্জ্বল দেখাতে রাষ্ট্রের প্রকৃত অবস্থা অংশত গোপন করেছে। দেশের মানুষকেও প্রকৃত অবস্থা জানানো অনেক সময় অপ্রয়োজনীয় মনে করেছে। কখনও কখনও তথ্য দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো ছিল মূলত উন্নয়ন, কর্মসংস্থান বা বিনিয়োগের বড় বড় সংখ্যা। দেশের অর্থনীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন খাতের প্রকৃত সক্ষমতার পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত চিত্র কখনোই তুলে ধরা হয়নি। ফলে নাগরিকদের প্রত্যাশা তথ্য ও পরিসংখ্যানভিত্তিক না হয়ে অনেক সময় আকাঙ্ক্ষার ভিত্তিতে তৈরি হয়েছে। এর ফলে প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বড় ফাঁক তৈরি হয়েছে।

এই ফাঁক তৈরিতে প্রায় প্রতিটি সরকারই অবদান রেখেছে। যেমন– নবগঠিত সরকারের মন্ত্রীদের গত এক মাসে বিভিন্ন সভা-সমাবেশে দেওয়া বক্তব্যেও পুরোনো প্রবণতার আভাস দেখা যাচ্ছে। দেশের সমস্যাগুলোর প্রকৃত চিত্র ছাড়াই তারা বড় বড় আশ্বাস দিতে শুরু করেছেন। কেউ বলছেন, তাদের শাসনামলে শিক্ষা এমন জায়গায় যাবে, বিদেশি শিক্ষার্থীরা দলে দলে বাংলাদেশে পড়তে আসবে। কেউ বলছেন, কয়েক বছরের মধ্যেই কোটি মানুষের কর্মসংস্থান হবে।

এ ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে আকর্ষণীয় হলেও মৌলিক প্রশ্ন থেকে যায়: কীভাবে, কোন খাতে কী ধরনের বিনিয়োগে, কী ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে, কোন সময়সীমায়? প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর না থাকলে বড় বড় ঘোষণাও ধীরে ধীরে অবিশ্বাসে পরিণত হয়। দেশের রাজনৈতিক ইতিহাসে আমরা তা বহুবার দেখেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জনপ্রশাসন, বিচার বিভাগীয়, দুর্নীতি দমন, স্থানীয় সরকার, নারীবিষয়ক, শ্রম অধিকার, গণমাধ্যম, স্বাস্থ্যসহ বিভিন্ন খাত নিয়ে সংস্কার কমিশন গঠন করেছিল। কমিশনের প্রতিবেদনগুলোতেও বিভিন্ন খাতের দুর্বলতা, কাঠামোগত সমস্যা ও সম্ভাবনা উঠে এলেও দেশের সামগ্রিক অবস্থার পরিষ্কার ও সহজবোধ্য চিত্র জনগণের সামনে তুলে ধরতে পারেননি সংশ্লিষ্টরা।

অন্তর্বর্তী সরকার ১৮ মাস রাষ্ট্র পরিচালনাকালেও রাষ্ট্র সংস্কারে দৃশ্যমান সাফল্য দেখাতে পারেনি। বরং বিদায়কালে অনেক ক্ষেত্রে কাজ করতে না পারার দায় আমলাতন্ত্রের ওপর চাপিয়েছে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের স্বীকৃত সত্য হলো, আমলাতন্ত্রের সংস্কার দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ জন্য প্রশাসনিক কাঠামো, আইনগত সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা, জনগণের অংশগ্রহণ প্রয়োজন। ফলে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও সাধারণ মানুষের কাছে রাষ্ট্রের প্রকৃত অবস্থা অস্পষ্টই রয়ে গেছে। তারা জানে, দেশে সমস্যা আছে কিন্তু সমস্যাগুলো কত বড়, কী ধরনের– তা স্পষ্ট নয়। বাস্তবতা গোপন রেখে উন্নয়নের গল্প বলা যায়, কিন্তু রাষ্ট্র গড়া যায় না।

যেমন– জনপরিসরে শক্তিশালী ধারণা রয়েছে, আওয়ামী লীগের দেড় দশকে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থনীতির শ্বেতপত্রেও সেটা উল্লেখ করা হয়েছে। তারা পাচার হওয়া অর্থ ফেরত আনার কথাও বলেছিল। কিন্তু এই প্রক্রিয়ার জটিলতা, দীর্ঘসূত্রতা, আন্তর্জাতিক আইনি কাঠামো সম্পর্কে জনগণকে জানানো হয়নি। একইভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বা বিদেশি বিনিয়োগ নিয়েও বড় বড় আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এগুলোর কূটনৈতিক, অর্থনৈতিক ও আইনি জটিলতার বিষয় খোলাখুলি ব্যাখ্যা করা হয়নি। বরং রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও আমরা অতিরঞ্জিত বা অস্পষ্ট বক্তব্য শুনেছি।

বিশ্বের অনেক দেশের বড় সংস্কারের আগে জনগণের সামনে বাস্তব চিত্র তুলে ধরার উদাহরণ রয়েছে। যেমন– দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বড় সংস্কারের আগে জনগণকে জানিয়েছে– দেশ কোথায় দাঁড়িয়ে, সরকার কী ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

এই বাস্তবতায় বিএনপি সরকারের সামনে বড় সুযোগ তৈরি হয়েছে। যদি সত্যিই ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়ন করতে চায়, সরকারের প্রথম পদক্ষেপগুলোর একটি হতে পারে প্রতিটি গুরুত্বপূর্ণ খাত সম্পর্কে তথ্য-উপাত্তভিত্তিক স্বচ্ছ জাতীয় চিত্র তৈরি করে জনগণকে জানানো।

সরকার ঘোষণা দিতে পারে, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রধান প্রধান খাতের একটি পূর্ণাঙ্গ জরিপ করা হবে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পোলট্রি, গার্মেন্টস, ট্যানারি, ক্ষুদ্র-মাঝারি ও ভারী শিল্প, জ্বালানিসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর বাস্তব অবস্থা বিশ্লেষণ করা হবে। কোথায় কী ধরনের সক্ষমতা আছে, কোথায় জনবল তৈরি করতে হবে, কোন খাতে বিনিয়োগ বা সংস্কার দরকার, পরিষ্কারভাবে চিহ্নিত করতে হবে। এই জরিপের ভিত্তিতে সরকার যদি ‘জাতীয় অবস্থা প্রতিবেদন’ প্রকাশ করে, সেটি দেশের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

এ ধরনের উদ্যোগে দুটি বড় উপকার হবে। প্রথমত, জনগণ দেশের প্রকৃত অবস্থা জানতে পারবে; এতে অযৌক্তিক প্রত্যাশা কমবে এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ সহজ হবে। দ্বিতীয়ত, নাগরিকরাও তখন রাষ্ট্র গঠনের অংশীদার হতে পারবে। বাস্তবতা জানলে মানুষ অনেক সময় সরকারের কঠিন সিদ্ধান্তের সমর্থনেও এগিয়ে আসে। কারণ রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা শুধু নৈতিক প্রশ্ন নয়; কৌশলগত পদক্ষেপও বটে। জনগণ যত বেশি সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে পারবে এবং সরকারের পদক্ষেপগুলো যত বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে; সরকারের স্থিতিশীলতা এবং দাবিদাওয়া মোকাবিলা তত সহজ হবে। চব্বিশের গণঅভ্যুত্থান সময়ের প্রয়োজনেই হয়েছিল। সেই প্রয়োজনকে যথাযথভাবে কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তী সরকার। এখন নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং বৈশ্বিক প্রতিযোগিতায় তাল মিলিয়ে চলা।

মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন