নিত্যদিনের কাকডাকা ভোর নেমেছে তেঁতুলিয়ায়। শীতকালের বাড়তি যোগ মৃদু কুয়াশা আর কনকনে ঠান্ডা। বিগত কয়েক বছরে দেশের নানান প্রান্ত থেকে মানুষ আসছেন সর্বউত্তরের এই সীমান্ত জনপদে। উদ্দেশ্য– চা বাগান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও হিমালয়ের শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এই সঙ্গে যোগ হতে পারে দারিদ্র্য দর্শন।

পঞ্চগড়ে তৃণমূল জনগোষ্ঠীর বিরাট অংশের জীবিকা নির্ভর করে মহানন্দা নদীর পাথর কোয়ারির ওপর। অনেকে চা শ্রমিক। বিগত তিন দশকে এ অঞ্চলে ভারী শিল্পায়ন তো হয়ইনি; চিনিকল, পাটকল, বস্ত্রকলও বন্ধ হয়ে গেছে একে একে। ফলে দারিদ্র্যপীড়িত এ জনপদে বেকারত্বের পাশাপাশি রয়েছে জীবনমানের অনিশ্চয়তা।

বছর দুয়েক আগে মহানন্দায় এসে এমনই এক সকালে কথা হয়েছিল হরজোত ও চান মিয়ার সঙ্গে। এ দুই পাথর শ্রমিক জানিয়েছিলেন, ক্ষমতার পালাবদল নিয়ে তাদের মাথাব্যথা নেই। কোনো শাসকের দৃষ্টিই পাথর ভাঙা মজুরদের অমানবিক জীবন পর্যন্ত পৌঁছায়নি কখনও। অল্প মজুরি, ভাঙা শরীর আর অনিশ্চিত ভবিষ্যতের লড়াই তাদের নিয়তি। গণঅভ্যুত্থানের পর এই প্রত্যন্তের কলের মজুর, চা শ্রমিকের জীবন সংস্কার এগোল কতদূর?

হরজোতদের খোঁজ কেউ দিতে পারলেন না। পেশা বদল পাথর তোলা শ্রমিকদের কাছে হরহামেশার ব্যাপার। কথা হলো পঞ্চাশের কোঠায় পা রাখা মুহিব্বুল ইসলামের সঙ্গে। স্থলবন্দরে কাজ করতেন। বয়স হয়েছে; ভারী ভারী বোঝা টানায় সায় দেয় না শরীর; তাই এখন স্বাধীন পাথর শ্রমিক। এ কাজেও শরীরের সায় নেই। বরফশীতল জলে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে গিয়ে জ্বর-সর্দি নিত্যসঙ্গী। হাড়ভাঙা পরিশ্রমের সঙ্গে আছে নিরাপত্তার ঝুঁকি। কথা বলতে বলতেই হঠাৎ সচকিত মুহিব্বুলসহ আশপাশের মজুররা। আওয়াজ উঠল, ‘উঠি আইসো, থাকেন না। তোমারলার জানের ভয় নাই’? দুজন বিএসএফ সদস্য অস্ত্র উঁচিয়ে এগিয়ে আসছেন মজুরদের দিকে। সীমান্তরেখা দিয়ে বয়ে চলা মহানন্দা নদী বাংলাদেশ-ভারত দুই দেশেরই। যদিও নদীতে ভারতীয় পাথর কোয়ারি নেই; বিএসএফ ক্যাম্পও অনেকটা দূরে। তবু ‘ঝামেলা’ হয় নিয়মিত। কালেভদ্রে গুলিও চলে। নদী থেকে উঠে আসতে আসতে মুহিব্বুলরা শোনাচ্ছিলেন, বছরখানেক আগে এক যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন। সে দাগ শুকিয়ে গেলেও ঝুঁকি এখনও আছে। জানলাম, দুই বছর আগে পাথরের যে দাম ছিল, আজও ভারপ্রতি তাই। চা শ্রমিকদের একই হাল। এই দুই বছরে চাল-ডালের দাম ও বাস-রেলের ভাড়া বেড়েছে। জিডিপি-পিসিআই হয়েছে ঊর্ধ্বমুখী। কেবল এই শ্রমিকদের শ্রম, বেতন আর অভিযোগ অপরিবর্তিত।

একটু খেয়াল করলে দেখা যাবে, এই দৈন্য এক রকম পরম্পরায় পরিণত হয়েছে উত্তরের এই জেলাগুলোয়। সম্ভাবনার কমতি নেই। কৃষিজ উৎপাদনে লক্ষমাত্রা ছাড়াচ্ছে প্রতিবছর, অথচ শত শত প্রকল্প-পরিকল্পনা-মহাপরিকল্পনার কবলে পড়ে ঠুঁটো হয়ে যাওয়া অর্থনীতি এ অঞ্চলের দারিদ্র্যপীড়িত মানুষের জীবনে প্রভাব ফেলতে পারেনি। রাষ্ট্র আছে, জনপ্রতিনিধি আছেন, প্রেশার গ্রুপও আছে। কিন্তু হরজোত বা মুহিব্বুল পর্যন্ত তাদের কার্যক্রম পৌঁছেনি। উত্তরের দুঃখ ঘোচাতে অবারিত অর্থের প্রয়োজন নেই। এখানে মেগা প্রজেক্ট নিষ্প্রয়োজন। কেবল এ অঞ্চলের কৃষক-শ্রমিকদের জীবনমান উন্নয়নে আরেকটু যত্নবান হতে হবে রাষ্ট্রকে। ফসলের ন্যায্যমূল্য আর শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। সীমান্তে শাসানির বিপরীতে দাঁড়িয়ে শ্রমিক-কৃষকদের আত্মগত করে নিতে হবে। ভবিষ্যৎ নগরায়ণের পৃথিবীতে যে কৃষিজ বিপ্লব প্রয়োজন পড়বে, তার সুযোগ গ্রহণ করতে হলে আসন্ন সরকারের এ অঞ্চলের কৃষি-শিল্পকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। সে গুরুত্ব কেবল ভাষণ-আসনে নয়; হওয়া চাই দৃশ্যমান ক্ষেত্রে। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়েও যে বুভুক্ষু জীবনযাপন হরজোত-চান মিয়া-মুহিব্বুলরা করে গেলেন, তাদের সন্তানদের জীবনে যেন সে দুর্দশা না থাকে– সেই নিশ্চয়তা দিতে হবে রাষ্ট্রকে।

শাফায়াত স্বচ্ছ: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়