দেশের আপোসহীন নেত্রী হিসেবে সর্বজনবিদিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসান এমন একটা সময়ে হলো যখন দেশবাসী অধীর আগ্রহে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক্ষা করছে। সংগ্রামী নেত্রী বেগম জিয়ার অনুপস্থিতি দেশের ক্রান্তিলগ্নে জাতির জন্যে এক বিপুল ক্ষতি। তবে তার আদর্শ ও নীতি দেশবাসীকে সব সময়েই প্রেরণা জোগাবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান হিসেবে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বেগম জিয়ার অবিস্মরণীয় ভূমিকা রয়েছে।

১৯৮০-এর দশকে তৎকালীন সামরিক শাসক জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার আপোসহীন নেতৃত্বের কারণে তাকে বেশ কয়েকবার আটকও করা হয়েছিল। সৈরাচার বিরোধী এ আন্দোলনে আপসহীন নেতৃত্ব দেয়ার মাধ্যমে তিনি নতুন এক উচ্চতায় আসীন হন। এ আন্দোলনের ফলে ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। ১৯৯১ সালের নির্বাচনের পর তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যা নারীর ক্ষমতায়নের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক।\r\nমুক্তিযোদ্ধাদের মূল্যায়নেও তাঁর বিশেষ অবদান রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি খেতাবপ্রাপ্ত সকল মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়ার উদ্যোগ নেন।

১৯৯৫ সালে তিনি বীর প্রতীক তারামন বিবিকে খুঁজে বের করে নিজ হাতে পদক পরিয়ে দেন। তার শাসনামলে দেশের অর্থনীতিকে গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে সারাদেশে মহাসড়ক সম্প্রসারণ, নতুন রেলপথ তৈরি এবং যমুনা বহুমুখী সেতু প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন উল্লেখযোগ্য। তার সরকারের সময়কালে সরকারি দপ্তরগুলোতে কম্পিউটার ব্যবহার এবং প্রশাসনিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির প্রয়োগ শুরু হয়। তরুণ প্রজন্মকে আইটি শিক্ষায় উৎসাহিত করার জন্য একটি আইসিটি টাস্কফোর্স গঠন করা হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানি জুলিয়ানাসহ বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। স্বামীর মৃত্যুর পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে চার দশকের বেশি সময় ধরে দলটির নেতৃত্ব দেন এবং দলের মধ্যে ঐক্য বজায় রাখতে ভূমিকা রাখেন। \r\nএসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। কর্মসংস্থানের হার ব্যাপকভাবে বৃদ্ধি পায়। শুধু তৈরি পোশাকশিল্প খাতেই পাঁচ বছরে কর্মসংস্থানের বৃদ্ধি ছিল ২৯ শতাংশ। প্রায় দুই লাখ নারী তৈরি পোশাকশিল্প খাতে যোগ দেন।

ফোর্বস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য ২০০৫ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে ২৯ নম্বরে স্থান দেয়। বেগম জিয়া কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী। তিনি ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে পাঁচটি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানেও তিনি জয়লাভ করেছিলেন।\r\nজিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট কথিত দুর্নীতি মামলায় ২০১৮ সালে শেখ হাসিনা সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২০ সালের কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিল যে, মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবেই তাঁকে সাজা দেয়া হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে, তার ন্যায্য বিচারের অধিকারকে সম্মান করা হয়নি। আমরা জানি, নশ্বর দেহ লোকান্তরিত হয়। কিন্তু ত্যাগী গুণীজন বেঁচে থাকেন তাঁর কর্মের মাঝে। অনুসরণীয় তাঁর আদর্শ প্রেরণা দেবে নতুন প্রজন্মকে; কর্মের মধ্য দিয়ে এ দেশের সচেতন মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা জনকণ্ঠ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।