১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ৫৪ বছর আগে এই দিনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল নয় মাসের যুদ্ধ শেষের গান। সমবেত কণ্ঠে শব্দ সৈনিকরা গেয়ে উঠেছিলেন, বিজয় নিশান উড়ছে ওই, বাংলার ঘরে ঘরে, মুক্তির আলো ওই জ্বলছে ­Ñ সেই আলোর ঝর্ণাধারায় প্রজ্বলিত হয়ে উঠেছিল বিশ্ব মানচিত্রে এক নতুন দেশÑবাংলাদেশ। গৌরবের, আনন্দের, অহঙ্কারের, আত্মমর্যাদার ও আত্মোপলব্ধির দিন আজ। বিজয়ের গৌরবে গৌরবান্বিত হওয়ার দিন। \r\nদেদীপ্যমান, প্রসন্ন, আলোকিত বিজয় দিবস মানেই বাঙালির নবজন্ম। বর্বর পাকিস্তানি হানাদার সেনাবাহিনী আর তাদের এ দেশীয় দোসরদের চূড়ান্তভাবে পরাজিত করার দিন। জাতি হিসেবে বাঙালির সহস্র বছরের সাধনা শেষে অর্জিত চূড়ান্ত বিজয়ের দিন। বিশ্বে স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার দিন।

বিজয়ের এই দিনে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও সম্ভ্রম হারানো মা-বোনদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের রক্তে, অবদানে মুক্ত হয়েছিল স্বদেশ। পতপত করে উড়ছে স্বাধীন দেশের লাল-সবুজ পতাকা। \r\nতৎকালীন সাড়ে সাত কোটি বাঙালির অসীম ত্যাগ আর সাহসিকতার ফসল ছিল মুক্তিযুদ্ধের বিজয়। রাজনৈতিক নেতৃত্বের অকুতোভয় সংগ্রাম, সে সময়ে রাজনৈতিক নির্দেশনায় লড়াই করেছেন মুক্তিযোদ্ধারা, যাদের অবদান এই স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে পাকিস্তানি হানাদার ও তাদের সহযোগীরা পর্যুদস্ত হয়ে বাধ্য হয় আত্মসমর্পণে। রেসকোর্স ময়দানে ১৬ ডিসেম্বর বিকেলে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনারা। দখলদার পাকবাহিনীর দখলমুক্ত হয় স্বাধীন বাংলাদেশ। \r\nতবে যে আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছে তা পুরোপুরি বাস্তবায়িত হয়েছে, এমন বলা যায় না। দেশ খাদ্য উৎপাদনে প্রায় স্বয়ংস্পূর্ণ ও সমৃদ্ধ হলেও বিশেষ করে দরিদ্র শ্রেণির ক্ষুধা ও অপুষ্টির অবসান হয়নি। বরং বেড়েছে বঞ্চনা। ধনী ও দরিদ্র শ্রেণির মধ্যে আয় বৈষম্য প্রকট হয়েছে। মুষ্টিমেয় কিছু লোকের হাতে ক্ষমতা ও ধনসম্পদ হয়েছে কুক্ষিগত। ফলে বেড়েছে গরিব ও নিম্নমধ্যবিত্ত শ্রেণি। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়নি। সুশিক্ষা কেবল কাগজ কলমে সীমাবদ্ধ। প্রকারান্তরে বেড়েছে শিক্ষিত বেকার। প্রকৃতপক্ষে কর্মমুখী শিক্ষার প্রসার ঘটেনি। স্বাস্থ্য খাতের বঞ্চনাও সুবিদিত।