মহান আল্লাহ রমজান মাসের সিয়াম সাধনাকে বান্দার ওপর ফরজ করে দিয়েছেন। এই উদ্দেশ্য পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, বান্দা যেন সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া হচ্ছে সেই শক্তি, যার মাধ্যমে বান্দা গোপনে ও প্রকাশ্যে সর্বাবস্থায় অন্তরে আল্লাহর ভয় নিয়ে চলে এবং আল্লাহর নাফরমানি ও যাবতীয় পাপাচার থেকে বিরত থাকে। চারপাশে পাপে সয়লাব সত্ত্বেও নিজেকে তা থেকে সুরক্ষিত রাখার ক্ষমতাই হচ্ছে তাকওয়া। সাহাবি আবু হুরায়রাহ (রা.)-কে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘কাঁটাযুক্ত পথে চলার সময় তুমি কী করো?’ জবাবে প্রশ্নকারী বলল, ‘যথাসম্ভব নিজেকে তা থেকে রক্ষা করে চলার চেষ্টা করি।’ সাহাবি বললেন, ‘এটাই তাকওয়া।’
যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, তাকে বলা হয় মুত্তাকি। আল্লাহর কাছে মর্যাদার সর্বোচ্চ স্তর হচ্ছে মুত্তাকি হওয়া। সুরাহ হুজুরাতে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান ব্যক্তিই সর্বাধিক মর্যাদাবান।’ পবিত্র কোরআনের অনেক আয়াতে মুত্তাকির গুণাগুণ এবং শ্রেষ্ঠত্ব ও পুরস্কারের কথা বর্ণিত হয়েছে। কোরআনের শুরুতেই আল্লাহ বলেন, ‘এই কোরআন মুত্তাকিদের পথ দেখাবে।’ জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন, ‘জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য।’ সুতরাং একজন মুমিনের সবচেয়ে বড় সাধনা হওয়া উচিত ‘তাকওয়া’ অর্জন।
রমজান মাসের সিয়াম সাধনা হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম উপায়। এই মাসে দিনের বেলায় আল্লাহর ভয়ে আমরা পানাহার থেকে বিরত থাকি। ইচ্ছা করলেই আমরা গোপনে কিছু খেয়ে নিয়ে নিজেকে মানুষের সামনে রোজাদার হিসেবে উপস্থাপন করতে পারি। কিন্তু আমরা তা করি না এই বিশ্বাসে– কেউ না দেখলেও আল্লাহ তো দেখছেন। এভাবেই সিয়াম সাধনার মাধ্যমে লোকচক্ষুর অন্তরালে আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ হয়ে যায়।
রোজা শুধু পানাহার ত্যাগের নামই নয়, বরং অন্যান্য পাপাচার থেকেও বিরত থাকতে হয়। যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করতে পারে না, তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজনীয়তা আল্লাহর নেই।’ রাসুল (সা.) আরও বলেন, ‘রোজাদারকে কেউ যদি গালি দেয় কিংবা তার সঙ্গে সংঘাতে লিপ্ত হতে চায়, তাহলে সে যেন বলে, আমি রোজাদার।’ অর্থাৎ রোজাদার কাউকে গালি দিতে পারে না, বিবাদে লিপ্ত হতে পারে না। রোজার কারণেই তাকে এসব থেকে বিরত থাকতে হয়। অনেকেই ধূমপানে অভ্যস্ত। তা সত্ত্বেও রমজানে দিনের বেলায় সিয়াম সাধনার জন্য দীর্ঘ সময় ধূমপান থেকে বিরত থাকে। এভাবেই রমজানে তাকওয়া অর্জনের অনুশীলন হয়ে যায়, যা বাকি ১১ মাস পাপ থেকে বাঁচার জন্য পাথেয় হিসেবে কাজ করে।
মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন রমজান মাসে। সেই কোরআনকে মুত্তাকিদের জন্য হেদায়াত হিসেবে ঘোষণা করেছেন। আবার মুত্তাকি হওয়ার জন্য রমজানে সিয়াম ফরজ করেছেন। সুতরাং কোরআনের হেদায়াত লাভের পূর্বশর্ত মুত্তাকি হওয়া। আর মুত্তাকি হওয়ার জন্য প্রয়োজন সিয়াম সাধনা। এভাবে তিনি রমজান, কোরআন ও তাকওয়াকে একই সূত্রে গেঁথেছেন। সুতরাং প্রত্যেক মুমিনের উচিত রমজানকে তাকওয়া অর্জনের হাতিয়ার হিসেবে গ্রহণ করা। রমজানের যথাযথ পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনা করা। নিজের প্রবৃত্তির চাহিদাকে বিসর্জন দিয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকা। রমজানকে তাকওয়া অর্জনের জন্য আমরা কতটুকু কাজে লাগাতে পেরেছি, তা বোঝা যাবে রমজানের পর আমাদের মধ্যে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার প্রবণতা তৈরি হয়েছে কিনা, তা থেকে। মহান আল্লাহ আমাদের সঠিকভাবে সিয়াম সাধনার মাধ্যমে মুত্তাকি হওয়ার তাওফিক দিন।
আবু রুফাইদাহ রফিক: অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, বেগমগঞ্জ, নোয়াখালী
