সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে উল্লেখ আছে, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য বলে গণ্য হইবে। অথচ দেশে ঠিক উল্টোটা লক্ষ্য করছি আমরা। খাদ্যের পুষ্টিমান দূরের কথা, আসল খাদ্যই পাওয়া মুশকিল হয়ে গেছে এখন। ভেজালে ভেজালে সয়লাব যেসব খাবার, সে খাবারে পুষ্টি খোঁজার কী আছে? ভেজালের জালে এমনভাবে জড়িয়ে গেছি আমরা যে ইচ্ছে করলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না সহজেই। বেরিয়ে আসার চেষ্টা করলে হয়তো না খেয়ে জীবন খোয়াতে হবে, নচেৎ খেয়ে জীবন খোয়াতে হবে; এমন একটা সংকটাপন্ন অবস্থানে দাঁড়িয়ে আছি আমরা। সঙ্গত কারণে বলা যেতে পারে, আমরা জিম্মি অসাধু ব্যবসায়ীদের কাছে।\r\nসবাই জানেন, উৎকৃষ্ট দ্রব্যের সঙ্গে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণই হচ্ছে ভেজাল। ভেজালের রয়েছে নানা রকমফের।

ভেজাল দিতে গিয়ে ক্ষেত্রবিশেষে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন, যে কৌশলের কাছে আমরা বারবার হেরে যাচ্ছি। এর কারণ ভেজালের ধরন স্থায়ী নয়, একেকবার একেক ধরনের ভেজালের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। অর্থাৎ কৌশল বদলানো হচ্ছে। বিষয়টা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, প্রতিনিয়ত ভেজাল খেয়ে খেয়ে এখন আজেবাজে খাবারও অনায়াসে হজম করতে অভ্যস্ত হয়ে পড়েছি আমরা।\r\nদীর্ঘদিনের অভ্যেসের ফলে মানুষ এখন ভেজাল খাবার খেয়ে সহজে হজম করে ফেলছেন। তবে একে-অভ্যাস বলা ঠিক নয়, কারণ অধিকাংশ মানুষই এসব খাবার খাচ্ছেন অজান্তে। আবার অনেক ক্ষেত্রেই জেনেশুনেও মানুষকে ভেজাল খাবার খেতে হচ্ছে, যেমন ফরমালিন মেশানো ফলমূল, মাছ, কিংবা ডিডিটি মাখানো শুঁটকি।

এসবের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানার পরও বিকল্প খাদ্যের অভাবে মানুষ তা খেতে বাধ্য হচ্ছেন।\r\nআগেও মানুষ ভেজাল খাবার খেতেন, এটাও সত্যি। কিন্তু সেই পুরানো ভেজাল খাবার এখন আর নেই। বর্তমানে সেই পুরানো ভেজাল খাবারের মধ্যে নতুন নতুন ভেজাল মেশানো হচ্ছে। অনেকটাই বলা যায়, ভেজালের মধ্যেও ভেজাল দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। আরেকটু পরিষ্কার করে বললে বলতে হয়, এক নম্বর নয়, দুই নম্বর ভেজাল খাবার খাচ্ছেন এখন ভোক্তারা। যার ফলে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন দেশের মানুষ।\r\nভেজাল খাবার খেয়ে নীরবে প্রাণঘাতী রোগ বয়ে বেড়ালেও সহজে আমাদের শরীরে তা ধরা পড়ছে না। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেও আমরা সেই রোগব্যাধি দ্রুত শনাক্ত করতে পারছি না। এর কারণ হচ্ছে, ভেজালের বিষক্রিয়া শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে না।

ফলে অনেকেরই ধারণা, ভেজাল মিশ্রিত খাবার খেলে খুব বেশি ক্ষতি হয় না; বড়জোর পেটের পীড়া হতে পারে। অধিকাংশ মানুষের ধারণাই এমন; কাজেই ভেজালে আপত্তি নেই তাদের। অথচ কেমিক্যাল মিশ্রিত সেসব ফলমূল কিংবা খাদ্র-দাবার খেয়ে ধীরে ধীরে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছেন মানুষ, যা সহজেই টের পাচ্ছেন না কেউই। টের পাচ্ছেন না কেন তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অথবা ডায়াবেটিস, হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের কিডনি, লিভার, বিকল হচ্ছে কেন তাও বুঝতে পারছেন না।\r\nসত্য কথা হচ্ছে, ভেজালে ভেজালে সয়লাব দেশের অধিকাংশ পণ্যসামগ্রী কিংবা খাবার-দাবার। ফলে প্রশ্নবিদ্ধ হচ্ছে কোথায় নেই ভেজাল! ওষুধ থেকে শুরু করে কাফনের কাপড়ে পর্যন্ত ভেজাল দিচ্ছে অসাধুরা।

পঁচানব্বই শতাংশ মৌসুমি ফল ও শাকসবজিতে এখনো কেমিক্যাল মেশানো হচ্ছে। \r\nরমজান মাসে বিষয়টা আরও মারাত্মকরূপ ধারণ করে। যেমন: জিলাপি মচমচে রাখতে মবিল মেশানো হচ্ছে। মুড়ি ধবধবে করতে মেশানো হচ্ছে ইউরিয়াসহ নানান কেমিক্যাল। কিছু নামি-দামি কোম্পানি তরল শরবতের বোতলের লেবেলে বিভিন্ন ফলের ছবি এঁকে দিলেও ফলের কোনো নির্যাস পায়নি বিএসটিআই। মাছ, গুঁড়া মসলা, দুধ তথা শিশু খাদ্যে ভেজালের মহোৎসব চলছে। শুধু নামি-দামি কোম্পানিই নয়, ফুটপাতের দোকানি মাছে দেওয়ার বরফ গলিয়ে শরবত বানিয়ে খাওয়াচ্ছেন তৃষ্ণার্ত রোজাদারকে! এই তো গেল লোকচক্ষুর আড়ালে ভেজাল দেওয়ার কিছু নমুনা। এবার প্রকাশ্যে ভেজাল দেওয়ার প্রমাণ দিচ্ছি আমরা। সেটি হচ্ছে দুধের সঙ্গে নদীর জলে মেশানো।

যদিও এটি কোনো নতুন বিষয় নয়, তথাপিও এই প্রামাণ্য চিত্রটি স্বচক্ষে দেখা যায় নদীপথে ঢাকার আশপাশ থেকে লঞ্চযোগে সদরঘাট এলে। তখন দেখা যায়, কিছু অসাধু দুধ ব্যবসায়ী দুধের ড্রামে নদীর জল মেশাচ্ছে। নদীর জল সরাসরি, বিষয়টা ভাবতে কেমন লাগছে! দুধে জল মেশানো অসাধুদের পুরানো অভ্যাস। কিন্তু সেটি যদি হয় টিউবয়েলের জল, তবু তা মানা যায়; অথচ একেবারে শীতলক্ষ্যার দূষিত ঘোলাজল মেশানো হচ্ছে। তাহলে বিষয়টা কী দাঁড়িয়েছে? ভেজাল নয়, জঘন্যভাবে ভেজাল দেওয়া হচ্ছে। তার ওপরে আবার কৃত্রিম দুধ-ঘি-ডিম-চাল বানানোর কথাও জানতে পেরেছি আমরা। ভেজাল চাল নিয়েও ক দিন আগে এমন সংবাদ আমরা খবরের কাগজ মারফত জানতে পেরেছি। প্যাকেটজাত দুধের অবস্থা আরও ভয়ানক।

প্যাকেটজাত দুধ-দইয়ে কীটনাশক, সিসা, অ্যান্টিবায়োটিক এসব মেশানো হচ্ছে!\r\nএভাবে প্রতিটি জিনিসেই ভেজাল দিচ্ছে অসাধুরা। যার শত শত দৃষ্টান্তও রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করা হলে আরও অনেক ধরনের খাবারের বিষক্রিয়া ধরা পড়বে। বেরিয়ে আসবে মিশ্রিত বিষাক্ত কেমিক্যালের নামও। খাদ্যদ্রব্য ছাড়াও প্রসাধনী সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিতে ভেজাল দিয়ে আসল জিনিসের চেহারাও পাল্টে দেওয়া হচ্ছে, ফলে আসল-নকল চেনাই কঠিন হয়ে পড়েছে এখন।\r\nএকই অবস্থা দেশের কিছু কিছু নামি-দামি হাসপাতালগুলোতেও। মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধে সয়লাভ। মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালত এসব হাসপাতালকে বিপুল অঙ্কের টাকাও জরিমানা করেছেন। তাতেও কাজ হয়নি বরং তাদের কাজ তারা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন। চিকিৎসার নামে রোগীকে শেষ করে দিচ্ছেন। এই অপচিকিৎসা থেকে রেহাই পাচ্ছে না শিশু কিংবা গর্ভবতীরাও। এমন ভূরি ভূরি দৃষ্টান্ত রয়েছে। তাই বলা যায়, ভেজাল খেয়ে জটিল রোগ বাঁধিয়ে শেষ আশ্রয়স্থলে গিয়েও নিস্তার নেই; সেখানেও একই অবস্থা। এভাবে চলতে থাকলে আমাদের আর ভরসাস্থল রইল কোথায়! ভেজালের আগ্রাসন, হাসপাতালে দুর্নীতি; সব মিলিয়ে বেঁচে থাকাটাই এখন ভাগ্যের ওপর নির্ভর করছে। তাই আমাদের একটাই দাবি ভেজালের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই যেন ছাড় দেওয়া না হয়। শুধু জেল-জরিমানাই নয়, আরও কঠিন কিছু বিধান রেখে আইন পাস করা উচিত, না হলে ভেজালের পুনরাবৃত্তি কোনোমতেই এড়ানো সম্ভব হবে না।