আজ বিশ্ব জনসংখ্যা দিবস। এ বছরের প্রতিপাদ্য হলো: ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’। তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। তবে তাদের সমাজের উন্নয়নে এগিয়ে আসতে হবে। যেমন– আমরা বিদেশি বিনিয়োগ খুঁজি কিন্তু জনগণের জন্য যদি দেশে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্ম পরিচালনা করি তাহলে অসুখ কম হবে, পরিবেশ সুন্দর হবে। ফলে বিলিয়ন ডলারের স্বাস্থ‍্যব‍্যয় কমবে বা সাশ্রয় হবে। সেটি আমরা করতে পারিনি। শহরের সব বাসাবাড়ি, ড্রেন পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, বিশেষ করে তরুণদের। কিন্তু আমরা তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশগ্রহণে সম্পৃক্ত করতে পারিনি। প্রাথমিক স্বাস্থ‍্যশিক্ষার মূল্য ও গুরুত্ব বিলিয়ন ডলার। যুবসমাজ যদি স্বাস্থ্যসচেতন হয়, নিয়মমাফিক হাঁটাহাঁটি, খেলাধুলা, ঘুম, খাওয়াদাওয়া করে, তাহলে দীর্ঘ সুস্থ জীবনযাপন করবে। এতে বিলিয়ন ডলারের সাশ্রয় হবে। অর্থাৎ অসুস্থ হবে না, বিদেশ থেকে ওষুধ আমদানি করতে হবে না। জনমিতিক লভ‍্যাংশ অর্জনে সুস্বাস্থ্য অন‍্যতম একটি উপাদান। কিন্তু আমরা যুবসমাজকে এসব কাজে অংশগ্রহণ করতে দেখি না। অথচ বিদেশে যুবসমাজ (ছেলেমেয়ে সবাই) বডি-ফিটনেস অর্থ উপার্জনের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করে। সাইকেলিং, সাঁতার, হাইকিং, ইনডোর-আউটডোর গেম সবই খেলে, আর নিজেকে সুস্থ রেখে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। আমরা আমাদের তরুণদের এসব কাজে সম্পৃক্ত করতে পারিনি।

বাংলাদেশ বর্তমানে একটি বিরল জনমিতিক লভ্যাংশের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ তরুণ। এই বিশাল ও প্রাণবন্ত তরুণ জনগোষ্ঠীর মনে রয়েছে নিজেদের ও দেশের ভবিষ্যৎ নিয়ে আকাশছোঁয়া স্বপ্ন ও আকাঙ্ক্ষা। একটি দেশের তরুণ সমাজের প্রধান আশা-আকাঙ্ক্ষা হলো– ১. মেধাভিত্তিক কর্মসংস্থান ও অর্থনৈতিক নিরাপত্তা: তরুণদের সবচেয়ে বড় চাওয়া হলো এমন একটি ব্যবস্থা, যেখানে মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে। তারা সরকারি বা বেসরকারি যে কোনো খাতেই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং সম্মানজনক কর্মসংস্থান প্রত্যাশা করে; ২. মানসম্মত ও আধুনিক শিক্ষা: তারা চায় মুখস্থনির্ভর শিক্ষার বদলে এমন এক শিক্ষাব্যবস্থা, যা তাদের আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা দেওয়ার মতো দক্ষ করে তুলবে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং হাতে-কলমে কাজের শিক্ষার প্রতি তাদের প্রবল আগ্রহ রয়েছে; ৩. উদ্যোক্তা হওয়ার সুযোগ উপযুক্ত পরিবেশ: আজকের তরুণরা ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং টেক-স্টার্টআপের মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের উদ্ভাবন তুলে ধরার স্বপ্ন দেখে; ৪. ন্যায়বিচার, বাকস্বাধীনতা ও দুর্নীতিমুক্ত সমাজ: তরুণ সমাজ এমন একটি রাষ্ট্রকাঠামো চায়, যেখানে জবাবদিহি থাকবে, নিজের মত প্রকাশ করতে পারবে; ৫. নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি দূষণমুক্ত, সবুজ বাংলাদেশ গড়ে তোলাও তাদের একটি বড় আকাঙ্ক্ষা।

আমাদের দেশের সুযোগ হলো, কর্মক্ষম (১৫-৬৪ বছর) জনগোষ্ঠীর সংখ্যা বেশি (প্রায় ১১ কোটি)। আমাদের সমস্যা হলো, এই কর্মক্ষম জনগোষ্ঠীকে শিক্ষা, ট্রেনিং, সময়োপযোগী দক্ষতা দিয়ে যুগোপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দক্ষতা অনুযায়ী কর্মে নিয়োজিত করা। চারটি উপায়ে এই কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে নিযুক্ত করা যায়– সরকারি চাকরি, বেসরকারি চাকরি, উদ্যোক্তা তৈরি এবং বিদেশে জনশক্তি রপ্তানি করা। দেশে প্রতিবছর প্রায় ২০ লাখ লোক শ্রমবাজারে যুক্ত হয়। মাত্র ১২-১৫ লাখ লোকের দেশে এবং বিদেশে কর্মসংস্থান করা সম্ভব হচ্ছে। বাকি পাঁচ থেকে আট লাখ কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থান করা জরুরি। আরও সমস্যা হলো, বিদেশে দক্ষ মানবসম্পদ পাঠাতে এখনও আমরা সক্ষম হইনি।

প্রতিবছর ৫০-৬০ হাজার দক্ষ চিকিৎসক, নার্স, আইটি বিশেষজ্ঞসহ বিভিন্ন দেশে যে ধরনের দক্ষতার লোক প্রয়োজন, তা খোঁজ করে রপ্তানি করতে উদ্যোগ গ্রহণ জরুরি। উদ্বৃত্ত কর্মক্ষম জনগোষ্ঠী বিশ্ববাজারে রপ্তানি হতে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষামুখী হতে গিয়ে যুবসমাজ বাজারমুখী ও ভোগমুখী হয়েছে। দক্ষতা অর্জন না করে সার্টিফিকেট গ্রহণে তৎপর। সমাজে এখন যুবকদের কী পাস করেছে জিজ্ঞেস না করে জিজ্ঞেস করতে হবে যে সমাজে সেবা প্রদানের উপযোগী কী কী দক্ষতা অর্জন করেছে। কতটা কর্মমুখী ট্রেনিং বা ডিপ্লোমা গ্রহণ করেছে। প্রায় ৬৫.৫ শতাংশ বা ১১ কোটি কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে ৫০০ টাকা উপার্জন করলে প্রতিদিন পাঁচ হাজার ৫০০ কোটি টাকার জিডিপি অর্জন করার কথা। পক্ষান্তরে কর্মক্ষম জনগোষ্ঠীর ৪০ শতাংশ অর্থাৎ প্রায় ৪.৪০ কোটি যদি কর্মহীন থাকে (৫০০ টাকা আয় না করে) এবং গড়ে ৩০০ টাকা ভোগ করে তো প্রতিদিন (৫০০+৩০০=৮০০) ৮০০ টাকা অর্থাৎ প্রায় তিন ৫২০ কোটি ভোগ বা অপচয় হবে। প্রতিটি কর্মক্ষম ব্যক্তি নিজের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পেরেছে কিনা এবং তার দক্ষতা অনুযায়ী সমাজে সেবা দেতে পারছে কিনা তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের তরুণদের ওপর। তরুণদের সমাজের প্রয়োজনে দক্ষতা অর্জন করতে হবে। তাদের চোখে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, তা পূরণে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সমগ্র জাতির স্বপ্ন পূরণ হবে। তাদের আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে একটি সহায়ক পরিবেশ প্রয়োজন। তরুণদের মেধা, প্রযুক্তিগত দক্ষতা এবং অফুরন্ত প্রাণশক্তিকে যদি দেশপ্রেম ভিত্তিতে সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে একটি উন্নত, আত্মনির্ভরশীল সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

মো. আমিনুল হক: অধ্যাপক, পপুলশেন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় aminul.haque@du.ac.bd