পশ্চিমা অবরোধ, বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের অর্থনীতি বিপর্যস্ত। পুঁজিবাদী বিশ্বব্যবস্থার উপর পশ্চিমাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ আবারো প্রমাণিত হলো। বিমান হামলা ও কমান্ডো অপারেশন চালিয়ে ভেনিজুয়েলার শাসক নিকোলাস মাদুরোকে নিজ প্রাসাদ থেকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে যাওয়া এবং ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট বাড়িয়ে সেখানকার সাধারণ মানুষকে শাসকগোষ্ঠির বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে খামেনির আসনকে প্রায় ধসিয়ে দিতে বসেছিল। ইরানে পশ্চিমাদের এ ধরণের অপারেশন নতুন নয়। মধ্যপ্রাচ্যে ইরানই প্রথম সাধারণ নির্বাচনে ভোটের মাধ্যমে রাজতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক অভিযাত্রার সূচনা হয়েছিল পঞ্চাশের দশকে।

১৯৫২ সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে জেনারেল মোসাদ্দেক ইরানের প্রথম নির্বাচিত পপুলার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ইরানের তেলসম্পদের উপর সেদেশের জনগণের মালিকানা ও সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে অ্যাংলো-ইরানিয়ান তেল কোম্পানিকে রাষ্ট্রীয়করণ করেছিলেন। এটাই ছিল মোসাদ্দেকের অমার্জনীয় অপরাধ। বৃটিশ এমআই-সিক্স ও মার্কিন সিআইএ’র যৌথ উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে তেহরানের রাস্তায় নামানো হয় নির্বাচিত সরকারবিরোধী হাজার হাজার মানুষকে। রেজা শাহ পাহলভির অনুগত ও অর্থের বিনিময়ে কাজ করা ঊর্ধ্বতন সেনা অফিসারদের বিশ্বাসঘাতকতায় বিনা রক্তপাতে মধ্যপ্রাচ্যের প্রথম নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে পশ্চিমা মদতে সেখানে পুনরায় পাহলভি রাজবংশের ক্ষমতা নিরঙ্কুশ করা হয়।

রেজা শাহ পাহলভি পশ্চিমা প্রেসক্রিপশনে ইরানকে একটি পশ্চিমা ধাঁচের আধুনিক রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন। কিন্তু হাজার বছরের ইতিহাস-ঐতিহ্য ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সংখ্যাগরিষ্ঠ ইরানি তা মেনে নিতে পারেনি। তাঁদের সেই অনাস্থা, সংক্ষোভ এবং নির্বাচিত সরকার পতনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাতে পশ্চিমাদের নির্লজ্জ ভূমিকা ও ভন্ডামির বিরুদ্ধে ইরানিরা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে সংগঠিত ইসলামি বিপ্লবের পথ বেছে নেয়। মধ্যপ্রাচ্যের প্রথম গণতান্ত্রিক সরকারের পতনে মার্কিনীদের ভূমিকা নিয়ে পরবর্তীতে মার্কিন সরকারের তরফ থেকেও নিজেদের ভুলের খেসারত হিসেবে বর্ণনা করা হয়েছিল। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট ২০০০ সালে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে দেয়া এক বক্তৃতায় ১৯৫৩ সালে জনপ্রিয় ইরানি প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার ভুলের কথা স্বীকার করেন। সেই ঘটনা ইরানে ইসলামি বিপ্লবের পক্ষে জনমত গঠনে ব্যাপক ভূমিকা পালন করেছিল বলে মনে করা হয়। প্যারিসে নির্বাসিত আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হওয়ার পর থেকেই দেশটির রেজিম বা শাসক বদল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বড় টার্গেট।

সময়ের প্রয়োজনে, সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা কোনো আদর্শিক সংগ্রামকে রাষ্ট্রশক্তি কিংবা পরাশক্তি দিয়ে দাবিয়ে রাখা যায়না। ফিলিস্তিন, ইরান, কিউবা ও উত্তর কোরিয়া তার জ্বলন্ত উদাহরণ। দ্বিতীয় মিলিনিয়ামের শুরুতে সংঘটিত ক্রুসেডে মুসলমানদের কাছে ইউরোপের পরাজয়ের মধ্য দিয়ে সভ্যতার দ্বন্দ্ব দেখা দিয়েছিল পরবর্তীকালে নৌশক্তির আধিপত্যের উপর ভর করে কলোনিয়ালাইজেশন এবং বিংশ শতকের দুইটি মহাযুদ্ধে জয়-পরাজয়ের ঘটনাবলী ও নতুন রাজনৈতিক-অর্থনৈতিক পরাশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থানের মধ্য দিয়ে যে নতুন বিশ্বব্যবস্থা বা নিও ওয়ার্ল্ড অর্ডারের জন্ম হয়েছিল তার শেষ ধাপে এসে বিশ্ববাস্তবতা আজকের রূপ পরিগ্রহ করেছে।

গাজায় ইসরাইলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, দক্ষিণ এশিয়ায় চীন-ভারত ও পাকিস্তানের যুদ্ধ, ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং ইরানে রিজিম চেঞ্জ পরিকল্পনায় বিনাযুদ্ধে ইরান দখলের সফ্ট পাওয়ারের সাপ-লুডু খেলায় পশ্চিমা পুঁজিবাদি বিশ্বব্যবস্থার একচ্ছত্র নিয়ন্ত্রণের কদর্য চেহারাই উঠে আসছে। জানুয়ারির প্রথমদিকে শুরু হওয়া ইরানে সরকারবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসার নেপথ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা নেটওর্য়াকের কারসাজি। কুর্দিদের অসন্তোষ ও রাজনৈতিক তৎপরতার নেপথ্যে বরাবরই ইসরাইল ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনুঘটকের ভূমিকা পালন করে আসছিল। ইরান, তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তি কুর্দিরা বরাবরই সাহসী ও যোদ্ধা জাতি।

ইউরোপীয় পোস্ট-কলোনিয়াল সময়ে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যকে এমনভাবে ভাগ করা হয়েছিল, যাতে শত বছরেও এসব ভৌগলিক ও জাতিগত সমস্যার সুরাহা না হয়। কলোনি ত্যাগ করার সময় নতুন রাষ্ট্রের সীমানা নির্ধারণ করতে গিয়ে বৃটিশদের ম্যাকমোহন লাইন, ডুরান্ট লাইন, র‌্যাডক্লিফের রোয়েদাদ পুরো মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াকে ৭ দশক ধরে অগ্নিগর্ভ করে রেখেছে। শত শত কোটি মানুষের বসতিপূর্ণ অঞ্চলে যখন তখন যুদ্ধের দামামা বাজানোর পেছনেও পশ্চিমাদের সা¤্রাজ্যবাদী নীল নক্শা সদা সক্রিয় রয়েছে। ঔপনিবেশিক আমলে আমাদের দেশ যেভাবে বৃটিশদের কলকারখানার কাঁচামাল, যুদ্ধের সৈনিক, শ্রমিক ও স্বল্প বেতনের কেরানির যোগানদাতা ছিল; প্রকারান্তরে এখনো তা অক্ষুন্ন রয়েছে। এককেন্দ্রিক পুঁজিবাদি অর্থনৈতিক ব্যবস্থার অধীনে পণ্যের উৎপাদন, রফতানি ও বাজার নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর শাসকদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। যেখানে তা প্রত্যাশিতভাবে কাজ করে না সেখানে সামরিক আগ্রাসন, হেজিমনিক ডি-স্ট্যাবিলাইজেশন প্রোগ্রাম গ্রহন করা হয়। ইরানকে দাবিয়ে রাখার সব প্রয়াস ব্যর্থ হওয়ার পর গত বছর জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল সেখানে সামরিক হামলা চালিয়েও সুবিধা করতে পারেনি। উপরন্তু ইসরাইলের অস্তিত্ব চরম হুমকির সম্মুখীন হলে ১২দিনের মাথায় যুদ্ধবিরতি করতে বাধ্য হয়।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ইরানে সরকারবিরোধী আন্দোলন সহিংস রূপ ধারণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাতে শুধু উস্কানিই দেননি, আন্দোলন দমনে শক্তি প্রয়োগ করলে তিনি ইরানে হামলার হুমকিও দেন। তার এমন হুমকি আন্দোলনে মার্কিন ও ইসরাইলী গোয়েন্দা সংস্থাগুলোর যুক্ত থাকার সপক্ষে ইরান সরকারের দাবির সত্যতা প্রমান করে দেয়। সেই সাথে ইরানের আইআরজিসির গোয়েন্দারা শত শত কুর্দি বংশোদ্ভুত ইসরাইলি গোয়েন্দাকে হাতে নাতে আটক করার মাধ্যমে তাদের পুরো নেটওয়ার্ক, পরিকল্পনা, অবকাঠামো ও লজিস্টিক জব্দ করতে সক্ষম হয়। আন্দোলনে লিডারের ছদ্মবেশে থাকা কয়েকশ মোসাদ এজেন্টকে তাদের ব্লু-প্রিন্টসহ আটক করার একদিনের মধ্যেই ইরানের সরকারবিরোধী আন্দোলন স্তিমিত হয়ে পড়ে।

ইরানে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা ও অবরোধই দায়ী। যেখানে সামরিক আগ্রাসন, পারমানবিক হামলার হুমকি ইরানের রিজিমকে টলাতে পারেনি, সেখানে অর্থনৈতিক সংকটকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে নিজেদের গোয়েন্দা নেটওয়ার্কের অপারেটিভদের মাধ্যমে নাশকতা ও ধ্বংসযজ্ঞ বা ফল্স ফ্ল্যাগ অপারেশন চালিয়ে খামেনিকে হত্যা কিংবা দেশত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে ইরান দখলের পরিকল্পনা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্য দিয়ে আবারো প্রমাণিত হলো, পরাশক্তির আগ্রাসন ও সামরিক হামলার চেয়ে নাগরিক বেশে থাকা বিদেশি এজেন্টরা রাষ্ট্রের জন্য বেশি ক্ষতিকর ও বড় হুমকি। জুনমাসে ১২ দিনের যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের পেছনেও ছিল মোসাদের ছদ্মবেশি এজেন্টদের হাত। তবে আইআরজিসির গোয়েন্দাদের ত্বরিৎ পদক্ষেপে ওদের নেটওয়ার্ক ধরা পড়ার পর ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আস্ফালন স্তিমিত হয়ে পরে। এবারের গণআন্দোলনের পেছনে ইসরাইল ও মার্কিন গোয়েন্দা সংস্থার হাত ও নাশকতার ষড়যন্ত্র উন্মোচিত হওয়ার সাথে সাথে বর্ধিত আকারে রাজপথে নেমে এসে সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়ে রাজপথ কাঁপিয়ে তোলে। ইরানের ইসলামি বিপ্লবী সরকারের ভিত এত দুর্বল না হলেও বিদেশি ও আঞ্চলিক গণমাধ্যমগুলো ইমাম খামেনির পতন ও পালানোর সম্ভাব্য রোড-ম্যাপ তুলে ধরে প্রতিবেদন প্রচার করতে শুরু করেছিল। ত্বরিৎ গোয়েন্দা তৎপরতা ও দেশের জনগণের প্রতিরোধের মুখে শত্রুদের সব অপতৎপরতা ব্যর্থ করে দিয়ে ইরানের অপরাজেয় জনগণ এবারো স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে মূল ভূমিকা পালন করেছে।

প্রাচীন চৈনিক যুদ্ধবিশারদ, ‘আর্ট অব ওয়ার’র লেখক সান জ্যু যুদ্ধ ও রক্তপাত ছাড়াই যুদ্ধ জয়ের কৌশল বর্ণনা করেছেন। শত্রুকে ভেতর থেকে দুর্বল করা, শত্রুর গতিবিধির উপর সদা নজর রাখা এবং শত্রুর মধ্যে নিজেদের ছদ্মবেশী এজেন্টদের নিয়োগ দিয়ে সময় বুঝে তা বাস্তবায়নের কৌশলের কথা বলেছেন সান জ্যু। ভেনিজুয়েলার বাস্তবতা থেকেই শুধু নয়, বিশ্বযুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বাস্তবতা প্রমান করে শুধু সম্পদ ও সম্ভাবনা থাকলেই হয়না, সম্পদ ও সম্ভাবনাকে রক্ষা করার সক্ষমতাও থাকতে হয়। জাপান বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সে সক্ষমতা না থাকায় গত সত্তুর বছরে তারা পশ্চিমাদের ক্রীড়নকে পরিনত হয়েছে। এখন ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা এবং গ্রীনল্যান্ডের মত দেশও আমেরিকার টার্গেটে পরিণত হয়েছে।

বিশ্বের কোনো প্রান্তের কোনো সম্ভাবনাময় দেশই নিরাপদ নয়। আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ননআরব দেশ হিসেবে আমাদের বিপদ আরো অনেক বেশি। ভারতের মত উগ্র হিন্দুত্ববাদি প্রতিবেশি রাষ্ট্রের পাশে থাকায় এ বিপদের ঝুঁকি অনেক বেশি। ভারতীয় রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভারতীয় শাসকগোষ্ঠির মুসলমান গণহত্যা ও সংখ্যালঘু নির্মূলের নীলনকশার বিষয়ে বলছেন। ইরান ও মধ্যপ্রাচ্যের গণতন্ত্র কিংবা ইসলামি বিপ্লব যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও পশ্চিমাদের মাথাব্যথার কারণ।

একইভাবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত অর্ন্তবর্তী সরকার, প্রত্যাশিত বহুমাত্রিক রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের সম্ভাবনার বিরুদ্ধে সম্ভাব্য সবকিছুই করেছে ভারত। চব্বিশের জুলাই অভ্যুত্থাণে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক নদীর উজানে নির্মিত ভারতীয় বাঁধের স্লুইস গেট খুলে দিয়ে কুমিল্লা ফেনি ও নোয়াখালিতে নজিরবিহীন বন্যার সৃষ্টি করে ভারত। সীমান্ত বাণিজ্য, খাদ্যশস্য সরবরাহ ও ভিসা-ট্রানজিট বন্ধ করে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলে দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা করেছে ভারত।

সেই সঙ্গে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের বিরুদ্ধে ব্যাপক মিডিয়া ক্যাম্পেইন, বাংলাদেশের চট্টগ্রাম, ফেনি ও চিকেন নেক এলাকা দখল করে নেয়াসহ সামরিক আগ্রাসনের হুমকি ও আস্ফালন ছিল বিরক্তিকর পর্যায়ে। বাংলাদেশ এর পাল্টা জবাব দেয়ার প্রয়োজনীয়তা বোধ না করলেও দিল্লিতে বসে শেখ হাসিনা ও তার সাঙ্গ-পাঙ্গদের হুমকি ও লম্ফ-ঝম্ফ ছিল চোখে পড়ার মত। শেখ হাসিনার নির্দেশে তার অনুসারিরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এখনো অব্যাহত রেখেছে। জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি হত্যার ব্লু প্রিন্ট ও তাদের ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান ভারতের টার্গেট হওয়ার প্রমাণ বহন করছে। গণতান্ত্রিক রাষ্ট্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হলেও চুয়ান্ন বছরেও বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে না পারার পেছনে ভারতের কলকাঠি কোনো নতুন বিষয় নয়। এতদিন বাংলাদেশকে রাজনৈতিক-সাংস্কৃতিকভাবে বিভক্ত করে পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে ফেলার মধ্য দিয়ে একটি করদ রাজ্য হিসেবে টিকিয়ে রাখার এজেন্ডাভুক্ত ছিল বাংলাদেশ। এখন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষানীতি ও কৌশলগত আঞ্চলিক সামরিক সম্পর্ক গড়ে তোলার বাস্তবতায় তাদের অপতৎপরতা ও হুমকি বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। বাংলাদেশের জনগণের ঐক্য ও সঠিক রাজনৈতিক নেতৃত্বই দেশকে সত্যিকার অর্থে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারে। ইরান ও ভেনিজুয়েলার বাস্তবতা আমাদেরকে পুরনো চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ভাবে শপথ গ্রহণের দীক্ষা দেয়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ২০ কোটি মানুষের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

bari_zamal@yahoo.com