সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার ১৫টি ইউনিয়নে হেঁটে বা ভ্যানে চড়ে যেতে যেতে শুনতে পাবেন প্রত্যন্ত গ্রামে থাকা শত শত তাঁত কারখানায় কাজ করা শ্রমিকদের খটখট শব্দ। সচরাচর দেখা মিলবে কিশোরী, মাঝবয়সী, গৃহবধূ ঘোমটা টেনে সুতায় রং দেওয়া, চরকায় সুতা কাটার পাশাপাশি পুরুষদের সঙ্গে সমান তালে তাঁত বুনছেন। নারী- পুরুষ নির্বিশেষে তাঁতিদের এমন সব কর্মযজ্ঞ স্বচক্ষে দেখা সিরাজগঞ্জ জনপদে অবহমান বাংলার রূপ বটে। কিন্তু এটা ঠিক, ঘাম ঝরানো তাঁত শ্রমিক বা তাঁতিদের এ দৃশ্যই তাঁতসমৃদ্ধ সিরাজগঞ্জ জেলাকে এনে দিয়েছে বিশেষ সম্মান ও পরিচিতি। দিয়েছে কর্মসংস্থান, আঞ্চলিক অর্থনীতির ভিত।

এ সবকিছুর নেপথ্যে আছেন হাজার হাজার খেটে খাওয়া তাঁতির ত্যাগ ও নিরলস পরিশ্রম। এ জেলার বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার হাজার হাজার মানুষের অন্যতম সম্পদের ভিত্তি এই তাঁতশিল্প। পাশাপাশি এ জেলায় প্রায় ৫০ হাজার তাঁতি পরিবার আছে। এই শিল্পে জড়িত প্রায় সোয়া দুই লাখ নারী-পুরুষ তাঁতি। জেলায় চার লাখের ওপরে ইঞ্জিন ও হস্তচালিত তাঁত আছে। সেখানে তৈরি হচ্ছে গামছা, লুঙ্গি, থ্রি পিস, থান কাপড় ও গ্রামীণ চেক নামের কাপড়। আর এ সবের মধ্যে সিরাজগঞ্জের তাঁতবস্ত্র ‘গামছা’ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ২০২৪ সালের মে মাসে অনুমোদন পায়। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের নানা বুনন কাজের মধ্যে গামছা মানুষের প্রয়োজনীয় একটি সাধারণ পণ্য হলেও এ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন গ্রাম-জনপদের হস্তচালিত তাঁতে তৈরি গামছার রয়েছে কিছু স্বকীয়তা।

যেমন তাঁতিদের শিল্পী-মন থেকে গামছা তৈরিতে রং-বেরঙের সুতার ব্যবহার, তা প্রতিস্থাপন, হরেক রকম নকশা উপস্থিতি বেশ লক্ষণীয়। আবার এ জনপদের গামছার বুননশৈলী ক্রেতাদের আকৃষ্ট করে বলেই একুশ শতকের বাহারি বস্ত্রের এই সময়ে এখনও সিরাজগঞ্জ জেলার তাঁতিদের তৈরি গামছা নানা প্রতিকূলতার মাঝেও বাজার দখল করে আছে। আছে গামছার কদরও এবং তা দিন দিন বাড়ছে। এটা ঠিক, গামছা বুননে তাঁতিদের মেধা-মনন কাজ করে সমান্তরালে। গামছা সাধারণত সুতির সুতা দিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতে বুনন করা হয় যত্ন সহকারে। এটি বুননের সময় তাঁতিরা একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করেন। গামছার স্থায়িত্ব ও পানি শোষণ ক্ষমতা নিশ্চিত করা অত্যাবশ্যকীয়। গামছা বুননের প্রথম ধাপ হলো উন্নত সুতির সুতা প্রস্তুত এবং গামছার নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সুতার রং করা। এরপর গামছায় ব্যবহৃত লাল, সবুজ বা নীল রঙের সুতা শুকানো। এরপর নকশা ও সুতার বিন্যাস করা। একই সঙ্গে সুতাগুলো তাঁতের পেছনে একটি লম্বা রোল বা ফ্রেমে সাজানো হয়, যাকে ওয়ার্পিং বলে। তারপর গামছার দুই পাড়ের নকশা অনুযায়ী রঙের বিন্যাস স্থির করার কাজ করতে হয় নিখুঁতভাবে।

গামছা তৈরি করে এ জেলার হাজার হাজার তাঁতি পরিবারের জীবন- জীবিকা চলছে। বংশপরম্পরায় পাঁচটি উপজেলার নারী-পুরুষ তাঁতিরা নিজ হাতে হরেক রকম সুতায় এ গামছা বোনেন। প্রতিটি পরিবারে গামছার প্রয়োজন নিত্যদিনের। আর সেটা যদি হয় তাঁতশিল্পের তীর্থস্থানখ্যাত সিরাজগঞ্জের গামছা, তবে তো কথাই নেই। সেটা বনেদি গামছার অংশ বলেই এ জেলার মানুষের ঐতিহ্যবাহী একটি পণ্য, যা বলার অপেক্ষা রাখে না। ঐতিহ্যবাহী গামছা শিল্পকে প্রাতিষ্ঠানিকভাবে টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারিভাবে রং ও সুতার দামের মনিটরিংসহ ক্ষুদ্র ও প্রান্তিক তাঁতিদের ঋণ সহায়তা দেওয়া দরকার। এসব বিবেচনায় আনলে শুধু সিরাজগঞ্জ নয়; সমৃদ্ধ হবে দেশের গামছা শিল্প।

এম আতিকুল ইসলাম বুলবুল: সমকালের তাড়াশ প্রতিনিধি