আজকের পৃথিবী প্রযুক্তি, গতি আর গ্ল্যামারে ভরপুর। বিশেষ করে তরুণ সমাজের জীবন যেন এক অদৃশ্য স্রোতে ভেসে যাচ্ছে ট্রেন্ড নামের এক নতুন সংস্কৃতির দিকে। কোনো কিছু জনপ্রিয় হয়ে উঠলেই সেটাই হয়ে যায় নতুন মানদণ্ড, নতুন ধারা। পোশাক, আচরণ, কথা বলার ভঙ্গি, এমনকি চিন্তার ধরণ পর্যন্ত ট্রেন্ডের ছাঁচে গড়ে উঠছে। কিন্তু এই ট্রেন্ডের জোয়ারে বাস্তব জীবনের স্বপ্ন, সংগ্রাম ও দায়িত্ববোধ অনেক সময় হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ডিজিটাল যুগে ট্রেন্ড শুরু হয় এক মুহূর্তে এবং ছড়িয়ে পড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। একটি ভিডিও, ছবি বা কোনো ছোট্ট স্ট্যাটাস হয়ে উঠতে পারে লাখো মানুষের অনুসরণীয় বিষয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের অ্যালগরিদম যেন তরুণদের জন্য এক অদৃশ্য দিকনির্দেশক।
কে কী পোশাক পরছে, কোথায় ঘুরছে, কোন চ্যালেঞ্জ নিচ্ছে এসবই ধীরে ধীরে তরুণদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। অনেকে লাইক ও ফলোয়ারÑএর সংখ্যাকেই নিজের সাফল্য বা জনপ্রিয়তার মানদণ্ড ধরে নিচ্ছে। কিন্তু এই ভার্চুয়াল জনপ্রিয়তা বাস্তব জীবনের সংগ্রামকে সহজ করে না। বরং অনেক সময় ভুল ধারণা তৈরি করে দেয়। বাস্তব জীবনে সাফল্য পেতে দরকার লক্ষ্য, পরিশ্রম, জ্ঞান ও দক্ষতা। চাকরি, উচ্চশিক্ষা, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত উন্নয়ন এসব কিছুর সঙ্গেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডের খুব একটা সম্পর্ক নেই। বরং ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে সময় নষ্ট করার ফলে অনেক তরুণ নিজের জীবনকে লক্ষ্যহীন করে ফেলছে। ট্রেন্ডের ভিড়ে নিজের আগ্রহ, প্রতিভা ও বাস্তবতা চিনে উঠতে পারছে না অনেকেই।
সাময়িক জনপ্রিয়তা পেতে গিয়ে যে সময়টুকু পড়াশোনা বা নিজের দক্ষতা বাড়ানোর পেছনে ব্যয় করা যেত, সেটি হারিয়ে যাচ্ছে। আর পরে জীবনের কঠিন বাস্তবতার সামনে এসে অনেকে হোঁচট খাচ্ছে।\r\nতবে ট্রেন্ড সবসময় নেতিবাচকও নয়। অনেক সময় ট্রেন্ড মানুষকে একত্রিত করে, সচেতন করে তোলে। যেমন:-গাছ লাগানোর ট্রেন্ড, বই পড়ার ট্রেন্ড, ব্যায়ামের ট্রেন্ড বা সামাজিক কোনো ইস্যুতে তরুণদের ঐক্যবদ্ধ হওয়াÑ এসব ইতিবাচক প্রভাব ফেলে। সমস্যা তখনই হয়, যখন ট্রেন্ডের পেছনে ছুটে তরুণরা নিজের জীবনকে গৌণ করে ফেলে। অন্ধভাবে অনুসরণ করলে ট্রেন্ড ব্যক্তিত্ব কেড়ে নেয়। কিন্তু নিজের দৃষ্টিভঙ্গি ঠিক থাকলে ট্রেন্ডও হয়ে উঠতে পারে সমাজ পরিবর্তনের হাতিয়ার। তরুণরা একটি জাতির ভবিষ্যৎ।
তারা শুধু ট্রেন্ড অনুসরণকারী নয়, বরং নতুন ট্রেন্ডের স্রষ্টা হওয়ার ক্ষমতা রাখে। নিজেদের লক্ষ্য, প্রতিভা ও বাস্তবতা বুঝে তারা চাইলে সামাজিক পরিবর্তনের কেন্দ্রবিন্দু হতে পারে। এজন্য দরকার সচেতনতা, নিজের প্রতি বিশ্বাস এবং সময়ের সঠিক ব্যবহার। ট্রেন্ডের ভিড়ে হারিয়ে না গিয়ে তারা যদি শিক্ষা, গবেষণা, উদ্ভাবনের ও ইতিবাচক চিন্তার পথ বেছে নেয়, তাহলে দেশের ভবিষ্যৎও আলোকিত করে।আমাদের সমাজে প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে। চাকরি, শিক্ষা ও টিকে থাকার লড়াই ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই লড়াইয়ে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা বা ট্রেন্ড কারও জন্য সুযোগ তৈরি করে না। সুযোগ তৈরি করে জ্ঞান, দক্ষতা আর আত্মবিশ্বাস। তাই তরুণদের উচিত বাস্তবতাকে অস্বীকার না করে তার সঙ্গে খাপ খাইয়ে চলা। ট্রেন্ড অস্থায়ী, আজ যা জনপ্রিয়, কাল তা বিস্মৃতিতে মিলিয়ে যাবে। কিন্তু বাস্তবতা স্থায়ী, এটা থেকেই জীবনের সিদ্ধান্ত, ভবিষ্যৎ ও সাফল্য গড়ে ওঠে। তাই ট্রেন্ডের পেছনে অন্ধভাবে ছুটে না গিয়ে, বাস্তবতাকে ভিত্তি করে নিজস্ব পথ তৈরি করাই তরুণ সমাজের অন্যতম দায়িত্ব।
