যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে একজন ক্যারিশম্যাটিক মানুষ পার্থক্য গড়ে দিতে পারেন। দিশেহারা পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসতে পারেন। দেশের ক্রান্তিলগ্নে তার ডাকে পুরো জাতি ঐক্যবদ্ধ হতে পারে। তারেক রহমান তেমনই একজন নেতা। প্রাচীন চৈনিক সমরবিদ সান জু একটি কথা বলেছিলেন। কথাটি হচ্ছে, ‘একজন বিজয়ী যোদ্ধা আগে বিজয়ী হয়, তারপর যুদ্ধে যায়। পরাজিত যোদ্ধা আগে যুদ্ধে যায়, তারপর বিজয়ের সন্ধান করে।’ ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে নির্বাচনী প্রচারণাযুদ্ধ চলছে, তাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে আগেই বিজয়ী হয়ে যুদ্ধে নেমেছেন, তা তার নির্বাচনী প্রচারণা কৌশল থেকে বোঝা যায়। এই প্রচারণা যুদ্ধের আগে তিনি নিজেকে একজন বিজয়ী যোদ্ধা হিসেবে প্রস্তুত করেছেন, তারপর যুদ্ধে নেমেছেন। তার প্রতিটি জনসভা ও পথসভায় তার বক্তব্য ও আচরণে তা প্রতীয়মান হচ্ছে। তিনি তার ক্যারিশমা দিয়ে ছোট শিশু থেকে আশি বছরের বৃদ্ধের মন জয় করে চলেছেন। নির্বাচনী প্রচার যুদ্ধে বিজয়ের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে, মানুষের হৃদয় জয় করা। তারেক রহমান এই কাজটিই করে চলেছেন। একটা সময় এ প্রশ্ন জেগেছিল, প্রায় ১৭ বছর বিদেশে থেকে দেশে ফিরে সশরীরে মানুষের সামনে হাজির হয়ে তিনি কি পারবেন মানুষের মন জয় করতে? তিনি কি পারবেন, যে পরিকল্পনার কথা বলতে চান, তা ঠিকমতো উপস্থাপন করতে? বোধ করি, এসব প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন নেই। দেশের মানুষ ইতোমধ্যে তা দেখেছে এবং দেখছে। তারা দেখছে, নির্বাচনী প্রচার যুদ্ধে তিনি কীভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং মানুষের মন জয় করে চলেছেন।

দুই. লিও টলস্টয় বলেছিলেন, ‘প্রত্যেকেই বিশ্বকে পরিবর্তনের কথা চিন্তা করে, কেউই নিজেকে পরিবর্তনের চিন্তা করে না।’ তারেক রহমান জনগণের সামনে দাঁড়ানোর আগে নিজেকে পরিবর্তন ও প্রস্তুত করেছেন। তার এই পরিবর্তন দলের নেতাকর্মী ও সমর্থকরা সমর্থন ও গ্রহণ করেছে। তবে জনগণ কতটা গ্রহণ করবে, এ প্রশ্ন ছিল। কারণ, তখনও তিনি সরাসরি মানুষের সামনে দাঁড়াননি। গত বছরের ২৫ ডিসেম্বর দেশের মাটিতে যখন পা রাখেন, তখন সারাদেশ তো বটেই পুরোবিশ্বই তার দিকে তাকিয়ে ছিল। তিনি কী করেন, কী বলেন, দেশের জন্য কী করতে পারবেন, এমন বিশ্লেষণ শুরু হয়ে যায়। তার দেশে ফেরার এক মাসের মধ্যে তার কর্মকা-, বক্তব্য-বিবৃতি, কথাবার্তা ও আচার-আচরণ সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ গভীরভাবে প্রত্যক্ষ করেছে।

তার সমর্থকরা তো বটেই, তার বিরোধীমতের মানুষকেও বলতে শোনা গেছে, এ এক অন্য তারেক রহমান। পরিবর্তিত, পরিণত, বিনয়ী এবং দেশের জন্য নিবেদিত এক নেতা, যার চিন্তা-ভাবনায় শুধু দেশ ও জনগণ। আমাদের দেশে প্রথাগত নেতাদের দেখা যায়। কিন্তু তারেক রহমান পরিবর্তিত হয়ে ভিন্ন এক নেতায় পরিণত হয়েছেন। সাধারণ মানুষের কাছে তিনি রাজনীতিতে নতুন ‘ট্রেন্ড সেটার’ এবং একঘেয়ে রাজনীতি পরিবর্তনের ‘বরপুত্র’ হিসেবে আবির্ভূত হয়েছেন। এটা এত সহজ বিষয় নয়। অনেকে বলে থাকেন, তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসেছেন। অস্বীকার করার উপায় নেই, তারেক রহমানের রাজনীতির প্রাথমিক দীক্ষা হয়েছে একটি রাজনৈতিক পারিবারে।

আবার এটাও স্বীকার করতে হবে, রাজনীতির বাস্তব ক্ষেত্র মাঠপর্যায়ে পরিপূর্ণভাবে রাজনীতি শুরু করার আগেই তাকে ওয়ান-ইলেভেন সরকার নিপীড়ন-নির্যাতন করে অসুস্থ অবস্থায় দেশ ছাড়তে বাধ্য করেছিল। ফলে মাঠে থেকে জনগণের কাছাকাছি যাওয়ার তার পথ রুদ্ধ হয়ে যায়। তাকে বেছে নিতে হয়, টেলিফোন, ইন্টারনেট কিংবা স্কাইপি ও ভার্চুয়াল মিডিয়া। এ পথেও বাধা হয়ে দাঁড়ায়, ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার কোনো কথা, বক্তব্য পত্রপত্রিকা ও গণমাধ্যমে প্রকাশের ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়। সাধারণ মানুষ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত ভার্চুয়ালি তার কথা শুনতে পারেনি।

এটা ভেবে অবাক হতে হয়, চরম নিপীড়ন-নির্যাতন, জেল-জুলুম, হামলা-মামলা, গুম, খুনের শিকারে পর্যুদস্ত একটি দলকে সাত সমুদ্র তের নদীর ওপার থেকে দীর্ঘ ১৭ বছর ধরে তিনি কীভাবে ঐক্যবদ্ধ ও অটুট রেখেছেন? কীভাবে সম্ভব করেছেন? এসব প্রশ্নের উত্তর পেতে হলে প্রায় এক দশক আগে ফিরে যেতে হবে। হাসিনার চরম ফ্যাসিজমে পিষ্ট হওয়া বিএনপির অনেক নেতাকর্মীর সাথে সেই সময়ে আমার কথা হয়েছিল। আত্মরক্ষার্থে সে সময় অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে এখানে-সেখানে চলে গিয়েছিলেন। অনেকে ঢাকায় এসে কোনো রকমে জীবনযাপন করছিলেন। রাজধানীতে আসা গ্রাম ও উপজেলা পর্যায়ের এমন বেশ কয়েকজন বিএনপির নেতার সাথে সে সময় কথা হয়েছিল। তাদের কাছে শুনেছি, তারেক রহমান তাদের সাথে ফোনে সরাসরি কথা বলতেন। তাদের সাথে কথা বলে উৎসাহ দিতেন, অনুপ্রাণিত করতেন, আন্দোলনে লেগে থাকার কথা বলতেন, দিকনির্দেশনা দিতেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতেন। অর্থাৎ তিনি গ্রাসরুট লেভেলের নেতাকর্মীদের সাথে সরাসরি কথা বলতেন। দলের শীর্ষ নেতা যখন একজন ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে সরাসরি কথা বলেন, তখন তা তার জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করার অনুপ্রেরণা হয়ে পড়ে। জীবন উৎসর্গ করতেও দ্বিধা করে না। তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে এই কাজটিই করেছিলেন। ফলে তৃণমূলে দলের ভিত্তি সুদৃঢ় হয় এবং এই ভিত্তির উপরই দল দাঁড়িয়ে থাকে। আজ বিএনপির যে শক্তিশালী অবস্থান, তা গড়ে তুলেছেন তারেক রহমান। ফলে দেশে ফিরেও তিনি তার দলকে অক্ষুণœ-অটুট পেয়েছেন। বিশ্বের আর কোনো রাজনৈতিক দলের নেতা দূর থেকে এভাবে সুদীর্ঘকাল নেতৃত্ব দিয়ে দলকে ঐক্যবদ্ধ রাখতে পেরেছে কিনা, জানা নেই।

তিন. জনগণের সামনে একজন রাজনৈতিক নেতার উপস্থিতি এবং তার সামাবেশে ব্যাপক জনগণের উপস্থিতি প্রমাণ করে সেই নেতা কতটা গ্রহণযোগ্য। জনগণকে তিনি কী প্রতিশ্রুতি দিচ্ছেন, তার প্রতিশ্রুতিতে তারা আস্থা রাখতে পারছে কিনা, এটাও জনসমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়। আমরা দেখেছি, তারেক রহমান যখন জনসভা করেন, সেই জনসভাস্থলে নির্দিষ্ট সময়ের অনেক আগেই লাখ লাখ মানুষ সমবেত হয় এবং হচ্ছে। তার বক্তব্য শোনার জন্য দিন থেকে শেষ রাত পর্যন্ত শীত ও কুয়াশার মধ্যে মানুষ অপেক্ষা করেছে এবং করছে। কেন তাদের এই অপেক্ষা, তাদের কীসের ঠেকা পড়েছে যে, কাজ ফেলে তার বক্তব্য শোনার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করবে?

এসব প্রশ্নের উত্তর হচ্ছে, জনগণ তার উপর আস্থা রেখেছে, তারা বুঝতে পেরেছে, দেশের ক্রান্তিকালে, তাদের জন্য তারেক রহমানের মতো একজন নির্ভরযোগ্য ভিশনারি নেতা প্রয়োজন, যেমনটি প্রয়োজন হয়েছিল, দেশের চরম দুর্দিনে তার বাবা জিয়াউর রহমান ও তার মা বেগম খালেদা জিয়াকে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে জনগণ তাদের প্রয়োজনেই ঘর থেকে বের করে এনেছিল, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল। স্বাধীনতার ৫৫ বছরে আর কোনো নেতার ক্ষেত্রে কি এমন ঘটেছিল? ঘটেনি। এখন দেশের সংকটে জনগণ আবার জিয়া পরিবারেরই সন্তান তারেক রহমানকে তাদের কা-ারি হিসেবে ভাবছে। এই যে নির্বাচনী প্রচারণায় যেখানেই তারেক রহমান যাচ্ছেন, সেখানেই লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে এই বার্তাই দিচ্ছে, তারা তাকেই আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে পেতে চায়।

একজন রাষ্ট্র নায়ককে নিয়ে আলোচনা-সমালোচনা থাকবেই। তারেক রহমান তার বাইরে নন। তবে দেখার বিষয় হচ্ছে, কারা এবং কোন শ্রেণি তার সমালোচনা করছে, সে সমালোচনা কতটা যৌক্তিক। এক্ষেত্রে যদি তার সমালোচনার চেয়ে তার কথা ও কাজের মূল্যায়নের হার বেশি হয়, তাহলে ধরে নিতে হবে, তিনি সঠিক পথে আছেন। নির্বাচনী মাঠে তারেক রহমান প্রতিপক্ষের সমালোচনার শিকার হচ্ছেন, গণতন্ত্রে এটাই স্বাভাবিক। তবে এসব সমালোচনা কতটা যৌক্তিক বা তার সারবত্তা আছে কিনা, তা বিচার্য বিষয়। পর্যবেক্ষণে দেখা যায়, তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষকে সমালোচনা করার খুব একটা সুযোগ দেন না। কারণ, তিনি নিজ থেকে প্রতিপক্ষকে আক্রমণ করে বক্তব্য দেন না।

তার বক্তব্যজুড়ে থাকে, জনগণ তাকে এবং তার দল বিএনপিকে নির্বাচিত করে ক্ষমতায় বসালে তাদের জন্য কি করবেন, এই পরিকল্পনাই থাকে। তিনি জনগণের উদ্দেশ্যে দ্ব্যর্থহীনভাবেই বলেন, প্রতিপক্ষের সমালোচনা বা গীবত গাইলে কি আপনাদের পেট ভরবে? ভাত জুটবে? জুটবে না। আবার তিনি প্রতিপক্ষের সেই কথার জবাব দেন, যা তাদের ক্ষেত্রে আক্ষরিক অর্থেই প্রযোজ্য। তবে তার বক্তব্যের এক-দুই মিনিট থাকে এই সমালোচনা। তিনি বুঝতে পারেন, প্রতিপক্ষ তাকে অযৌক্তিক সমালোচনা করে তাকে রাগিয়ে দিয়ে তার মুখ দিয়ে এমন মন্তব্য বের করতে চায়, যাতে তা নিয়ে তারা হইচই করতে পারে। তারেক রহমান সেই সুযোগ দেন না। বরং তিনি তার কাজ দিয়ে তাকে অনুকরণ করতে বাধ্য করেন। যেমন, জনসভাস্থলে যাওয়ার সময় তিনি বিশেষায়িত বাস ব্যবহার করেন। বাসের সামনের সিটে বসে বা দাঁড়িয়ে তিনি রাস্তার দুপাশের মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান। প্রতিপক্ষও তাকে অনুসরণ করে এমন বাস ব্যবহার করা শুরু করে। বিস্ময়ের ব্যাপার, প্রতিপক্ষ যখন জনসভায় বক্তব্য দেয়, তখন সেসব বক্তব্যে নির্বাচিত হলে দেশের কল্যাণে কী করবে, সেসব পরিকল্পনা খুব কমই থাকে। তাদের বক্তব্য জুড়ে থাকে নানা অবাঞ্চিত ও অনাকাক্সিক্ষত বক্তব্য, যা দেশের মানুষের কাছে সমালোচনার ঝড় তোলে। মানুষকে ক্ষুব্ধ করে তোলে, যা ইতোমধ্যে মানুষ দেখেছে।

চার. অনেকে বলে থাকেন, বিএনপি তার পক্ষে কোনো ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে পারে না, যা মানুষকে আকৃষ্ট করতে পারে। এমন সমালোচনা ৫ আগস্টের পর থেকে শোনা যাচ্ছিল। অন্যদিকে, প্রতিপক্ষ নানাভাবে তাদের ন্যারেটিভ তুলে ধরছিল। বিএনপির প্রতিপক্ষ তো ‘জুলাই অভ্যুত্থান’ তাদের, এতে বিএনপির কোনো অবদান নেইÑএমন ন্যারেটিভ রচনায় ঘাম ঝরিয়েছে। তাদের ন্যারেশন অনুযায়ী ‘জুলাই বিপ্লবে’র মাধ্যমে নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এমন একটি ন্যারেশন তৈরি করার চেষ্টা করেছে যে, ’৭১-এ দেশ স্বাধীন হয়নি, ’২৪-এ স্বাধীন হয়েছে। তারা তাদের অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে টিভি টকার দিয়ে এ ন্যারেটিভ তৈরি করার এন্তার প্রচার চালিয়েছে। বাংলাদেশের জন্মের ভিত্তি ’৭১ কে বাদ দিয়ে তাদের এই খ-িত ন্যারেশন দিয়ে দেশের মানুষকে তারা প্রভাবিত করতে চেষ্টা করেছে। অন্যদিকে, তারেক রহমান ’৭১ এবং ’২৪ এই দুটোকে ধারণ করে তার ন্যারেশন তৈরি করেছেন। তার এই ন্যারেশনে প্রতিপক্ষের খ-িত ন্যারেশন ভেঙে গেছে। শুধু তাই নয়, তিনি এই ন্যারেশনের মধ্যে আটকে না থেকে, সামনে তাকিয়ে দেশ ও জনগণের সামনে ভিশন তুলে ধরেছেন। রাষ্ট্র ক্ষমতায় গেলে কী করবেন, এই ন্যারেশন তৈরি করেছেন। এতে প্রতিপক্ষের খ-িত ন্যারেশন ভেসে গেছে। তারেক রহমানের নির্বাচনী প্রচারণার মূল বিষয় হচ্ছে, পজিটিভিটি বা ইতিবাচকতা। তিনি ইতিবাচক বক্তব্য দিয়ে প্রতিপক্ষের নেতিবাচক বক্তব্য উড়িয়ে দিচ্ছেন। অন্যদিকে, প্রতিপক্ষ তার বক্তব্যের জবাব দিতে বেশিরভাগ সময় ব্যয় করছে। এ থেকে বুঝতে অসুবিধা হয় না, তারেক রহমান দেশের ক্রান্তিকালে ফিনিক্স পাখির মতো আবির্ভূত হয়েছেন।

darpan.journalist@gmail.com