শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর সহধর্মিণী কখনো রাজনীতিতে আসবেন, তা হয়ত তাঁরা চিন্তা করেননি। স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে বিজয়ী হয়ে জিয়াউর রহমান তাঁর কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। ’৭৫-এর সিপাহী-জনতার বিপ্লবের সময় তিনি ছিলেন গৃহবন্দী। এই বন্দিত্ব থেকে তিনি মুক্ত হবেন:এমন আশা কি তিনি করেছিলেন? সম্ভবত করেননি। তবে মহান আল্লাহ ভিন্ন পরিকল্পনা করে রেখেছিলেন। তিনিই তাঁকে বন্দিত্ব থেকে বের করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসেন। যেখানে তিনি বাঁচা-মরার মাঝামাঝি এক অনিশ্চিত জীবনের মুখোমুখি হয়েছিলেন, সেখান থেকে মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় চলে আসবেন, এ ছিল অকল্পনীয়, অভাবনীয়। পবিত্র কুরআনের সুরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, ‘রাজত্বের মালিক আল্লাহ।

তিনি যাকে চান রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন এবং যাকে চান সম্মান দান করেন, যাকে চান অপমানিত করেন। তার হাতেই কল্যাণ। নিশ্চয়ই তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।’ তিনি জিয়াউর রহমানকে বন্দিত্ব থেকে মুক্ত করে রাজত্ব এবং সম্মান দুটোই দিলেন। আল্লাহর দেয়া এই সম্মান দেশ ও দেশের মানুষের কল্যাণে জিয়াউর রহমান ব্যয় করেছেন। আবার জনগণের অসীম ভালবাসা, শ্রদ্ধা ও সম্মান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দেশের মানুষ আজীবন তাঁকে সম্মান ও শ্রদ্ধা করবে, এ ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ’৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান একদল বিপদগামী সেনাসদস্যর হাতে যখন শহীদ হন, তখন তাঁর পরিবার কতটা সাধারণ ছিল, তা দেশের মানুষ জানতে পারে।

একজন প্রেসিডেন্টের পরিবার এমন হতে পারে, এ ভেবে তাঁর প্রতি জনগণের যে ভালবাসা ও সম্মান জন্মেছে, তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলবে, তা নিশ্চিত করে বলা যায়। তাঁর পরিবারে সহধর্মিণী বেগম খালেদা জিয়া ও দুই পুত্র তারেক রহমান এবং আরাফাত রহমান। তাঁর মরদেহ যখন তাঁর ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে যাওয়া হয়, তখন তাঁর কফিন জড়িয়ে ধরে তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়ার যে কান্না ও আহাজারি, তা ছিল আমাদের দেশের এক অতি সাধারণ নারীর স্বামী হারানোর বেদনার প্রতিচ্ছবি। দেখে মনে হয়েছে, সংসারে উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে এক স্ত্রী যেন অকূল পাথারে পড়ে গেছেন। কীভাবে সংসার চলবে, দুই ছেলেকে মানুষ করবেÑএ দুঃশ্চিন্তার চিত্র ফুটে উঠেছে। আল্লাহ মহান। তিনি তাঁর প্রিয় বন্দাদের বিপদে ফেলে, সম্পদ ও ফসলহানি করে, এমনকি মৃত্যু দিয়ে পরীক্ষা করেন। এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়, তারা মহাসাফল্য লাভ করে। পবিত্র কুরআনে একাধিক জায়গায় তিনি এ বর্ণনা দিয়েছেন। প্রিয়তম স্বামীকে কেড়ে নিয়ে মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে এক কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। জিয়াউর রহমানের শাহাদাতবরণ করার পর দেশের মানুষ দিশাহারা, তখন ক্ষমতায় থাকা বিএনপির প্রেসিডেন্ট আব্দুস সাত্তারকে বন্দুকের নল ঠেকিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা কেড়ে নেন। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির তখন ঘোর বিপদ। ঝঞ্ঝা-বিক্ষুব্ধ উত্তাল সাগরে ক্যাপ্টেনবিহীন এক জাহাজের মতো দলটি দিশাহারা। নেতৃত্বহীনতায় এলোমেলো। একদিকে জিয়াউর রহমানের শোক, আরেক দিকে দলকে হটিয়ে এরশাদের ক্ষমতা দখল, এমন কঠিন পরিস্থিতিতে কে হাল ধরবে? এমন এক পরিস্থিতিতে দল হাজির হয়, জিয়াউর রহমানের বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে।

দুই. ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখি, দেশের প্রয়োজনে দেশ বন্দি জিয়াউর রহমানের কাছে গিয়েছে, তিনি যাননি। তিনি রাজনীতি করতে চাননি, রাজনীতি তাঁর কাছে গিয়েছে। বেগম খালেদা জিয়াও রাজনীতি করতে চাননি, রাজনীতি তাঁর কাছে গিয়েছে। দেশ তাঁর কাছে গিয়েছে। দেশের চরম সংকটকালে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে স্বামী ও স্ত্রীকে দেশ ও জনগণ দায়িত্বে নিয়ে এসেছে। তাঁরা এলেন, দেখলেন, জয় করলেন এবং চলে গেলেন। দেশের তরে, মানুষের তরে জীবন বিলিয়ে দিলেন। জিয়াউর রহমান দেশের স্বাধীনতা এনে দিলেন, ভারতীয় আধিপত্যবাদ থেকে তা রক্ষায় দায়িত্ব নিলেন, বাকশালে বন্দি হওয়া গণতন্ত্র ফিরিয়ে দিলেন, নতুন নতুন উদ্ভাবনী প্রক্রিয়ায় দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে যাত্রা করিয়ে দিলেন।

নিজের পরিবার, স্ত্রী-সন্তানের দিকে না তাকিয়ে দেশের মানুষের দিকে তাকিয়েছেন, তাদের কাছে চলে গেছেন। জিয়াউর রহমানের তৈরি পথ যখন স্বৈরশাসক এরশাদ রুদ্ধ করে দিলেন, দেশের গণতন্ত্র আবার বন্দি হয়ে গেল, দেশ এক কঠিন ও বিপন্ন পরিস্থিতিতে, তখন তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির এক কন্টাকীর্ণ পথে যাত্রা শুরু করলেন। দেশের আত্মপরিচয় দেয়া জিয়াউর রহমানের আধিপত্যবিরোধী ‘বাংলাদশী জাতীয়তাবাদ’, গণতন্ত্র, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রামে নামলেন। স্বামী হারানোর বেদনা নিয়েই এক বৈরী ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে দেশ ও দেশের মানুষের জন্য সংগ্রাম শুরু করলেন। স্বৈরশাসকের প্রতি কঠিন ও আপোসহীন, মানুষের প্রতি কোমলÑ এই প্রতিজ্ঞা নিয়েই রাজনীতিতে এলেন।

আমরা দেখেছি, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে রাজপথে, দেশের পথে-প্রান্তরে কীভাবে তিনি ছুটে গিয়েছেন। আন্দোলনের ডাক দিয়ে পেপার বিছিয়ে সড়কে বসে পড়েছেন। তিনি কখনো উচ্চারণ করেননি, সেই ঐতিহাসিক শ্লোগান, ‘আপোস না সংগ্রাম। সংগ্রাম, সংগ্রাম।’ অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর দৃঢ়তা, অনমনীয়তাই তাকে আপোসহীন নেত্রীর মর্যাদায় উন্নীত করেছে। দেশের মানুষ তাঁকে ‘আপোসহীন নেত্রী’ অভিধায় অভিহিত করেছে। দেশ ও গণতন্ত্রের প্রতি তাঁর অগাধ টান তাকে ‘দেশনেত্রী’, ‘গণতন্ত্রের মা’ উপাধিতে ভূষিত করেছে। এসব উপাধি নিয়ে তাঁকে কখনো আত্মতুষ্টিতে ভুগতে দেখা যায়নি। মানুষ বলেছে, তিনি শুনেছেন। তাঁর বৈশিষ্ট্য হচ্ছে, তিনি শোনেন বেশি, বলেন কম। যেটুকু প্রয়োজন, শুধু সেটুকু বলতেন। তাঁর সকল বলা দেশ ও জনগণের জন্য।

কারণ, তিনি তো দেশের জন্য, মানুষের জন্যই ঘর থেকে রাজনীতির কঠিন পথে পা বাড়িয়েছিলেন। জিয়াউর রহমানের আদর্শ থেকে একচুল বিচ্যুত হননি। দেশের মানুষ তাঁর ওপর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ তাঁর হাতেই নিরাপদ। তাঁর দেশপ্রেম প্রশ্নাতীত। ২০০০ সালে বেগম খালেদা জিয়া যখন বিরোধীদলীয় নেত্রী, তখন একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভারতীয় আধিপত্যবাদ নিয়ে তিনি বলেছিলেন, আমরা তো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা ছোট হতে পারি। কিন্তু আমাদের একটা আত্মমর্যাদাবোধ রয়েছে। স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাস করতে চাই। সে জন্য আমরা সকলের সঙ্গেই ভালো স¤পর্ক রাখতে চাই।

একটা বড় দেশ হিসেবে ভারতের সঙ্গে আমাদের যে সমস্যাগুলো হবে, তা সমমর্যাদার ভিত্তিতে নিরসন করার জন্য আমরা কাজ করতে চাই। কিন্তু বড় দেশ বলে ভারত যা বলবে, তা আমাদের মেনে নিতে হবে বা তারা জোর করে আমাদের ওপর কিছু চাপিয়ে দেবে, এটা আমরা মেনে নিতে পারি না। যখন তারা বড় দেশ হিসেবে আমাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিংবা আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করে, একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে সে অন্যায়গুলোর কথা তখন বাধ্য হয়ে আমাদের বলতে হয়। সেগুলো বলার কারণে যদি আমাদের ভারতবিরোধী মনে করেন, তাহলে আমার বলার কিছু নেই। বেগম খালেদা জিয়া বলেছিলেন, বিএনপি বাংলাদেশের জনগণ-সমর্থিত দল। বিএনপি সব সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করেই কাজ করছে। আমরা কারও পক্ষে-বিপক্ষে নই। আমরা স্বাধীনতাযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কারও পক্ষে কিংবা কারও পকেটে থাকার জন্য আমরা দেশ স্বাধীন করিনি। আমরা দেশ স্বাধীন করেছি সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বসবাস করার জন্য। আমরা কারও পক্ষে না। পাকিস্তানের পক্ষেও না, ভারতের পক্ষেও না। আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের জনগণের পক্ষে। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর কী অসীম দেশপ্রেম! এমন নেত্রী কী আর খুঁজে পাওয়া যাবে?

তিন. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া বিএনপি নিয়ে আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্যান্টনমেন্টে তৈরি দল বলে বদনাম দিত। এর জবাবও সেই ২০০০ সালে বেগম খালেদা জিয়া দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি জনগণের দল। বাংলাদেশের জনগণকে নিয়েই দলটি গঠন করা হয়েছে। ক্যান্টনমেন্ট থেকে নয়, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেমন ন্যাপ থেকেও অনেকেই দলে এসেছেন। ন্যাপ অত্যন্ত পুরোনো একটি দল, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী সাহেব একসময় এর নেতৃত্ব দিয়েছিলেন।

এ দেশের মানুষের স্বাধীন অধিকার এবং এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, এমন এক ব্যক্তি জিয়াউর রহমানকে দেশের মানুষ যখন ক্ষমতায় অধিষ্ঠিত করল, তখন মাওলানা ভাসানী তাঁর জীবনের শেষ সময়ে তাঁকে সমর্থন দিয়েছিলেন, তাঁকে দোয়া দিয়েছিলেন এবং তাঁর নেতা-কর্মীদেরও শহীদ জিয়ার হাতে তুলে দিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা দেশপ্রেমিক নেতা-কর্মীদের নিয়েই বিএনপি গঠিত হয়েছে। বিএনপি একটি রাজনীতি, একটি দর্শন দিয়েছিল, যেটা অতীতে কেউ দিতে পারেনি। সেটি হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, বাঙালি, পাহাড়ি, এ দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী সকলে এ জাতীয়তাবাদের মধ্যে আছেন। সকল ধর্মের মানুষ এখানে থাকতে পারবেন, তাদের ধর্ম-কর্ম পালন করতে পারবেন।

এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রাজনীতি উপস্থাপন করা হয়েছে, যেখানে থাকবে আমার সংস্কৃতি এবং যেখানে আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্য থেকে আমরা রাজনীতি পরিচালনা করতে পারব। এখন কেউ বলে বাঙালি জাতীয়তাবাদ, আর আমরা বলি বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশের জনগণও বাংলায় কথা বলছে, আবার পশ্চিমবঙ্গের মানুষও বাংলায় কথা বলে। বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে আমরা আমাদের ভৌগোলিক অখ-তা এবং এ দেশের জাতি, ধর্ম, গোত্র সকলকে স¤পৃক্ত করে একটা পূর্ণাঙ্গ রাজনীতি পাচ্ছি। এ জন্যই বিএনপির জনপ্রিয়তা বেড়েছে এবং সকলে বিএনপির এ রাজনীতিতে স¤পৃক্ত হয়েছে। একটি আদর্শভিত্তিক কর্মসূচিও আমরা দিয়েছি, তাতে দেশ গঠন ও উন্নয়ন কর্মসূচিভিত্তিক ১৯ দফা কর্মসূচি আছে। এই কর্মসূচিতে বাংলাদেশের জনগণ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে লোকেরা এসেছেন।

আমার দলে অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী রয়েছেন। এ রকম দর্শন ও আদর্শভিত্তিক রাজনীতি এর আগে কেউ দিতে পারেনি বলে ঈর্ষান্বিত হয়ে অনেকে। যারা একসময় বাকশালের নামে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, তারা বিএনপিকে ক্যান্টনমেন্টের দল বলে। আর এই ক্যান্টনমেন্ট বাংলাদেশের সীমার মধ্যেই অবস্থিত, বাংলাদেশের তো বাইরে নয়। বেগম খালেদা জিয়া বিএনপির গঠন নিয়ে যে বদনাম দেয়া হয়, তার মোক্ষম জবাব দিয়েছেন। বলা বাহুল্য, জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া কেউই রাজনীতিতে আসতে চাননি, দেশের প্রয়োজনে জনগণ তাঁদেরকে ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে নিয়ে এসেছে। একবার ভাবা দরকার, যদি তাঁরা রাজনীতিতে না আসতেন, তাহলে দেশের পরিস্থিতি কী হতো!

পৃথিবীতে কারো জন্য কোনো কিছু আটকে থাকে না, আবার পৃথিবীই তার কল্যাণের জন্য কাউকে না কাউকে নিয়ে আসে। আমাদের দেশের জন্য এই কাউকেÑ শহীদ জিয়া ও অমর নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এসেছিল। তাঁরা দুজনে কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। এই ভুল-ত্রুটিকে ছাপিয়ে দেশ ও জনগণের জন্য তাঁদের যে আত্মত্যাগ, দেশ সেবা করতে করতেই জীবন দেয়া, তাই আলোকবর্তিকা হয়ে আছে। এই দুই দেশপ্রেমিককে হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু আপাতদৃষ্টিতে অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যু মনে হতে পারে, তবে তাঁকে যে ফ্যাসিস্ট হাসিনা ব্যক্তিগত ঈর্ষা ও রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্জন জেলে রেখেছিলেন এবং উন্নত চিকিৎসা নিতে দেননি, তাতেই তাঁর অসুস্থতা বেড়ে যায়।

বিএনপির পক্ষ থেকে বলা হয়ে থাকে, জেলে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। প্রকৃতি কখনো অন্যায়-অবিচার সহ্য করে না। বেগম খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনা যে অন্যায় করেছেন, তা প্রকৃতি সহ্য করেনি। কতভাবেই না, বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা অপমানিত ও অপদস্ত করেছেন। এর কোনো কিছুরই জবাব তিনি দেননি। তাঁর পাহাড়সম ব্যক্তিত্বের কাছে হাসিনার নোংরামি বারবার আছড়ে পড়েছে। এমনকি গণঅভ্যুত্থানে হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর একটি কটু কথাও বলেননি তিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল তাঁর সাথে দেখা করে জিজ্ঞেস করেছিলেন, শেখ হাসিনা যে তাঁকে এত অপমান-অপদস্ত করেছেন, তার জন্য কি কোনো রাগ- ক্ষোভ হয় না? বেগম খালেদা জিয়া কোনো জবাব দেননি। চুপ থেকেছিলেন। আসিফ নজরুল বারবার জিজ্ঞেস করার পর তিনি শুধু এটুকু বলেন, ‘আমি যা বলার আল্লাহর কাছে বলেছি।’ আজ তিনি আল্লাহর কাছে চলে গেছেন। দেশের মানুষ তাঁর জন্য কাঁদছে। মহান আল্লাহ তাঁকে মহাসাফল্যের সম্মান দিয়েছেন। নামাজে জানাজায় লাখ লাখ মানুষ শরিক হয়ে তাঁকে অশ্রুসজল চোখে বিদায় দিয়েছে। বিদেশের বিশিষ্ট অতিথিরা তাঁকে শ্রদ্ধা জানাতে যোগ দিয়েছেন। আর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে মৃত্যুদ-াদেশ নিয়ে কোথায় আছেন, কারো জানা নেই।

চার. দেশ ও জনগণের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা অনন্তকাল ধরে স্মরণ করা হবে। ইতিহাসের পাতা উল্টে প্রজন্ম থেকে প্রজন্ম তাঁর সম্পর্কে জানবে। আর বিস্মিত হবে, আমাদের দেশে এমন নিখাঁদ একজন দেশপ্রেমিক ছিলেন! বেগম খালেদা জিয়া একজীবনে দেশ ও মানুষের কল্যাণে যা করেছেন, এর চেয়ে বেশি কিছু করার ছিল না। জীবনের শেষ সময়েও তিনি দেশের মানুষের কথা জিজ্ঞেস করেছেন। গত ২১ নভেম্বর তিনি যখন সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী দিবসে গিয়েছিলেন, তখন জেনারেল ওয়াকার উজ জামান তাঁকে অভ্যর্থনা জানালে তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের অবস্থা কি? তাদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন, উদ্ধার করুন। এই হচ্ছে, দেশের অভিভাবক, অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া। স্বামীহারা, সন্তানহারা, বাড়িঘরহারা, নির্জন জেলে থাকার ব্যক্তিগত কষ্ট চাপা দিয়ে দেশের মানুষকে তিনি নিজের অস্তিত্ব ভেবেছেন। তিনি বলেছেন, দেশ ছাড়া, আমার অন্যকোথাও ঠিকানা নেই, আমার যাওয়ার জায়গা নেই। আপনারাই আমার আপনজন। আপানারা আমাকে ছেড়ে গেলেও আমি আপনাদের ছেড়ে যাব না। একজন মায়ের মতোই সন্তানকে ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা! তিনি দেশের মানুষকে ছেড়ে যাননি। দেশের মানুষও তাঁকে ছেড়ে যায়নি। তাঁর শারীরিক উপস্থিতি না থাকলেও তাঁর নীতি-আদর্শ দেশের মানুষ ধারণ করেছে। তিনি বেঁচে আছেন দেশের মানুষের মধ্যে। বেঁচে থাকবেন, অনন্তকাল। darpan.journalist@gmail.com