আশির দশকে শিক্ষার হার খুব বেশি ছিল না। বিশেষ করে নারীদের শিক্ষার হার ছিল অতি নগণ্য। ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে জেন্ডার মানে নারীর প্রতি পুরুষতান্ত্রিক সমাজের পীড়ন টাইপের প্রতিভাত হয়েছে। কালক্রমে এ ধারণার অনেক পরিবর্তন সাধিত হলেও জনমনে ভ্রান্তধারণাটি যেন অস্থিমজ্জার সঙ্গে মিশে আছে। উন্নয়ন জগতে জেন্ডার হলো নারী-পুরুষের সমতায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বা বিশেষ উদ্যোগ। জাতীয় উন্নয়নের লক্ষ্যে আমাদের সমাজে নারী-পুরুষরা যখন সমানতালে কাজ করছে এবং সর্বোপরি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব বণ্টন করে নিচ্ছে, জেন্ডারের উদ্দেশ্যও ঠিক তক্ষুণি সফল হচ্ছে।
সময়ের প্রয়োজনে, পরিস্থিতি বিবেচনায় কৌশলগত কারণে ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারীর প্রতি পুরুষের; পক্ষান্তরে, পুরুষের প্রতি নারীর যে সহযোগিতা-সহমর্মিতা ও কাজ করার অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার যে উদ্যোগ, তা-ই মূলত উন্নয়ন জগতে জেন্ডার হিসেবে অভিহিত। \r\nবাংলাদেশ আজ স্বাধীনতার পঞ্চান্ন বছর পার করেছে। সরকারি-বেসরকারি নানাবিধ পদক্ষেপের ফলে নারীরা আজ প্রায় সর্বদিক থেকেই এগিয়ে চলেছে। শিক্ষা-স্বাস্থ্য-অর্থনীতি-অধিকার-মত প্রকাশের স্বাধীনতা-স্বনির্ভরতায় নারীরা দৃষ্টান্তমূলক অবদান রাখলেও আজো নারীর প্রতি সহিংসতা ঘটে হরহামেশাই। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী ক্যাম্পেন, প্রতিবাদ, সমাবেশ, গোলটেবিল বৈঠক, মানববন্ধন কর্মসূচি ইত্যাদি প্রচলিত।
বছরের পর বছর চলে যায়, সময়ের আপন নিয়মে কর্মসূচি পালিত হতে থাকে। তবু একটি বিশেষ শক্তিধর গোষ্ঠী বহাল তবিয়তে তাদের পৌরুষ আচরণ প্রতিষ্ঠা করতে থাকে অত্যাধুনিক কায়দায়, ডিজিটাল সভ্যতায়। শুধু কাগজে-কলমেই নয়, বরং সারাবিশ্বের মানুষের অস্থিমজ্জায় মিশে আছে একটি নেতিবাচক বিশ্বাস- নারীরা অবহেলিত-নির্যাতিত-বঞ্চিত ইত্যাদি! বাস্তবতা যাই হোক না কেন, শুধু নারীদের মানুষ হিসেবে পূর্ণ সম্মান প্রদর্শন না করার কারণেই এই চিত্রটি স্থায়ীভাবে আটকে আছে। ফলে নারীর উন্নয়নের গতিশীলতাকে কেবল ব্যাহতই করছে না, বরং পিছিয়ে দিচ্ছে একটি জাতিকেও। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় বাংলাদেশেও একজন মেয়েকে নারী হয়ে ওঠা পর্যন্ত তাঁর চলাফেরা, মতামত প্রকাশ এমনকি যাবতীয় ইচ্ছা-অনিচ্ছার গাইডলাইন নির্ধারণ করে দেয়া হয়।
জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী নির্যাতনের শিকার হন। এই নারীরাই আবার নানা জটিল সমস্যা নিরসনে নিজেকে নিয়োজিত করেই চলেছে। অথচ তাদের স্বীকৃতি মিলছে না, কিছুতেই না! নারীর উন্নয়নের কথা বলার পরই জনৈক আলোচক যখন নিজের স্ত্রীর প্রতি শারীরিক তথা পারিবারিক সহিংসতার অনুঘটক হন, তখন বিষয়টি বড্ড সাংঘর্ষিকই বটে! \r\nবিশ্বের ন্যায় বাংলাদেশও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও মানবাধিকার প্রতিষ্ঠায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। যেমন ২৫ নভেম্বর- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ২৯ নভেম্বর- আন্তর্জাতিক নারী মানবাধিকার রক্ষক দিবস। ১ ডিসেম্বর- বিশ্ব এইডস দিবস।
৩ ডিসেম্বর- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ৬ ডিসেম্বর- মন্ট্রিয়েল গণহত্যা বার্ষিকী। ৯ ডিসেম্বর- রোকেয়া দিবস এবং ১০ ডিসেম্বর- বিশ্ব মানবাধিকার দিবস। অর্থাৎ, নারী ও মেয়েদের সম্মান-অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণার্থেই ঘোষিত এই ১৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচিগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবারের প্রতিপাদ্য বিষয়- সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন । এতে স্পষ্টই বোঝা যায়, নারীরা কতটা অসহায়! কতটা নির্যাতিত! কত ধরনের সহিংসতার শিকার! এ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বলেন, যতদিন নারীরা নির্ভয়ে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, যতদিন নারীদের নিরাপত্তা ও সহিংসতা নিয়ে আতঙ্কে থাকতে হবে, ততদিন বিশ্ব নারীদের সমানাধিকারের ব্যাপারে অহঙ্কার করতে পারবে না।
উল্লেখ্য, বাংলাদেশের ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার জীবনসঙ্গীর সহিংসতার শিকার হতে হয়েছে এবং কেবল মাত্র ২০২৫ সালেই ৮.৩ শতাংশ নারী প্রযুক্তির মাধ্যমে নানাভাবে সহিংসতার শিকার হয়েছে। অনেক শিক্ষিত-সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নারী সাইবার বুলিংয়ের শিকার হয়ে মোটা অঙ্কের টাকাসহ মান-ইজ্জত জলাঞ্জলি দিতে বাধ্য হচ্ছে! বিভিন্ন পত্রিকা ও সামাজিক মাধ্যমেই এসব তথ্য আমাদের একদিকে যেমন অস্থির ও হতাশাগ্রস্ত করে তোলে; সেই সঙ্গে এখান থেকে সচেতনতা বাড়ানোর মোক্ষম সময় ঠিক এক্ষুণি। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যারা এহেন ঘৃণ্য অপরাধ সংঘটিত করছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় সোপর্দ করার সঠিক সময়। নয়তো ডিজিটাল সহিংসতার শিকার মেয়ে ও নারীর আত্মহত্যার পথ বেছে নেওয়ার সংখ্যাটি ক্রমশ বাড়তেই থাকবে।
\r\nনারীর প্রতি সহিংসতা মোকাবিলা কোনো সহজ কাজ নয়! যেহেতু পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা প্রায় সর্বময় ক্ষমতার অধিকারী, তাই সর্বাগ্রে পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন অত্যন্ত জরুরি। নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরই এগিয়ে আসতে হবে। পরিবারে, বিদ্যালয়ে, কর্মস্থলে, শহরে, বন্দরে, যানবাহনে, এমনকি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে তাদের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন খুবই জরুরি। সমাজে নারী-পুরুষের যে ন্যায্য অধিকার ও গুরুত্ব রয়েছে; উভয়ে মিলে যে অভিন্ন সত্তা, এই মানবিকতাবোধটুকু সমাজ গভীরভাবে উপলব্ধি করতে না পারলে নারীর প্রতি বৈষম্য চলতেই থাকবে। আর এই কাজগুলো শুরু করতে হবে একদম গোড়া থেকে, পরিবার থেকে। তাই সবার উচিত সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। উপরোক্ত করণীয়গুলো নিতান্তই মানবজাতির!
নারী জাতিকে মানুষ হিসেবে যোগ্য সম্মান প্রদান করার জন্য দায়িত্ব ও কর্তব্য আমাদের সকলের, বিশেষ করে পুরুষ জাতির। \r\nজেন্ডার সহিংসতা নিয়ে অনেক আলোচনা হয়েছে; জনমনে সচেতনতাও বেড়েছে তথাপি ইদানীংকালে একটি বিষয়ে নতুন করে চিন্তার খোরাক জোগাচ্ছে তা হলো নারী ও শিশু ধর্ষণ! বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন সমীক্ষা-২০২৫-এর তথ্যমতে, ২০২৪ সালে সারাদেশে ৩৬৪ নারী নানা ক্ষেত্রে ধর্ষণের শিকার হয়েছেন। পক্ষান্তরে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্তও ঠিক একই সংখ্যা অর্থাৎ ৩৬৪ নারী ধর্ষণের শিকার হয়েছেন। নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো -এর প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রতি ৪ জনের মধ্যে ৩ জন নারী পারিবারিক নির্যাতনসহ কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন।
এছাড়া অপ্রকাশিত ঘটনার সংখ্যাটি কেবল অনুমান করে নিলেই বোঝা যায়। আশ্চর্য ব্যাপার হলো অধিকাংশ ধর্ষণ তথা অন্যান্য নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে প্রায় নিকটাত্মীয় পরিজন দ্বারাই। অর্থাৎ নারীরা কোথাও তেমন একটা নিরাপদ নয় বললেই চলে। কঠোর এই পুরুষতান্ত্রিকতার কুপ্রভাবে আর ধর্মীয় অনুশাসনের জাঁতাকলে নারীকে পিষ্ট করা হচ্ছে প্রতিটি মুহূর্তে! অথচ প্রতিটি ধর্মেই নারীর প্রতি সম্মান প্রদর্শন করার আহ্বান করা হয়েছে সুস্পষ্টভাবে। নাম প্রকাশ না করার শর্তে অনেকে অকপটে তাদের ধর্ষিত হওয়ার গল্প শোনালেও বেশির ভাগ মানুষই তা আমলে নিতে চান না। বিভিন্ন আলোচনায় ফিসফিসিয়ে অনেককেই বলতে শোনা যায়, সময় এসেছে ধর্ষণবিরোধী আলোচনার বিষয়টি আলোকপাত করার!
কোর্টে নারী নির্যাতনমূলক মামলার অধিকাংশই যখন মিথ্যা, বানোয়াট আর উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে ধামাচাপা দেয়া হয়, তখন বিষয়টি নতুনভাবে ভাবিয়ে তোলে! এক্ষেত্রে নারীরা বড্ড অসহায় আর লজ্জার চাদর গায়ে জড়িয়ে দিনাতিপাত করে। অমানবিক নির্যাতনের শিকার হলেও বলার পরিবেশ নেই বলে নারীরা কিল খেয়ে কিল হজম করে চুপচাপ থাকে পুরুষতান্ত্রিক সমাজে! \r\nসঙ্গত কারণেই লোকলজ্জার ভয়ে নারী জাতি আজ বড্ড একা, যা তিনি কোন নিকট বন্ধুকেও জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না! নারী নির্যাতন প্রতিরোধে নারীদের বিভিন্ন ঐক্যজোট রয়েছে, টকশো তে আলোচনার ঝড় ওঠে, অথচ ঠিক সেই মুহূর্তেই নির্যাতিত নারীরা লুকিয়ে-লুকিয়ে, ফুঁপিয়ে-ফুঁপিয়ে কাঁদেন আড়ালে আবডালে! এহেন অনিয়ম-অন্যায়-অনাচার-বৈষম্য দূরীকরণে সবার ঐকমত্য সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, আসুন, জাতি-ধর্ম-লিঙ্গ-বর্ণ-নির্বিশেষে জেন্ডার সহিংসতা নির্মূল করতে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকে জেন্ডার সংবেদনশীল হই। এ্কই সঙ্গে নারী-শিশুসহ সবার প্রতি ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াই! নয়তো অবচেতন মনে প্রশ্ন জাগবে, এখনো যদি চলতে থাকে নারীদের প্রতি ডিজিটাল সহিংসতা, তবে এটা কেমন সভ্যতা?
