একাত্তরের ১৬ ডিসেম্বরে ভারতের ইস্টার্ন কমান্ডের কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দেশটা মূলত ভারতীয় কমান্ডের অধীনে চলে গিয়েছিল। ২৫ বছরের মৈত্রী (গোলামি) চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে চিরস্থায়ীভাবে ভারতের করদ রাজ্যে পরিণত করার কৌশল গ্রহণ করা হয়েছিল। জম্মু-কাশ্মির, সিকিম ও হায়দারাবাদের মতো কোনো নেতাকে ক্ষমতায় বসিয়ে এক সময় বাংলাদেশকে গ্রাস করার পরিকল্পনা ভালোভাবেই এগিয়েছিল। শেখ হাসিনাই হচ্ছে ভারতের সেই লেন্দুপ দর্জি, যিনি বলতেন, ভারতের কাছে তিনি কিছু চাইতে পারবেন না, সে অভ্যাস তার নেই। উপরন্তু তিনি গর্বের সাথে বলতেন, ভারতকে তিনি যা দিয়েছেন, আজীবন তারা তা মনে রাখবে।

বাংলাদেশের উপর ভারতীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পর তারা প্রথমেই বাংলাদেশের নদনদীগুলোকে টার্গেট করে গঙ্গা, তিস্তার উজানে বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহারের মাধ্যমে নদীমাতৃক বাংলাদেশকে পানিশূন্য ও ভারতের অনুকম্পার উপর নির্ভরশীল জাতিতে পরিণত করার নীলনকশা বাস্তবায়ন করতে শুরু করে। গঙ্গার উপর ফারাক্কা বাঁধ নির্মাণের সময় বিদেশি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, গঙ্গার উপর এই বাঁধ পূর্ব পাকিস্তানের কৃষি ও জীব-বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব সৃষ্টি করবে, এমন আশঙ্কার পাশাপাশি এটাও বলা হয়েছিল, পাকিস্তানের বাধার মুখে ভারত হয়তো কখনোই এই বাঁধ চালু করতে পারবে না।

পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন না হলে ভারতের পক্ষে কখনোই গঙ্গার পানির ন্যায্য হিস্যার চুক্তি ছাড়া ফারাক্কা বাঁধ চালু করা সম্ভব ছিল না। শেখ মুজিবুর রহমানকে ম্যানেজ করে ১৯৭৫ সালের এপ্রিলে ভারত কয়েক সপ্তাহের জন্য পরীক্ষামূলক ফারাক্কা বাঁধ চালুর কথা বলে সেই যে ফারাক্কার গেটগুলো নিজেদের ইচ্ছেমত বন্ধ করার মাধ্যমে যখন ইচ্ছা বাংলাদেশকে শুকিয়ে ও ডুবিয়ে মারার খেলা আর কখনোই বন্ধ হয়নি। জিয়াউর রহমানই প্রথম ১৯৭৭ সালে গ্যারান্টিক্লজসহ গঙ্গার পানি বণ্টন চুক্তি করতে ভারতকে বাধ্য করেছিলেন।

সেই চুক্তির মেয়াদ প্রাথমিকভাবে ৫ বছর ধরা হলেও গঙ্গা একটি আন্তর্জাতিক নদী এবং ভাটির দেশের পানির ন্যায্য হিস্যার প্রশ্নটি কোনো সাময়িক বিষয় নয়, এ ধরনের নদীতে একতরফা বাঁধ নির্মাণ ও পানি প্রত্যাহার আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গ্যারান্টিক্লজসহ গঙ্গার পানিচুক্তিটি ১৯৮২ সালে ৫ বছরের মেয়াদ শেষে তা নবায়নের কথা থাকলেও ১৯৮১ সালের ৩০ মে জিয়ার অস্বাভাবিক মৃত্যুর পর এরশাদ চুক্তিটি নবায়নের কোনো চেষ্টা-তদ্বির করেননি। এর দেড় দশক পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় প্রত্যাবর্তনের পর কোনো গ্যারান্টি ক্লজ ছাড়া নাম-কা-ওয়াস্তে গঙ্গা পানি চুক্তি করলেও সেই অসম চুক্তি অনুসারে বাংলাদেশ কখনো পানি পায়নি। হাজার হাজার বছর ধরে বয়ে চলা গাঙ্গেয় বদ্বীপের ¯্রােতস্বিনী নদীগুলো ভারতের পানি আগ্রাসনে দু-তিন দশকের মধ্যেই নাব্যতা হারিয়ে দেশের বিশাল অংশে মরুপ্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের প্রতিবেশ-পরিবেশ, কৃষি ও খাদ্য নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়ে বাংলাদেশের উপর রাজনৈতিক-অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই ভারতীয় হেজিমনির মূল লক্ষ্য। চব্বিশের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের উপর ভারতীয় আধিপত্যবাদের কালো ছায়া দূর করার প্রথম বড় আঘাত। জুলাই সনদের জাতীয় ঐকমত্য ও তা বাস্তবায়নের রূপরেখা ভারতীয় হেজিমনি থেকে বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ।

চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে গত ১৬ বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে রাজনৈতিক কারণে হাজার হাজার মানুষকে গুম-খুন ও গণহত্যার শিকারে পরিনত করার বিষয়টি দেশে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে একটি বড় ইস্যু হিসেবে দেখা দেয়। জুলাই অভ্যুত্থানের কয়েক মাসের মধ্যেই জাতিসংঘের মানবাধিকার সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিংয়ে শেখ হাসিনার নির্দেশে পুলিশের হাতে প্রায় দেড় হাজার ছাত্র-জনতার মৃত্যুর তথ্য-প্রমাণ হাজির করা হয়। আহত, পঙ্গুত্ব বরণকারী এবং গুলিতে চোখ হারিয়ে অন্ধত্ব বরণকারী মানুষের সংখ্যা অন্তত ৪০ হাজার। জুলাইয়ের গণহত্যা ছিল হাসিনার টিকে থাকার শেষ চেষ্টা।

অগণতান্ত্রিক-ফ্যাসিবাদী কায়দায় হাসিনাকে ক্ষমতায় চিরস্থীয় করার প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের প্লট সাজিয়ে ৫৭ জন মেধাবী, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে। যে সেনা অফিসাররা অসম সাহসে দেশকে পরিকল্পিত জঙ্গিবাদের হুমকি থেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল। যে সেনা কর্মকর্তারা দেশের ক্রান্তিকালে নিরাপত্তা ও প্রত্যাশার ঢাল হয়ে দাঁড়ায়, যাদেরকে জাগতিক প্রলোভনে কেনা যায়নি, পিলখানায় তাদেরকেই টার্গেট করে হত্যা করা হয়েছিল। এরপর নতুন নতুন মোড়কে জঙ্গিকার্ড ব্যবহার করে দেশের আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানদের ডিমোরাল করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।

ভারতে হিন্দুত্ববাদী মবের হাতে মুসলমানরা নিহত হচ্ছিল (এখনো হচ্ছে), মসজিদ-মাদরাসা, মুসলমানদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছিল, এমন সময় নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ মানুষ প্রতিবাদে রাজপথে নেমে এসেছিল। সেই প্রতিবাদী নিরস্ত্র জনতার উপর গুলি চালিয়ে সারাদেশে শত শত মানুষকে হতাহত করা হয়েছিল! বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনে ভারতের হস্তক্ষেপ দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অর্থহীন করে তুলেছিল। তারা ভালো করেই জানতো, এ দেশের মানুষ ভোট দেয়ার স্বাধীনতা পেলে সত্যিকারের দেশপ্রেমিক শক্তির হাতেই রাষ্ট্রক্ষমতা তুলে দেবে। আর বাংলাদেশপন্থী দেশপ্রেমিকরা কখনো ভারতের পদলেহি হবে না। এ কারণেই প্রতিবাদি সব কণ্ঠ ও শক্তিকে স্তব্ধ করে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে বিচ্যুত করে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হয়ে উঠতে সব ধরনের সহায়তা দিয়েছিল ভারতের ডিপস্টেট। বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থার প্রশ্নে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবিদার ভারতের অবস্থান ছিল উলঙ্গ, নির্লজ্জভাবে একপেশে ও অপরিণামদর্শী। আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের এমন ভূমিকার কারণে চীন বা পাকিস্তানের মোকাবেলায় ভারত এখন বন্ধুহীন ও দুর্বল। জুলাই অভ্যুত্থানের ১৫ মাস পরেও আওয়ামী ফ্যাসিবাদের মদতদাতা হিসেবে ভারত তার অবস্থান পাল্টায়নি। হাজার হাজার খুনের মামলার প্রধান আসামী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধী শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে এবং তা অব্যাহত থাকবে বলেই ধরে নিতে হবে।

বাংলাদেশে ভারতের হেজিমনির প্রধান এজেন্ডা হচ্ছে, দেশের মানুষকে বিভক্ত ও সংঘাতে লিপ্ত রেখে রাজনৈতিক-অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও সুবিধা অক্ষুণœ রাখা। হাসিনার ১৫ বছরে বাংলাদেশ ভারতের রেমিটেন্স ও বাণিজ্যের তিন নম্বর উৎসে পরিনত হয়েছে। বাংলাদেশের লাখ লাখ শিক্ষিত তরুণকে বেকারত্বের অভিশাপে ঠেলে দিয়ে অবৈধভাবে আসা ভারতীয়দের বিভিন্ন সেক্টরে চাকরি দিয়ে দেশ থেকে বছরে শত শত কোটি ডলার ভারতে পাঠানো হয়েছে। সে ধারা এখনো অব্যাহত আছে। জাতীয় ঐকমত্য ও জুলাই সনদ বাস্তবায়ণ হলে বাংলাদেশে ভারতীয় হেজিমনির কবর রচিত হবে।

শেখ হাসিনাকে দিল্লিতে রেখে উস্কানিমূলক, প্রতিহিংসামূলক কর্মসূচি ঘোষণা, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিষোদগার এবং ব্যর্থ প্রমানের সর্বাত্মক চেষ্টা, দেশকে অস্থিতিশীল করে পঞ্চম বাহিনীর সহায়তায় আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টার মধ্য দিয়ে মূলত জুলাই সনদকে অকেজো করে অথবা বাংলাদেশকে ডি-স্টাবিলাইজ করে ভারতীয় আধিপত্য অক্ষুণœ রাখাই হচ্ছে এখন ভারত ও শেখ হাসিনার দোসরদের প্রধান এজেন্ডা। দেশের প্রধান-অপ্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে থাকা ব্যক্তিরা বিভিন্ন সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর নানা ধরনের প্রলোভন ও হানিট্রাপের শিকার হয়েছেন। তাদেরকে ব্যবহার করে এবার জাতীয় ঐকমত্য, জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার কমিশনগুলোর প্রস্তাবসমূহ গিলে ফেলতে চাইছে।

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নবযাত্রা সূচিত হয়েছে তার প্রধান ওয়াচডগ হচ্ছেন দেশের নতুন প্রজন্মের কোটি কোটি তরুণ-তরুণী, যারা রক্ত দিয়ে জীবন বাজি রেখে তপ্ত বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। ওরা এখন বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করতে সক্ষম। ওরা জানে অনৈক্য, বিভেদ ও সংঘাতই হচ্ছে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের মূল অস্ত্র। এই অস্ত্রের প্রধান প্রতিপক্ষ হচ্ছে গণতন্ত্র, স্থিতিশীলতা, আইনের শাসন এবং জাতীয় ঐক্য। চুয়ান্ন বছর ধরে মিথ্যা ও ভুল ন্যারেটিভে জাতিকে বিভক্ত করে ভারতীয় আধিপত্য অক্ষুণœ রাখা হয়েছে। গত ১৭ বছর ধরে দেশের সব রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সংলাপ, সমঝোতা ও নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয়া হয়েছে।

ভারতীয় আধিপত্যবাদ সে সব আহ্বান ও দাবি-দাওয়াকে অগ্রাহ্য করে বার বার ভুয়া নির্বাচনের মাধ্যমে হাসিনার রিজিমকে টিকিয়ে রেখেছে। ভারতে বসে শেখ হাসিনা এখনো নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটে নিয়ে বিদেশে পাচারকারীদের হাসিনার লুটপাটের প্রধান অলিগার্ক এস আলম দিল্লিতে এসে হাসিনার সাথে বৈঠক করে চারহাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল দুইমাস আগে। পাহাড়ে ও সমতলে সশস্ত্র সংঘাত সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ বাড়ানো এবং জুলাই সনদের বাস্তবায়ন বাধাগ্রস্ত করা এবং ট্রাইব্যুনালের বিচারকে বাধাগ্রস্ত করাই এই মুহূর্তে শেখ হাসিনা ও ভারতের লক্ষ্য। অভ্যুত্থানের জুলাই যোদ্ধারা জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া নির্বাচনের ট্রেন ছাড়ার অনুমোদন দিতে নারাজ। গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি প্রতিষ্ঠিত করার বিষয়ে সব দল একমত হলেও গণভোটের সময় নিয়ে যে মতভিন্নতা দেখা দিয়েছে, তা দূর করতে রাজনৈতিক দলগুলোর স্বপ্রণোদিত উদ্যোগের পাশাপাশি সরকারকেও সমঝোতার উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে কালক্ষেপণের আর কোনো সুযোগ নেই।

স্বাধীনতাত্তোর বাংলাদেশে গত ৫৪ বছরে ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোর চটকদার প্রতিশ্রুতি বাস্তবায়নের গরজ নির্বাচনের পর আর দেখা যায়নি। পঁচাত্তরের পটপরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লব, নব্বইয়ের গণআন্দোলনে স্বৈরাচার এরশাদের পতনের পর তিনজোটের রূপরেখায় পতিত স্বৈরাচারের সাথে হাত না মিলানো ও গণতান্ত্রিক রূপান্তর অব্যাহত রাখার অঙ্গিকার ইত্যাদি কোনোকিছুই রক্ষিত হয়নি। এসব বিপ্লব, আন্দোলন ও অভ্যুত্থান ব্যর্থ করে দিয়ে এ দেশে ভারতীয় আধিপত্য শুধু টিকিয়ে রাখাই হয়নি, উপরন্তু শেখ হাসিনার মতো লেন্দুপ দর্জিকে ক্ষমতায় বসিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় বশংবদ রিজিমকে চিরস্থায়ী করার সর্বাত্মক প্রয়াস চালানো হয়েছে।

দেশের শিক্ষাব্যবস্থা, বিভিন্ন বাহিনীর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণব্যবস্থার পুরোটাই ভারতীয় প্রেসক্রিপশনে সাজানো হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর গত ১৫ মাসেও সচিবালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের ভূত দূর করতে সরকারের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আর বিএনপি, জামায়াত ও এনসিপির মত আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোর মূল টার্গেট যেন আওয়ামী লীগ নয়, তারা শুন্য মাঠের লড়াইয়ে একে অপরকে টার্গেট ও আক্রমণ করে ঘায়েল করতেই যেন বেশি ব্যস্ত। পতিত স্বৈরাচার ও তাদের পৃষ্ঠপোষক আধিপত্যবাদী শক্তি এটাই চায়।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব পদে কর্মরত ৭২জন কর্মকর্তার মধ্যে অন্তত ৩৪ জন ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থী এবং ১০ জন সুবিধাভোগী রয়েছেন। নিচের দিকে এই রেশিও আরো বেশি হতে পারে। বাকি সিনিয়র কর্মকর্তার মধ্যে ২৯ জন জামায়াতপন্থী এবং বিএনপিপন্থী মাত্র ৫ জন! অন্তত তিনবার দেশ পরিচালনা করার পরও প্রশাসনে বিএনপির এমন দৈন্যদশা থেকেই নানা ক্ষেত্রে ব্যর্থতা ও পিছিয়ে পড়ার চালচিত্র বেরিয়ে আসে। মেধা, বুদ্ধি, প্রজ্ঞা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার মধ্য দিয়ে অর্জনযোগ্য জাতীয় লক্ষ্যসমুহ রাজনৈতিক দুর্বৃত্তায়ন দিয়ে বাস্তবায়ন করা সম্ভব নয়। দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করার পেছনে রাজনৈতিক দুর্বৃত্তদের চেয়ে প্রশাসনিক-আমলাতান্ত্রিক দুর্বৃত্তদের ভূমিকা মোটেও কম নয়। জুলাই অভ্যুত্থানে লুটেরা রাজনৈতিক দুর্বৃত্তরা পালিয়ে গেলেও সচিবালয়ে, মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে আওয়ামী ভুতগুলো এখন চুপ করে থাকলেও নির্বাচনের সময় তারা পলাতক নিয়োগ কর্তাদের নির্দেশে সক্রিয় হয়ে সাবোটাজ ঘটানোর মাস্টারপ্ল্যান করবেই। এবার বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য ও জুলাই সনদের বাস্তবায়নের প্রশ্নে অর্জিত সমঝোতা ব্যর্থ হলে অনির্দিষ্টকালের জন্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন পিছিয়ে পড়তে পারে। গণভোট ও জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্নে যে কোনো অস্বচ্ছতা ও অনিশ্চয়তা পরিহার করে বিএনপি, জামায়াত, এনসিপিসহ আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।

bari_zamal@yahoo.com